রাজনীতি
কারাবন্দী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন
ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন। আজ শনিবার সকাল ৯টায় দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টায় তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার।
রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে ১৯৪০ সালের ৩০ এপ্রিল জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন ও মায়ের নাম বালাশ্বরী সেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
দিনাজপুর কারাগারের জেলার ফরহাদ সরকার বলেন, ‘গত ১৭ আগস্ট রমেশ চন্দ্র সেনকে দিনাজপুর জেলা কারাগারে আনা হয়। এখানে তিনি ডিভিশনপ্রাপ্ত কয়েদি ছিলেন। এখানে আনার আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। শনিবার সকাল ৯টায় হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর মৃত্যুর খবর পাই।’
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা বলেন, ‘সকালে অসুস্থ অবস্থায় রমেশ চন্দ্র সেনকে হাসপাতালে আনা হয়। সে সময় কর্তব্যরত চিকিৎসক অনুপম পাল সকাল ৯টা ২৯ মিনিটে তাঁকে ব্রট ডেথ ঘোষণা করেন।’
রমেশ চন্দ্র সেন কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি পানিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ১৭ আগস্ট নিজ বাড়ি থেকে রমেশ চন্দ্র সেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।
মির্জা ফখরুলের শোক
রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁর পক্ষ থেকে একটি শোকবার্তা প্রকাশ করা হয়েছে।
শোকবার্তায় বলা হয়, ‘ঠাকুরগাঁও- ১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী , বর্ষীয়ান রাজনীতিবিদ শ্রী রমেশ চন্দ্র সেন আজ প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে আমি গভীর শোক জানাচ্ছি। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার ঠাকুরগাঁও–১ থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
রাজনীতি
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৯ মে) দুপুর ১২টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে এ সভা শুরু হয়।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় সূচনা বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির নেতারা। এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ সব অঙ্গ সংগঠনের নেতারা সভায় যোগ দিয়েছেন।
সূত্রে জানা গেছে, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে আয়োজিত এ মতবিনিময় সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের রাজনৈতিক কৌশল এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে সভাস্থলে সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
রাজনীতি
জুলাই সনদ ইস্যুতে সরকারের ছলচাতুরীর অভিযোগ নাহিদের
জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার ছলচাতুরী করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (৯ মে) সকালে রাজধানীর একটি হোটেলে ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ তোলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে সরকার টালবাহানা করছে এবং বিষয়টিকে এড়িয়ে যেতে চাইছে। তবে জনগণের অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার করতে হবে। এ লক্ষ্যে তিনি অবিলম্বে গণভোটের নির্দেশনা অনুযায়ী ‘সাংবিধানিক সংস্কার কাউন্সিল’ গঠনের দাবি জানান।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে গণভোটের পক্ষে প্রচারণা চালালেও ক্ষমতায় আসার পর তারা এর বিরোধিতা করছেন। এর মাধ্যমে বিএনপি মূলত জনগণের আকাঙ্ক্ষাকেই প্রত্যাখ্যান করছে বলে মন্তব্য করেন তিনি।
আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আলোচনার পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। তবে সরকার ইতিবাচক সাড়া না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও সতর্ক করেন তিনি।
রাজনীতি
গত ১৫ বছরে অনেক আলেমের ওপর নির্যাতন হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গত ১৫ বছরে অনেক আলেম নির্যাতনের শিকার হয়েছেন এবং বহু মানুষ কষ্টের মধ্যে জীবন কাটিয়েছেন। সবাই মিলে একটি কার্যকর সামাজিক কাঠামো গড়ে তুলতে পারলে বাংলাদেশ নতুনভাবে পরিবর্তিত হবে।
শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের খুতবা শুরুর আগে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সমাজ পরিবর্তনে মসজিদভিত্তিক সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ভারতে বিজেপির উত্থান এবং ‘গেরুয়া রাজনীতির’ বিস্তার নিয়ে মুসলমানদের সচেতন থাকতে হবে। সমাজে ঈমানি নেতৃত্ব ও সচেতনতা না থাকলে এ ধরনের প্রভাব মোকাবিলা করা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মসজিদের সঙ্গে স্কুল, হাসপাতাল ও সমাজকল্যাণমূলক কার্যক্রম যুক্ত করা গেলে অসহায় মানুষ সহজে শিক্ষা, চিকিৎসা ও সহযোগিতা পাবে। বিশেষ করে এতিম, অসহায় নারী ও দরিদ্র পরিবারের পাশে মসজিদ কমিটিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী জুমার নামাজ আদায় শেষে নেতাকর্মীদের নিয়ে বের হওয়ার সময় হুড়োহুড়িতে মসজিদের পেছনের ফটকের কাচের গ্লাস ভেঙে কমপক্ষে ৫ জন মুসল্লি আহত হয়।
এ সময় মসজিদের ফ্লোরে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে। মসজিদের ফটকের কাচের গ্লাসের ভাঙা টুকরো পড়ে থাকে। এ সময় মুসল্লিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। অনেকে সুন্নত নামাজ আদায় করতে পারেননি। এতে ক্ষোভ প্রকাশ প্রকাশ করেছেন মুসল্লিরা।
রাজনীতি
সরকারকে বিপদে ফেলতে মিথ্যা ছড়ানো ষড়যন্ত্রের অংশ: রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার কাজ করবে এবং বিরোধী দল সমালোচনা করবে এটাই স্বাভাবিক। তবে সেই সমালোচনা হতে হবে গঠনমূলক ও গণতন্ত্রের স্বার্থে প্রয়োজনীয়।
তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলতে মিথ্যা তথ্য ছড়িয়ে কর্মসূচি দেওয়া হলে, সেটি ষড়যন্ত্রের অংশ হয়ে দাঁড়ায়।
শুক্রবার (৮ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শনিবার অনুষ্ঠিতব্য বিএনপি এবং এর তিন অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী জানান, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারাও অংশ নেবেন।
তিনি বলেন, সারাদেশের জেলা পর্যায়ের নেতারা সভায় বক্তব্য দেবেন। বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতারা সাংগঠনিক বিষয় এবং সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরবেন।
তিনি আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর গত দুই-তিন মাসে যেসব কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যেগুলো বাস্তবায়নের পথে রয়েছে, সেগুলোও সংশ্লিষ্ট মন্ত্রীরা বিশ্লেষণসহ উপস্থাপন করবেন।
তিনি আরও বলেন, আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল-অনেক ভালো কর্মসূচি রয়েছে।
সরকারবিরোধী আন্দোলন ও সমালোচনার প্রসঙ্গে রিজভী বলেন, গণতন্ত্রের জন্য আমরা ১৬ বছর লড়াই করেছি। কত জীবন চলে গেছে-শিশু, ছাত্র, শিক্ষক, শ্রমিক। গণতন্ত্র মানেই সরকার তার কাজ করবে আর বিরোধী দল তার সমালোচনা করবে। এটাই মূল এবং এটাই হওয়া উচিত।
রাজনীতি
এনসিপির ঢাকা উত্তরে যোগ দিলেন ৩ শতাধিক নেতাকর্মী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখায় বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন থেকে ৩ শতাধিক নেতাকর্মী যোগ দিয়েছেন।
শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর বাংলা মোটরে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন কেন্দ্রীয় নেতারা।
তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাকর্মী, চিকিৎসক ও আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী ও তরুণেরা।
নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এ সময় দলের যুগ্ম সদস্য সচিব শাহরীন ইরা, যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূইয়া, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
নেতারা জানান, শিগগিরই উত্তরার আরও কয়েকশ গার্মেন্টস শ্রমিক এনসিপির শ্রমিক উইন জাতীয় শ্রমিক শক্তিতে যোগদান করবেন। বিভিন্ন দল ও পেশাজীবী মানুষের ধারাবাহিক এনসিপি যোগদানে দলের সাংগঠনিক শক্তি ক্রমশই বাড়ছে বলে দাবি তাদের।




