সারাদেশ
নিখোঁজ তা’মীরুল মিল্লাত ছাত্রী, আড়াই মাসেও উদ্ধার নেই
গাজীপুরের টঙ্গীতে নিখোঁজ হওয়ার আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো কোনো খোঁজ মেলেনি তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ১৫ বছর বয়সী ফাতেমার। তদন্তের ধীরগতি ও পুলিশের দায়িত্বহীনতার কারণেই উদ্ধার কার্যক্রমে কোনো অগ্রগতি হচ্ছে না বলে অভিযোগ করেছে তার পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী বাবার এই পরিবারটি আগে ঢাকার মানিকদী এলাকায় বসবাস করত। সেখানে স্থানীয় যুবক হাসিবুল সুলতান দীর্ঘদিন ধরে ফাতেমাকে উত্ত্যক্ত করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও স্থায়ী সমাধান না হওয়ায় নিরাপত্তার আশায় পরিবারটি পরে টঙ্গীর হাউজপাড়া এলাকায় বাসা ভাড়া নেয়।
তবে সেখানেও রেহাই মেলেনি। পরিবারের দাবি, প্রায় আড়াই মাস আগে মাদ্রাসায় যাওয়ার পথে হাসিবুল সুলতান প্রেমের ফাঁদে ফেলে ফাতেমাকে তুলে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ।
নিখোঁজের পরপরই টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ দেওয়া হলেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে জানান ফাতেমার মা খুশি বেগম। তার অভিযোগ, মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহাবুদ্দিন শুরু থেকেই বিষয়টিকে গুরুত্ব দেননি। বিভিন্ন আশ্বাস দিয়ে ২৫ হাজার টাকা নেওয়া হলেও এরপরও কার্যকর কোনো অভিযান পরিচালনা করা হয়নি।
কান্নাজড়িত কণ্ঠে খুশি বেগম বলেন, আড়াই মাস হয়ে গেল, আমার মেয়ে বেঁচে আছে কি না জানি না। থানায় গিয়েও কোনো সহযোগিতা পাইনি। আমি শুধু আমার মেয়েকে ফিরে পেতে চাই।
এদিকে ফাতেমার বাবা প্রবাস থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের অনুলিপি থানায় জমা দেওয়া হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উপরন্তু অভিযুক্ত পক্ষ থেকে ভয়ভীতি ও হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেছে পরিবার।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন এসআই শাহাবুদ্দিন। তিনি জানান, অভিযোগগুলো সঠিক নয় এবং নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম মহিউদ্দিন আহমেদ জানান, বিষয়টি তার জানা নেই, তবে লিখিত অভিযোগ পেলে গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সারাদেশ
সীমান্তে বিএসএফের গুলিতে এইচএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পাথারিয়াদ্বার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে বিজিবি একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। শুক্রবার (৮ মে) গভীর রাতে গোপীনাথপুর ইউনিয়নের ওই সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের হেবজু মিয়ার ছেলে মোরছালিন এবং মধুপুর গ্রামের নবীর হোসেন। মোরছালিন এবার গোপীনাথপুর শাহআলম ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। উভয়ের মরদেহ বর্তমানে ভারতের আগরতলায় জিবি হাসপাতালে রয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে কয়েকজন চোরাকারবারি মোরছালিনকে বাড়ি থেকে ডেকে সীমান্তে নিয়ে যায়। একই সময়ে নবীর হোসেনসহ আরও কয়েকজন সীমান্ত এলাকায় যান। সেখানে ২০ থেকে ২৫ জনের একটি দল কাঁটাতারের কাছে পৌঁছালে বিএসএফ গুলি ছোড়ে। গুলিতে ঘটনাস্থলেই মোরছালিন নিহত হন এবং আহত নবীর হোসেনকে ভারতে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আরও একাধিক বাংলাদেশি তরুণ আহত হয়েছেন, যাদের চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়া হয়েছে।
চন্ডিদ্বার বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. মুইনুদ্দিন জানান, একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলামও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সারাদেশ
গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ পাঁচ জনকে ঘরের ভেতরে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনা ঘটেছে রাউতকোনা গ্রামে।
জানা গেছে, শুক্রবার (৮ মে) গভীর রাতের কোনো এক সময় ওই পাঁচ জনকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত হয়েছেন প্রবাসীর স্ত্রী ও তিন কন্যা সন্তান এবং শ্যালক।
এসময় দুর্বৃত্তরা ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা লুট করে নিয়ে যায়।
সারাদেশ
হাওড়ের কৃষকদের ৫ দফা দাবি, নেত্রকোনায় মানববন্ধন
হাওড়াঞ্চলে ‘মানবসৃষ্ট দুর্যোগে’ ক্ষতিগ্রস্ত কৃষকদের রক্ষায় ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে নেত্রকোনায় মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা।
বুধবার (৬ মে) দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ‘দুর্গত হাওড়বাসী’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে ডিঙ্গাপোতা হাওড়সহ বিভিন্ন কৃষক সংগঠন, শ্রমিক ইউনিয়ন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।
মানববন্ধন থেকে কৃষকদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো: বিএডিসির বীজ নিয়ে ওঠা অভিযোগে বিচার বিভাগীয় তদন্ত, কৃষকদের সব ধরনের সরকারি-বেসরকারি ও এনজিও ঋণ মওকুফ, হাওড়ের ইজারা বাতিল করে উন্মুক্তভাবে মাছ ধরার অধিকার নিশ্চিত করা, ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও পর্যাপ্ত পশুখাদ্য সরবরাহ।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও হাওড়ের সন্তান জলি তালুকদার। তিনি কলমাকান্দার তিনটি হাওড়-বিলের ইজারা বাতিল করার দৃষ্টান্ত টেনে একইভাবে হাওড়াঞ্চলের সব ইজারা বাতিলের জন্য সরাসরি ডেপুটি স্পিকারের প্রতি অনুরোধ জানান।
জাতীয় সংসদে যেন জনগুরুত্বপূর্ণ ও কাজের আলোচনা হয়, সেদিকে লক্ষ্য রাখার জোর দাবি জানান এই নেত্রী। তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষের টাকা খরচ করে সংসদ চলে। সেখানে অন্য আলোচনায় সময় ও অর্থ নষ্ট না করে কেবল মানুষের কাজের আলোচনা করার জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি।’
সারাদেশ
সখিপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক
শরীয়তপুরের সখিপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে। আটক দু’জনের নামই জাহাঙ্গীর ।
আটক ব্যক্তিরা হলেন সখিপুরের বাসিন্দা জাহাঙ্গীর বেপারী এবং চাঁদপুরের বাসিন্দা জাহাঙ্গীর গাজী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে মোট ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সারাদেশ
সখিপুর থানা পুলিশের পৃথক অভিযান মাদকসহ তিনজন আটক
শরীয়তপুরের সখিপুর থানার পুলিশের পৃথক অভিযানে মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। গত ২ মে রাতে সখিপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মো. সোহেল সরদার (২৫), পিতা. মৃত নুরুল ইসলাম, মো. মিজান সরদার (৩৮) পিতা. রশিদ সরদার, জান শরীফ সৈয়াল (৪২) পিতা. নাজিম উদ্দিন সৈয়াল। তারা সবাই সখিপুর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাজ্জল হোসাইন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে গত রাতে পৃথক অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।




