আন্তর্জাতিক
আরব আমিরাতে মুষলধারে বৃষ্টি, বজ্রপাতে প্রাণহানির শঙ্কা
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে বজ্রপাত হওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। অভ্যন্তরীণ নির্দেশনায় দেশটির নাগরিকদের জন্য সড়ক ব্যবহার ও গাড়ি চলাচলেও বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৩ মার্চ) দেশটিতে ভারী বৃষ্টি শুরু হয়। গত কয়েকদিনের গরমের পর সেখানে যেন আকাশ ভেঙে পড়েছে। এতে কোথাও কোথাও আকষ্মিক বন্যার সম্ভাবনা থাকায় নিচু অঞ্চলের নাগরিকদের সতর্ক করা হয়েছে।
এক বিবৃতিতে পুলিশ সাধারণ মানুষকে চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক ডিসপ্লেতে গতির ব্যাপারে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো কঠোরভাবে মেনে চলতে বলেছে পুলিশ। বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এবং রাস্তাঘাঁট ভেজা থাকায় ঝুঁকি বেড়েছে। মোটরসাইকেল চালকদের নিরাপত্তাকে প্রাধান্য দিতে বলা হয়েছে।
আবুধাবির সিভিল ডিফেন্স সতর্কতা দিয়েছে, বৃষ্টির কারণে নিচু অঞ্চলগুলোতে হঠাৎ বন্যার সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে আপাতত নিচু এলাকা থেকে দূরে থাকতে বলেছে তারা।
সতর্ক করে আরও বলা হয়েছে, বৃষ্টিতে অনেকে আবেগাপ্লুত হয়ে যান। এ সময় কেউ কেউ গাড়ি চালানো অবস্থায় মোবাইলে বৃষ্টির ছবি তুলেন। তা করা যাবে না। কেউ নিষেধ অমান্য করলে জরিমানা গুনতে হবে।
আন্তর্জাতিক
ইরান যুদ্ধ বন্ধের পক্ষে ৯২ শতাংশ মার্কিন নাগরিক
ইরানের ওপর গত ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র-ইসরাইল। এই হামলায় দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিসহ শীর্ষ পর্যায়ের অনেকে নিহত হন। এর পর থেকেই পালটাপালটি হামলা অব্যাহত রয়েছে।
ইরান যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করার পক্ষে যুক্তরাষ্ট্রের ৯২ শতাংশ নাগরিক। শুধু সমর্থনই নয়, তারা বিষয়টি জরুরি মনে করেন।
সিবিএস নিউজ ও ইউগভের নতুন জরিপ থেকে এই মতামত জানা গেছে। গত ১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইনে জরিপটি পরিচালনা করা হয়েছে। এতে ৩ হাজার ৩৩৫ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক মতামত দিয়েছেন।
জরিপে অংশ নেওয়াদের ৮০ শতাংশ মার্কিন নাগরিক ইরানের জনগণের নিরাপত্তা, ৭৩ শতাংশ ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং ৬৮ শতাংশ অন্য দেশের বিরুদ্ধে ইরানের হুমকি বন্ধের ওপর গুরুত্ব দিয়েছেন।
অপরদিকে ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন নিয়ে মার্কিন জনমত বিভক্ত। ৪৯ শতাংশ মানুষ ইরানপন্থি নেতৃত্ব চান, অন্যদিকে ৫১ শতাংশ এর প্রয়োজনীয়তা দেখছেন না।
দুই-তৃতীয়াংশ নাগরিক মনে করেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ যতটা না প্রয়োজন ছিল, তার চেয়ে বেশি ইচ্ছাকৃত।
এ ছাড়া জরিপে অংশগ্রহণকারী ৬০ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন, যা চলতি মাসের শুরুতে ছিল ৫৬ শতাংশ। প্রায় ৬৮ শতাংশ মানুষ মনে করেন, ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি। এ ছাড়া ৫৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুদ্ধ আমেরিকার জন্য খারাপ দিকে যাচ্ছে। সব মিলিয়ে ৬৬ শতাংশ মানুষ এটাকে ‘ইচ্ছাকৃত যুদ্ধ’ এবং ৩৪ শতাংশ ‘প্রয়োজনীয় যুদ্ধ’ বলে মনে করেন।
আন্তর্জাতিক
৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র
সপ্তাহে পদার্পণ করা ইরান যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ছয়টি কঠোর শর্তে আলোচনার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন। যদিও ট্রাম্প সম্প্রতি সামরিক অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন, তবে হোয়াইট হাউস প্রশাসনের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে যে যুদ্ধের পরবর্তী ধাপ এবং সম্ভাব্য শান্তি চুক্তির রূপরেখা নিয়ে ইতিমধ্যে উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে।
সংবাদমাধ্যম অ্যাক্সিওস নিউজ জানিয়েছে, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার এই কূটনৈতিক প্রচেষ্টার মূল কারিগর হিসেবে কাজ করছেন। ইরান যুদ্ধের সম্ভাব্য শান্তি আলোচনার রূপরেখা চূড়ান্ত করছে ট্রাম্পের প্রতিনিধি দল।
টানা তিন সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পরবর্তী ধাপ অর্থাৎ ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, শুক্রবার (২০ মার্চ) প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ ‘গুটিয়ে আনার’ ইঙ্গিত দিলেও মার্কিন কর্মকর্তাদের ধারণা, আরও অন্তত দুই থেকে তিন সপ্তাহ লড়াই চলতে পারে। এই অন্তর্বর্তী সময়েই ট্রাম্পের উপদেষ্টারা কূটনীতির প্রাথমিক ভিত্তি তৈরি করতে চাইছেন। এই আলোচনা প্রক্রিয়ায় ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ সরাসরি সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে।
যেকোনো শান্তি চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কতগুলো কঠোর শর্তারোপ করতে যাচ্ছে, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সংক্রান্ত সংকটের স্থায়ী সমাধান।
এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধের বিষয়ে একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে পৌঁছানোকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যদিও সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ হয়নি, তবে মিসর, কাতার এবং যুক্তরাজ্য উভয় পক্ষের মধ্যে বার্তার আদান-প্রদান করছে। মিসর ও কাতার ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে জানিয়েছে যে ইরান আলোচনায় আগ্রহী, তবে তাদের শর্তগুলো বেশ কঠিন।
ইরানের পক্ষ থেকে প্রধানত তিনটি দাবি তোলা হয়েছে—অবিলম্বে যুদ্ধবিরতি, ভবিষ্যতে পুনরায় আক্রমণ হবে না এমন গ্যারান্টি এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান। অন্যদিকে, মার্কিন কর্মকর্তাদের ধারণা ইরান আলোচনার টেবিলে আসতে বাধ্য হবে কারণ এই যুদ্ধে তাদের শক্তি অনেকটাই খর্ব হয়েছে।
যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে ছয়টি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চাইছে, যার মধ্যে রয়েছে আগামী পাঁচ বছর কোনো ক্ষেপণাস্ত্র কর্মসূচি না রাখা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং গত বছর বোমা হামলায় ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ, ইসফাহান ও ফোরডো পারমাণবিক স্থাপনাগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া। এছাড়া হিজবুল্লাহ, হুথি বা হামাসের মতো প্রক্সি গোষ্ঠীগুলোকে অর্থায়ন বন্ধের শর্তও দেওয়া হয়েছে।
বাস্তবতা হলো, ইরান অতীতেও এই ধরনের অনেক দাবি প্রত্যাখ্যান করেছে এবং তেহরানের নেতারা এমন একজন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে দ্বিধাবোধ করছেন যিনি আলোচনার মাঝপথেই হঠাৎ বোমা হামলার নির্দেশ দেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার তার ভারতীয় প্রতিপক্ষকে জানিয়েছেন, হরমুজ প্রণালী স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে আক্রমণের পুনরাবৃত্তি না করার অঙ্গীকার করতে হবে।
ট্রাম্প আপাতত যুদ্ধবিরতির দাবিতে রাজি নন এবং ক্ষতিপূরণের দাবিকে তিনি আলোচনার অযোগ্য বলে মনে করছেন। তবে জব্দকৃত সম্পদ ফিরিয়ে দেওয়ার বিষয়ে ‘শব্দগত পরিবর্তনের’ মাধ্যমে একটি মধ্যপন্থা খুঁজে বের করার সুযোগ রয়েছে বলে কিছু মার্কিন কর্মকর্তা মনে করছেন।
বর্তমানে ট্রাম্পের প্রতিনিধি দল দুটি মূল প্রশ্নের উত্তর খুঁজছে—ইরানের পক্ষ থেকে আলোচনার জন্য যোগ্য ব্যক্তি কে এবং কোন দেশ মধ্যস্থতাকারী হিসেবে সবচেয়ে ভালো হবে। আরাঘচিকে ট্রাম্পের উপদেষ্টারা কেবল একটি ‘ফ্যাক্স মেশিন’ হিসেবে দেখছেন, যার হাতে কোনো চুক্তি চূড়ান্ত করার ক্ষমতা নেই। তারা এমন কাউকে খুঁজছেন যিনি ইরানের নীতি নির্ধারণে প্রকৃত ভূমিকা রাখেন।
মধ্যস্থতাকারী হিসেবে ওমানের ওপর অনাস্থা থাকায় যুক্তরাষ্ট্র কাতারের ওপর নির্ভর করতে চাইছে, কারণ গাজা সংকটে কাতার তাদের কার্যকারিতা প্রমাণ করেছে। কাতার পর্দার আড়ালে সাহায্য করতে আগ্রহী হলেও মূল মধ্যস্থতাকারী হিসেবে প্রকাশ্যে আসতে কিছুটা দ্বিধাগ্রস্ত। আগামী কয়েক দিনের মধ্যে এই কূটনৈতিক তৎপরতা নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক
ইরান যুদ্ধ মোকাবিলায় জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন স্টারমার
ইরান যুদ্ধের প্রভাবে ব্রিটিশ অর্থনীতির ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব ও জ্বালানি সংকট মোকাবিলায় আজ সোমবার এক বিশেষ জরুরি বৈঠক ডেকেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কোবরা’ নামের এই উচ্চপর্যায়ের বৈঠকে চ্যান্সেলর অব দ্য এক্সচেকার র্যাচেল রিভস এবং ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি উপস্থিত থাকবেন।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর যুদ্ধের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য।
উদ্ভূত পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এবং জ্বালানিমন্ত্রী এড মিলিব্যান্ডও অংশ নেবেন বলে নিশ্চিত করা হয়েছে। ইরান ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হরমুজ প্রণালী খুলে দেওয়ার অজুহাতে দেশটির বিদ্যুৎকেন্দ্রে হামলা চালান, তবে তারা প্রতিবেশী দেশগুলোর জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থায় পাল্টা আঘাত হানবে।
এই হুমকির ফলে আন্তর্জাতিক আর্থিক বাজারগুলো এক চরম অস্থিরতার মুখোমুখি হয়েছে, যা যুক্তরাজ্যের আমদানি করা প্রাকৃতিক গ্যাসের ওপর অত্যধিক নির্ভরতা এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশটিকে আরও ঝুঁকিতে ফেলেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যে, আন্তর্জাতিক বাজারের তুলনায় ব্রিটিশ সরকারি বন্ডের দর দ্রুত কমতে থাকায় লন্ডনের নীতিনির্ধারকরা বেশ উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
চ্যান্সেলর র্যাচেল রিভস জানিয়েছেন যে, ব্রিটিশ অর্থনীতির ওপর এই যুদ্ধের সুনির্দিষ্ট প্রভাব এখনই নিশ্চিত করে বলা কঠিন। যদিও সাধারণ মানুষের পক্ষ থেকে জীবনযাত্রার ব্যয় মেটাতে বড় ধরনের সাশ্রয়ী ব্যবস্থার দাবি উঠেছে, তবে তিনি আপাতত তা নাকচ করে দিয়েছেন।
রিভস স্পষ্ট করেছেন, সরকার ঢালাও কোনো পদক্ষেপ না নিয়ে বরং সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক কিছু সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং সরবরাহ ব্যবস্থার সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি শিল্প খাতের সুরক্ষা নিয়েও ‘কোবরা’ বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। ব্রিটিশ প্রশাসন মূলত এই যুদ্ধের কারণে উদ্ভূত হতে যাওয়া সম্ভাব্য দীর্ঘমেয়াদী মন্দা ও জ্বালানি ঘাটতি রুখতে একটি কার্যকর কৌশল প্রণয়নের চেষ্টা করছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যের অর্থনীতি বর্তমানে এক নাজুক সময় পার করছে এবং ইরান যুদ্ধের বিস্তৃতি ঘটলে দেশটির কোষাগারের ওপর চাপ আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে লোহিত সাগর ও পারস্য উপসাগরের বাণিজ্য পথগুলো ঝুঁকির মুখে পড়লে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাঁর মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের নিয়ে এই সংকটকালীন পরিস্থিতিতে দেশের সার্বভৌম অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। আজকের এই বৈঠকের সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই আগামী দিনগুলোতে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ ও জ্বালানি আমদানির নতুন নীতিমালা নির্ধারিত হতে পারে।
আন্তর্জাতিক
এশিয়ার শেয়ারবাজারে বড় ধস
ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধের তীব্রতা চতুর্থ সপ্তাহে পড়েছে। এর সরাসরি প্রভাবে এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে ব্যাপক দরপতন দেখা যাচ্ছে।
সোমবার (২৩ মার্চ) লেনদেন শুরু হতেই এর প্রভাব দেখা যায়। খবর আল জাজিরার।
প্রতিবেদন অনুযায়ী, জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫-এর মান ৩ দশমিক ৪ শতাংশ কমেছে এবং দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকে প্রায় ৫ শতাংশ ধস নেমেছে। মূলত হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় এই দুই দেশ জ্বালানি আমদানিতে সবচেয়ে বেশি সংকটের মুখে পড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪৮ ঘণ্টার মধ্যে এই জলপথ খুলে দেওয়ার আলটিমেটাম দিয়ে ইরানের বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) প্রধান ফাতিহ বিরল সতর্ক করেছেন, এই যুদ্ধ বিশ্বকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটের দিকে ঠেলে দিচ্ছে।
এশীয় অঞ্চলের অন্যান্য বাজারেও সোমবার নিম্নমুখী প্রবণতা ছিল অত্যন্ত স্পষ্ট। হংকংয়ের শেয়ারবাজারে ২ দশমিক ৫ শতাংশ, তাইওয়ানে ২ শতাংশ এবং সাংহাই কম্পোজিট সূচকে ২ দশমিক ৩ শতাংশ দরপতন রেকর্ড করা হয়েছে। এ ছাড়া সিঙ্গাপুর, ফিলিপাইন ও থাইল্যান্ডের বাজারগুলোতেও ২ শতাংশের বেশি পতন লক্ষ্য করা গেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, যদি সামরিক উত্তেজনা প্রশমিত না হয় তবে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার পাশাপাশি শেয়ারবাজারের এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হতে পারে।
আন্তর্জাতিক
ভয়াবহ জ্বালানি সংকটের আভাস, ‘রক্ষা পাবে না’ কোনো দেশই
মধ্যপ্রাচ্যের যুদ্ধ এমন এক জ্বালানি সংকট সৃষ্টি করতে পারে যা, ১৯৭০-এর দশকের সম্মিলিত ধাক্কাগুলোর চেয়েও ভয়াবহ এবং ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রাথমিক প্রভাবের সমতুল্য— এমন পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল।
ক্যানবেরায় একটি সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দেন বিরোল।
‘আমাদের অনেকেরই ১৯৭০-এর দশকের পরপর দুটি তেল সংকটের কথা মনে আছে… সেই সময়ে, প্রতিটি সংকটে বিশ্ব প্রতিদিন প্রায় ৫০ লাখ ব্যারেল তেল হারিয়েছিল, দুটি সংকট মিলিয়ে যা ছিল প্রতিদিন ১ কোটি ব্যারেল। কিন্তু এখন আমরা প্রতিদিন ১১ মিলিয়ন ব্যারেল তেল হারিয়েছি, যা দুটি বড় তেল সংকটের সম্মিলিত ক্ষতির চেয়েও বেশি—বলছিলেন সংস্থাটির শীর্ষ এই কর্মকর্তা।
‘এই সংকটের জ্বালানি পরিণতি থেকে কোনো দেশই মুক্ত থাকবে না, কারণ একটি গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে প্রবাহিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-এর চালান ইরানের অবরোধের কারণে রুদ্ধ হয়ে আছে—বলে মনে করেন ফাতিহ বিরোল।
ইরান যুদ্ধের যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্যগুলো কী?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সম্পর্কে বলেছেন। শুক্রবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের জন্য তার উদ্দেশ্যগুলো নিয়ে বলেছেন।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র তার সামরিক অভিযান গুটিয়ে আনার কথা বিবেচনা করছেন।’
‘যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে সম্পূর্ণরূপে অকার্যকর করে দেওয়া এবং দেশটির প্রতিরক্ষা শিল্প ভিত্তি ধ্বংস করার কাছাকাছি চলে এসেছে।’
‘যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনীর পাশাপাশি তাদের বিমান বিধ্বংসী অস্ত্রশস্ত্রও নির্মূল করতে চায়’—উল্লেখ করেন ট্রাম্প।
ট্রাম্প আরো বলেন, ‘ইরানকে কখনোই পারমাণবিক সক্ষমতার কাছাকাছি আসতে দেওয়া উচিত নয় এবং যুক্তরাষ্ট্র তার মধ্যপ্রাচ্যের মিত্রদের সর্বোচ্চ পর্যায়ে রক্ষা করবে।’
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর প্রথম হামলা চালানোর পর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য পরিবর্তিত হয়নি।
‘ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক, প্রতিরক্ষা শিল্প ভিত্তি ও নৌবাহিনীকে ধ্বংস করা এবং ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়াই হলো মূল লক্ষ্য’—বলছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট।



