আন্তর্জাতিক
জাতিসংঘকে বাদ দিয়ে ‘বোর্ড অব পিস’ চালু করলেন ট্রাম্প
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ‘বোর্ড অব পিস’ নামে একটি নতুন আন্তর্জাতিক উদ্যোগ চালু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এতে যোগ দিলেও যুক্তরাষ্ট্রের প্রধান পশ্চিমা মিত্র ও বড় বৈশ্বিক শক্তিগুলো এখনো সতর্ক অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই বোর্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ট্রাম্প। তবে এই উদ্যোগের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই বোর্ড জাতিসংঘের কূটনৈতিক কর্তৃত্বকে দুর্বল করে দিতে পারে।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, বোর্ডটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, বোর্ডটি পুরোপুরি গঠিত হলে তারা ‘প্রায় যে কোনো কিছুই করতে সক্ষম হবে’ এবং জাতিসংঘের সঙ্গে সমন্বয় করেই কাজ করবে। ট্রাম্প আরও বলেন, জাতিসংঘের সম্ভাবনা অনেক হলেও তা এখনো পুরোপুরি কাজে লাগানো হয়নি।
গাজার যুদ্ধবিরতি ছাড়াও বৈশ্বিক নানা সংকট মোকাবিলায় এই বোর্ড কাজ করবে বলে জানিয়েছেন ট্রাম্প। তবে এতে আশঙ্কা তৈরি হয়েছে যে, বৈশ্বিক কূটনীতি ও সংঘাত নিরসনের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে জাতিসংঘের ভূমিকা দুর্বল হতে পারে।
তুরস্ক, মিসর, সৌদি আরব ও কাতারের মতো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তির পাশাপাশি ইন্দোনেশিয়া ইতোমধ্যে বোর্ডে যোগ দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত পশ্চিমা মিত্র ও বড় বৈশ্বিক শক্তিগুলো এখনো বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, বোর্ডের স্থায়ী সদস্যদের প্রত্যেককে এক বিলিয়ন ডলার করে তহবিলে দিতে হবে। রয়টার্স জানায়, বোর্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের প্রধান শক্তি, ইসরাইল কিংবা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বোর্ডের মূল লক্ষ্য হবে গাজার শান্তি পরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করা। ভবিষ্যতে এটি বিশ্বের অন্যান্য সংকটেও ভূমিকা রাখতে পারে বলে জানান তিনি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া এখনো কেউ বোর্ডে যোগ দেয়নি। রাশিয়া জানিয়েছে, তারা প্রস্তাবটি বিবেচনা করছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ফিলিস্তিনিদের সহায়তায় যুক্তরাষ্ট্রে জব্দ করা রুশ সম্পদ থেকে এক বিলিয়ন ডলার দিতে তারা প্রস্তুত।
তবে ফ্রান্স এই বোর্ডে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। ব্রিটেন জানিয়েছে, আপাতত তারা এতে যোগ দিচ্ছে না। চীন এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। জাতিসংঘের এক মুখপাত্র বলেছেন, নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবেই বোর্ডের সঙ্গে জাতিসংঘের সম্পৃক্ততা থাকবে।
বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, গাজা বিষয়ক আলোচক স্টিভ উইটকফ এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। জ্যারেড কুশনার জানিয়েছেন, যুদ্ধবিরতির পরবর্তী ধাপে গাজার পুনর্গঠন ও হামাসের নিরস্ত্রীকরণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। তিনি বলেন, ‘হামাস নিরস্ত্রীকরণ না হলে এই পরিকল্পনা এগোনো কঠিন হয়ে পড়বে।’
এদিকে যুদ্ধবিরতির প্রথম ধাপে কিছু অগ্রগতির ইঙ্গিত মিলেছে। ফিলিস্তিনি কমিটির প্রধান আলি শাআথ জানিয়েছেন, আগামী সপ্তাহে মিসরের সঙ্গে রাফাহ সীমান্ত পুনরায় খুলে দেওয়া হবে। তবে গত বছরের অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতি একাধিকবার ভেঙে পড়েছে।
ইসরাইল ও হামাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে। ইসরাইলের দাবি, হামাস এখনও এক জিম্মির মরদেহ ফেরত দেয়নি। অন্যদিকে হামাসের অভিযোগ, ইসরাইল গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে।
এমন পরিস্থিতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। ফিলিস্তিনি দলগুলোর পক্ষ থেকেও ট্রাম্পের পরিকল্পনার প্রতি সমর্থন জানানো হয়েছে এবং গাজা শাসনের জন্য একটি অন্তর্বর্তী কমিটিকে সমর্থন দেওয়া হয়েছে।
তবে যুদ্ধবিরতির পরবর্তী ধাপে হামাসের নিরস্ত্রীকরণ, গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং ইসরাইলি সেনা প্রত্যাহারের মতো কঠিন ইস্যুগুলো এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
এমকে
আন্তর্জাতিক
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন দূতাবাস জানায়, ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে ডিপার্টমেন্ট অব স্টেট, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি।
তবে এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
প্রকাশিত তথ্যে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে, অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং তারা যেন আমেরিকানদের ওপর আর্থিক বোঝা হয়ে না দাঁড়ায়। স্টেট ডিপার্টমেন্ট বর্তমানে সব স্ক্রিনিং এবং যাচাইকরণ নীতিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছে।
এর উদ্দেশ্য হলো- উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা অভিবাসীরা যাতে যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে কল্যাণমূলক সুবিধা গ্রহণ করতে না পারে বা তারা যেন রাষ্ট্রীয় বোঝা হয়ে না ওঠে, তা নিশ্চিত করা।
২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্তের মাধ্যমে স্টেট ডিপার্টমেন্ট নিম্নোক্ত দেশগুলোর নাগরিকদের জন্য সব প্রকার ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে- আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা দ্বীপপুঞ্জ, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, বার্মা (মিয়ানমার), কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোত দিভোয়ার, কিউবা, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গো, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি।
এছাড়া গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর মেসিডোনিয়া, পাকিস্তান, রিপাবলিক অব দ্য কঙ্গো, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন তালিকায় রয়েছে।
আন্তর্জাতিক
হরমুজ অবরোধে পানামা খাল দিয়ে যাতায়াতে খরচ বেড়েছে
হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে গত কয়েক সপ্তাহে বিভিন্ন কোম্পানি তাদের জাহাজগুলো পানামা খাল দিয়ে দ্রুত পার করার জন্য ৪০ লাখ ডলার পর্যন্ত ব্যয় করেছে। খাল কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।
সাধারণত এ খাল দিয়ে যাতায়াতের জন্য একটি নির্দিষ্ট হারে ফি নেওয়া হয়। তবে যেসব কোম্পানির আগে থেকে বুকিং দেওয়া নেই, তারা জলপথটি পার হওয়ার জন্য কয়েকদিন অপেক্ষা না করে নিলামের মাধ্যমে অতিরিক্ত অর্থ দিয়ে দ্রুত যাওয়ার সুযোগ পায়।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় এখন বাণিজ্যিক জাহাজগুলো বিকল্প হিসেবে পানামা খালের ব্যবহার বাড়িয়ে দিয়েছে। ফলে নিলামের মাধ্যমে পাওয়া এই বিশেষ স্লটগুলোর চাহিদা ব্যাপক হারে বেড়েছে, যা যাতায়াতের খরচকেও আকাশচুম্বী করে তুলেছে।
আন্তর্জাতিক
পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
পাকিস্তানে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে ইরানের প্রতিনিধিদল। শুক্রবার রাতে তাদের বহনকারী বিমানটি ইসলামাবাদে অবতরণ করে।
এদিকে ইসলামাবাদে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
হোয়াইট হাউস জানিয়েছেন, শনিবার ‘ইরানের সঙ্গে শান্তি আলোচনা করবেন’ তারা। তবে তেহরানের দাবি, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো বৈঠক হওয়ার পরিকল্পনা নেই।’
পাকিস্তানের ডন পত্রিকার এক প্রতিবেদনে জানা যায়, ইসলামাবাদে অবতরণের পর ইরানের প্রতিনিধিদলকে স্বাগত জানান উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) ও সেনাপ্রধান (সিওএএস) ফিল্ড মার্শাল আসিম মুনির এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করবেন আরাঘচি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার পাকিস্তানে আসছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের ভাষ্য, ‘ইরানিরা আলোচনা করতে চায়।’ প্রতিনিধিদলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স না থাকার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তার ভাষায়, ভাইস প্রেসিডেন্ট সফরের জন্য প্রস্তুত আছেন।
আলোচনা সফল হলে যাবেন তিনি।
আন্তর্জাতিক
মার্কিন অবরোধ ব্যর্থ, নিরাপদে বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ
ওমান সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জব্দের চেষ্টা ব্যর্থ করে নির্ধারিত বন্দরে পৌঁছেছে ইরানের একটি পণ্যবাহী জাহাজ। হরমুজ প্রণালি হয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছানো ওই জাহাজকে ঘিরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিট নিরাপত্তা দায়িত্ব পালন করে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করে।
আইআরজিসি-র দাবি, ওমান সাগরে অবস্থানকালে মার্কিন নৌবাহিনী জাহাজটিকে আটক ও নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়। তবে সময়োচিত হস্তক্ষেপ এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।
পরে জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে নিরাপদে গন্তব্য বন্দরে নোঙর করে। ঘটনাটি মধ্যপ্রাচ্যের সামুদ্রিক উত্তেজনার অংশ হিসেবে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানগামী সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে কঠোর অবস্থানের ইঙ্গিত দেন। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগর অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
সেন্টকমের তথ্যমতে, বর্তমানে অন্তত ২৬টি মার্কিন যুদ্ধজাহাজ ওই অঞ্চলে মোতায়েন রয়েছে, যার মধ্যে দুটি বিমানবাহী রণতরীও রয়েছে। আরও একটি রণতরী ‘ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ’ ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে এবং ইতিমধ্যে দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনার মধ্য দিয়ে হরমুজ প্রণালি ও আশপাশের সমুদ্রপথে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ইরানের পক্ষ থেকে আইআরজিসি-র এই পদক্ষেপকে নিজেদের সমুদ্রসীমা ও বাণিজ্যিক স্বার্থ রক্ষার কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।a
আন্তর্জাতিক
হরমুজ প্রণালিতে বন্ধুপ্রতিম দেশগুলোর কর মওকুফ করলো ইরান
মধ্যপ্রাচ্যের অন্যতম কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালী ব্যবহারকারী কিছু দেশের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বন্ধুপ্রতিম’ রাষ্ট্রগুলোর ক্ষেত্রে এই পথ দিয়ে চলাচলের নির্ধারিত ফি বা কর মওকুফ করা হয়েছে।
মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছেন, বর্তমানে কয়েকটি দেশের জন্য এই সুবিধা কার্যকর রয়েছে। বিশেষ করে রাশিয়ার মতো দেশের ক্ষেত্রে ইতোমধ্যেই এই ছাড় দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এই নীতিতে কোনো পরিবর্তন আসবে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আপাতত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যতিক্রমী সুবিধা চালু রাখার বিষয়ে কাজ করছে।
যুক্তরাষ্ট্রের আরোপিত সামুদ্রিক চাপ ও চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই পদক্ষেপকে কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে একদিকে মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা হচ্ছে, অন্যদিকে হরমুজ প্রণালির ওপর নিজেদের প্রভাব ও নিয়ন্ত্রণের বিষয়টিও ইঙ্গিত করছে তেহরান।
এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, দেশটির বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ সেন্টকমের দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে।
সেন্টকমের তথ্য অনুযায়ী, রণতরীটি বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে এবং ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। তবে এটি আগে থেকেই মোতায়েন থাকা বাহিনীর সঙ্গে যুক্ত হবে নাকি কোনো জাহাজকে প্রতিস্থাপন করবে। সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
সূত্র: মিডল ইস্ট আই



