জাতীয়
এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হামলা অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে অন্যতম উদ্বেগজনক ঘটনা।
তিনি বলেন, এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠককালে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানান।
তিনি জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, এই ধরনের হামলার চেষ্টাকে আমরা যেকোনো মূল্যে ব্যর্থ করে দেবো। জাতির ওপর এই ধরনের অপশক্তির আঘাত কোনোভাবেই বরদাশত করা হবে না।
এই হামলার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, আমরা কোনো অবস্থাতেই এই ধরনের ষড়যন্ত্রকে সফল হতে দিবো না। আঘাত যাই আসুক, যত ঝড় তুফান আসুক, কোনো শক্তিই আগামী নির্বাচনকে বানচাল করতে পারবে না।
তিনি বলেন, আমরা দেশের আপামর জনগণকে সঙ্গে নিয়ে আমাদের সম্মিলিত শক্তি দিয়ে জাতির জন্য একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবো।
সভায় বিশেষ সহকারী সায়েদুর রহমান জানান, ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন। তার পরিবারের ইচ্ছায় ইতোমধ্যে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, যে করেই হোক দ্রুততম সময়ের মধ্যে হাদির ওপর হামলা ও হামলার পরিকল্পনাকারীদের গ্রেফতার করতে হবে।
তিনি দেশবাসীকে ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করতে আহ্বান জানান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে হামলার স্থানের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে।
তাৎক্ষনিকভাবে সীমান্তে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, হামলাকারীরা যাতে কোনোভাবেই দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে।
এ সময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার কারণে যারা সম্ভাব্য টার্গেটে পরিণত হয়ে থাকতে পারেন তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিশ্চিত করতে আগামী কয়েকদিনের মধ্যে একটি বিশেষ হটলাইন নম্বর চালু করা হবে।
অবৈধ অস্ত্র উদ্ধার ও সম্ভাব্য যেসব স্থানে অপরাধীরা লুকিয়ে থাকতে পারে সেখানে অভিযান জোরদারের সিদ্ধান্ত হয় বৈঠকে। প্রধান উপদেষ্টা উদ্ভূত পরিস্থিতি নিয়ে শিগগিরই প্রধান প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আলোচনা করবেন।
বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, পুলিশ, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
এমকে
জাতীয়
১২ পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তাকে রদবদল
বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। ১২টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ মোট ৩৯ জন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ রদবদলের আদেশ জারি করা হয়। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী-পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলামকে নৌ পুলিশে, ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন-২ এর পুলিশ সুপার মিজানুর রহমানকে পঞ্চগড়ে, বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমানকে আরএমপির উপপুলিশ কমিশনার, এসবির (ঢাকা) পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানে, জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদাকে ডিএমপির উপপুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জ ডিআইজির পুলিশ সুপার শাহনাজ বেগমকে জয়পুরহাটে, পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদকে এসবিতে, এসবির (ঢাকা) পুলিশ সুপার ছুফি উল্লাহকে পাবনার পুলিশ সুপার, নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির উপপুলিশ কমিশনার, শিল্পাঞ্চলের পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁনকে নীলফামারীতে এবং নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
এছাড়া ডিএমপির উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলে, সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েলকে এপিবিএনের পুলিশ সুপার, রাজশাহীর সারদার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরায়, চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানকে ডিএমপির উপপুলিশ কমিশনার, ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমানকে চাঁদপুরের পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির পুলিশ সুপার, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশ সুপার, আরএমপির উপপুলিশ কমিশনার রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের পুলিশ সুপার, চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনের পুলিশ সুপার, ডিএমপির উপপুলিশ কমিশনার মাসুদ আলমকে চট্টগ্রামের পুলিশ সুপার, ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলামকে পুলিশ সদরদফতরের এআইজি এবং সিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার করা হয়েছে।
এদিকে আরেক প্রজ্ঞাপনে সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমানকে পুলিশ অধিদফতরের ডিআইজি, আরএমপির পুলিশ কমিশনার (ডিআইজি) জিল্লুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি, এসবির (ঢাকা) ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে আরএমপির কমিশনার (ডিআইজি), বরিশালের পুলিশ কমিশনার শফিকুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি, পুলিশ অধিদফতরের (ঢাকা) ডিআইজি আশিক সাঈদকে বরিশালের পুলিশ কমিশনার (ডিআইজি), ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) এস এন মো. নজরুল ইসলামকে সিআইডির ডিআইজি, সিআইডির (ঢাকা) ডিআইজি আবুল বাশার তালুকদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি), ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (বর্তমানে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সানা শামীনুর রহমানকে সিআইডির ডিআইজি, সিআইডির ডিআইজি মোহাম্মদ শামসুল হককে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি), উপসচিব পদ থেকে প্রত্যাগত ড. শাহেদুল আকবর খানকে এসবির (ঢাকা) বিশেষ পুলিশ সুপার, ১৩ এপিবিএনের পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে পুলিশ অধিদফতরের পুলিশ সুপার (টিআর পদে), ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমানকে এসবির বিশেষ পুলিশ সুপার, এপিবিএনের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এসবির বিশেষ পুলিশ সুপার, ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে কেএমপির উপপুলিশ কমিশনার, ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে কেএমপির উপপুলিশ কমিশনার এবং এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সাজেদুর রহমানকে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার) পদে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক ও জনস্বার্থ বিবেচনায় এই ব্যাপক রদবদল করা হয়েছে।
জাতীয়
চট্টগ্রামের নতুন পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের আলোচিত উপকমিশনার মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
জানা যায়, তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা। তার স্থায়ী ঠিকানা বগুড়া জেলায়। রমনা বিভাগের উপকমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় বিভিন্ন কারণে তিনি আলোচনায় আসেন এবং একই সঙ্গে দক্ষতার স্বীকৃতিও পান।
বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি এলাকায় বিভিন্ন দাবি-দাওয়া কেন্দ্রিক আন্দোলন নিয়ন্ত্রণে তার ভূমিকা প্রশংসিত হয়।
রমনা বিভাগে যোগদানের আগে তিনি পাবনা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছয়-এর ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন।
মাসুদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন।
জাতীয়
পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক, পরিবর্তন হবে না বাংলাদেশের পররাষ্ট্রনীতি
পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হবে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পশ্চিমবঙ্গের নতুন সরকার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন, ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশের ফরেন পলিসি অ্যাক্রস দ্য বোর্ড একই থাকবে।
তিনি বলেন, আমাদের ‘বাংলাদেশ প্রথম’ বা ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে আমাদের ফরেন পলিসি। সেটা যে সরকারই আসুক না কেন, আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না। আমরা আমাদের ফরেন পলিসি নিয়েই সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে এগোবো।
উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (৪ মে) সেই নির্বাচনের ফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। তাতে দেখা গেছে, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২০৬টি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা।
এমএন
জাতীয়
এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মন্ত্রী মির্জা ফখরুল
আগামী এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনও বলছি—আমরা চাই এবং চেষ্টা করবো, এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে।’
স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘স্থানীয় সরকার শক্তিশালী হলে রাষ্ট্রও শক্তিশালী হবে। ডিসি সম্মেলনে আমরা তাদের সামনে এই বিষয়টি তুলে ধরেছি।’
উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সরকারের, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া কর্মসূচিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সংসদ সদস্য ও স্থানীয় সরকারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে।’
জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার তাগিদ দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা ডিসিদের বলেছি জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। কারণ জনগণই এই দেশের মালিক। তৃণমূল পর্যায়ের মানুষই সবকিছু নির্ধারণ করেন।’
ডিসি সম্মেলনের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল জানান, সরকারের জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রণালয়ের এমন মতবিনিময় অত্যন্ত ফলপ্রসূ। ভবিষ্যতে এ ধরনের মতবিনিময় ও যোগাযোগ আরও বাড়ানোর কথা বলা হয়েছে।
জাতীয়
ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে থেকে শুরু
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেন যাত্রার অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৩ মে থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
এদিন যাত্রীরা ২৩ মে’র ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন। এরপর ধারাবাহিকভাবে ২৪ মে’র টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে যাত্রার টিকিট ১৭ মে বিক্রি করা হবে।
এবার ঈদযাত্রা রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।
এসব টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি হবে। একজন যাত্রী ঈদে অগ্রিম এবং ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করতে পারবেন।
এছাড়া রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের অগ্রিম এবং ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।




