সারাদেশ
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নারীর মৃত্যু, আহত ১০
পাবনার সুজানগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক গৃহবধূ মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। সোমবার সকাল আটটার দিকে উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধুর নাম চায়না খাতুন ৪০)। তিনি ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী।
সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপের সাথে মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপি সমর্থক ইসলাম প্রামাণিক গ্রুপের সাথে বিরোধ চলছিল। রোববার দিবাগত রাতে দুই পক্ষের ছেলেদের মধ্যে মারামারি হয়। এ নিয়ে গতরাত থেকেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল।
আজ সোমবার সকালে ইসলাম প্রামানিক গ্রুপের লোকজন লাঠি সোটা নিয়ে এলাকায় জড়ো হচ্ছিল। এমন সময় রাজা গ্রুপের লোকজন লাঠিসোটা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপরে হামলা চালিয়ে গুলিবর্ষণ ও বাড়ি ভাঙচুর করে। গুলিতে গৃহবধূ চায়না খাতুন ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া গুরুতর আহত ১০ জনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ইসলাম প্রামানিক বলেন, আমার ভাগ্নে ফরহাদ আওয়ামী লীগ সমর্থক ছিল। এজন্য রোববার রাতে ভিটবিলা বাজারে তাকে মারধর করে রাজা গ্রুপের লোকজন। আমি খবর পেয়ে তখনি সেখানে গিয়ে ঘটনা শুনে তাদেরকে এ বিষয়ে মারামারি না করার অনুরোধ করি। কিন্তু তারা উল্টো আমার উপরও হামলা করে মারধর করে। খবর পেয়ে আমার গ্রামের লোকজন জড়ো হয়ে সবাই মিলে সিদ্ধান্ত নেয় মুরুব্বিদের সাথে বসে আলোচনা করে এ বিষয়ে সমঝোতা করা হবে। সকালে আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাজার গ্রুপের লোকজন লাঠিসোঠক অস্ত্র শস্ত্র নিয়ে রাজার নেতৃত্বে এসে অতর্কিত আমাদের গ্রামের লোকজনের উপরে গুলি ও হামলা চালায়। এতে গুলিতে স্পটে মারা গেছে চায়না খাতুন। আরো ৮-১০ জন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্ত রাফিউল ইসলাম রাজা বলেন, ঘটনার বিষয়ে আমি কিছু জানি না। ঘটনার সময় আমি স্পটেও ছিলাম না। আমার এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেতে আসছি। এখানে আমার নাম জড়ানো ষড়যন্ত্রমূলক। গুলিবর্ষণ হয়েছে কিনা বা গুলিতে চায়না খাতুন মারা গেছে কিনা আমি জানি না। আমি শুনেছি চায়না খাতুন স্ট্রোক করে মারা গেছে। আপনারা ভালো করে তদন্ত করে দেখেন আমি সেখানে ছিলাম কিনা আমার নেতৃত্বে হামলা হয়েছে কিনা। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, দুই পক্ষই বিএনপি সমর্থক। ভিটবিলা পশ্চিমপাড়া বাজার এলাকা ও পুর্বপাড়া এলাকার দুই পক্ষের ছেলেদের মধ্যে গতরাতে ঝামেলা হয় শুনেছি। সেই ঘটনার পর পূর্বপাড়ার লোকদের (রাজা গ্রুপের) পশ্চিমপাড়া বাজারে যেতে দেবে না বলে ঘোষণা দেয় পশ্চিমপাড়া এলাকার (ইসলাম গ্রুপের) লোকজন। আজ সকালে লাঠি সোটা নিয়ে পাহারা বসায় তারা এবং বাজারে যাওয়া পুর্বপাড়ার লোকদেরকে ফিরিয়ে দেয় পশ্চিমপাড়া লোকজন। পরে পূর্বপাড়ার লোকজন একজোট হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে পূর্বপাড়ার লোকদের উপর হামলা চালায়।
সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কি বিষয় নিয়ে হামলার ঘটনা সে বিষয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।
সারাদেশ
হাওড়ের কৃষকদের ৫ দফা দাবি, নেত্রকোনায় মানববন্ধন
হাওড়াঞ্চলে ‘মানবসৃষ্ট দুর্যোগে’ ক্ষতিগ্রস্ত কৃষকদের রক্ষায় ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে নেত্রকোনায় মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা।
বুধবার (৬ মে) দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ‘দুর্গত হাওড়বাসী’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে ডিঙ্গাপোতা হাওড়সহ বিভিন্ন কৃষক সংগঠন, শ্রমিক ইউনিয়ন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।
মানববন্ধন থেকে কৃষকদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো: বিএডিসির বীজ নিয়ে ওঠা অভিযোগে বিচার বিভাগীয় তদন্ত, কৃষকদের সব ধরনের সরকারি-বেসরকারি ও এনজিও ঋণ মওকুফ, হাওড়ের ইজারা বাতিল করে উন্মুক্তভাবে মাছ ধরার অধিকার নিশ্চিত করা, ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও পর্যাপ্ত পশুখাদ্য সরবরাহ।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও হাওড়ের সন্তান জলি তালুকদার। তিনি কলমাকান্দার তিনটি হাওড়-বিলের ইজারা বাতিল করার দৃষ্টান্ত টেনে একইভাবে হাওড়াঞ্চলের সব ইজারা বাতিলের জন্য সরাসরি ডেপুটি স্পিকারের প্রতি অনুরোধ জানান।
জাতীয় সংসদে যেন জনগুরুত্বপূর্ণ ও কাজের আলোচনা হয়, সেদিকে লক্ষ্য রাখার জোর দাবি জানান এই নেত্রী। তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষের টাকা খরচ করে সংসদ চলে। সেখানে অন্য আলোচনায় সময় ও অর্থ নষ্ট না করে কেবল মানুষের কাজের আলোচনা করার জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি।’
সারাদেশ
সখিপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক
শরীয়তপুরের সখিপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে। আটক দু’জনের নামই জাহাঙ্গীর ।
আটক ব্যক্তিরা হলেন সখিপুরের বাসিন্দা জাহাঙ্গীর বেপারী এবং চাঁদপুরের বাসিন্দা জাহাঙ্গীর গাজী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে মোট ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সারাদেশ
সখিপুর থানা পুলিশের পৃথক অভিযান মাদকসহ তিনজন আটক
শরীয়তপুরের সখিপুর থানার পুলিশের পৃথক অভিযানে মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। গত ২ মে রাতে সখিপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মো. সোহেল সরদার (২৫), পিতা. মৃত নুরুল ইসলাম, মো. মিজান সরদার (৩৮) পিতা. রশিদ সরদার, জান শরীফ সৈয়াল (৪২) পিতা. নাজিম উদ্দিন সৈয়াল। তারা সবাই সখিপুর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাজ্জল হোসাইন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে গত রাতে পৃথক অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
সারাদেশ
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮, আহত ৭
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৮ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। নিহতদের সবাই নির্মাণ শ্রমিক ছিলেন।
রোববার (৩ মে) সকাল ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের মোছা. মুন্নি বেগম (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মো. ফরিদুল (৩৫)। বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের মো. আলমগীর (৩২), সিলেট নগরের মদিনা মার্কেট এলাকার তোরাব উল্লাহ (৬০), আম্বরখানার রামিন (৪০) ও আফরোজ মিয়া (৪০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজু আক্তার (২৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হাফিজা বেগম (৩০) এবং দিরাই উপজেলার রাজা মিয়া (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় সকাল ৬টা ২৫ মিনিটের দিকে শ্রমিক বহনকারী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন শ্রমিক নিহত হন। গুরুতর আহত আরও ৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টায় তাদেরকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৮ জনে।
এ ঘটনায় আরও ৭ জন শ্রমিক আহত হয়েছেন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ট্রাকের ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন ঘটনাস্থলেই নিহত হন এবং হাসপাতালে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সারাদেশ
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সিরাজগঞ্জের কয়েকটি এলাকায় আজ শনিবার (২ মে) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ তথ্য জানিয়েছে সিরাজগঞ্জ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এক বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাজগঞ্জ দপ্তরের ১১ কেভি ক্যুইন ফিডারের জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং আশপাশের গাছের শাখা-প্রশাখা কাটার জন্য ফিডারটির আওতাধীন সব বিতরণ এলাকা (কোদলাপুর, কোদলাপুর বড় ব্রীজ রোড, কল্যানী চুয়াপাড়া, কল্যানী প্রাইমারি স্কুল রোড, সিরাজগঞ্জ পুলিশ লাইনস, আনসার ক্যাম্প, কোদলাপুর কবরস্থান রোড) শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
জরুরি কাজের স্বার্থে বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটবে। এতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ।




