জাতীয়
বিশ্বশান্তির ৬ সারথির মরদেহ দেশে আসছে আজ
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আজ শনিবার আনা হচ্ছে স্বদেশে। দেশে ফেরার পর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও আনুষ্ঠানিকতায় সম্পন্ন হবে বিশ্বশান্তিতে জীবন দেওয়া এ বীরদের জানাজা ও দাফন।
গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জনের মৃত্যু ৯ জন আহত হন।
আহত সবার চিকিৎসা চলছে কেনিয়ার রাজধানী নাইরোবির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে। তাদের কয়েকজন এরই মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। বাকিরা সবাই শঙ্কামুক্ত। বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলাটি চালিয়েছিল ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেইসে।
সন্ত্রাসী হামলায় নিহত ৬ শান্তিরক্ষী হলেন- নাটোরের করপোরাল মো. মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মো. মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মন্ডল, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের বাসিন্দা মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার বাসিন্দা লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।
আহত শান্তিরক্ষীরা হলেন- কুষ্টিয়ার বাসিন্দা লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, দিনাজপুরের সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, ঢাকার করপোরাল আফরোজা পারভিন ইতি, বরগুনার ল্যান্স করপোরাল মহিবুল ইসলাম, কুড়িগ্রামের সৈনিক মো. মেজবাউল কবির, রংপুরের সৈনিক মোছা. উম্মে হানি আক্তার, মানিকগঞ্জের সৈনিক চুমকি আক্তার এবং নোয়াখালীর সৈনিক মো. মানাজির আহসান।
শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হয়ে থাকবে। জীবন হাতে নিয়ে কেবল দেশে নয়, সমরে-শান্তিতে বিশ্বের তরেও তারা। যার সবশেষ উদাহরণ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন বীর শান্তিরক্ষী শাহাদতবরণ। জাতিসংঘের পতাকা তলে বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে প্রয়োজনে জীবন উৎসর্গের শপথ করেই তাদের সেখানে যাওয়া।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর অসাধারণ পেশাদারিত্ব, সাহস আর আত্মত্যাগ দেখল বিশ্ববাসী। আহত আটজনের মধ্যে তিনজন নারী সৈন্য। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সর্বোচ্চসংখ্যক শান্তিরক্ষী পাঠানো ১১৯টি দেশের মধ্যে দীর্ঘদিন ধরে মর্যাদাপূর্ণ অবস্থানে বাংলাদেশ। বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের যাত্রা শুরু হয়।
‘নীল হেলমেট’ পরে বিশ্বশান্তির সারথি হয়ে বাংলাদেশের অভিষেক ১৯৮৮ সালে ইরাক-ইরানে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে। তখন জাতিসংঘের ইরান-ইরাক সামরিক পর্যবেক্ষক মিশনে ১৫ জন সদস্য পাঠিয়েছিল বাংলাদেশ।
এরই ধারাবাহিকতায় বর্তমানে ১০টি দেশে শান্তির পতাকা হাতে নিয়োজিত তারা। এরই মধ্যে প্রথমবারের মতো ডিআর কঙ্গোতে বাংলাদেশ সেনাবাহিনীর তিনটি হেলিকপটার মোতায়েন করা হয়েছে। শুরু থেকে সুদানে সর্বশেষ ছয়জন নিহত হওয়া ছাড়াও এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ১৬৮ জন শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন।
তাদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর ১৩১ জন, নৌবাহিনীর চারজন, বিমানবাহিনীর ছয়জন এবং পুলিশের ২৪ জন। আহত হয়েছেন ২৭২ জন।
শুরু থেকেই বিভিন্ন বৈশ্বিক মিশনে বাংলাদেশের চিকিৎসক, প্রকৌশলীরাও অংশ নিয়েছেন, যা বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে বাংলাদেশের অবদানের একটি দুর্দান্ত স্বীকৃতি। বৈশ্বিক ফোরামে নেতৃত্বের স্মারক। আমাদের জাতীয় ভাবমূর্তির সঙ্গেও সম্পর্কিত। মিশনগুলো অনেক চ্যালেঞ্জে ভরা।
প্রাকৃতিক দুর্যোগ, অনুকূল নয় এমন জলবায়ু, সম্পদের অভাব-সব মিলিয়ে মিশন বাস্তবায়ন। বাংলাদেশের সেনাবাহিনীর অবদানের জন্য জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায় বাংলাদেশের প্রশংসায় ‘শান্তির কূটনীতির মোরসাল’ হিসেবে অভিহিত করেছে। শুধু যুদ্ধবিগ্রহের স্থগিতাদেশ রক্ষা বা সংঘাত প্রতিরোধ নয়, স্থানীয় জনগণের কল্যাণ, পুনর্গঠন এবং পুনর্বাসনে এমন ভূমিকা অন্য অনেক দেশের কোনো বাহিনীই দেখাতে পারেনি। তাদের শিক্ষা, স্কুল নির্মাণ, স্বাস্থ্যসেবা প্রদান, শিশুদের শিক্ষা প্রসার ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের নমুনা শেখার মতো। তাই শিখছে, অভিজ্ঞতা নিচ্ছে।
উপলব্ধি করছে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তি সদস্যরা কেবল অস্ত্রধারী সৈন্য নয়, মানবতার সৈনিকও। নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে সময়ের পরিক্রমায় শান্তি রক্ষার ইতিহাসে জাতিসংঘের অন্যতম নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠেছে দেশের সশস্ত্র বাহিনী, পুলিশ ও বেসামরিক সদস্যরা। কেবল শান্তি প্রতিষ্ঠা পর্যন্তই তাদের কাজ শেষ নয়। মিশনগুলোতে সাধারণ মানুষের জীবন রক্ষা করা, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষদের সহায়তায় কাজ করে।
যুদ্ধপরবর্তী পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশ বা অঞ্চলে স্থিতিশীলতা আনা, পুনর্গঠন, যুদ্ধবিরতি চুক্তি বা শান্তিচুক্তি বাস্তবায়নের প্রয়োজন, মানবিক সংকট মোকাবিলাসহ বিভিন্ন পরিস্থিতি সামাল দিতে জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েন করে।
সুদান ও দক্ষিণ সুদানের মধ্যবর্তী সীমান্ত অঞ্চল আবেই, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (সিএআর), সাইপ্রাস, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো), লেবানন, দক্ষিণ সুদান, উত্তর-পশ্চিম আফ্রিকার বিরোধপূর্ণ অঞ্চল পশ্চিম সাহারা, ইয়েমেন, লিবিয়া ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে দায়িত্ব পালন নানা মাত্রায় কঠিন কাজ। সেই কঠিনেরে সঙ্গী করে জীবন বিলিয়ে দেওয়া শান্তির সারথিদের মরদেহ আজ স্পর্শ করবে তাদের প্রিয় মাতৃভূমিকে।
জাতীয়
স্বাধীনতা দিবসে রাজধানীতে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জাতীয় প্যারেড স্কয়ার, বঙ্গভবন ও মানিক মিয়া অ্যাভিনিউকে কেন্দ্র করে দিনব্যাপী ধাপে ধাপে যান চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন কার্যকর থাকবে।
ডিএমপি জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানগুলোতে সরকারের শীর্ষ নেতৃবৃন্দ, বিদেশি কূটনীতিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
ডিএমপি সাধারণ জনগণকে নিম্নোক্ত বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে :
প্যারেড স্কয়ার এলাকা
আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া বেগম রোকেয়া সরণির আগারগাঁও লাইট ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং, প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন আগারগাঁও লিংক রোড, শিশুমেলা ক্রসিং থেকে আগারগাঁও ক্রসিং এবং পুরাতন গণভবন সংলগ্ন জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত সড়কে অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না।
বঙ্গভবন এলাকা
বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া জিরোপয়েন্ট থেকে গুলিস্তান, ডিআইটি রোড, দৈনিক বাংলা মোড়, ফজলে রাব্বি রোড, দিলকুশা রোডসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সাধারণ যান চলাচল সীমিত থাকবে। এসব এলাকায় নির্ধারিত ডাইভারশন পয়েন্ট ব্যবহার করে যান চলাচল করতে হবে।
মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা
স্বাধীনতা দিবসের কনসার্ট উপলক্ষে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউর উভয় প্রান্তে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিকল্প হিসেবে শ্যামলী, মোহাম্মদপুর, ফার্মগেট, বিজয় সরণি, লেক রোড ও মিরপুর রোড ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।
ডিএমপি নগরবাসীকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে এবং যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহার করতে পরামর্শ দিয়েছে।
এমএন
জাতীয়
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে কারিগরি সহায়তা দেবে সুইজারল্যান্ড
বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সব ধরনের কারিগরি ও কৌশলগত সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে সুইজারল্যান্ড সরকার। পাশাপাশি বাংলাদেশ পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতেও সহায়তার আশ্বাস দিয়েছে দেশটি।
বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ পাচার রোধ, ডিজিটাল প্রতারণা দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।
তিনি বলেন, আমরা দেশে প্রকৃত সংসদীয় গণতন্ত্রের চর্চা নিশ্চিত করতে চাই। সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ করার পূর্ণ অধিকার রয়েছে। তবে জনদুর্ভোগ এড়াতে আমাদের সতর্ক থাকতে হবে।
বিগত আমলের সমালোচনা করে মন্ত্রী বলেন, তৎকালীন সময়ে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অতিমাত্রায় বল প্রয়োগের কাজে পুলিশকে ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
রাষ্ট্রদূত রেটো রেংগলি এ সময় পুলিশ বাহিনীর সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে সুইজারল্যান্ডের পক্ষ থেকে কারিগরি ও কৌশলগত সহযোগিতার আশ্বাস দেন। তিনি বর্তমান সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানতে চান এবং সংসদকে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত উল্লেখ করেন যে, সংসদ ও রাজপথে শান্তিপূর্ণ বিতর্ক ও আলোচনা গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অপরিহার্য।
সম্প্রতি অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত (১৬-১৭ মার্চ ২০২৬) ‘গ্লোবাল ফ্রড সামিট ২০২৬’-এ অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের মোট প্রতারণার প্রায় ৪০ শতাংশই ডিজিটাল প্রতারণা বা স্ক্যাম। এটি একটি বৈশ্বিক সংকট এবং আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এটি নির্মূল করা সম্ভব নয়। রাষ্ট্রদূতও ডিজিটাল প্রতারণাকে উদ্বেগের বিষয় হিসেবে অভিহিত করেন এবং অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।
এমএন
জাতীয়
দুদকের উচ্চপর্যায়ে রদবদল, ৫ কর্মকর্তাকে বদলি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রশাসনে উচ্চপর্যায়ে রদবদল করা হয়েছে। এতে উপপরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুদকের পরিচালক মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক চিঠির সূত্রে এই বদলির বিষয়টি জানা গেছে।
বদলির আদেশ অনুযায়ী, উপপরিচালক মো. জাহিদ কালামকে রাঙামাটি থেকে প্রধান কার্যালয়ে আনা হয়েছে। উপপরিচালক মো. আবদুল ওয়াদুদকে প্রশাসন শাখা থেকে প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-৬ বিভাগে পদায়ন করা হয়েছে। এছাড়া উপপরিচালক কমলেশ মন্ডলকে রিজার্ভ শাখা থেকে রাঙামাটিতে বদলি করা হয়েছে।
অন্যদিকে, উপপরিচালক মাহবুবুল আলমকে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ে এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে রিজার্ভ শাখা থেকে ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে।
এমএন
অন্যান্য
জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের: তথ্যমন্ত্রী
দেশে জ্বালানি সংকট নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনার আহ্বান জানান তিনি।
বুধবার (২৫ মার্চ) সকালে সরকারের এক মাস পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্য সংঘাতে অন্যান্য দেশের মতো বাংলাদেশও কঠিন পরিস্থিতির মুখে আছে, তবে দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই এবং জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনার আহ্বান জানাই।’
এদিকে আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সভার তথ্য জানানো হয়।
জাতীয়
জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে সভা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ‘পিএমও বাংলাদেশ – প্রধানমন্ত্রীর কার্যালয়’ ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের কিছু দিন পর ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সূত্রপাত নতুন প্রশাসনের সামনে এক বিশাল অনিশ্চয়তা ও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্থিরতা দেখা দিয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যসহ অন্যান্য ক্ষেত্রেও সংকটের প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, যা নবগঠিত সরকারের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ কার্যালয়ে এ জরুরি সভা করেন।



