আন্তর্জাতিক
যুদ্ধ থামাতে ইরানের কাছে প্রস্তাব পাঠাল যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সূত্রের বরাতে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানে পৌঁছানো হয়েছে।
প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং হরমুজ প্রণালির সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
সূত্র জানায়, পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছেন। উভয় পক্ষ সম্মত হলে ইসলামাবাদ সরাসরি আলোচনার আয়োজন করতেও প্রস্তুত।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার কথাও জানিয়েছেন।
তবে ইরান এই দাবি সরাসরি অস্বীকার করেছে। তেহরানের কর্মকর্তারা বলেছেন, তারা বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে বার্তা পেলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হয়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা আক্রমণের মধ্য দিয়ে সংঘাত এখন চতুর্থ সপ্তাহে চলছে। বিমান হামলা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে বহু হতাহতের ঘটনা ঘটেছে এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এর প্রভাবে বৈশ্বিক তেলের বাজার ও বিমান চলাচলেও অস্থিরতা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক
বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকবিরোধী অভিযানের ঘোষণা বিজয়ের
শপথ নেওয়ার পর প্রথম দিনেই একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনায় স্বাক্ষর করেছেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। এর মধ্যে রয়েছে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ, মাদকবিরোধী কঠোর পদক্ষেপ এবং নারীদের নিরাপত্তা জোরদারের উদ্যোগ।
রোববার (১০ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শপথ নেওয়ার পর দেওয়া ভাষণে বিজয় তামিল ভাষার পরিচিত বাক্য ‘এন নেনজিল কুদিয়িরুকুম’ দিয়ে বক্তব্য শুরু করেন। যার অর্থ, ‘যিনি আমার হৃদয়ে বাস করেন’। অতীতেও তিনি ভক্তদের উদ্দেশে এ বাক্য ব্যবহার করেছেন।
মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম নির্দেশনায় টিভিকে প্রধান বিজয় ঘোষণা করেন, ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি মাদক সমস্যা মোকাবিলায় একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ বাহিনী ও হেল্পলাইন চালু করা হবে।
তিনি জানান, শিক্ষা, স্বাস্থ্য ও পানীয় জলের মতো মৌলিক বিষয়ে বিশেষভাবে নজর দেওয়া হবে। কৃষক ও মৎস্যজীবীদের কল্যাণেও কাজ করা হবে। সবকিছু ভালো হবে বলেও আশ্বাস দেন তিনি।
বিজয় বলেন, একজন সহকারী পরিচালকের ছেলে মুখ্যমন্ত্রী হয়েছে। আমি দারিদ্র্য ও ক্ষুধা দেখেছি। আমি কোনো রাজপরিবার থেকে আসিনি। অনেক কষ্ট সহ্য করেছি, অনেকেই আমাকে অপমান করেছে। আমি আপনাদের ছেলে, আপনাদের ভাইয়ের মতো। আপনারা আমাকে হৃদয়ে জায়গা দিয়েছেন, গ্রহণ করেছেন।
মিথ্যা প্রতিশ্রুতি না দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ডিএমকে রাজ্যের কোষাগার শূন্য করে দিয়েছে। আর আমরা এমন এক পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছি, যেখানে প্রায় ১০ লাখ কোটি রুপি ঋণ রয়েছে। আমরা জনগণের অর্থ থেকে এক পয়সাও নেব না এবং কাউকে রাজ্য লুট করতে দেব না।
তিনি ‘নতুন যুগের বাস্তব, ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়ের’ প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রবীন চক্রবর্তী, বাম নেতা মা বেবি এবং অন্যান্য জোটসঙ্গীদের ধন্যবাদ জানান।
আন্তর্জাতিক
পাকিস্তানে গাড়ি বোমা হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে ভয়াবহ গাড়ি বোমা হামলায় ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বিস্ফোরণের পর বন্দুকধারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলিও চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। খবর রয়টার্স ও ট্রিবিউনের।
শনিবার রাতে বান্নু শহরের উপকণ্ঠে একটি পুলিশ ফাঁড়িতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান জানান, বিস্ফোরকভর্তি একটি গাড়ি দিয়ে হামলা চালানো হলে ফাঁড়ির ছাদ ধসে পড়ে। সে সময় সেখানে অবস্থানরত পুলিশ সদস্যরা হতাহত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মকর্তা জানান, বিস্ফোরণের পর জঙ্গিরা ফাঁড়ির ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের ওপর গুলি চালায়। পরে সহায়তায় আসা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপরও অতর্কিত হামলা চালানো হয়।
পুলিশ সূত্র জানিয়েছে, হামলায় ড্রোনও ব্যবহার করেছে জঙ্গিরা। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নেয়। বান্নুর সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ইত্তেহাদ-উল-মুজাহিদীন নামের একটি জঙ্গি জোট হামলার দায় স্বীকার করেছে।
এ হামলার পর পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে বলেছে, জঙ্গিবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।
আন্তর্জাতিক
ইরানি জাহাজে হামলা হলে মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালানো হবে আইআরজিসির
ওমান উপসাগরে ইরানের দুটি তেলবাহী জাহাজে কথিত মার্কিন হামলার ঘটনার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
শনিবার (৯ মে) দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকারে কোনো ধরনের হামলা কিংবা বাধা সৃষ্টি করা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও নৌবহরে কঠোর পাল্টা আঘাত হানা হবে।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, “ইরানি জাহাজ ও তেল ট্যাংকারে আঘাত এলে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের স্থাপনা এবং শত্রুপক্ষের নৌযানে শক্ত প্রতিশোধ নেওয়া হবে।”
এর আগে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। দুই পক্ষই একে অপরের সামরিক স্থাপনা ও জাহাজ লক্ষ্য করে হামলা ও পাল্টা হামলার অভিযোগ তোলে।
ইরানের দাবি, মার্কিন বাহিনী সম্প্রতি তাদের দুটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে ইরান তাদের ডেস্ট্রয়ার লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের কিছু সামরিক উদ্যোগ স্থগিত করা হলেও পারস্য উপসাগর অঞ্চলে টানটান উত্তেজনা এখনও বিরাজ করছে।
আইআরজিসির এই হুঁশিয়ারি নতুন করে সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আন্তর্জাতিক
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়
ভারতের তামিলনাড়ু রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করলেন অভিনেতা-রাজনীতিক সি জোসেফ বিজয়। রোববার চেন্নাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
তার নেতৃত্বাধীন দল তামিলাগা ভেট্টিরি কাঝাগাম সরকার গঠন করায় প্রায় ৬০ বছর পর তামিলনাড়ুতে ডিএমকে ও এআইএডিএমকের বাইরে অন্য কোনো রাজনৈতিক শক্তি ক্ষমতায় এলো।
গত মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসনে জয় পায়। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না থাকায় কয়েকদিন ধরে জোট গঠন নিয়ে রাজনৈতিক তৎপরতা চলে। বিভিন্ন দলের সমর্থন নিশ্চিত করার পর শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হন তিনি।
রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার-এর কাছে জমা দেওয়া সমর্থনপত্রে বিজয় জানান, কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিআই(এম) ও আইইউএমএলসহ কয়েকটি দলের বিধায়করা তার সরকারকে সমর্থন দিচ্ছেন। সব মিলিয়ে জোটের আসন সংখ্যা ১২০-এ পৌঁছেছে।
১৯৬৭ সালের পর এই প্রথম তামিলনাড়ুর ক্ষমতায় এমন একটি রাজনৈতিক শক্তি এলো, যারা রাজ্যের ঐতিহ্যবাহী দ্রাবিড় জোট রাজনীতির অংশ নয়। ফলে বিজয়ের শপথকে অনেকেই রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে চেন্নাইসহ বিভিন্ন এলাকায় সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর খুব শিগগিরই নতুন মন্ত্রিসভা ও সরকারের অগ্রাধিকারমূলক পরিকল্পনা ঘোষণা করবেন বিজয়।
তবে রাজ্যপালের নির্দেশ অনুযায়ী, আগামী ১৩ মে’র মধ্যে তাকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।
সূত্র: এনডিটিভি
আন্তর্জাতিক
আড়ালে থেকেই ইরানের ক্ষমতার কেন্দ্র নিয়ন্ত্রণ করছেন মোজতবা
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে বলা হচ্ছে, জনসমক্ষে অনুপস্থিত থাকলেও দেশটির সামরিক ও কূটনৈতিক সিদ্ধান্তে এখনো প্রভাব বিস্তার করছেন তিনি।
গোয়েন্দা সূত্রগুলোর দাবি, যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গুরুতর আহত হন মোজতবা খামেনি। এরপর থেকেই তিনি কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থান করছেন এবং সরাসরি কোনো ইলেকট্রনিক যোগাযোগ ব্যবহার করছেন না। তার নির্দেশ বিশ্বস্ত দূতদের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে বলে ধারণা করছে ওয়াশিংটন।
তবে ইরান সরকার এসব দাবিকে অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছে। ইরানের শীর্ষ কর্মকর্তারা বলছেন, মোজতবা বর্তমানে সুস্থ আছেন এবং রাষ্ট্রীয় কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। সম্প্রতি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তার দীর্ঘ বৈঠকের তথ্যও প্রকাশ করা হয়েছে।
মার্কিন প্রশাসনের মতে, ইরানের বর্তমান ক্ষমতা কাঠামো অনেকটাই বিভক্ত ও জটিল হয়ে উঠেছে। কে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন, তা স্পষ্ট নয়। এ পরিস্থিতি চলমান যুদ্ধবিরতি ও সম্ভাব্য কূটনৈতিক সমঝোতার পথকে আরও কঠিন করে তুলছে।
গোয়েন্দা বিশ্লেষকদের ধারণা, ইরানের অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠী নিজেদের অবস্থান শক্ত করতে মোজতবার নাম ব্যবহার করছে। ফলে বাস্তবে কতটা ক্ষমতা তার হাতে রয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এদিকে সামরিকভাবে ক্ষয়ক্ষতির মুখে পড়লেও ইরান এখনো পুরোপুরি দুর্বল হয়নি বলে মনে করছে মার্কিন গোয়েন্দারা। তাদের তথ্য অনুযায়ী, দেশটির ক্ষেপণাস্ত্র অবকাঠামোর বড় অংশ এখনো সক্রিয় রয়েছে এবং যুদ্ধবিরতির সময় ব্যবহার করে সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা চলছে।
অর্থনৈতিক চাপের মধ্যেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবিলায় দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিচ্ছে তেহরান। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, ইরান আপাতত পিছু হটার বদলে সময় নিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে।
বর্তমানে ইরানের রাজনৈতিক অঙ্গনে অন্যতম প্রভাবশালী মুখ হিসেবে উঠে এসেছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। কূটনৈতিক ও সামরিক, দুই ক্ষেত্রেই তার সক্রিয় ভূমিকা পশ্চিমা মহলে নতুন করে গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক আলোচনায়ও তিনি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, মোজতবা খামেনিকে ঘিরে ধোঁয়াশা যত বাড়ছে, ততই অনিশ্চিত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। একদিকে যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির চেষ্টা চালাচ্ছে, অন্যদিকে ইরান যুদ্ধ ও অবরোধ মোকাবিলায় দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে এগোচ্ছে। ফলে পরিস্থিতি দ্রুত সমাধানের বদলে দীর্ঘস্থায়ী উত্তেজনার দিকেই যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: সিএনএন




