আন্তর্জাতিক
আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি : আরাঘচি
ইরানে যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীর সম্ভাব্য অভিযান নিয়ে আলোচনা চলছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি বলেছেন, তার দেশ এ ব্যাপারে ভীত কিংবা চিন্তিত নয়; বরং তারা মার্কিন স্থল বাহিনীর জন্য অপেক্ষা করছেন।
গতকাল যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন সৈয়দ আরাঘচি। সেখানে তাকে প্রশ্ন করা হয়— মার্কিন স্থল বাহিনীর সম্ভাব্য অভিযান নিয়ে ইরান চিন্তিত কি-না।
জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “না, চিন্তিত নই; বরং আমরা তাদের জন্য অপেক্ষা করছি। কারণ আমরা নিশ্চিত যে তাদের আমরা মোকাবিলা করতে পারব এবং এটা হবে তাদের জন্য একটি বড় বিপর্যয়।”
সৈয়দ আরাঘচি আরও জানান, ওয়াশিংটনকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। এমনকি ২০২৫ সালের জুন মাসে যখন ১২ দিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলেছিল— তখনও ইরানের তরফ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়নি।
“জেনেভায় (পরমাণু কর্মসূচি নিয়ে) সংলাপের সময় আমরা অনুমান করতে পেরেছিলাম যে একটি যুদ্ধ ঘনিয়ে আসছে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দিইনি। এমনকি এর আগে গত বছর জুন মাসের ১২ দিনের যুদ্ধে যখন ইসরায়েল-যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল— তখনও আমরা যুদ্ধবিরতির প্রস্তাব দিইনি। সেবার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরায়েল, যারা এই সংঘাত সৃষ্টি করেছিল।”
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।
সংলাপ শেষ হওয়ার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।
আজ টানা ৬ দিন ধরে যুদ্ধ চলছে ইরানে। ইতোমধ্যে এ যুদ্ধে নিহত হয়েছেন প্রায় ১ হাজার মানুষ এবং আহত হয়েছেন ৫ হাজারের অধিক।
সূত্র : এনবিসি
আন্তর্জাতিক
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত
আসামের কারবি আংলং জেলায় বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে একটি ‘সুখোই এসইউ-৩০ এমকেআই’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) দুই পাইলট নিহত হয়েছেন।
ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, নিহত দুই পাইলট হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকার।
ভারতের বিমানবাহিনী এক্স (সাবেক টুইটার)-এ দেয়া এক পোস্টে জানায়, ‘আইএএফ-এর সব সদস্য গভীর শোক প্রকাশ করছে এবং আমরা শোকাহত পরিবারের পাশে আছি।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাশিয়ার তৈরি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল এবং জোরহাট এয়ারবেস থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি নিখোঁজ হয়ে যায়। জোরহাট এয়ারবেস থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়।
কর্মকর্তারা জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ধারণা করা হচ্ছে, এটি দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, তারা একটি পাহাড়ের দিক থেকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন। তারা আগুনের বড় একটি গোলাও দেখতে পেয়েছেন বলে জানান।
সূত্র: এনডিটিভি
আন্তর্জাতিক
ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে শুক্রবার ইসরায়েলের তেলআবিবজুড়ে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ।
জরুরি সেবা কর্মকর্তারা জানান, শহরের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়ার পর সেখানে টিম পাঠানো হয়েছে। একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনাও ঘটে, যেখানে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, তেলআবিবের উপকণ্ঠে একটি ভবনে ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল আঘাত হানার পর সেখানকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।
এর আগে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বড় ধরনের হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলার পরই তেলআবিব লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম দাবি করেছে, তেলআবিবের কেন্দ্রস্থলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা আকাশে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ড্রোনবাহী জাহাজে আগুন
মার্কিন বাহিনীর হামলায় ইরানের নৌবাহিনীর একটি ড্রোনবাহী যুদ্ধজাহাজে আগুন ধরে যাওয়া-সহ গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দীয় কমান্ড (সেন্টকোম)-এর মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার সামাজিক যোগযোগামাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় অ্যাডমিরাল কুপার বলেন, “ইরানের পুরো নৌবাহিনীকে ডুবিয়ে দেওয়া আমাদের মিশন এবং এই মিশন থেকে আমরা পিছপা হবো না। আজ আমরা ইরানি নৌবাহিনীর একটি ড্রোনবাহী জাহাজ ধ্বংস করেছি। এই ড্রোন ক্যারিয়ারটির আকার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার বিমানবাহী জাহাজগুলোর মতো। আমাদের হামলার পর ইরানি জাহাজটিতে আগুন ধরে গেছে।”
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এক্সবার্তায় অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছেন, এ পর্যন্ত ইরানের ৩০টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে মার্কিন নৌবাহিনী।
সূত্র : সিএনএন
এমএন
আন্তর্জাতিক
ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ‘তীব্র অনুতপ্ত’ হতে হবে: আরাঘচি
আন্তর্জাতিক জলসীমায় ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই নজিরবিহীন হামলার জন্য ওয়াশিংটনকে তীব্র অনুশোচনা ও অনুতপ্ত হতে হবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই কড়া প্রতিক্রিয়া জানান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে তীব্র অনুতাপ করতে হবে। বৃহস্পতিবার (৫ মার্চ) এক্স পোস্টে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
রয়টার্স জানায়, আন্তর্জাতিক জলসীমায় কোনো পূর্বাভাস ছাড়াই ইরানি ফ্রিগেট দেনাতে মার্কিন হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, জাহাজটি ভারতের নৌবাহিনীর অতিথি ছিল।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করেছে তার জন্য তারা তীব্র অনুতপ্ত হবে।’
বুধবার উপসাগর থেকে হাজার হাজার মাইল দূরে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে ইরানি জাহাজে মার্কিন সাবমেরিন আঘাত হানে।
এদিকে, তাসনিম নিউজের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের উপকূল থেকে ২০০০ মাইল দূরে সমুদ্রে এক নৃশংসতা ঘটিয়েছে।
‘প্রায় ১৩০ জন নাবিক বহনকারী ভারতীয় নৌবাহিনীর অতিথি জাহাজ দেনাকে কোনো সতর্কতা ছাড়াই আন্তর্জাতিক জলসীমায় আঘাত করা হয়েছিল।’ তিনি আরও যোগ করেন।
‘আমার কথা মনে রাখবেন: মার্কিন যুক্তরাষ্ট্র তার স্থাপন করা নজিরের জন্য তীব্র অনুশোচনা করবে।’ আরাঘচি উপসংহারে বলেছেন।
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-ইসরাইল আরব দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের উসকানি দিচ্ছে : রাশিয়া
যুক্তরাষ্ট্র ও ইসরাইল মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। বৃহস্পতিবার (৫ মার্চ) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই অভিযোগ জানায়। সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এই দুই দেশ ইচ্ছাকৃতভাবে ইরানকে কিছু আরব দেশের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাতে উসকে দিয়েছে, যে কারণে মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়া এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এটি করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আরব দেশগুলোকে অন্যের স্বার্থে একটি যুদ্ধে জড়িয়ে ফেলার চেষ্টা করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি শান্ত করার একমাত্র উপায় হলো ইরানের ওপর হামলা বন্ধ করা। তবে এখন পর্যন্ত এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
এদিকে ইরান যুদ্ধ নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানকে লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার একটি লক্ষ্য হলো, ‘মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা’।
তিনি আরও জানান, ইউক্রেন সংকট, তথ্য নিরাপত্তা এবং ডিজিটাল হুমকি নিয়ে আয়োজিত রাষ্ট্রদূতদের এক গোলটেবিল বৈঠকে বোঝা গেছে, ‘ইরানের বিরুদ্ধে অভিযানের প্রকৃত উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রের নিজের মধ্যেই মতপার্থক্য রয়েছে’।
এমএন




