ক্যাম্পাস টু ক্যারিয়ার
যথাযথ মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে প্রশাসন ভবন চত্বরে বিএনসিসি কর্তৃক প্রদত্ত গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। পাশাপাশি হলসমূহে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলন শেষে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে মহান বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য। উদ্বোধনের পর প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘মুক্ত বাংলা’র পাদদেশে সমবেত হয়।
এসময় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তবাংলায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ সহ প্রশাসনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের ভিত্তি-প্রস্তরে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন। দোয়া মোনাজাত অনুষ্ঠানের মধ্যে শেষ করা হয়।
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল— যুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করার একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, শোষণমুক্ত সমাজ তৈরি ও ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র তৈরি করা। যে লক্ষ্যকে অর্জন করার জন্যে আমরা দেখি চব্বিশের বীর সেনানীরা রক্ত দিয়েছে। এর পূর্বে যে ইতিহাস আমাদের, সেই ইতিহাসটি কালো অধ্যায় দিয়ে ঢাকা। মূলত চব্বিশের যে রক্ত, সেই রক্তের মাধ্যমে আবার আমরা শপথ গ্রহণ করেছি বাংলাদেশ যে লক্ষ্যে স্বাধীন হয়েছিল সেই লক্ষ্যকে আমরা অর্জন করব। আমাদের স্বাধীনতার স্বপ্ন-সাধ পূরণ হবে চব্বিশের চেতনা বাস্তবায়নের মাধ্যমে। ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার মনে করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য।
ছাত্র সমাজকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ভুলে যাও তোমাদের পুরনো ইতিহাস। স্বাধীনতা যে মূলমন্ত্র নিয়ে আমাদের বিজয় সূচিত হয়েছিল, আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম, সেই উদ্দেশ্যকে সফল করার জন্যে চব্বিশের চেতনাকে ধারণ করে আগামী বাংলাদেশ গঠনের স্বপ্নে তোমরা এগিয়ে যাও।
অর্থসংবাদ/সাকিব/এসএম
ক্যাম্পাস টু ক্যারিয়ার
সিটি ব্যাংকে নিয়োগ, আবেদনে নেই বয়সসীমা
দ্য সিটি ব্যাংক পিএলসিতে ‘অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার/রিলেশনশিপ ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৫ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: দ্য সিটি ব্যাংক পিএলসি
বিভাগের নাম: মিডিয়াম বিজনেস
পদের নাম: অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার/রিলেশনশিপ ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ৪ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৫ মার্চ ২০২৬
ক্যাম্পাস টু ক্যারিয়ার
ঢাবিতে অধ্যয়নরত সখিপুর থানা শিক্ষার্থীদের সংগঠন ‘বালুচর’-এর নতুন কমিটি গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত শরীয়তপুর জেলার সখিপুর থানার শিক্ষার্থীদের সংগঠন ‘বালুচর’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নাজিম উদ্দীন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. সুমন হোসাঈন নির্বাচিত হয়েছেন।
গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনের এক বিশেষ সভায় নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটি আগামী এক বছর সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের গতিশীলতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
এমএন
ক্যাম্পাস টু ক্যারিয়ার
ইবিতে ছাত্রশিবিরের আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতার আয়োজন
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা-২০২৬’ এর আয়োজন করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় আর্থিক পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানানো করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে, আগামী ১৫ রমজান (৫ মার্চ ২০২৬) পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে। রেজিস্ট্রেশন সম্পন্নকারী ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেখানে পরীক্ষার সার্বিক আপডেট ও নির্দেশনা প্রদান করা হবে।
আগামী ২৩ রমজান (১৩ মার্চ) বিকেল ৩টা থেকে ৩ টা ৪০ মিনিট পর্যন্ত ৪০ মিনিটের একটি ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সিলেবাসে রয়েছে সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা নূর এবং সূরা যিলযাল এবং তাফসীর গ্রন্থ হিসেবে তাফহীমুল কুরআন নির্ধারণ করা হয়েছে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ৪ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ২ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকে পাবেন ১ হাজার টাকা করে পুরস্কার।
উল্লেখ্য, পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের মাঝে কুরআনের জ্ঞান, অর্থ ও ব্যাখ্যা গভীরভাবে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে বলে শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়।
এমএন/ মো. সাকিব আসলাম
ক্যাম্পাস টু ক্যারিয়ার
পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাঁর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে তাঁর পদত্যাগপত্র হস্তান্তর করেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপাচার্য মহোদয় রবিবার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। যদিও মন্ত্রণালয় থেকে এখনও কিছু জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপাচার্য ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্ত নেন। নিয়ম অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে জানান শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে ঢাবি উপাচার্য বলেছিলেন, আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আমি এখন মনে করছি, দায়িত্ব পালনের পর্বে আমরা একটা ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।
ওই সময় তিনি বলেন, এখন এই মুহূর্তে যেন কোনো শূন্যতা না হয়, ধারাবাহিকতা যেন কোনো অসুবিধায় না পড়ে, বিশ্ববিদ্যালয়ের স্মুথ ট্রানজিশন দরকার, সে জন্য যদি সরকার ও অংশীজনেরা মনে করেন আরও কিছু সময় এই ধারাবাহিকতার প্রশ্নে, হঠাৎ শূন্যতা যেন না হয়, সেই প্রশ্নে যদি তারা কিছু সময় নিতে চান, আমি সেটি বিবেচনা করতে রাজি আছি।
সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য আরও বলেছিলেন, আমি সরে দাঁড়াতে চাই যেন রাজনৈতিক সরকার তার মতো করে তার প্রশাসন সাজিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে যদি তাদের আমার কোনো সহযোগিতা দরকার হয়, আমি যেকোনো সময় প্রস্তুত আছি। তার ভাষ্য, আমি সরকারকে অনুরোধ করব—আমাকে যত দ্রুত সম্ভব আমার ডেপুটেশন থেকে অবহিত দিয়ে শিক্ষকতার মূল কাজ আমার বিভাগে ফেরত যাওয়ার যেন অনুমতি দেওয়া হয়।
এমএন
ক্যাম্পাস টু ক্যারিয়ার
শিক্ষার উন্নয়নে ‘পোল ভল্ট জাম্প’ দিতে হবে
শিক্ষাকে জাতি গঠনের প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার উন্নয়নে হাইজাম্প নয়—পোল ভল্ট জাম্প দিতে হবে।
মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথমদিনে গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে হাইজাম্প নয়; আরও বড় জাম্প দিতে হবে। পোল ভল্ট জাম্প দিয়ে শিক্ষায় পরিবর্তন আনতে হবে। আমাদের যুগোপযোগী শিক্ষার ব্যবস্থা করতে হবে। এর আগে আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে অনেক ভালোবাসেন। তিনি শিক্ষাকে বেশি গুরুত্ব দেবেন।
শিক্ষা খাতে দুর্নীতি ও নিয়োগ সিন্ডিকেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০০১-২০০৬ মেয়াদে যেমন স্বচ্ছতা ছিল, এবারও কোনো অনিয়ম সহ্য করা হবে না। আমরা দুর্নীতি বন্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ। দুর্নীতি অনিয়ম বন্ধে আমরা জনগণ ও মিডিয়ার কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত।




