অর্থনীতি
ইইউতে পোশাক রপ্তানি কমলেও যুক্তরাষ্ট্রে বেড়েছে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) সামগ্রিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নতুন বাজারে তৈরি পোশাক রপ্তানি কমেছে এবং বেড়েছে যুক্তরাষ্ট্রে।
পোশাক রপ্তানির পরিস্থিতি নিয়ে প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই–নভেম্বর পর্যন্ত সময়ে বিশ্বের বিভিন্ন বাজারে পোশাক রপ্তানি দাঁড়িয়েছে এক হাজার ৬১৩ কোটি মার্কিন ডলার। আগের বছর একই সময়ে রপ্তানি হয়েছিল এক হাজার ৬১১ কোটি মার্কিন ডলার। বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে দশমিক শূন্য ৯ শতাংশ। এর মধ্যে চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি হয়েছে ৭৮৩ কোটি ডলার। আগের বছর একই সময়ে রপ্তানি হয়েছে ৭৯১ কোটি ডলার। আলোচ্য সময়ের ব্যবধানে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি কমেছে ১ দশমিক ০৩ শতাংশ।
অন্যদিকে আলোচিত সময়ে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করেছে ১৮৪ কোটি ডলারের। আগের বছর একই সময়ে রপ্তানি ছিল ১৭৯ কোটি ডলার। আলোচ্য সময়ের ব্যবধানে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৩ দশমিক ০৬ শতাংশ।
এদিকে অপ্রচলিত বা নতুন বাজারে তৈরি পোশাক রপ্তানি কমেছে। এই মার্কেটের আওতায় রয়েছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, চিলি, চীন, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, রাশিয়া, সৌদি আরব, সাউথ কোরিয়া, তুর্কিসহ ইউনাইটেড আরব আমিরাতের অন্যান্য দেশ।
নতুন বাজারে চলতি জুলাই-নভেম্বর সময়ে পোশাক রপ্তানি হয়েছে ২৬৭ কোটি মার্কিন ডলারের। আগের বছর একই সময়ে রপ্তানি হয়েছিল ২৭৫ কোটি ডলার। প্রথম পাঁচ মাসে অপ্রচলিত পোশাক রপ্তানি কমেছে ৩ দশমিক ১৯ শতাংশ।
ইপিবির তথ্য অনুযায়ী, প্রথম পাঁচ মাসে চলতি অর্থবছরের সার্বিকভাবে দুই হাজার ৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৬২ শতাংশ বেশি। গত বছর প্রথম পাঁচ মাসে রপ্তানি হয়েছিল এক হাজার ৯৯১ কোটি ডলার।
অর্থনীতি
রিজার্ভ বেড়ে ৩৫.২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে: বাংলাদেশ ব্যাংক
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে এখন ৩৫ হাজার ২৯০ দশমিক ৬১ মিলিয়ন বা ৩৫ দশমিক ২৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
সোমবার (৪ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ৪ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ২৯০ দশমিক ৬১ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৫৯৭ দশমিক ৯১ মিলিয়ন মার্কিন ডলারে।
এর আগে গত ৩ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ২০৪ দশমিক ৭৬ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ৩০ হাজার ৫১২ দশমিক ২৯ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।
অর্থনীতি
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে হঠাৎ বড় ধরনের পতন দেখা গেছে। ডলারের শক্তিশালী অবস্থান ও সুদের হার নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণ থেকে সরে গিয়ে ডলারের দিকে ঝুঁকছেন।
সোমবার (৪ মে) লেনদেন শুরুর পর অল্প সময়ের মধ্যেই স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমে যায়। বাজার বিশ্লেষকদের মতে, মূলত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নীতি ও বৈশ্বিক অনিশ্চয়তা এই পতনের পেছনে ভূমিকা রেখেছে।
সর্বশেষ তথ্যে দেখা যায়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ১১টা ৪০ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৫৩ ডলার ৫৩ সেন্টে নেমে আসে। একই সময়ে ফিউচার মার্কেটে দাম ১ দশমিক ৭ শতাংশ কমে ৪ হাজার ৫৬৫ ডলার ৪০ সেন্টে লেনদেন হয়।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা বেড়েছে। ইরানের একটি সংবাদমাধ্যম দাবি করেছে, হরমুজ প্রণালিতে একটি মার্কিন যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ এ দাবি অস্বীকার করেছে।
এই পরিস্থিতির প্রভাবে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ ডলারের বেশি হয়েছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং তারা নিরাপদ আশ্রয় হিসেবে ডলারে বেশি আস্থা রাখছেন। এতে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি সুদের হার অপরিবর্তিত রেখেছে। তবে তেলের দাম বৃদ্ধির কারণে ভবিষ্যতে সুদের হার কমানোর সম্ভাবনা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অনেক বিশ্লেষকের ধারণা, সুদের হার দীর্ঘ সময় বেশি থাকলে ঋণের খরচ বাড়বে, যা বিনিয়োগকারীদের স্বর্ণ বিক্রির দিকে ঠেলে দিচ্ছে।
আজকের বাজারে লেনদেনের পরিমাণও তুলনামূলক কম ছিল। চীন, জাপান এবং যুক্তরাজ্যে সরকারি ছুটি থাকায় এসব দেশের বাজার বন্ধ ছিল, ফলে বৈশ্বিক লেনদেনে ধীরগতি দেখা গেছে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৭৩ ডলার ৪ সেন্টে নেমেছে। এছাড়া প্লাটিনাম ২ দশমিক ৫ শতাংশ এবং প্যালাডিয়াম ৩ দশমিক ৫ শতাংশ কমেছে।
সাধারণত আন্তর্জাতিক বাজারের এমন পরিবর্তনের প্রভাব কয়েক দিনের মধ্যেই দেশের বাজারে পড়ে। তাই স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করতে পারেন।
অর্থনীতি
মে মাসের প্রথম ৩ দিনেই রেমিট্যান্স এসেছে ৩১ কোটি ডলার
চলতি মে মাসের প্রথম ৩ দিনেই দেশে প্রবাসী রেমিট্যান্স এসেছে ৩১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স।
সোমবার (৪ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি মে মাসের প্রথম ৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩১ কোটি ৫০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৮ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ মে পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৯৬৪ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ দশমিক ৪০ শতাংশ।
এর আগে গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।
গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।
এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
অর্থনীতি
এক বছরের মধ্যে চালু হবে ৫০ বন্ধ পাট ও বস্ত্রকল: বাণিজ্যমন্ত্রী
দেশের বন্ধ হয়ে যাওয়া ৫০টি পাট ও বস্ত্রকল আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে এবং ইতোমধ্যে কয়েকটি পাট ও বস্ত্রকল বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এক বছরের মধ্যে এই ৫০টি মিল পুনরায় চালুর কাজ সম্পন্ন করা হবে। এর মাধ্যমে দেশে কর্মসংস্থান বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া চলতি বছরের মধ্যেই আরও ছয়টি কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
ঈদুল আজহা সামনে রেখে কাঁচা চামড়া সংরক্ষণ নিয়েও নির্দেশনা দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, কোনো চামড়া যাতে নষ্ট না হয়, সে বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
তিনি বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় মসজিদ ও মাদ্রাসার ইমামদের চামড়া সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, দামের অসন্তোষের কারণে অনেক সময় মানুষ চামড়া ফেলে দেয়, যা পরে নষ্ট হয়ে গেলে কোনো মূল্য থাকে না। তাই পচন রোধে সরকারি উদ্যোগে চামড়ায় লবণ প্রয়োগ করা হবে।
অর্থনীতি
এপ্রিলে রেমিট্যান্স এলো ৩১২ কোটি ৭০ লাখ ডলার
এপ্রিল মাসে দেশে এসেছে ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স।
রবিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ৭০ লাখ ডলার।
আর গত বছরের একই সময়ে এসেছিল ২৭৫ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৯৩৩ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৫০ শতাংশ।
এর আগে গত মার্চে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যেকোনো এক মাসের সর্বোচ্চ।




