পুঁজিবাজার
ডিএসইর বাজার মূলধন বাড়লো ১ হাজার ৬০৬ কোটি টাকা
বিদায়ী সপ্তাহে (০৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬০৬ কোটি টাকা।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৬ হাজার ৩৬৮ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৮৪ হাজার ৭৬২ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬০৬ কোটি টাকা বা ০ দশমিক ২৩ শতাংশ।
সমাপ্ত সপ্তাহে বেড়েছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৭৭.২৬ পয়েন্ট বা ১.৫৮ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ১১.৬৬ পয়েন্ট বা ০.৬২ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৯.৬৯ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ।
সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৮৮ কোটি টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৫৭ কোটি ৩০ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৩০ কোটি ৭০ লাখ টাকা।
আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৬ কোটি ১৪ লাখ টাকা বা ১.৪৯ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪১৭ কোটি ৬০ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪১১ কোটি ৪৬ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৩৩টি কোম্পানির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের দাম।
এসএম
পুঁজিবাজার
অনলাইন বিনিয়োগ প্রতারণা নিয়ে বিএসইসির সতর্কবার্তা
অনলাইন প্ল্যাটফর্মে শেয়ারবাজারে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণা বাড়তে থাকায় বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশন বিভাগ থেকে সম্প্রতি জারি করা এক জরুরি বার্তায় এ সতর্কতা দেওয়া হয়।
বিএসইসি জানিয়েছে, কিছু অসাধু চক্র কমিশনের নাম ব্যবহার করে অনলাইনে বিনিয়োগকারীদের প্রতারণা করছে। এসব চক্র নিজেদের অনুমোদিত ব্রোকারেজ বা সিকিউরিটিজ প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিলেও বাস্তবে তাদের কোনো নিবন্ধন বা লাইসেন্স নেই।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, মোবাইল অ্যাপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এসব প্রতারক সাধারণ মানুষকে আকৃষ্ট করছে এবং ভুয়াভাবে বিএসইসি অনুমোদনের দাবি করছে।
এছাড়া ‘প্রোসপেরিয়া সিকিউরিটিজ গ্রুপ লিমিটেড’ নামের একটি অনিবন্ধিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার নির্দিষ্ট তথ্য পাওয়া গেছে বলেও জানায় কমিশন। এ ধরনের প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।
বিনিয়োগকারীদের যে কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগের আগে তার বৈধতা যাচাই করার পরামর্শ দিয়েছে বিএসইসি। কমিশনের ওয়েবসাইটের ‘Registered Entities’ অংশ, পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ঢাকা স্টক এক্সচেঞ্জ) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ)-এর ওয়েবসাইট থেকেও তথ্য যাচাই করা যাবে।
প্রতারণা বা অনিয়ম দেখা গেলে দ্রুত বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স বিভাগে ই-মেইলের মাধ্যমে জানানোর অনুরোধ জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও বাজারের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের নজরদারি ও সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
পুঁজিবাজার
লোকসান বেড়েছে ঝিলবাংলা সুগারের
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ঝিলবাংলা সুগার মিলস লিমিটেড ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, জানুয়ারি–মার্চ ২০২৬ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ৪ টাকা ১৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ১ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই ২০২৫–মার্চ ২০২৬) শেয়ার প্রতি লোকসান বেড়ে হয়েছে ৫৩ টাকা ৭ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৪০ টাকা ৯৫ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) মাইনাস ৫৩ টাকা ১৮ পয়সা হয়েছে, যা আগের বছরে ছিল মাইনাস ৭৮ টাকা ২১ পয়সা।
এছাড়া, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ১ হাজার ১৯২ টাকা ২৬ পয়সা।
পুঁজিবাজার
লোকসান কমেছে আজিজ পাইপসের
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আজিজ পাইপস লিমিটেড ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, জানুয়ারি–মার্চ ২০২৬ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৬ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই ২০২৫–মার্চ ২০২৬) শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ২ টাকা ৪০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৫৩ পয়সা।
এ সময়ে শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ২২ পয়সা, যা আগের বছরের একই সময়ে মাইনাস ২৯ পয়সা ছিল।
অন্যদিকে, ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ৪৯ টাকা ৭৫ পয়সা।
পুঁজিবাজার
সূচকের উত্থানে চলছে লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই সূত্রে জানা গেছে, বেলা ১১টা পর্যন্ত প্রথম ঘণ্টার লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩২০ পয়েন্টে।
একই সময়ে শরিয়াহ সূচক ডিএসইএস ৪.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০ পয়েন্টে।
এ সময়ে বাজারে মোট ৩০৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৭টির শেয়ারদর বেড়েছে, ১১৪টির কমেছে এবং ৮১টির দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজার
আয় কমেছে হাওয়েল টেক্সটাইলসের
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হাওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ ২০২৬ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৬ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই ২০২৫–মার্চ ২০২৬) ইপিএস হয়েছে ২ টাকা ৭৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৩ টাকা ৪ পয়সা ছিল।
এছাড়া, ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৯২ পয়সা।



