জাতীয়
স্বল্পমূল্যে ১৪ দিন পণ্য বিক্রি করবে টিসিবি
দেশজুড়ে নিত্যপণ্যের বাজারে চাপ কমাতে আবারও বড় ধরনের উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি এখন সাধারণ জনগণও স্বল্পমূল্যে টিসিবির প্রধান তিনটি পণ্য-সয়াবিন তেল, চিনি ও মশুর ডাল-ক্রয়ের সুযোগ পাচ্ছেন।
শনিবার (১৫ নভেম্বর) থেকে রাজধানীর বাইরে একাধিক জেলায় খোলা ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে, যা চলবে পরবর্তী ১৪ দিন (শুক্রবার বাদে প্রতিদিন)।
শুক্রবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, এই উদ্যোগ মূলত নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আর্থিক চাপ কমানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, খোলা ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির ফলে কার্ডধারীদের বাইরে থাকা বৃহৎ জনগোষ্ঠীও সুবিধার আওতায় আসবেন।
টিসিবি জানিয়েছে, ব্যক্তি পর্যায়ে ক্রয়ের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ সীমা থাকছে—একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল এবং ১ কেজি চিনি কিনতে পারবেন। দাম নির্ধারণ করা হয়েছে সয়াবিন তেল লিটারপ্রতি ১১৫ টাকা, চিনি ৮০ টাকা এবং মশুর ডাল ৭০ টাকা কেজি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, চট্টগ্রাম, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, নরসিংদী, কুষ্টিয়া, ভোলা, জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন ৬১টি ট্রাকের মাধ্যমে এই বিক্রি কার্যক্রম চলবে। প্রতিটি ট্রাকে ৫০০ জন ভোক্তার জন্য বরাদ্দ রাখা হবে, যাতে ভোগান্তি ছাড়াই নির্দিষ্ট এলাকাগুলোর মানুষ পণ্য সংগ্রহ করতে পারেন।
টিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, ক্রমবর্ধমান বাজারদরের কারণে অনেক পরিবার স্বাভাবিক খরচ চালাতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে সরকারের এই উদ্যোগ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন তাঁরা। একই সঙ্গে, বিক্রি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় স্থানীয় প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে বলেও জানানো হয়।
নিম্ন আয়ের মানুষদের জন্য এমন পদক্ষেপ আরও নিয়মিতভাবে চালুর দাবি জানিয়ে সাধারণ ভোক্তারা বলছেন, বাজারে নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে। তাই টিসিবির স্বল্পমূল্যের পণ্য তাদের দৈনন্দিন খাবারের ব্যয় অনেকটাই কমাতে সাহায্য করবে।
জাতীয়
হাসিনার আমলের মতো সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে হয়রানি
ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলের মতো কাগজপত্র পরীক্ষার নামে বিমানবন্দরে হয়রানি অব্যাহত রয়েছে। অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ি উপদেষ্টা, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে হয়রানির অভিযোগ উঠেছে।
নেপালে জাতীয় সংসদ নির্বাচনে আর্ন্তজাতিক পর্যবেক্ষক হিসেবে যাওয়ার উদ্দেশ্যে সোমবার বিমানবন্দর ইমগ্রেশনে গেলে সেখানে দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন। তার কাছে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেন।
সদ্য বিদায়ি উপদেষ্টা পরিচয় পাওয়ার পরও অযাচিতভাবে তাকে হয়রানির উদ্দেশ্যে ইমিগ্রেশনের দায়িত্বররত কর্মকর্তা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন। তিনি নেপালে নির্বাচন পর্যবেক্ষণে যাওয়ার উদ্দেশ্যের কথা জানালেও তাকে বসিয়ে রাখা হয়।
পরে ওই কর্মকর্তা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোযোগ করেন। সদ্য বিদায়য়ি একজন উপদেষ্টাকে এভাবে হয়রানির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।
স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি গোলাম রসুল অবশ্য বলছেন, ঘটনা সে রকম কিছু নয়। তিনি আমার দেশকে বলেন, আদিলুর রহমান খান ইমিগ্রেশনের যাবতীয় কাজ শেষ করে নেপালে যাওয়ার জন্য বোর্ডিং পাস পেয়েছেন।
এমএন
জাতীয়
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ন কবির-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (০২ মার্চ) দুপুরে রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই উল্লেখ করেন যে, এই সম্পর্ক পারস্পরিক আস্থা, সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সুদৃঢ় হয়েছে, যার ভিত্তি শক্তিশালী হয় জিয়াউর রহমান-এর সময় থেকে। সময়ের পরিক্রমায় এই সম্পর্ক কৌশলগত সহযোগিতায় রূপ নিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে তা আরও গভীর হয়েছে।
আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও জনসম্পদ উন্নয়নসহ বহুমুখী সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়।
পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং চীনকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন।
চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে চীনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
উভয় পক্ষ ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এমএন
জাতীয়
জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার জন্য বিএনপি প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন।
তিনি বলেন, সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ নেয়ার জন্য বিএনপি প্রস্তাব দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা জাতীয় সংসদে অংশগ্রহণ করতে পারেন না। শুধুমাত্র সংসদ সদস্যরাই জাতীয় সংসদে অংশ নিতে পারেন।
তিনি বলেন, সংবিধান সংস্কার নিয়ে যেসব আলোচনা হচ্ছে বা রাজনীতির মাঠে নানা কথা হচ্ছে, সেটি রাজনৈতিক অধিকার হিসেবে বলা যেতে পারে। কিন্তু অসাংবিধানিক কিছু জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না।
তিনি আরও বলেন, গণভোটের রায় অনুসারে যদি সংবিধান সংস্কার পরিষদ করতে হয়, সেটি জাতীয় সংসদে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নিতে হবে এবং সে অনুযায়ী সংবিধান সংশোধনী আনতে হবে। সংশোধনী এনে সেটি সংবিধানে ধারণ করার পরেই, কোন প্রক্রিয়ায় সংবিধান সংস্কার পরিষদ হতে পারে, সংবিধান সংস্কার পরিষদের শপথ কারা পড়াবেন, কীভাবে হতে পারে সে বিষয় চূড়ান্ত হতে পারে।
এমএন
জাতীয়
ঢাকায় ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আগামী ৬ মাসের মধ্যে ইলেকট্রিক বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পরিবহন বিশেষজ্ঞ ও বুয়েট অধ্যাপক ড. এম শামসুল হক সাংবাদিকদের এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের জন্য জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে-এই বিষয়গুলো নিয়ে তার সঙ্গে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়েছে বলেও জানান ড. এম শামসুল হক।
তিনি বলেন, প্রধানমন্ত্রী খুব আহত হন যখন নারীরা নিরাপদ গণপরিবহন পাননা। এজন্য আগামী ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানো কথা জানিয়েছেন এবং যার চালকও হবে নারীরা।
বুয়েটের অধ্যাপক ড. এম শামসুল হক আরও জানিয়েছেন, জনগণের জন্য সর্বোৎকৃষ্ট মাধ্যম মেট্রোরেল, এর বাইরেও আরও কিছু করা যায় কিনা, ছাড়াও মনোরেল করার কথা বলেছেন, যা অনেক সাশ্রয়ী এবং দ্রুত বাস্তবায়ন করা যায়। দ্রুত গতির রেলভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছেন প্রধানমন্ত্রী।
এমএন
জাতীয়
দ্রুতই স্বাভাবিক হবে ভারতীয় ভিসা কার্যক্রম: হাইকমিশনার প্রণয় ভার্মা
বাংলাদেশ ও ভারতের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য আরও সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত। ভিসা কার্যক্রমও দ্রুত স্বাভাবিক হবে।
বাণিজ্যমন্ত্রী জানান, ভারতীয় হাইকমিশনার নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছেন। বর্ডার হাট, বেশ কয়েকটা স্থলবন্দর বন্ধ রয়েছে। বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে সামনে সেগুলো চালু হবে।
তবে বৈঠকে ভারতীয় অর্থায়নের প্রকল্পগুলোর ভবিষ্যত নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এমএন




