পুঁজিবাজার
এক টাকার নিচে শেয়ার লেনদেনে নতুন নিয়ম আনলো ডিএসই
এক টাকার নিচে নেমে যাওয়া শেয়ার লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নতুন নিয়মে, এক টাকার নিচে শেয়ারের সর্বনিম্ন মূল্য পরিবর্তন বা ‘টিক সাইজ’ নির্ধারণ করা হয়েছে এক পয়সা। আগামী বুধবার (২৯ অক্টোবর) থেকে এই নিয়ম কার্যকর হবে।
সোমবার (২৭ অক্টোবর) ওয়েবসাইটের মাধ্যমে নতুন এই নিয়ম চালুর কথা জানিয়েছে ডিএসই। এর আগে রবিবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বর্তমানে সব ধরনের ইক্যুইটি সিকিউরিটিজের টিক সাইজ ১০ পয়সা নির্ধারিত রয়েছে। সাম্প্রতিক পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল) ও ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর শেয়ার ৯০ পয়সায় নেমে যায়।
ফলে প্রতিষ্ঠান দুটির শেয়ার দাম বাড়া ও কমার পথ বন্ধ হয়ে যায়। কারণ ডিএসইর লেনদেনবিধি অনুযায়ী, শেয়ারের মূল্য পরিবর্তনের ধাপ বা টিক সাইজ ১০ পয়সা। অর্থাৎ কোনো শেয়ারের দাম একবারে ১০ পয়সার কমে ওঠানামা করতে পারে না।
অন্যদিকে, সার্কিট ব্রেকার বা দৈনিক দরবৃদ্ধি- দরপতনের সীমা রয়েছে ১০ শতাংশ। ৯০ পয়সা দামের শেয়ারে ১০ শতাংশ পরিবর্তন মানে ৯ পয়সা। কিন্তু টিক সাইজ যেহেতু ১০ পয়সা, তাই ৯ পয়সা বাড়া বা কমার সুযোগ নেই। ১০ পয়সা বাড়িয়ে শেয়ারদর ১ টাকা বা ১০ পয়সা কমিয়ে ৮০ পয়সা করা সম্ভব নয়- তাহলে সার্কিট লিমিট ভাঙবে, নিয়মের লঙ্ঘন হবে। ফলে এই দুই প্রতিষ্ঠানের শেয়ারের দাম না বাড়তে পারছে, না কমতে পারছে। লেনদেন কার্যত ‘ফ্রিজ’ হয়ে গেছে।
এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর ডিএসই থেকে এক টাকার নিচে নেমে যাওয়া শেয়ার লেনদেনের ক্ষেত্রে টিক সাইজে পরিবর্তন আনা হলো।
ডিএসই কর্মকর্তারা জানান, বর্তমানে কয়েকটি ছোট ও মাঝারি কোম্পানির শেয়ারদর এক টাকার কাছাকাছি ঘোরাফেরা করছে এবং এরই মধ্যেই দুটি কোম্পানির দাম এক টাকার নিচে নেমে গেছে। পুরোনো ১০ পয়সা টিক সাইজের কারণে এই শেয়ারগুলো সার্কিট ব্রেকারের সীমায় আটকে ছিল, ফলে বাজারে স্বাভাবিকভাবে দরপতন বা উত্থান সম্ভব হচ্ছিল না।
এই পরিস্থিতি মোকাবিলায় ডিএসই অটোমেটেড ট্রেডিং রেগুলেশনস, ১৯৯৯-এর ১৮ নম্বর প্রবিধানের অধীনে নতুন এই নিয়ম কার্যকর করতে যাচ্ছে। নতুন ব্যবস্থায় বিনিয়োগকারীরা ১ টাকার নিচের শেয়ার এখন ৮৯, ৮৮, ৮৭, ৮৬, ৮৫ পয়সা এ ধরনের সূক্ষ্ম দামে অর্ডার দিতে পারবেন। এতে বাজারে ক্রয়-বিক্রয়ের ব্যবধান কমবে, তারল্য বাড়বে এবং লেনদেন ব্যয়ও কমে আসবে।
ডিএসই জানায়, এই পরিবর্তনের ফলে দামের সূক্ষ্ম পরিবর্তন সম্ভব হবে, মূল্য নির্ধারণ আরও বাজারবান্ধব হবে এবং আন্তর্জাতিক মানের সঙ্গে বাজার কাঠামো সামঞ্জস্যপূর্ণ হবে।
এসএম
পুঁজিবাজার
ডিএসইর বাজার মূলধন বাড়লো ১ হাজার ৯১৯ কোটি টাকা
দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯১৯ কোটি টাকা।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ২৮ শতাংশ বা ১ হাজার ৯১৯ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৫৫০ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৮৫ হাজার ৬৩১ কোটি টাকা।
সূত্র মতে, চলতি সপ্তাহে ডিএসইতে বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৪১.৭৫ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ। ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৪.৭১ পয়েন্ট বা ১.২৪ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ২১ পয়েন্ট বা ০.০২ শতাংশ।
সূত্র মতে, ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫১৪ কোটি ২৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ২৭৩ কোটি ১৬ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১ হাজার ২৪১ কোটি ৭ লাখ টাকা।
আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৮৪ কোটি ৫৫ লাখ টাকা বা ১০.৩৩ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৯০২ কোটি ৮৪ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৮১৮ কোটি ২৯ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯৪টি কোম্পানির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.৪৭ শতাংশ ও ০.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৩১.৭২ পয়েন্টে ও ৯০৯২.৮০ পয়েন্টে।
এছাড়া সিএসই-৩০ সূচক ০.৬৬ শতাংশ ও সিএসই-৫০ ০.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩০৬২.০৯ পয়েন্টে ও ১১১৩.৬২ পয়েন্টে। তবে সিএসআই সূচক কমেছে ০.০৮ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৮৯৭.০৬ পয়েন্টে।
সূত্র মতে, চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৪৭ কোটি ৭৩ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ২৪৩ কোটি ৪৩ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৯৫ কোটি ৭০ লাখ টাকা।
সূত্র মতে, সপ্তাহজুড়ে সিএসইতে ৩১০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির কোম্পানির শেয়ার দর।
এমএন
পুঁজিবাজার
পিপলস ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে শেয়ার প্রতি আয় বেড়েছে ১০৪ দশমিক ৭৬ শতাংশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬৩ পয়সা।
আলোচিত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৯৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৭৮ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ২৪ পয়সা।
এমএন
পুঁজিবাজার
বিএসইসি–আইডিআরএ শীর্ষ পদে বয়সসীমা বাতিল, মন্ত্রিসভায় অনুমোদন
পুঁজিবাজার ও বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত দুটি আইন সংশোধনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে অনুমোদন করা হয়েছে। বর্তমানে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩’-এর ধারা ৫-এর উপধারা (৬) অনুযায়ী বিএসইসির চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর নির্ধারিত রয়েছে।
কিন্তু এই বয়সসীমার কারণে পুঁজিবাজার খাতে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে মনে করছে সরকার। এ বাস্তবতায় জনস্বার্থে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত শর্ত বিলুপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
একই বৈঠকে ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০’-এর ধারা ৭-এর উপধারা (৩)-এর দফা (ছ) অনুযায়ী সংস্থাটির চেয়ারম্যান ও সদস্যদের সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর নির্ধারিত রয়েছে।
সরকারের মতে, এই বয়সসীমাও বিমা খাতে অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ফলে চেয়ারম্যান ও সদস্য নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত বিধানটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রিসভা বৈঠকে আরও উল্লেখ করা হয়, মালয়েশিয়া, শ্রীলংকা ও নেপালসহ এশিয়ার অনেক দেশে পুঁজিবাজার ও বিমা নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে নিয়োগে কোনো সর্বোচ্চ বয়সসীমা নির্ধারিত নেই। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও এ বিধান শিথিল করা হচ্ছে।
এমএন
পুঁজিবাজার
হাইডেলবার্গ ম্যাটারিয়েলসের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ ম্যাটারিয়েলস বাংলাদেশ পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ লভ্যাংশ দেবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৫ পয়সা।
সূত্র মতে, গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৩ টাকা ৯২ পয়সা। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৪ পয়সা।
আগামী ১৮ জুন, ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২০ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
এমএন
পুঁজিবাজার
পিপলস ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০.৫০ শতাংশ লভ্যাংশ দেবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৯ পয়সা, যা আগের বছর ২ টাকা ৮৪ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৭ টাকা ৯৫ পয়সা। সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ২৪ পয়সা, যা আগের বছর ৩ টাকা ৬৬ পয়সা ছিল।
আগামী ২৪ জুন, ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২০ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
এমএন



