জাতীয়
একক প্রার্থীর আসনে ‘না’ ভোটের বিধান থাকবে: আসিফ নজরুল
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, যে আসনে একজন প্রার্থী থাকবে, সেখানে ‘না’ ভোটের বিধান রাখা হয়েছে। ভোটাররা চাইলে একক প্রার্থীর বিপরীতে ‘না’ ভোট দিতে পারবেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে উপদেষ্টা পরিষদের সভায় আরপিও আইন চূড়ান্ত অনুমোদন করা হয়।
আসিফ নজরুল বলেন, আপনাদের ২০১৪ সনের ভুয়া ইলেকশনের স্মৃতি নিশ্চয়ই মনে আছে। ১৫৪ আসনে একজন করে প্রার্থী ছিল। সাজানো নির্বাচন ছিল। এ ধরনের নির্বাচন যেন না হয়, সেজন্য এখন একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে। প্রার্থী পছন্দ না হলে না ভোট দেবে। তখন সেখানে আবার নির্বাচন হবে।
এ সময় তিনি বলেন, যদি নির্বাচনী জোট হয় তাহলে জোটের অংশ হওয়া দলকে তার নিজের প্রতীকে ইলেকশন করতে হবে। যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান যে প্রার্থী কোন দলের।
পোস্টাল ব্যালট প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, যারা ইলেকশনের কাজে ব্যস্ত থাকেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিজাইডিং অফিসার বা অন্যান্য অফিসার যারা নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন, লাখ লাখ মানুষ নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন, উনাদের ভোট দেওয়ার স্কোপ ছিল না। আমরা বিধান করেছি যে, পোস্টাল ব্যালটে উনারা ভোট দেবেন। আমাদের যারা প্রবাসী আছেন, উনারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন। ইলেকশন কার্যক্রমে যারা নিয়োজিত থাকবেন, পোস্টাল ব্যালটে ভোট দেবেন। ভোট কাউন্টিং-এর জায়গায় মিডিয়া থাকতে পারবে, সেটারও বিধান করা হয়েছে।
আইন উপদেষ্টা বলেন, যারা রাজনৈতিক দলকে টাকা পয়সা দেবেন, দান অনুদান বা চাঁদা যেভাবে হোক না কেন, ৫০ হাজার টাকা বা তার বেশি হলে এটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে। যিনি দেবেন তার ট্যাক্স রিটার্নটাও জমা দিতে হবে।
তিনি আরও বলেন, আগের আইনের বিধান ছিল যে কোনো একটা নির্বাচনী এলাকায় যদি কোনো ভোট কেন্দ্রে গণ্ডগোল হতো সে ভোট কেন্দ্রের ফলাফল বাতিল করার বিধান ছিল। এখন নির্বাচন কমিশন যদি মনে করে একটা নির্বাচনী এলাকাতেই এত বেশি অনিয়ম হয়েছে যে পুরো নির্বাচনী এলাকার ভোট বাতিল করা উচিত, তাহলে ইলেকশন কমিশন সেটা করতে পারবে। সেই ক্ষমতা দেওয়া হয়েছে।
জাতীয়
ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন অর্থমন্ত্রী
ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনে কোনো দলীয়করণ হয়নি বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (৯ মার্চ) সচিবালয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
অর্থমন্ত্রী আমীর খসরু বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের রাজনীতিকরণ বা দলীয়করণ করা হয়নি। স্বচ্ছ ও স্বাধীন প্রক্রিয়ার মাধ্যমে এ কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করা হয়েছে।
জনগণের ঘরে অর্থনৈতিক সুবিধা পৌঁছে দিতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমরা বহুদিন ধরে বলে আসছি- বাংলাদেশের অর্থনীতির সুফল সব মানুষের ঘরে পৌঁছাতে হবে। কিন্তু বাস্তবে সেটা করা সহজ নয়। দেশের অর্থনৈতিক সক্ষমতা মাথায় রেখে বড় কোনো সামাজিক কর্মসূচি হাতে নেয়াও সহজ নয়।
অর্থমন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে এ সুবিধার আওতায় আনা হবে। পরে ধাপে ধাপে দেশের সব নারী প্রধান পরিবারকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, প্রকল্পটি বাংলাদেশের বাজেটের একটি বড় অংশের সঙ্গে সম্পৃক্ত। তাই প্রকল্প পরিকল্পনার সময় থেকেই আমরা কীভাবে এ ব্যয় সামাল দেয়া যাবে, সে বিষয়েও বিস্তর কাজ করেছি।
এ সময় ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মিলিত হামলার ঘটনায় অর্থনৈতিক সমস্যা মোকাবিলা করতে হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘যুদ্ধে আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটা মাথায় রেখেই সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। শুধু চীন নয়, যেসব দেশে জ্বালানির সাপ্লাই রয়েছে, সব জায়গায়ই সহযোগিতা চাওয়া হচ্ছে।
এমএন
জাতীয়
দেশ থেকে মব কালচার বিলুপ্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে ‘মব কালচার’ কোনোভাবেই চলতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাংলাদেশ থেকে মব সংস্কৃতি বন্ধ করা হবে এবং তা একসময় সম্পূর্ণ বিলুপ্ত হবে।
সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশে মব কালচারকে আর কখনো এগোতে দেওয়া হবে না। এটি বন্ধ করতে হবে এবং বাংলাদেশ থেকে বিলুপ্ত করা হবে।”
সারা দেশে সাম্প্রতিক মব জাস্টিস এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে সংঘবদ্ধ কোনো অপরাধী, চাঁদাবাজ বা অস্ত্রধারীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না। যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সব ঘটনাকে ‘মব’ হিসেবে চিহ্নিত করা ঠিক নয়। তার মতে, অনেক ঘটনা বিচ্ছিন্ন অপরাধ, যেগুলো নির্দিষ্ট অপরাধের সংজ্ঞার মধ্যেই পড়ে। কেউ কাউকে আটক করে নির্যাতন করলে সেটি মব নয়, বরং একটি নির্ধারিত অপরাধ যার আলাদা সংজ্ঞা ও শ্রেণিবিভাগ রয়েছে। তবে সড়কে কোনো ধরনের মব পরিস্থিতি সৃষ্টি হলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান তিনি।
মব সংস্কৃতি যাতে বাংলাদেশে আর বিস্তার লাভ করতে না পারে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজের জন্মস্থান কক্সবাজার সফরে আসেন তিনি।
প্রেস ব্রিফিংকালে স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১২টায় শুরু হয় জেলা আইনশৃঙ্খলা কমিটি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা; যা চলে দীর্ঘ ২ ঘণ্টা পর্যন্ত। সভায় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, শাহজাহান চৌধুরী, আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএন
জাতীয়
ডিসি সম্মেলন শুরু ৩ মে
ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামী ৩ মে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩-৬ মে চলবে এই সম্মেলন।
এ অবস্থায় সোমবার (৯ মার্চ) ডিসি সম্মেলনের পূর্ব প্রস্তুতি নিতে সব সচিব এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একান্ত সচিবদের চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা।
চিঠিতে বলা হয়েছে, আগামী ৩-৬ মে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করতে সম্মতি দিয়েছেন।
জেলা প্রশাসক সম্মেলন চলাকালে মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবেরা বিভিন্ন অধিবেশনে উপস্থিত থেকে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মূল্যবান উপদেশ ও দিকনির্দেশনা দেবেন।
প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ বা কার্যালয় সম্পর্কিত অধিবেশন হবে বলে চিঠিতে জানানো হয়েছে।
এমএন
জাতীয়
মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে চারটি আন্তর্জাতিক রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
সোমবার (৯ মার্চ) প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে আরও দুটি রুটে আগামী ১০ মার্চ পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক হলে ১০ মার্চের পর দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট পুনরায় চালু করা হতে পারে।
এদিকে ইরান-ইসরাইল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যগামী বন্ধ থাকা জেদ্দা, মদিনাসহ চারটি রুটে ফ্লাইট চালু হয়েছে জানিয়ে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, দুবাইয়েও চালুর চেষ্টা চলছে। নিরাপত্তা মাথায় রেখে অন্য রুটে চিন্তা করা হচ্ছে।
সোমবার (৯ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বন্ধ থাকা জেদ্দা, মদিনাসহ চারটি রুটে ফ্লাইট চালু হয়েছে। দুবাইয়ে চালুর চেষ্টা চলছে। নিরাপত্তা মাথায় রেখে অন্য রুটে চিন্তা করা হচ্ছে।
এ সময় রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ বিমানকে ঢেলে সাজাতে উদ্যোগ নেয়া হচ্ছে। জনগণের স্বার্থে বিমানের সার্ভিস নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। জনসাধারণের ভোগান্তি কমাতে স্ক্যানার মেশিন তিনটি করা হচ্ছে।
‘টিকিটের দাম সহনীয় পর্যায়ে আনতে কাজ হচ্ছে। ভঙ্গুর অবস্থায় ছিল, আইন মেনে কিছু করা হয়নি আগে’, যোগ করেন তিনি।
এমএন
জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
সোমবার (৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এমএন




