আন্তর্জাতিক
গাজা চুক্তি ‘বিশ্বের জন্য একটি দুর্দান্ত দিন’: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, মিসরে সম্পন্ন হওয়া গাজার ‘জিম্মি মুক্তি বিনিময়ে যুদ্ধবিরতি’ চুক্তির দিনটি ‘বিশ্বের জন্য এক মহান দিন’।
রয়টার্সের সঙ্গে এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, এ বিষয়ে পুরো বিশ্ব এক হয়েছে। ইসরায়েলসহ সব দেশ একসঙ্গে এসেছে। আজকের দিনটি অসাধারণ।
ট্রাম্প আরও বলেন, এটা বিশ্বের জন্য এক মহান দিন। এটা সবার জন্য এক দারুণ ও আনন্দের দিন।
এদিকে আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধ বন্ধ করা ও জিম্মি মুক্তি নিয়ে সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প যে ২০ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন, সেটির প্রথম পর্যায়ের বাস্তবায়নে একমত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল।
এ বিষয়ে গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল ও হামাস—উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নে রাজি হয়েছে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, খুব শিগগির সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে ইসরায়েল নিজেদের সেনাদের নির্ধারণ করা একটি সীমানায় সরিয়ে আনবে।
এ ঘোষণার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, মিসরে হামাস ও ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধবিরতি আলোচনায় আলোচকেরা একটি চূড়ান্ত চুক্তির ‘খুব কাছাকাছি’ পৌঁছেছেন। চুক্তি হলে সেটার ঘোষণা দেওয়ার জন্য মিসরে যাবেন তিনি।
এরপর হোয়াইট হাউস জানায়, ওয়াশিংটনের ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে আগামীকাল শুক্রবার সকালে পূর্বনির্ধারিত স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেবেন ট্রাম্প। এরপর তিনি মিসরে যেতে পারেন। সেটা আগামী শনি কিংবা রোববার হতে পারে।
যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে দুই পক্ষ সম্মত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, এটা ‘ইসরায়েলের জন্য একটি দারুণ দিন।’
আজ বৃহস্পতিবার ইসরায়েলি মন্ত্রিসভা এ পরিকল্পনার অনুমোদন দিতে পারে। ইতিমধ্যে নেতানিয়াহু নেসেটে (ইসরায়েলের পার্লামেন্ট) ভাষণ দিতে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন।
গত মাসে ট্রাম্প গাজা নিয়ে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। ইসরায়েল ও হামাস দুই পক্ষই তাতে ইতিবাচক সাড়া দেয়। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার মিসরের পর্যটন শহর শারম আল শেখে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
চলমান আলোচনায় কাতার, তুরস্ক, মিসর ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন। মধ্যস্থতাকারীরা ট্রাম্পের ২০ দফা যাতে দুই পক্ষ মেনে নেয়, সে জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।
পরিকল্পনার প্রথম পর্যায়ে গাজায় যুদ্ধবিরতির আহ্বান এবং উপত্যকাটিতে হামাসের হাতে থাকা ৪৮ জন জিম্মিকে (জীবিত ও মৃত) মুক্তি দেওয়ার বিষয়টি রয়েছে। তাঁদের মধ্যে ২০ জন জীবিত আছেন বলে মনে করা হচ্ছে। বিপরীতে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের অনেককেই মুক্তি দেওয়া হবে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এ ঘটনায় ১ হাজার ২১৯ জন নিহত হন বলে দাবি করে ইসরায়েল। জিম্মি করা হয় ২৫১ জনকে। ওই দিন থেকেই গাজায় টানা নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, গত দুই বছরে ইসরায়েলের হামলায় এ উপত্যকায় অন্তত ৬৭ হাজার ১৭৩ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ২০ হাজার ১৭৯টি শিশু।
আন্তর্জাতিক
ভারত মহাসাগরে ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার মধ্যে ভারত মহাসাগরে অভিযান চালিয়ে ইরান থেকে তেল পরিবহনকারী একটি নিষেধাজ্ঞা প্রাপ্ত জাহাজ জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন বাহিনী ভারত মহাসাগরে ইরান থেকে তেল পরিবহনকারী নিষেধাজ্ঞাপ্রাপ্ত রাষ্ট্রহীন জাহাজ (যার কোনো স্বীকৃত জাতীয়তা নেই) এম/টি ম্যাজেস্টিকে তল্লাশি ও নিয়ন্ত্রণ অভিযান চালানো হয়।’
মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ‘ইরানকে বস্তুগত সহায়তা দিচ্ছে’ এমন সন্দেহভাজন জাহাজগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অভিযান অব্যাহত রাখবে।
হরমুজ প্রণালিতে অবরোধ শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ডজনখানেক জাহাজ আটক করেছে। তবে এসব জাহাজ ইরানের কাছাকাছি নয়, বরং ভারত মহাসাগরের আরও দূরবর্তী এলাকায় আটক হচ্ছে।
গত ২১ এপ্রিল ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ‘এম/টি টিফানি’ নামক একটি জাহাজ জব্দ করার দুই দিন পর নতুন করে আরেকটি জাহাজ জব্দের খবর জানাল মার্কিন প্রতিরক্ষা দফতর।
ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দফতর জানায়, ‘আমরা এটি স্পষ্ট করে দিয়েছি যে, ইরানের জন্য বস্তুগত সহায়তা প্রদানকারী এবং অবৈধ নেটওয়ার্কের সাথে যুক্ত যেকোনো নিষিদ্ধ জাহাজ যেখানেই থাকুক না কেন, তা রুখে দিতে আমরা আমাদের বিশ্বব্যাপী সামুদ্রিক আইন প্রয়োগকারী কার্যক্রম অব্যাহত রাখব।’
এমএন
আন্তর্জাতিক
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, চুরি ২৫ লাখ ডলার
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। হ্যাকাররা প্রায় ২৫ লাখ মার্কিন ডলার (২.৫ মিলিয়ন) চুরি করেছে। দেশটির কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এটিই সবচেয়ে বড় অর্থ জালিয়াতির ঘটনা বলে জানিয়েছে সরকার।
বৃহস্পতিবার রাজধানী কলম্বোতে এক ব্রিফিংয়ে অর্থ মন্ত্রণালয়ের সচিব হর্ষনা সুরিয়াপ্পেরুমা জানান, এই অর্থ অস্ট্রেলিয়াকে ঋণ পরিশোধের জন্য পাঠানোর কথা ছিল। এএফপির বরাতে জিওটিভি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তদন্তে জানা গেছে, মন্ত্রণালয়ের ই-মেইল সার্ভারে অনুপ্রবেশের চেষ্টা শনাক্ত হওয়ার পর বিষয়টি সামনে আসে। পরে দেখা যায়, নির্ধারিত অর্থ গায়েব হয়ে গেছে।
ঘটনার পর পাবলিক ঋণ ম্যানেজমেন্ট অফিসের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে এবং বিদেশি সংস্থার সহায়তাও চাওয়া হয়েছে।
শ্রীলঙ্কা বর্তমানে বড় অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। ২০২২ সালে প্রায় ৪৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ খেলাপি হওয়ার পর দেশটি মারাত্মক সংকটে পড়ে। এরপর আন্তর্জাতিক সহায়তায় পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু হয়।
এদিকে ম্যাথিউ ডাকওয়ার্থ জানিয়েছেন, অস্ট্রেলিয়া এ ঘটনার বিষয়ে অবগত এবং তদন্তে শ্রীলঙ্কাকে সহযোগিতা করছে।
আন্তর্জাতিক
পারস্য উপসাগরে ইন্টারনেট কেবলে ইরানের ‘হামলার ইঙ্গিত’
পারস্য উপসাগরের তলদেশে থাকা ইন্টারনেট কেবল ও ক্লাউড অবকাঠামোকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ একটি মানচিত্র প্রকাশ করেছে, বিশ্লেষকেরা এটি সম্ভাব্য ‘গোপন হুমকি’ হিসেবে দেখছেন।
বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি শুধু জ্বালানি পরিবহনের পথ নয়, এটি সাবমেরিন ইন্টারনেট কেবলের জন্যও একটি গুরুত্বপূর্ণ করিডোর। এই পথ দিয়েই সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবের প্রধান ইন্টারনেট সংযোগগুলো পরিচালিত হয়।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, পারস্য উপসাগরের দক্ষিণের দেশগুলো ইন্টারনেট ব্যবস্থার জন্য সমুদ্রের নিচের কেবলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, যা তাদেরকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
বিশ্লেষকদের মতে, এটি কেবল প্রযুক্তিগত তথ্য প্রকাশ নয়; বরং কৌশলগত বার্তা। এতে সাবমেরিন কেবল, ল্যান্ডিং স্টেশন ও ডেটা সেন্টারগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে আমিরাত ও বাহরাইনে অবস্থিত ক্লাউড অবকাঠামোর দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, এসব স্থাপনায় কোনো হামলা হলে তা অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা তীব্র। এরইমধ্যে ডিজিটাল অবকাঠামোর ওপর হামলার ঘটনাও সামনে এসেছে।
কিছু সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আমিরাত ও বাহরাইনে আমাজন ওয়েব সার্ভিসের স্থাপনায় ইরানি ড্রোন হামলা হয়েছে। এতে বাণিজ্যিক ক্লাউড অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, জ্বালানি স্থাপনা বা সমুদ্রপথের পাশাপাশি এখন সাবমেরিন ইন্টারনেট কেবল ও ডেটা সেন্টারও এই সংঘাতের নতুন ঝুঁকির ক্ষেত্র হয়ে উঠছে। তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল ও টাইমস অব ইসরায়েল।
এমএন
আন্তর্জাতিক
ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের সংকট
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলা ও এরপর তেহরানের প্রতিশোধমূলক পাল্টা আঘাতে সৃষ্ট যুদ্ধের কারণে ভারতে ডায়েট কোকের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। দেশটিতে এই পানীয়টি শুধু অ্যালুমিনিয়ামের ক্যানেই বিক্রি করা হয়, আর যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে ক্যান সরবরাহে বিলম্ব হওয়ায় এ সংকট তৈরি হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট অ্যালুমিনিয়াম উৎপাদনের প্রায় ৯ শতাংশ হয় উপসাগরীয় অঞ্চলে।
তবে ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া যুদ্ধের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি অবরোধ করলে পণ্য পরিবহন ব্যাহত হয়, যার ফলে অন্যান্য পণ্যের পাশাপাশি এই ক্যান সরবরাহও আটকে রয়েছে।
ভারতে সাধারণত অধিকাংশ কোমল পানীয় প্লাস্টিক বোতল ও ক্যান—দুইভাবেই বিক্রি হয়।
তবে ডায়েট কোক শুধু ক্যানেই পাওয়া যায়, ফলে এর ওপর প্রভাব বেশি পড়েছে।
কোকা-কোলার দুই পরিবেশক রয়টার্সকে জানান, ক্যানের সংকটের কারণে কোম্পানি সরবরাহ সীমিত করছে বা কিছু অর্ডার পূরণ করতে পারছে না বলে তাদের জানানো হয়েছে।
সঞ্জয় নামে একজন পরিবেশক বলেন, “আমরা নিয়মিত অর্ডার দিচ্ছি, কিন্তু যুদ্ধের কারণে ঘাটতির কথা জানানো হচ্ছে।”
তবে এ বিষয়ে কোকা-কোলা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
আন্তর্জাতিক
ইরানকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানকে বারবার মিথ্যা আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করা হয়েছে। কখনো তাদের হুমকি দেওয়া হয়েছে, আবার কখনো আশ্বাস দেওয়া হলেও বাস্তব কোনো সমাধান নিয়ে স্পষ্ট আলোচনা হয়নি।
মঙ্গলবার (২১ এপ্রিল) মস্কোয় লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী তাহের আল-বাওয়ারের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ল্যাভরভ বলেন, “আমরা ইরানের অবস্থান বুঝতে পারছি। তারা যথার্থভাবেই বলছে, তারা আগেও মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পড়েছে।”
বুধবার (২২ এপ্রিল) ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের দুই সপ্তাহ ব্যাপী যুদ্ধবিরতি শেষ হবে। তার আগে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও অন্যান্য বিষয়ে আলোচনার জন্য পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠকের জন্য সব আয়োজন সম্পন্ন করে। তবে শেষ পর্যন্ত ইরান প্রতিনিধিদল না পাঠানোয় আলোচনা ভেস্তে গেছে।
ল্যাভরভ আরও বলেন, পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনা নিয়ে রাশিয়া নজর রাখছে। তবে পরিস্থিতি খুব দ্রুত বদলাতে পারে এবং তা ২৪ ঘণ্টার মধ্যেই কয়েকবার পরিবর্তন হতে পারে। তিনি বলেন, যদি ইরান ও যুক্তরাষ্ট্র ২০১৫ সালের মতো কোনো চুক্তিতে পৌঁছাতে পারে, তাহলে সেটা বড় ধরনের সাফল্য হবে।
২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের সময় ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি সম্পাদিত হয়। জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামে পরিচিত ওই চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে দেশটির ওপর আরোপিত সকল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দেয়া হয়।
এর পরের বছর অর্থাৎ ২০১৬ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসেন ট্রাম্প। এরপর তিনি যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে একপাক্ষিকভাবে প্রত্যাহার করে নেন। এর ফলে চুক্তিটি কার্যত ভেঙে পড়ে এবং আঞ্চলিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পায়।
ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নানা ধরনের ইঙ্গিত থাকলেও এখনও পর্যন্ত কোনো বাস্তব ফলাফল দেখা যাচ্ছে না। তার ভাষায়, ‘হুমকি ও প্রতিশ্রুতি আমরা দেখছি, কিন্তু বাস্তবতা দেখছি না।’
বিশ্লেষকদের মতে, ল্যাভরভের এই বক্তব্য শুধু ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নয়, বরং বৃহত্তর আন্তর্জাতিক কূটনৈতিক বাস্তবতার প্রতিফলন। ২০১৫ সালের চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে ইরান পশ্চিমা দেশগুলোর প্রতিশ্রুতি নিয়ে সন্দিহান হয়ে উঠেছে। ফলে নতুন কোনো চুক্তি অর্জন করা আগের তুলনায় আরও কঠিন হয়ে পড়েছে।
বর্তমান পরিস্থিতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতি এবং রাশিয়া-চীনসহ অন্যান্য শক্তিধর দেশের ভূমিকা—সব মিলিয়ে একটি জটিল কূটনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে নতুন কোনো চুক্তি অর্জিত হলে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ হবে।
তথ্যসূত্র: তাস ও আল জাজিরা



