পুঁজিবাজার
পুঁজিবাজারে আধুনিকতার সূচনা: এআই প্রশিক্ষণে লংকাবাংলা সিকিউরিটিজ
দেশের পুঁজিবাজার খাতে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনোভেশন হাবে গত ৩ ও ৪ অক্টোবর এই গুরুত্বপূর্ণ কর্মশালাটি আয়োজিত হয়।
‘এআই অ্যাসেন্সিয়াল ফর ক্যাপিটাল মার্কেট প্রফেশনালস’ শীর্ষক দুই দিনব্যাপী এই উচ্চতর প্রশিক্ষণে লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কর্মশালাটির যৌথ আয়োজনে ছিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক) এবং এআই ফোরাম বাংলাদেশ। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ক্যাপিটাল মার্কেট সংশ্লিষ্ট পেশাজীবীদের আর্থিক কার্যক্রমের বিশ্লেষণ, ঝুঁকি ব্যবস্থাপনা, ট্রেড পরিচালনা এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের মতো অত্যাবশ্যকীয় ক্ষেত্রসমূহে এআই’র ব্যবহারিক দক্ষতা অর্জনে সহায়তা করা।
এই যুগান্তকারী প্রশিক্ষণে লংকাবাংলা সিকিউরিটিজের পক্ষ থেকে উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফফাত রেজা, প্রযুক্তি কর্মকর্তা এস এ আর মো. মুইনুল ইসলাম, সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আমির হোসেন। এছাড়াও, সিনিয়র ম্যানেজমেন্ট, বিসনেস হেডস, প্রাতিষ্ঠানিক ও বৈদেশিক বাণিজ্য, ডিজিটাল রূপান্তর, হিসাব ও অর্থ, ঝুঁকি ব্যবস্থাপনা, অপারেশনস, ট্রেড এক্সিকিউশন, শাখা পরিচালনা এবং পুঁজিবাজার গবেষণা বিভাগের কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
কর্মশালাটি পরিচালনা করেন দেশের সুপরিচিত এআই বিশেষজ্ঞ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমএসসিএসই প্রোগ্রাম ও আইরিকের পরিচালক এবং এআই ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. খন্দকার এ. মামুন। তাঁর নির্দেশনায় অংশগ্রহণকারীরা বাস্তব সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে কাজ করেন এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান, যা তাঁদের ব্যবহারিক জ্ঞানকে সমৃদ্ধ করেছে।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই ধরনের উদ্যোগ দেশের পুঁজিবাজার তথা আর্থিক খাতে একটি উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে এবং শিক্ষা ও শিল্পের মধ্যে দৃঢ় সংযোগ স্থাপনে সহায়ক ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণ লংকাবাংলা সিকিউরিটিজকে প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে একটি অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করল।
এসএম
পুঁজিবাজার
বিএটি’র লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটি) গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
সোমবার (২ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৮১ পয়সা, যা আগের বছর ৩২ টাকা ৪২ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০২ টাকা ৫০ পয়সা।
আগামী ৩০ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ এপ্রিল।
পুঁজিবাজার
মাকসুদ বিদায়, বিএসইসির নতুন চেয়ারম্যান হচ্ছেন ফরিদুল ইসলাম
প্রাক্তন সিনিয়র সচিব ড. মো: ফরিদুল ইসলামকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়ার আভাস পাওয়া গেছে।
শিগগিরই নতুন চেয়ারম্যান নিয়োগের প্রজ্ঞাপণ জারি হবে। অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে আদেশ জারি হচ্ছে। মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
দেশের পুঁজিবাজারের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের সমাপ্তি হচ্ছে। খন্দকার রাশেদ মাকসুদের স্বৈরাচারী আচরণে দেশের শেয়ারবাজার তলানিতে পৌঁছেগেছে। ব্যর্থ মাকসুদ কমিশনের বিচারের দাবীতে গত দেড় বছর বিনিয়োগকারীদের আন্দোলন অবশেষে আলোরমুখ দেখেছে বলে বাজার সংশ্লিষ্টরা ধন্যবাদ জানিয়েছে বর্তমান সরকারকে।
এমএন
পুঁজিবাজার
মাকসুদ কমিশন অপসারণের আভাসে শেয়ারবাজারে বড় উত্থান
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) বড় পরিবর্তনের আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান সরকার বাংলাদেশ ব্যাংকে পরিবর্তন এনেছে এবং বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে বড় ধস নামলেও, বিএসইসিতে পরিবর্তনের জোরালো আভাসে দ্বিতীয় কার্যদিবসে ঘুরে দাঁড়িয়েছে দেশের প্রধান শেয়ারবাজার।
সোমবার (২ মার্চ) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে নতুন আত্মবিশ্বাস দেখা গেছে।
সূত্র মতে, এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭২ পয়েন্ট বেড়ে ৫৫৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। যা আগের কার্যদিবসে সূচকটি ১৩৯ পয়েন্ট হারিয়েছিল। আজ লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৪০টির বা ৮৬ শতাংশের বেশি কোম্পানির শেয়ার দর বেড়েছে।
সূত্র মতে, আজ ডিএসইতে ৭৭৯ কোটি ৯৫ লাখ ৯১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৭৫ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ৪ কোটি ৩৯ লাখ টাকার বা ১ শতাংশ।
সূত্র মতে, এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৪০টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি।
অপরদিকে, সোমবার (২ মার্চ) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৭ টি কোম্পানির মধ্যে ১৩৯টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, কমেছে ৪৪টি এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৯ পয়েন্ট বেড়ে ১৫৫০০ পয়েন্টে দাঁড়িয়েছে। টাকার অংকে লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার।
যা আগের কার্যদিবসে সিএসইতে ১২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৪৬ পয়েন্ট কমেছিল।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এরই মধ্যে কয়েক দফায় বিএসইসিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক ও আইডিআরএ-তে পরিবর্তন আসায় এখন বিএসইসি পুনর্গঠনের বিষয়টি সময়ের ব্যাপার মাত্র। ‘মাকসুদ কমিশন’ অপসারিত হচ্ছে—এমন জোরালো খবরেই বিনিয়োগকারীরা আবার শেয়ার ক্রয়ে সক্রিয় হয়েছেন।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪৩ কোটি ২৭ লাখ ৯৭ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০২ মার্চ) কোম্পানিগুলোর মোট ৮৮ লাখ ৪৫ হাজার ৩৮১টি শেয়ার ৭৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৩ কোটি ২৭ লাখ ৯৭ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ১১ কোটি ২৩ লক্ষ ৪০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে রেনাটা পিএলসির ৮ কোটি ২৩ লাখ ৩৫ হাজার টাকার এবং তৃতীয় স্থানে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ৪ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে রহিমা ফুড কর্পোরেশন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সোমবার (০২ মার্চ) রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের শেয়ার দর ৯ টাকা ৫ পয়সা বা ৭ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আজিজ পাইপস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ৬৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের শেয়ারদর ৩ দশমিক ০৫ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইনটেক লিমিটেড, রেনউইক যঞ্জেশ্বর অ্যান্ড কোম্পানি, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান, গ্রামীন ওয়ান, ব্র্যাক ব্যাংক, শ্যামপুর সুগার মিলস লিমিটেড এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির দরপতন হয়েছে।
এমএন




