জাতীয়
সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংস্কার পরিষদ এখনো বিচারাধীন। এটি যদি আইনে পরিণত হয় তখন দেখা যাবে। তবে সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই
রোববার (১৫ মার্চ) সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে ঢোকার আগে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংবিধান সংস্কার পরিষদের না। সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই, বিষয়টি এখনো উচ্চ আদালতে বিচারাধীন। স্পিকার ও ডেপুটি স্পিকার দলের পথ থেকে পদত্যাগ করেছেন, যাতে নিরপেক্ষতা বজায় থাকে।
তিনি আরও বলেন, সাংবিধানিকভাবে সেরকম কোনো পরিষদের (সংস্কার পরিষদ) অস্তিত্ব তো আমাদের সামনে নেই। যদি গণভোটের রায় অনুসারে সেটা ধারণ করতে হয় কনস্টিটিউশনে সেটা সংবিধানের আগে সংশোধনী হতে হবে। সেটা সংসদে আলাপ আলোচনা হবে। সংবিধান সংশোধন হলে সে মত সেটা সংবিধানে ধারণ হবে। তারপরে যদি পরিষদ হয় তারপরে যদি ফর্ম হয় যদি শপথ গ্রহণ করতে হয় সেটা তারপরের ব্যাপার।
জাতীয়
নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: জুবাইদা রহমান
দেশের নারীদের জন্য শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পত্নী ডাক্তার জুবাইদা রহমান।
রোববার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর মুক্তিযুদ্ধ যাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, “যে জাতির নারীরা এগিয়ে যায়, সেই জাতি এগিয়ে যায়। বর্তমান সরকার কন্যাশিশুর অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর। নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপও নেবে সরকার।”
তিনি আরও বলেন, দেশের প্রতিটি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এমন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে যেখানে নারী নেতৃত্ব গড়ে উঠবে ভবিষ্যত বাংলাদেশ।
অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশে নারী উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি নারী বিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা করেন এবং আনসার-ভিডিপিতে নারীদের অন্তর্ভুক্ত করেন। এছাড়া নারীদের প্রথম কোটা দিয়েছিলেন ২০ শতাংশ। এর ফলেই বর্তমানে মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ৬২ শতাংশ নারী।
প্রধানমন্ত্রী তারেক রহমান স্নাতকোত্তর পর্যায়ে অবৈতনিক পড়াশোনা ও স্বাস্থ্য নিয়ে কাজ করছেন জানিয়ে তিনি বলেন, ‘অধিকার সবার। গণতন্ত্রের লেবাসেও স্বৈরাচার হয়। যা আমরা বিগত সরকারের আমলে দেখেছি। আমরা এতদিন অধিকার হারা হয়েছিলাম। তাই এখনও কথা বলতে হয় নারী অধিকার নিয়ে।’
নরসিংদীর ধর্ষণের মতো ঘটনা নিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা যদি অন্যান্য দেশের দিকে তাকাই, সভ্য সমাজের কালো দিকটা আমরা দেখি না। গণমাধ্যমের কারণে সেগুলো আমাদের সামনে আসে। আমরা এমন একটি দেশ চাই যেখানে নারীর অধিকার নিয়ে আলাদা করে কথা বলতে হবে না।’
এমএন
জাতীয়
জুলাই ইস্যু তুলতেই জামায়াত আমিরকে থামিয়ে দিলেন স্পিকার বললেন, ‘সময় পাবেন’
জাতীয় সংসদে জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলতে চাইলে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার। তিনি জানান, প্রশ্নোত্তর পর্ব শেষে এ বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে।
রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। সংসদের দ্বিতীয় অধিবেশনে সময় তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে।
দ্বিতীয় অধিবেশনের তারকা চিহ্নিত প্রশ্ন পর্বে ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই অভ্যুত্থানে পর্যায়ক্রমে এই সংসদ ঘঠিত হয়েছে। একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হয়েছে, একটি সংসদ নির্বাচন আরেকটি গণভোট।’এ সময় স্পিকার তাকে থামিয়ে দিয়ে বলেন, দিনের কার্যসূচি অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করতে হবে।
এছাড়াও এই বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব রয়েছে। এছাড়া বৈঠকে প্রশ্নোত্তর পর্ব, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংসদ সচিবালয়ের প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব অনুষ্ঠিত হবে।
এমএন
জাতীয়
সংসদে স্পিকারকে ‘মাই লর্ড’ সম্বোধন, পরে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রী পুতুলের
জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারকে ভুলবশত ‘মাই লর্ড’ বলে সম্বোধন করে পরে দুঃখ প্রকাশ করেছেন সমাজকল্যাণ ও নারীবিষয়ক প্রতিমন্ত্রী ডা. ফারজানা শারমিন পুতুল।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে দ্বিতীয় প্রশ্নের উত্তরে দাঁড়িয়েছিলেন সমাজকল্যাণ ও নারীবিষয়ক মন্ত্রী ডা. ফারজানা শারমিন পুতুল। এদিন মূল মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন অনুপস্থিত থাকায় তিনি দায়িত্ব গ্রহণ করেন। প্রথমে তিনি স্পিকারকে সম্বোধন করতে গিয়ে কয়েকবার ‘মাননীয় স্পিকার’ না বলে অনিচ্ছাকৃতভাবে ‘মাই লর্ড’ বলেন।
পরে বিষয়টি বুঝতে পেরে তিনি হালকা স্বরে বলেন, “ওকালতি করি, অভ্যাসবশত ‘মাই লর্ড’ বলে ফেলেছি। এ জন্য দুঃখিত।”
তবুও প্রতিমন্ত্রী পুতুল প্রাণবন্তভাবে মূল প্রশ্ন এবং চারটি সম্পূরক প্রশ্নের উত্তর দেন। প্রশ্নোত্তর পর্বে প্রথম সম্পূরক প্রশ্ন করার সুযোগ পান সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক। দ্বিতীয় সম্পূরক প্রশ্ন করেন শাহজাহান চৌধুরী, তৃতীয় সম্পূরক প্রশ্ন করেন গাজী নজরুল ইসলাম এবং চতুর্থ সম্পূরক প্রশ্ন করেন মো. আতাউর রহমান।
সংসদে প্রথমবার এমপি ও প্রতিমন্ত্রী হিসেবে দাঁড়িয়ে সাবলীলভাবে মূল প্রশ্নসহ চারটি সম্পূরক প্রশ্নের উত্তর দেন তিনি। তার আত্মবিশ্বাসী উপস্থাপনায় উপস্থিত সংসদ সদস্যরা প্রশংসা করেন।
এমএন
জাতীয়
ঈদযাত্রায় সড়ক ও টার্মিনালগুলোতে থাকবে গোয়েন্দা পুলিশের নজরদারি
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও বাস টার্মিনালগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পাশাপাশি বাস টার্মিনালগুলোতে গোয়েন্দা পুলিশের বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
রোববার (১৫ মার্চ) রাজধানীর মিন্টো রোড-এ ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
তিনি বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রাজধানীর চারটি বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ সড়কে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনিয়ম ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। লক্কর-ঝক্কর বাস চলাচল বন্ধ করা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং যাত্রী হয়রানি ঠেকাতে এ কার্যক্রম জোরদার করা হবে। এ বিষয়ে গণপরিবহন মালিক ও শ্রমিকদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঈদের ছুটিতে রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে যাওয়ায় নগর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল ও চেকপোস্ট বাড়ানো হবে। আবাসিক এলাকাগুলোতেও পুলিশের বিশেষ নজরদারি থাকবে।
নগরবাসীর উদ্দেশে সতর্কতামূলক পরামর্শ দিয়ে মো. সরওয়ার বলেন, বাসা ত্যাগের আগে দরজা-জানালা ঠিকভাবে বন্ধ করা, ঘরের ভেতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ স্থানে সংরক্ষণ করা উচিত।
এমএন
জাতীয়
সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রওনা হয়েছেন। রোববার (১৫ মার্চ) সকাল ১১:২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করা হয়।
মির্জা আব্বাসের সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে ইয়াসির আব্বাস, এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. জাফর ইকবাল।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, প্রাথমিক চিকিৎসা এভারকেয়ার হাসপাতালে সম্পন্ন হয়েছে এবং সিঙ্গাপুরে আরও উন্নত চিকিৎসা সম্ভব হবে। মেডিকেল বোর্ডের পরামর্শে বিদেশে নেওয়া হলেও, এখনই সম্পূর্ণ আশ্বস্ত হওয়া যাচ্ছে না।
এর আগে গত শুক্রবার মির্জা আব্বাসের মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচার সম্পন্ন হয়। শনিবার তার মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে।
গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারানোর পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রথমে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সিঙ্গাপুর পাঠানোর পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার কারণে দেশে অস্ত্রোপচার করা হয়।
সিঙ্গাপুরে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে এবং সেখানেই পর্যবেক্ষণ ও চিকিৎসা চলবে।
এমএন




