জাতীয়
টিসিবির জন্য ১ কোটি লিটার তেল ও ১০ হাজার টন ডাল কিনছে সরকার
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১ কোটি লিটার সয়াবিন তেল এবং ১০ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২৫৬ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের নিকট ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাব নিয়ে আসা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি অনুমোদন করেছে।
এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ১০টি লটে কেনার জন্য (প্রতি লটে ১০ লাখ লিটার করে) স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। তার মধ্যে ১ থেকে ৫ নম্বর লটে প্রতিটিতে সুপার অয়েল রিফাইনারি লিমিটেড এবং ৬ থেকে ১০ নম্বর লটে প্রতিটিতে শবনাম ভেজিটেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড একক দরদাতা হিসেবে দরপত্র জমা করে। দুটি প্রতিষ্ঠানের সব দরপ্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়।
দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপনসিভ দরদাতা প্রতিষ্ঠান সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে প্রতি লিটার ১৮৫ টাকা ৯৫ পয়সা হিসেবে ৫০ লাখ লিটার ৯২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকায় এবং শবনাম ভেজিটেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে প্রতি লিটার ১৮৫ টাকা ৯০ পয়সা হিসেবে ৫০ লাখ লিটার সয়াবিন ৯২ কোটি ৯৫ লাখ টাকায় কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কিনতে মোট লাগবে ১৮৫ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে ভোজ্যতেল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩ কোটি লিটার। এ পর্যন্ত ক্রয় চুক্তি সম্পাদন হয়েছে ২ কোটি ৫৫ লাখ লিটার।
এদিকে, বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজি বস্তায়) কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
জানা যায়, টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার জন্য ১০টি লটে (প্রতিটি ১ হাজার মেট্রিক টন করে) স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। ১০টি লটের বিপরীতে ২৯টি দরপ্রস্তাব জমা পড়ে। প্রত্যেকটি লটে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হয় ঢাকার কেবিসি অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটির কাছ থেকে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) প্রতি কেজি ৭০ টাকা ৯৬ পয়সা হিসেবে ৭০ কোটি ৯৬ লাখ টাকায় কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে মসুর ডাল কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন। এ পর্যন্ত ক্রয় চুক্তি সম্পাদন হয়েছে ৩২ হাজার মেট্রিক টন। আর টিসিবির গুদামে মজুত আছে ৫ হাজার ৯৮৬ মেট্রিক টন। চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসে বিক্রয়ের জন্য প্রায় ৬৪ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল প্রয়োজন।
এমএন
জাতীয়
সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। আজ শনিবার দুপুরে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিষ্টাব্দের ১ম) অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।
সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে এবং ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস–সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১–এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ২৭টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যা (বিধি-১৩১)–এ ৯৭টি নোটিশ পাওয়া গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেটকক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে অংশ নেন। বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নুরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম ও মুহাম্মদ নওশাদ জমির। বৈঠকে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।
জাতীয়
৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ
দেশের পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এরমধ্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজুর রহমান। পাশাপাশি বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরীন ও ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনোজ্জামান রোকনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এদিকে কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লাকে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। অন্যদিকে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজ উন নবী চৌধুরী।
৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে বর্ণিত ব্যক্তিদের পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
এতে আরো বলা হয়, নিয়োগ পাওয়া এসব প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
জাতীয়
গার্মেন্টসে ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ ডিএমপির
গার্মেন্টস শ্রমিকদের একবারে না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার। শনিবার (১৪ মার্চ) গাবতলী বাস টার্মিনালে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রত্যাশার কথা জানান।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে। সরকারি ছুটি বড় হওয়ায় ঈদযাত্রা নির্বিঘ্ন হওয়ার প্রত্যাশা করেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার।
এসময় ভোগান্তি কমাতে ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান চলছে বলে জানান তিনি।
যাত্রীদের নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘অস্ত্রধারীসহ বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। বিভিন্ন টার্মিনালে নিয়মিত নিরাপত্তা অভিযান চলবে। অতিরিক্ত ভাড়া, টিকিট কালোবাজারি বন্ধেও নিয়মিত তদারকি করা হবে।’
এসময় দূরপাল্লার বাসে একাধিক চালক রাখার এবং বাসের ছাদে যাত্রী পরিবহন না করার আহ্বান জানান তিনি।
জাতীয়
গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল, উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি
জ্বালানি সংকটের মধ্যে গণপরিবহনের তেলের রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না।’
শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তানে সেতুমন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং আজ (শনিবার) রাত থেকে থাকছে না।
রাত থেকে পর্যাপ্ত তেল পাবে বাসগুলো।’
মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল ও আমেরিকার মধ্যে চলমান সংঘাতের কারণে দেশেও জ্বালানি সরবরাহ নিয়ে জটিলতা তৈরি হয়। এর মধ্যে জ্বালানি সাশ্রয়ে গত ৬ মার্চ ফিলিং স্টেশন থেকে যানবাহনে তেল সরবরাহের সীমা বেঁধে দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ওই নির্দেশনা অনুযায়ী একটি মোটরসাইকেলে দিনে ২ লিটার পেট্রল বা অকটেন নেওয়া যাচ্ছে।
ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাচ্ছে সর্বোচ্চ ১০ লিটার তেল।
এ ছাড়া স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি ও মাইক্রোবাস দিনে পাচ্ছে ২০ থেকে ২৫ লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারছে ৭০ থেকে ৮০ লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল নিতে পারছে।
গণপরিবহনের ক্ষেত্রে সরকারের নির্দেশনা পরিবর্তন হলেও ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে নতুন কোনো নির্দেশনা আসেনি।
জাতীয়
অতিরিক্ত ভাড়া ও টিকিট কালোবাজারি বন্ধে তদারকি করা হবে: ডিএমপি
ডিএমপি কমিশনার মো. সরওয়ার বলেছেন, যাত্রীদের নিরাপত্তার জন্য অস্ত্রধারীসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। বিভিন্ন টার্মিনালে নিয়মিত নিরাপত্তা অভিযান চলবে। অতিরিক্ত ভাড়া, টিকিট কালোবাজারি বন্ধে নিয়মিত তদারকি করা হবে।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে গাবতলী বাস টার্মিনালে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে গার্মেন্টস শ্রমিকদের একবারে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেয়ার অনুরোধ জানান ডিএমপি কমিশনার। তিনি জানান, ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান চলছে। এসময় দূরপাল্লার বাসে একাধিক চালক রাখার এবং বাসের ছাদে যাত্রী পরিবহন না করার আহ্বান জানান তিনি




