ক্যাম্পাস টু ক্যারিয়ার
প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা পর্যায়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যেসব জেলায় পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি, সেখানে একাধিক বোর্ড গঠন করে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারেই এ কার্যক্রম পরিচালিত হবে।
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের অনলাইনে আবেদনকালে জমা দেওয়া ছবি, আবেদনপত্রের কপি, জাতীয় পরিচয়পত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলরের প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করা বাধ্যতামূলক।
মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট এবং সম্পর্ক সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। এছাড়া শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের সনদ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসকের সনদ জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।
সব কাগজপত্র ন্যূনতম ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করে আগামী ২৭ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। কাগজপত্র জমা দেওয়ার পর প্রার্থীদের প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে এবং একই সঙ্গে মূল কাগজপত্র প্রদর্শন করতে হবে।
মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের সব মূল সনদ, প্রাপ্তি স্বীকারপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। সাক্ষাৎকারের নির্দিষ্ট তারিখ, সময় ও স্থান সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন।
এমকে
ক্যাম্পাস টু ক্যারিয়ার
বিদ্যুৎ সংকট মোকাবিলায় বন্ধ থাকছে চবির সকল কার্যক্রম
চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আগামী ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট এবং অধিভুক্ত কলেজের পরীক্ষাও এই সময়ের জন্য স্থগিত করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রণ দফতর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায় ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত সকল বিভাগ, ইন্সটিটিউট, ও অধিভুক্ত সকল কলেজের পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম জানিয়েছেন, বিদ্যুৎ সংকটের কারণে দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে শুধুমাত্র জরুরি সেবা এবং স্বাস্থ্যসেবা চালু থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত সরকারের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নীতি মেনে নেয়া হয়েছে।
এমএন
ক্যাম্পাস টু ক্যারিয়ার
ছুটির আগেই জবি উপাচার্যের পদত্যাগ দাবি ইউট্যাবের
ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের পদত্যাগ দাবি করেছে। সংগঠনটির অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে মনোযোগ না দিয়ে তিনি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন এবং ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করছেন।
রোববার (৮ মার্চ) ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক পুরান ঢাকার জগন্নাথ কলেজকে ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হলেও পরবর্তীতে নানা রাজনৈতিক কারণে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগকে কেন্দ্র করে নানা বিতর্ক তৈরি হয়েছে।
ইউট্যাব দাবি করছে, বর্তমান উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যৌথ আন্দোলনের ফল বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে, যা ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করেছে।
সংগঠনটি আরও অভিযোগ, উপাচার্য নিজ ক্ষমতা ধরে রাখতে রাজনৈতিক যোগাযোগ বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অস্থির করে তুলছেন।
এ অবস্থায় ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বর্তমান উপাচার্যের প্রতি অনাস্থা জানিয়ে তাকে দ্রুত সম্মানের সঙ্গে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। অন্যথায় সংগঠনটির পক্ষ থেকে তাকে সর্বাত্মক অসহযোগিতা করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এমএন
ক্যাম্পাস টু ক্যারিয়ার
ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব, ইনসাফ, সততা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের আদর্শকে ধারণ করে এই নতুন কমিটি গঠন করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার (৯ মার্চ) ভোরে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের স্বাক্ষরিত এই কমিটিতে মোট ৪৭ জন সদস্য রয়েছেন।
এতে আহ্বায়ক হিসেবে মো. ফজলে রাব্বী সরকার ও সদস্যসচিব সাবিরা মারিয়াম মুশফির নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক পদে নাজমুল ইসলাম ও মিলন হোসাইন, যুগ্ম সদস্য সচিব নূরে জান্নাত ফাতিমা ও নাফিস ইসতিয়াক আহাম্মেদ তালুকদার, দপ্তর সম্পাদক ইসফানুল ইসলাম, শিল্প ও সাহিত্য সম্পাদক মুজতবা জহির জিসান, মিডিয়া সম্পাদক আবু বকর তালহা, পরিবেশ ও পর্যটন সম্পাদক জায়েদ আল বাশার, স্কিল ও ডেভেলপমেন্ট সম্পাদক হাছানুর রহমান শান্ত এবং ইন্টারন্যাশনাল এফেয়ার্স হিসেবে মোহাম্মদ ফাতিন ইয়ামিন চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে।
এছাড়া ৩৫ সদস্য হলেন— আবদুল্লাহ ফাহাদ, মো. মাহাবুবুল আলম, মুহাম্মাদ যায়েদ আব্দুল্লাহ, মোহাম্মদ কাইফ, মুহাম্মাদ আব্দুল্লাহ খান, ইন্তেসাম সাদিয়া, মো. মিফতা উল হুদা, গালিব আল দ্বীন, মো. জাহিদ হাসান ফকির, মুনতাসির বিল্লাহ, শাহাদা নুর তামিমা, আব্দুল্লাহ আল মাসুম, নাফিস ইসতিয়াক আহাম্মেদ তালুকদার, মারিয়া ফারজানা ইতি, মোয়াম্মার তাজওয়ার ইবনে বদর অরিস, মুজাহিদা আফরিন মজুমদার, সাদিয়া আফরিন, মরিয়ম খাতুন, আজমাঈন আদিব, সাদিয়া জাহান সাইফা, আব্দুল্লাহ আল মুবাশ্বির, মুহাম্মদ জোবায়ের ইসলাম, সুহাইল মাহদীন, সাইফুল আলম শান্ত, আবদুল্লাহ হাসান আরাফাত, মো. রেজাউল ইসলাম ফুয়াদ, সিয়াম হোসেন রাজীব, আবির হুসাইন, নাজিয়া সিদ্দিকা, নাকীব হাসান, শাহরিয়ার রহমান, আবদুর রহমান বর্ণ, তাসনিয়া বিনতে তালেব, সুমাইয়া শিমু ও মো. মুতাসীম বিল্লাহ তাহমীদ।
এমএন
ক্যাম্পাস টু ক্যারিয়ার
শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে ইবি পরিবারের মানববন্ধন
ইসলামী বিশ্ববিদ্যালয়-এর সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় সভাপতি আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জিয়া পরিষদ, ইউট্যাব এবং গ্রিন ফোরাম।
রোববার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে শিক্ষক সংগঠন জিয়া পরিষদ, ইউট্যাব এবং গ্রিন ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।
হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমান-এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য ড. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার ড. মনজুরুল হক, প্রক্টর ড. শাহীনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা ড. ওবায়দুল ইসলাম।
এছাড়াও কর্মসূচিতে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-এর নেতাকর্মীরাও অংশ নেন।
গ্রীন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, দ্রুততম সময়ে রুনা হত্যার বিচার নিশ্চিত করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয় একটি অনিরাপদ স্থানে অবস্থিত। এজন্য সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা জোরদারে ইউনিক আইডেনটিটির ব্যবস্থা করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে যত থোক বা ডে লেবার হিসেবে কাজ করে প্রত্যেকের ডাটা সংগ্রহ করতে হবে যেন পরবর্তীতে তাদেরকে আমরা আয়ত্তে রাখতে পারি।
জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান বলেন, মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে একটাই অনুরোধ করব আপনি এই দুই খুনের বিচারের জন্য প্রশাসনের কাছে যতটুকু আগানো সম্ভব আপনি আগান প্রয়োজন বোধে আমরা যাব। যদি আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে বিচার না পান, রেসপন্স না পান, আমরা রাস্তায় নামবো। কিন্তু আপনি উদ্যোগ নেন, বসে থাকবেন না।
শিক্ষিকা রুনা হত্যার ঘটনায় প্রশাসন গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, তদন্ত কমিটির আহবায়ক হিসেবে আমি দল, মত নির্বিশেষে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আসমা সাদিয়া রুনার হত্যাকান্ডের ঘটনায় একটি মামলা হয়েছে- বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণভাবে একটি তদন্ত কমিটি করেছি এবং এই বিভাগ যাতে সচল থাকে সে ব্যবস্থা আমরা করেছি। রুনার অকাল মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে রুনা আমাদের হৃদয়ে সারাজীবন জাগরক থাকবে। যত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে কোন ধরনের কার্পণ্য করা হবে না। আমরা প্রশাসনের কাছে, বিচার প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এমএন/এমএসএ
ক্যাম্পাস টু ক্যারিয়ার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন আরইউ অ্যাকাউন্টিং ক্লাব লিমিটেড (আরইউএসিএল)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে ইফতার মাহফিলের আয়োজনও করা হয়।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর মিরপুর-১৪ এলাকায় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় এবং পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই সংগঠন গঠন করা হয়েছে। পাশাপাশি জ্ঞানচর্চা, গবেষণামনস্কতা ও সৃজনশীলতা বিকাশ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের লক্ষ্যেও সংগঠনটি কাজ করবে।
অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয় এবং প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সংগঠনটির সভাপতি মো. জাহেদুল ইসলাম (জাহিদ) এবং সাধারণ সম্পাদক মাসুম মিয়া।
এমএন




