রাজনীতি
বিভিন্ন অভিযোগ তুলে এনসিপির যুগ্ম সদস্যসচিবের পদত্যাগ
কমিটি গঠন নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে কমিটি ঘোষণার পরদিন পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব এস এম মনিরুজ্জামান সবুজ। বৃহস্পতিবার তিনি নিজের পদত্যাগপত্র এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়ে দেন।
পদত্যাগপত্রে এনসিপির এ নেতা লিখেছেন, সাম্প্রতিক সময়ে ঘোষিত এনসিপি গাইবান্ধা জেলার ‘সংশোধিত আহ্বায়ক কমিটি’ পর্যালোচনা করে গভীর হতাশা ও ক্ষোভের সঙ্গে লক্ষ করেছি যে—এই কমিটি গঠনের পুরো প্রক্রিয়া ছিল অস্বচ্ছ, উদ্দেশ্যপ্রণোদিত এবং দলীয় আদর্শ ও তৃণমূলের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত।
তিনি লিখেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগপন্থী প্রভাবশালী মহলের দোসর, সুবিধাবাদী চরিত্র, সয়াবিন রাজনীতির প্রতিনিধিসহ একাধিক বিতর্কিত ব্যক্তিকে অযৌক্তিকভাবে পদ-পদবি দেওয়া হয়েছে—এনসিপির ত্যাগী ও প্রকৃত কর্মীদের সরাসরি অবমূল্যায়ন করে।
তিনি আরো লিখেছেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে, তদবির ও প্রভাব খাটানোর মাধ্যমেই এই কমিটি বাস্তবায়িত হয়েছে বলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে। ফলে পুরো কমিটি আওয়ামী লীগপন্থী, জোকারসুলভ এবং দলীয় আদর্শবিরোধী ব্যক্তিদের আশ্রয়স্থল হিসেবে পরিগণিত হয়েছে।
মনিরুজ্জামান সবুজ বলেন, আমি নীতি, আদর্শ এবং সংগঠনকে ভালোবাসি; কিন্তু অনিয়ম, আপসকামী রাজনীতি ও দলে অনুপ্রবেশকারীদের প্রভাবের সঙ্গে কোনো অবস্থাতেই আপস করতে পারি না। সুতরাং, এই অগণতান্ত্রিক, অস্বচ্ছ ও বিতর্কিত সংশোধিত কমিটির সঙ্গে আমার রাজনৈতিক বা নৈতিক কোনো সম্পর্ক রাখা সম্ভব নয়।
অতএব, আমি এনসিপি গাইবান্ধা জেলা (সংশোধিত) আহ্বায়ক কমিটি থেকে অবিলম্বে, সম্পূর্ণভাবে এবং স্বেচ্ছায় পদত্যাগ করছি। এই কমিটির সঙ্গে আমার আর কোনো সাংগঠনিক সম্পৃক্ততা থাকবে না।
রাজনীতি
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক
সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টায় ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সংগঠনের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম।
এর আগে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তা পল কাপুর দিনভর কয়েক দফা বৈঠক করেন। শুরুতেই তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
এদিকে বৃহস্পতিবার জামায়াতের সঙ্গে বৈঠক শেষে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং দুপুরে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বিকালে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে আলোচনা করবেন।
পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন বলেও জানা গেছে। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার মাহফিলেও যোগ দেওয়ার কথা আছে তার।
এমএন
রাজনীতি
ডেপুটি স্পিকারের আলোচনায় ৫ নাম—জামায়াতের ৪, এনসিপির ১
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামী ১২ মার্চ। এই অধিবেশনেই নির্বাচন করা হবে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, স্পিকার হবেন সরকারি দল থেকে। আর বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের জন্য প্রস্তাব দেওয়া দেওয়া।
জুলাই জাতীয় সনদ ২০২৫-এর প্রস্তাব অনুযায়ী, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করার বিধান রাখা হয়েছে। এটি রাষ্ট্রব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে গণতন্ত্র সুসংহত করতে বিরোধী দলের মত প্রকাশের ও সংসদ পরিচালনায় অংশগ্রহণ নিশ্চিত করার একটি প্রস্তাব। যদিও বিদ্যমান সংবিধানে সাধারণত স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়ই সরকারি দল থেকে নির্বাচিত হন। কিন্তু জুলাই সনদে এই প্রথা পরিবর্তন করে বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার কথা বলা হয়েছে।
গতকাল সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং ঐকমত্যের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সেটার বাস্তবায়ন এখন থেকেই শুরু করতে চাই। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করে। সেটা জাতীয় সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সঙ্গে নির্বাচিত হতে পারে।’
জামায়াত সূত্রে জানা যায়, ডেপুটি স্পিকার পদে এখন পর্যন্ত চারজন সংসদ সদস্যের নাম আলোচনায় রয়েছে।
এর বাইরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মৌখিকভাবে দলের সদস্যসচিব আখতার হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে।
জামায়াতের সংসদ সদস্যদের মধ্যে আলোচনায় আছেন পাবনা-১ আসন থেকে নির্বাচিত নাজিবুর রহমান মোমেন, ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম, কুড়িগ্রাম-৩ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার মাহবুব সালেহী এবং পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত মাসুদ সাঈদী। এদের মধ্যে নাজিবুর রহমান মোমেনের নাম সবচেয়ে এগিয়ে আছে।
অন্যদিকে এনসিপি থেকেও ডেপুটি স্পিকার পদ চাওয়া হয়েছে। এনসিপির দায়িত্বশীল এক নেতা বলেন, ডেপুটি স্পিকার পদটি জোটের পক্ষ থেকে এনসিপিকে দেওয়ার জন্য মৌখিকভাবে জামায়াতে ইসলামীকে জানানো হয়েছে।
সে ক্ষেত্রে রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। আলোচনার মাধ্যমে আশা করি এটি চূড়ান্ত হবে।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, ‘বিএনপি এ বিষয়ে আমাদের অফার করেছে। একই সঙ্গে জুলাই সনদের বিষয়টি রয়েছে। তবে এ বিষয় নিয়ে দলীয় ফোরামে আলোচনা করা হয়নি।’
এমএন
রাজনীতি
আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা চলছে : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের লড়াই শেষ হয়নি। বিচার সংস্কার, দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম নতুন করে শুরু করতে হবে। জুলাই সনদ ও গণভোটের যে গণরায়ের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে, সেই রায়কে বাতিল করতে আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা চলছে। আদালতকে আবারও দলীয়করণের চেষ্টা হচ্ছে।
সোমবার (২ মার্চ) এনসিপির চট্টগ্রামের বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কাজে যদি আদালতকে ব্যবহার করা হয়, তাহলে তার পরিণত ভালো হবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। জনগণের প্রত্যাশা অনুসারে নির্বাচনী ইশতেহার পাল্টানোর আহ্বান জানান নাহিদ।
নাহিদ আরো বলেন, আমাদের সবাইকে চাঁদাবাজদের বিরুদ্ধে কাজ করতে হবে। ঢাকায় শুধু নাসিরুদ্দিন পাটোয়ারীর নেতৃত্ব দিলে হবে না। আমরা আশা করি, এই চট্টগ্রাম থেকে দখলদারিত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর প্রতিরোধ তৈরি হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
রাজনীতি
সেলিনা হায়াৎ আইভী আবারও গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী উচ্চ আদালত থেকে পাঁচটি মামলায় জামিন পাওয়ার পরপরই সিদ্ধিরগঞ্জ থানার আরো একটি হত্যা মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) হয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় তাকে এই গ্রেপ্তার দেখানো হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সময় ইন্টিরিয়র মিস্ত্রী সেলিম মণ্ডল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার মামলাটির নম্বর ৪১।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইভীকে পৃথক পাঁচটি মামলায় জামিন দিয়েছিলেন।
তবে কারাগার থেকে মুক্তির প্রক্রিয়া শুরুর আগেই পুলিশ তাকে সিদ্ধিরগঞ্জের একটি মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এর ফলে বর্তমানে কারাগারে থাকা সাবেক এই মেয়রের বিরুদ্ধে মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১১টিতে।
গত বৃহস্পতিবার ডা. আইভী ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলাসহ সদর মডেল থানায় করা পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় জামিন পেয়েছিলেন।
বর্তমানে এই ৫টি মামলায় জামিন থাকলেও সিদ্ধিরগঞ্জের নতুন এই মামলাটি তার কারামুক্তির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে আরো পাঁচটি হত্যা মামলা বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
ডা. সেলিনা হায়াৎ আইভীকে ২০২৫ সালের ৯ মে ভোররাতে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত তার পৈত্রিক নিবাস ‘চুনকা কুটির’ থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকেই তিনি বিভিন্ন পর্যায়ক্রমে একের পর এক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
রাজনীতি
বইমেলায় ছাত্রদলের স্টল থেকে যে উপহার পেলেন তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘অমর একুশে বই মেলা-২০২৬’ উদ্বোধন করেন গতকাল। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী উদ্বোধন ঘোষণার পরপরই সর্বসাধারণের জন্য মেলার দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়।
জাতীয় নির্বাচন ও গণভোট থাকায় পূর্ববর্তী সময়ে আয়োজন হয়নি এবারের বইমেলা। অন্যান্য বছর পহেলা ফেব্রুয়ারি শুরু হলেও এ বছর শুরু হয়েছে ২৬ ফেব্রুয়ারি। যা চলবে ১৫ মার্চ পর্যন্ত। এবারের বইমেলার প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’।
বইমেলা উদ্বোধনের পর সপরিবারে ছাত্রদলের প্রকাশনী স্টল ‘দল-দীপশিখা’য় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
ছাত্রদলের স্টলে কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্সসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ সময় তারেক রহমান, ডা. জুবাইদা ও জাইমা রহমানকে ছাত্রদলের ত্রৈমাসিক ম্যাগাজিন দল-দীপশিখা’র কপি এবং ছাত্রদলের আরও ৩টি পৃথক নিজস্ব প্রকাশনা উপহার হিসেবে দেওয়া হয়।
প্রসঙ্গত, এবারের বইমেলা আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা এবং ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মেলার প্রাঙ্গণ। তবে রাত সাড়ে ৮টার পর প্রবেশ বন্ধ থাকবে।
এবারের মেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান থাকবে। মোট ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ১৮টি।
এমএন




