জাতীয়
আ. লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই: প্রেস সচিব
আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই।
আজ সকালে মাগুরা-ঢাকা রোড এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, ‘জুলাই শহীদদের যেন জাতি মনে রাখে, সে উদ্দেশ্যেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময় মাগুরার কিছু শহীদের কথা মানুষ ভুলে গেছে। কারণ, তাঁদের স্মরণে এমন কোনো স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি।
জুলাই সনদে কিছু রাজনৈতিক দলের স্বাক্ষর না করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, এটি খুব গুরুত্বপূর্ণ নয়। কারণ, অধিকাংশ দলই একমত পোষণ করে স্বাক্ষর করেছে। তিনি যোগ করেন, যারা স্বাক্ষর করেনি, তাদের মধ্যে কিছু মতপার্থক্য আছে, এর বাইরে সব বিষয়ে তারা একমত।
শফিকুল আলম আরও বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে সব দল একমত এবং তারা নির্বাচনে অংশগ্রহণে প্রস্তুত। এবার দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।
আওয়ামী লীগের সমালোচনা করে শফিকুল আলম বলেন, তারা টাকার বিনিময়ে সব নির্বাচন করেছে, ভোট কারচুপি করেছে। কিন্তু এবার এর কোনোটি ঘটবে না। জনগণ ভোটকেন্দ্রে যাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।
‘না ভোট’ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, যদি কোথাও একজন প্রার্থী থাকে, তবে সেখানে “না ভোট” হবে। এটি আরপিওতে (RPO) উল্লেখ আছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর কেউ নির্বাচিত হওয়ার সুযোগ নেই।
জাতীয়
আবাসন খাতের অস্থিরতা কাটাতে গৃহায়নমন্ত্রীর সঙ্গে রিহ্যাবের বৈঠক
দেশের আবাসন খাতের চলমান সংকট নিরসন ও সম্ভাবনা নিয়ে নবনিযুক্ত গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে বৈঠক করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নেতৃবৃন্দ।
বুধবার (১১ মার্চ) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।
রিহ্যাব প্রতিনিধি দলের মধ্যে ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লায়ন এম. এম. আউয়াল (সাবেক এমপি) এবং ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. আব্দুল লতিফ। বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে আবাসন খাতের প্রধান সমস্যা, বিশেষ করে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের ফলে নতুন প্রকল্পে ফ্ল্যাটের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়। রিহ্যাব নেতারা বলেন, ড্যাপের কিছু বিধি-বিধানের কারণে নতুন আবাসন প্রকল্পে ইউনিটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে, যা খাতের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন এবং লিখিত প্রস্তাব জমা দেওয়ার জন্য রিহ্যাব নেতাদের অনুরোধ জানান। রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, সংস্থাটি দ্রুত একটি বিস্তারিত প্রস্তাবনা প্রস্তুত করে মন্ত্রণালয়ে জমা দেবে।
রিহ্যাব নেতারা আশা প্রকাশ করেন, সরকারের সঙ্গে সমন্বয় বৃদ্ধির মাধ্যমে আবাসন খাতের সমস্যা সমাধান হবে এবং খাতটি আরও গতিশীল হবে।
এমএন
জাতীয়
থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) চালু করতে ৬ থেকে ৯ মাস সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
দ্রুত সময়ের মধ্যে থার্ড টার্মিনাল চালুর বিষয়ে প্রধানমন্ত্রী প্রথম বৈঠকেই নির্দেশনা দিয়েছিলেন—এ প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, দ্রুত সময়ের মধ্যে করতে গেলেও আমরা যেটা দেখেছি, ৬ থেকে ৯ মাস লাগবে। ৯ মাসের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা আছে।
বৈঠকে পর্যটন খাতে বাংলাদেশে বিনিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় পর্যটন খাতে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছিল, তবে সেটির কোনো অগ্রগতি হয়নি।
প্রতিমন্ত্রী বলেন, সে প্রসঙ্গেই তারা এসেছে। পর্যটন শিল্পে তারা বিনিয়োগ করতে চায়। বিশেষ করে আমাদের সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে উন্নীত করতে তাদের বিনিয়োগকারীরা একটি ফিজিবিলিটি স্টাডি করতে চায়—কীভাবে এটিকে একটি আন্তর্জাতিক উপযোগী বিচে রূপ দেওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।
বিমান চলাচল নিয়েও আলোচনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তাদের কিছু ফ্লাইট আছে আমাদের সঙ্গে। সপ্তাহে ১২টা ফ্লাইট যায়। সেক্ষেত্রে তারা ৩টি ফ্লাইট আরও বর্ধিত করতে চায়।
তিনি বলেন, তারা তিনটি অতিরিক্ত ফ্লাইটের জন্য ফ্রিকোয়েন্সি চেয়েছে। আমরা তাদের আবেদন করতে বলেছি। বিষয়টি যাচাই করে দেখব। এতে দুই দেশের যাতায়াত সুবিধা বাড়বে এবং পর্যটন ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার হবে।
নতুন ফ্লাইটগুলোর রুট সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, দুটি ফ্লাইট হবে গুয়াংজুতে এবং একটি বেইজিংয়ে।
কবে থেকে এসব ফ্লাইট চালু হতে পারে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা আমাদের কাছে লিখিত আবেদন করবে। এরপর বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এলে সিভিল এভিয়েশন থেকে অনুমতি দেওয়া হবে।
চীনের সঙ্গে অন্য কোনো চুক্তি নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় চীনের সঙ্গে একটি চুক্তি হয়েছিল, কিন্তু তার বাস্তবায়নে অগ্রগতি হয়নি।
তিনি বলেন, তারা দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে পিপিপি মডেলে বিভিন্ন প্রকল্পে কাজ করার কথা বলেছিল। কিন্তু সেগুলো বাস্তবায়িত হয়নি। তাই তারা আবার আলোচনা করতে এসেছে।
কক্সবাজারে পর্যটন সুবিধা বাড়াতে ফিজিবিলিটি স্টাডি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমরা বলেছি, আপনারা প্রস্তাব দিন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। যদি এটি বাংলাদেশের জন্য লাভজনক হয়, তাহলে আমরা তা বিবেচনা করব।
এমএন
জাতীয়
অকটেন ও পেট্রোল বিক্রি নিয়ে নতুন নির্দেশনা সরকারের
চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহের লক্ষ্যে অকটেন ও পেট্রোল বিক্রি নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এতে দেশের বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রোল) গড় বিক্রি ২৫ থেকে ১৫ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১১ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জ্বালানি তেল সরবরাহ/গ্রহণ সম্পর্কিত বিষয়ে নির্দেশনা প্রদান করে। সে পরিপ্রেক্ষিতে দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রোল) গড় বিক্রয় হতে ২৫ শতাংশ হ্রাসের পরিবর্তে বর্তমানে ১৫ শতাংশ হ্রাস করে ফিলিং স্টেশন প্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে।
এতে আরও বলা হয়, হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে বিপিসির অধীনস্থ বিপণন কম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার/এজেন্টগণকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এমএন
জাতীয়
পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ বাড়াল বিপিসি
দেশজুড়ে চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল সরবরাহে রেশনিং ব্যবস্থা কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বিপিসি।
বুধবার (১১ মার্চ) এক বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
বিপিসির নতুন নির্দেশনা অনুযায়ী, জ্বালানি তেলের সরবরাহে পূর্বের ২৫ শতাংশ হ্রাস কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। ফলে বিভাগীয় শহরগুলোর পেট্রোল পাম্পগুলো এখন আগের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি তেল পাবে।
বিপিসির বার্তায় বলা হয়, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জ্বালানি তেল সরবরাহ/গ্রহণ সম্পর্কিত বিষয়ে নির্দেশনা প্রদান করে। সে পরিপ্রেক্ষিতে দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রোল) গড় বিক্রয় থেকে ২৫ শতাংশ হ্রাসের পরিবর্তে বর্তমানে ১৫ শতাংশ হ্রাস করে ফিলিং স্টেশন প্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে।
নতুন বরাদ্দ কার্যকর করতে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার বা এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়।
এমএন
জাতীয়
বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে
ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে। সভায় সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিনে প্রস্তুতির অংশ হিসেবে এই বৈঠক হচ্ছে বলে জানান তিনি।
বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সংসদীয় সভাকক্ষে এই বৈঠক শুরু হয়েছে। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে দিনের কর্মসূচিতে রয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। এই অধিবেশন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন।
সরকারি দলের সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথম অধিবেশন অন্তবর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপিত হবে। এছাড়া এই অধিবেশনে শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৭ ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের পর বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ত্রয়োদশ সংসদের নেতা নির্বাচিত করা হয়। সেদিন বিকালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।
৩০০ আসনের জাতীয় সংসদে দুটি আসনের নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে। বাকি ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন পেয়েছে।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সব প্রস্তুতি গুছিয়ে এনেছে সংসদ সচিবালয়। সংসদ অধিবেশনের কক্ষ, স্পিকার ও ডেপুটি স্পিকার, সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতার কক্ষ ঠিকঠাক করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে জাতীয় সংসদ ভবনও আক্রান্ত হয়। ফলে সব কিছু সংস্কার করতে হয়েছে সংসদ সচিবালয়কে।
এমএন




