পুঁজিবাজার
গোপনে গ্রামীণ ক্যাপিটালের সাবেক এমডির শাস্তি প্রত্যাহার করলো মাকসুদ কমিশন
ড. মুহম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে তাঁরই প্রতিষ্ঠিত কোম্পানির এক ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করে নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শাস্তি প্রত্যাহার করলেও তা গোপন রেখেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
বিএসইসির মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম বলেন, “সাধারণত রিভিউ বা রিভিশন গ্রহণের নজির কমিশনের ইতিহাসে খুব একটা নেই। হয়তো দু-একটা হতে পারে। এজন্য এটি প্রকাশ করা কিংবা ওয়েবসাইটে দেওয়ার রেওয়াজও ছিল না। তবে এখন থেকে রিভিউতে এরকম উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসে, তাহলে তা প্রকাশ করা হবে।”
বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ২৯ এপ্রিল মুহম্মদ ইউনূসের কোম্পানি গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি চৌধুরী খালেদ সাইফুল্লাহকে এক কোটি টাকা জরিমানা ও তিন বছরের জন্য পুঁজিবাজারে নিষিদ্ধ করেছিল বিএসইসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কমিশন। এরপরই গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকে খালেদ সাইফুল্লাহকে সরিয়ে দেওয়া হয়, যিনি একই সঙ্গে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেডের (এনসিআরএল) পরিচালক হিসেবেও কর্মরত ছিলেন।
বিভিন্ন অনিয়ম ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগে ২০২৩ সালের ১ মার্চ মার্চেন্ট ব্যাংক গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও এর এমডি চৌধুরী খালেদ সাইফুল্লাহর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিএসইসি। এরপর ১৬ এপ্রিল কমিটি একটি পরিদর্শন প্রতিবেদন দাখিল করে কমিশনে। সেই প্রতিবেদনের ভিত্তিতে চৌধুরী খালেদ সাইফুল্লাহর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে কমিশন। একই সঙ্গে গ্রামীণ ক্যাপিটালের পরিচালনা পর্ষদকেও সতর্ক করে বিএসইসি।
বিএসইসির ইতিহাসে বর্তমান কমিশন দেড় বছরেরও কম সময়ে সবচেয়ে বেশি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে হাজার হাজার কোটি টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার চেয়ে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান রিভিউ বা পুনর্বিবেচনার আবেদন জানালেও বর্তমান কমিশন তা গ্রহণ করেনি। এক্ষেত্রে গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্টের সাবেক এমডি চৌধুরী খালেদ সাইফুল্লাহ একমাত্র উদাহরণ, যার রিভিউ আবেদন গ্রহণ করে শাস্তিমূলক ব্যবস্থা পুরোপুরি প্রত্যাহার করে বর্তমান কমিশন।
চৌধুরী খালেদ সাইফুল্লাহর বিরুদ্ধে গুরুতর যেসব অভিযোগ কমিশনের প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, গ্রামীণ ক্যাপিটালের এমডি পদে অনুমোদন নেওয়ার সময় খালেদ সাইফুল্লাহ নিজের গুরুত্বপূর্ণ একটি তথ্য কমিশনকে জানাননি। তিনি অনুমোদন গ্রহণের সময় ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেডের (এনসিআরএল) পরিচালক হিসেবে তার অবস্থান গোপন করেন। অথচ এনসিআরএলের পরিচালক হওয়া অবস্থায় তিনি কোনো মার্চেন্ট ব্যাংকের এমডি পদে দায়িত্ব পালন করলে তা সরাসরি স্বার্থের সংঘাত সৃষ্টি করে।
তথ্য গোপন করার বিষয়টি সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬–এর ৩৫(১)(খ) বিধি এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ধারা ১৮–এর স্পষ্ট লঙ্ঘন বলে মনে করে তৎকালীন কমিশন। সংশ্লিষ্ট বিধি অনুযায়ী, মার্চেন্ট ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ পেতে হলে প্রার্থীকে তার সকল সম্পর্ক, সংযুক্তি এবং সম্ভাব্য স্বার্থের সংঘাত স্পষ্টভাবে জানাতে হয়।
বিএসইসির পর্যবেক্ষণে আরও দেখা যায়, এনসিআরএল এইচ.আর. টেক্সটাইল লিমিটেডের বন্ড অনুমোদনের জন্য ক্রেডিট রেটিং প্রদান করেছে। এর কিছুদিন পর গ্রামীণ ক্যাপিটালের বোর্ডে ওই প্রতিষ্ঠানের বন্ডে বিনিয়োগের প্রস্তাব উত্থাপিত হয়। বিএসইসি মনে করছে, এনসিআরএলের পরিচালক হিসেবে খালেদ সাইফুল্লাহর ভূমিকা এবং গ্রামীণ ক্যাপিটালের এমডি হিসেবে প্রস্তাবিত বিনিয়োগের বিষয়টি ‘স্বার্থের সংঘাত’। একদিকে তিনি একটি কোম্পানির রেটিং অনুমোদনে জড়িত, অন্যদিকে সেই কোম্পানির বন্ডে গ্রামীণ ক্যাপিটালের বিনিয়োগ নিশ্চিত করার চেষ্টা করেছেন—এটি পেশাগত দায়িত্বহীনতা ও স্বার্থের সংঘাতের পরিষ্কার উদাহরণ। এটি মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার বিধিমালা, ১৯৯৬ এর ৩৫(১)(খ) বিধির আরও একটি লঙ্ঘন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।
গ্রামীণ ক্যাপিটাল কর্তৃক জমা দেওয়া নিরীক্ষিত আর্থিক বিবরণীতে ৮২২ জন বিনিয়োগকারীর কাছ থেকে প্রাপ্ত নিট ৯৬ কোটি ৭৫ লাখ টাকার সঠিক ও ন্যায্য চিত্র প্রতিফলিত হয়নি। বড় সংখ্যক ক্লায়েন্টের বিনিয়োগ পোর্টফোলিও পরিচালনা করা সত্ত্বেও, কর্তৃপক্ষের দ্বারা অনুমোদিত কোনো প্রতিষ্ঠিত বিনিয়োগ নীতি/স্কিম/গাইডলাইন ছিল না।
মুনাফায় শ্রমিকদের অংশীদারিত্ব (ডব্লিউপিপিএফ) সংক্রান্ত বিএসইসির নিয়ামাবলি বিষয়ে পরিদর্শকদের কাছে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন গ্রামীণ ক্যাপিটালের এমডি। এছাড়া তিনি ৮৭তম এবং ৮৮তম পর্ষদ সভার নির্দেশনার সঙ্গে সংগতি রেখে পোর্টফোলিও সংক্রান্ত সকল তথ্য ও সারসংক্ষেপসহ প্রতিবেদন উপস্থাপনে ব্যর্থ হন—বিএসইসির প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিএসইসির পরিদর্শন চলাকালীন, গ্রামীণ ক্যাপিটাল এবং এর এমডি খালেদ সাইফুল্লাহ পরিদর্শকদের প্রয়োজনীয় নথি, তথ্য, এবং ব্যাখ্যা প্রদানে বা সহযোগিতায় ব্যর্থ হন।
এ বিষয়ে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম বলেন, “কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে সংক্ষুব্ধ ব্যক্তি তা কমিয়ে দেওয়া কিংবা প্রত্যাহারের আবেদন করতে পারেন। আবার কমিশন যদি মনে করে, আগের শাস্তিমূলক ব্যবস্থা ঠিক হয়নি, সেক্ষেত্রে কমিশন নিজেও ‘অন মোশনে’ তা রিভিউ করতে পারে। এখন সংক্ষুব্ধ ব্যক্তির রিভিউয়ের আবেদনের প্রেক্ষিতে বর্তমান কমিশন মনে করেছে যে, তার বিরুদ্ধে নেওয়া আগের কমিশনের শাস্তিমূলক ব্যবস্থা ঠিক হয়নি। তাই ওই শাস্তি প্রত্যাহার করা হয়েছে।” সূত্র: ঢাকা স্ট্রিট জার্নাল
পুঁজিবাজার
দেশবন্ধু পলিমারের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির দেশবন্ধু পলিমার লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ই ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআরএল) । কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২- ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত এবং গুণগত তথ্যের উপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।
এমএন
পুঁজিবাজার
সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২৬০ শেয়ারদর
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬০টির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা ১১টা ৪২মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৬ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫৯ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৬ দশমিক ২০ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৩ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৬৫ ও ১৯৮৩ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪০১ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬০টি, কমেছে ৬৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ারের।
এমএন
পুঁজিবাজার
মুনাফা বেড়েছে শাহজীবাজার পাওয়ারের
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
রোববার (২০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদনটি পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি–মার্চ ২০২৬) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৩২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৭ পয়সা।
এছাড়া প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই ২০২৫–মার্চ ২০২৬) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ৩৭ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৮৩ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) হয়েছে ৪ টাকা ৫০ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯৯ পয়সা।
অন্যদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৬২ পয়সা।
পুঁজিবাজার
তিতাস গ্যাসের মূলধন বাড়াতে বিএসইসির সম্মতি
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রায় ২৮৩ কোটি টাকা মূলধন বৃদ্ধির প্রস্তাবে সম্মতি জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিভিন্ন সময়ে সরকারের থেকে নেওয়া ঋণের বিপরীতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অনূকূলে শেয়ার ইস্যু করে এ মূলধন বাড়াবে কোম্পানিটি।
সোমবার (২০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
কোম্পানিটি জানায়, গত বছরের ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ইরিডিমেবল ও নন-কিউমুলেটিভ বৈশিষ্ট্যের প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন দেন শেয়ারহোল্ডাররা। ওই সভায় সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থ বিভাগের অনুকূলে অভিহিত মূল্য ১০ টাকা করে মোট ২৮ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৪৬৯টি প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত গৃহীত হয়।
কোম্পানিটি আরও জানায়, তাদের ইজিএমে পাস হওয়া সিদ্ধান্তের আলোকে পরবর্তী সময়ে প্রস্তাবটির চূড়ান্ত অনুমোদনের জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন গত ১৫ এপ্রিল প্রস্তাবটিতে সম্মতি দিয়েছে। ফলে উল্লেখিত সংখক শেয়ার ইস্যু করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অনুকূলে কোম্পানির পরিশোধিত মূলধন ২৮২ কোটি ৭৫ লাখ টাকা বাড়ানো হবে।
বর্তমানে তিতাস গ্যাসের পরিশোধিত মূলধন রয়েছে ৯৮৯ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা।
পুঁজিবাজার
সিএসই সফরে ভারতীয় সহকারী হাই কমিশনার, জোরদার হলো দ্বিপাক্ষিক সহযোগিতা
ভারতের সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জন রোববার (১৯ এপ্রিল) চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পরিদর্শন করেছেন। এ সফরকে বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্ক এবং পুঁজিবাজার সহযোগিতা আরও জোরদার করার আশা প্রকাশ করেন।
সিএসই আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন সিএসই’র চেয়ারম্যান এ. কে. এম. হাবিবুর রহমান, বোর্ড পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, শাহজাদা মাহমুদ চৌধুরী, নাজনীন সুলতানা এবং সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম শাইফুর রহমান মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের পুঁজিবাজারের প্রবৃদ্ধি ও বৈচিত্র্যায়নের জন্য একটি কৌশলগত পরিকল্পনা তুলে ধরেন। যেখানে কয়েকটি অগ্রাধিকারের উপর আলোকপাত করে ভারতের সহযোগিতা পাওয়ার সুযোগ রয়েছে। তিনি গভীরতর সহযোগিতা এবং এক্ষেত্রে বিশেষ করে কমোডিটি ডেরিভেটিভস বাজারকে উৎসাহিত করার জন্য ভারতীয় পুঁজিবাজারের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।
তিনি অন্যান্য অ্যাসেট ক্লাস সম্প্রসারণে, সিএসই-কে একটি মাল্টি-অ্যাসেট এক্সচেঞ্জ হিসেবে প্রতিষ্ঠা করতে সহযোগিতা চান এবং ভারতীয় ব্রোকার ও বিনিয়োগকারীদের বাংলাদেশে সুযোগ অন্বেষণের জন্য আমন্ত্রণ জানান।
ড. রাজীব রঞ্জন বলেন, ভারতের পুঁজিবাজারে বিপুল অভিজ্ঞতা রয়েছে, যা বাংলাদেশের সঙ্গে ভাগ করে নিতে আমরা আগ্রহী। যৌথ কারিগরি অধিবেশন, বিশেষায়িত কর্মশালা এবং জ্ঞান হস্তান্তর কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ আর্থিক বাজার উন্নয়নে, বিশেষ করে কমোডিটি ডেরিভেটিভস ক্ষেত্রে, ভারতের প্রমাণিত দক্ষতাকে কাজে লাগাতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশের কমোডিটি স্টেকহোল্ডারদের জন্য মূল্য নির্ধারণ এবং ঝুঁকি ব্যবস্থাপনার একটি অপরিহার্য পদক্ষেপ। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া (এমসিএক্স) কমোডিটি ডেরিভেটিভস ক্ষেত্রে একটি বিশ্বসেরা প্রতিষ্ঠান, এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)-র আনুষ্ঠানিক সহযোগিতা পাওয়ার পর এর সফল মডেলটি সিএসই-র জন্য একটি নীলনকশা হিসেবে ব্যবহার করা যেতে পারে।
ভারত বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ, এবং যেহেতু ভারত বাংলাদেশকে শুধু প্রতিবেশী হিসেবে নয়, বরং একজন প্রকৃত উন্নয়ন অংশীদার হিসেবে দেখে, তাই আমরা এই পথে পাশাপাশি চলব। বাংলাদেশ-ভারত সম্পর্ক দীর্ঘজীবী হোক।”
সভা শেষে সিএসই চেয়ারম্যান ভারতীয় প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।
বাংলাদেশে একটি টেকসই পুঁজিবাজার গড়ে তোলার যৌথ অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয় এবং এরপর উপস্থিত সকলের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।



