রাজধানী
ঢাকার কোন এলাকা কত আসনে পড়েছে জানুন
জাতীয় রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র ঢাকা। এখানকার প্রতিটি সংসদীয় আসন শুধু রাজনৈতিক দিক থেকেই নয়, জনসংখ্যা, অর্থনীতি ও প্রশাসনিক গুরুত্বের কারণেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের সর্বশেষ নির্ধারিত সীমানা অনুযায়ী ঢাকা জেলা ও ঢাকা মহানগর মিলিয়ে বর্তমানে ২০টি জাতীয় সংসদীয় আসন রয়েছে।
এই আসনগুলো গঠিত হয়েছে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা এবং পার্শ্ববর্তী উপজেলা নিয়ে। জনসংখ্যার ঘনত্ব ও নগর সম্প্রসারণের কারণে একেকটি আসনের এলাকা একেক আসনের মধ্যে পড়েছে।
ঢাকা জেলার দুটি আসন পুরোপুরি ঢাকার বাহিরের ও উপজেলা কেন্দ্রিক।
ঢাকা–১ আসনটি গঠিত দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে। এটি রাজধানীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে।
ঢাকা–২০ আসনটি ধামরাই উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি একেবারে ঢাকার বাহিরের পশ্চিম প্রান্তের গ্রামীণ এলাকা নিয়ে নিয়ে গঠিত।
ঢাকা–২: কেরানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বুড়িগঙ্গা নদীর দক্ষিণ তীরবর্তী। এটি রাজধানীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত হলেও প্রশাসনিকভাবে আলাদা উপজেলা।
ঢাকা-৩ কেরানীগঞ্জ উপজেলার ৫ ইউনিয়ন (আগানগর, কন্ডা, সুবদ্যা, তেঘরিয়া, বিনজিরা)। ঢাকা-৪ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ ওয়ার্ড + শ্যামপুর থানা। ঢাকা-৫ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২ ওয়ার্ড (যাত্রাবাড়ী ও ডেমরা)।
পুরান ঢাকা ও দক্ষিণ ঢাকার আসনগুলো
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঐতিহাসিক ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলো একাধিক আসনে বিভক্ত।
ঢাকা–৬: পুরান ঢাকার অংশবিশেষ, যেখানে ঐতিহ্যবাহী আবাসিক ও বাণিজ্যিক এলাকা রয়েছে।
ঢাকা–৭: লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকার বড় অংশ নিয়ে গঠিত।
ঢাকা–৮: ধানমন্ডি, নিউ মার্কেট ও আশপাশের আবাসিক-বাণিজ্যিক এলাকা অন্তর্ভুক্ত।
ঢাকা–৯: মতিঝিল ও পল্টনকেন্দ্রিক এলাকা নিয়ে গঠিত, যা দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র।
মধ্য ঢাকার আবাসিক ও শিল্পাঞ্চল
ঢাকা–১০: ধানমন্ডির অংশ ও আশপাশের এলাকা নিয়ে গঠিত।
ঢাকা–১১: তেজগাঁও শিল্পাঞ্চল ও সংলগ্ন আবাসিক এলাকা অন্তর্ভুক্ত।
ঢাকা–১২তেজগাঁও, শের-ই-বাংলা নগর, কাওরান বাজার এলাকা নিয়ে গঠিত।
ঢাকা–১৩: মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকাগুলো নিয়ে গঠিত।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আসন
ঢাকা–১৪, ঢাকা–১৫ ও ঢাকা–১৬: মিরপুর ও আশপাশের আবাসিক এলাকা নিয়ে গঠিত।
ঢাকা–১৭: গুলশান, বনানী, বারিধারা, মহাখালী এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত।
ঢাকা–১৮: উত্তরা, বিমানবন্দর, তুরাগসহ আরো উত্তরের কিছু এলাকা অন্তর্ভুক্ত।
ঢাকা–১৯: সাভার ও আশুলিয়া অঞ্চল নিয়ে গঠিত। দেশের অন্যতম বড় শিল্পাঞ্চল এই আসনের আওতায় পড়ে। পোশাকশিল্প ও শ্রমজীবী মানুষের বসবাস এখানে বেশি।
নির্বাচনী আসনের সীমানা অনুযায়ী ভোটার তালিকা, সংসদ সদস্যের প্রতিনিধিত্ব, উন্নয়ন প্রকল্প ও প্রশাসনিক পরিকল্পনা নির্ধারিত হয়। রাজধানীতে জনসংখ্যা দ্রুত বাড়ায় নির্বাচন কমিশন সময় সময় এসব আসনের সীমানা পুনর্গঠন করে থাকে।
বিশ্লেষকদের মতে, ঢাকার আসনগুলোর সঠিক ভৌগোলিক ধারণা থাকলে ভোটারদের সচেতনতা বাড়ে এবং রাজনৈতিক জবাবদিহিও নিশ্চিত হয়।
এমকে
জাতীয়
রাজধানীতে আজ কোথায় কী
রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি বিকেল ৪টায় দৈনিক প্রথম আলো অফিস পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সেতুমন্ত্রীর কর্মসূচি বিকেল সাড়ে ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডে নিউমার্কেট ফুটওভার ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।
মৎস্যমন্ত্রীর কর্মসূচি সকাল সাড়ে ১০টায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর কর্মসূচি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নবনিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামের সঙ্গে দুপুর ১২টায় সৌজন্য সাক্ষাৎ করতে নগর ভবনে যাবেন। তথ্যমন্ত্রীর কর্মসূচি বিকেল ৪টায় প্রথম আলো অফিস পরিদর্শন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এরপর বিকেল ৫টায় নিটোরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি।
রাজধানী
২০ রমজানের মধ্যে বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২০ রমজানের মধ্যে এক মাসের সমপরিমাণ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন দেশের পোশাক শ্রমিকরা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক শ্রমিক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
এসময় শ্রমিক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশের অনেক গার্মেন্টসে শ্রমিকদের কয়েক মাসের বেতন বকেয়া পড়ে আছে। বকেয়া বেতন চাইলে উল্টো শ্রমিকদের চাকরিচ্যুত করা হচ্ছে। মালিকপক্ষের এমন প্রহসন আর সহ্য করা হবে না।”
সমাবেশে আগামী ২০ রমজানের মধ্যে নিজেদের বকেয়া বেতন পরিশোধসহ বোনাসের দাবি জানান শ্রমিকরা।
গার্মেন্টস শ্রমিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম আকাশ। তিনি সরকারের উদ্দেশে বলেন, “সরকার মালিকদের বন্ধু হবে নাকি ৪০ লাখ শ্রমিকের বন্ধু হবে— সেই সিদ্ধান্ত এখন সরকারকেই নিতে হবে। শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”
সমাবেশ শেষে শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।
এমএন
রাজধানী
পুরান ঢাকায় এসির গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ
পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি বাসায় এসির গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসায় এসির একাধিক গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। দগ্ধরা হলেন- মোক্তার বেপারী (৫৫), সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, রাত ১টার দিকে নারিন্দা এলাকা থেকে আগুনে দগ্ধ হয়ে তিনজন এসেছে। তাদের মধ্যে মো. মোক্তার বেপারীর ২২ শতাংশ দগ্ধ, সেলিনা আক্তারের ২০ শতাংশ দগ্ধ ও মো. সেলিমের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনকেই ভর্তি করা হয়েছে।
সেলিমের অবস্থা আশঙ্কজনক বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাসায় এসির একাধিক গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ভবনের দেওয়াল ধসে পাশের টিনশেড বাড়ির উপরে পড়ে। পরে স্থানীয়রা ওই বাসা থেকে বেশ কিছু এসির গ্যাস সিলিন্ডার উদ্ধার করেন।
এমএন
রাজধানী
রাজধানীতে নির্মাণাধীন ভবনে আগুন
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। তবে ইউনিটগুলো পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এমএন
রাজধানী
যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২
রাজধানীর যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরতর আহত হয়েছেন আরও একজন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে মীর হাজারীবাগের ঘন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন আজিজুল ইসলাম। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয় ও পথচারীরা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, দুর্ঘটনার একটি সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে বাস ও লেগুনা দুটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
এমএন




