ক্যাম্পাস টু ক্যারিয়ার
জকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ নির্বাচনের ভোট দিতে ক্যাম্পাসে প্রবেশ করছে ভোটাররা। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে দেখা যায় সকাল ভোর থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে ভোট দিতে অপেক্ষা করছেন।
সকাল ৮টায় বিভিন্ন প্যানেলের প্রার্থী ও পোলিং এজেন্টরা মূল ফটক দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। এরপর ৮.৩০ মিনিটে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার ও বক্স পাঠানো হয়। এরপর সকাল ৮.৩৫ মিনিটে ভোটারদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়। ভোট গ্রহণ শুরু হয় সকাল ৯টা থেকে। চলবে বিকেল ৩টা পর্যন্ত।
নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন, ভোটগ্রহণ শুরুর আগে সোমবার রাতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হয়।
জানা গেছে, ১৯৮৭ সালে তৎকালীন জগন্নাথ কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কলেজটি ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পর এটিই প্রথম ছাত্র সংসদ নির্বাচন। অর্থাৎ ২০ বছর পর প্রতিষ্ঠানটিতে ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে। জকসু নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ থাকবে। ভোটগ্রহণ শেষে ৬টি ডিজিটাল ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।
এদিকে সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে মোট আটটি নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলো হলো :
১. ভোট প্রদানের উদ্দেশ্যে শিক্ষার্থীরা কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবেন।
২. ভোট প্রদান শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ২ ও ৩ নম্বর গেইট দিয়ে ক্যাম্পাস ত্যাগ করবেন।
৩. শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্ধারিত সময়ের আগেই শুধুমাত্র ২ নম্বর গেইট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবেন।
৪. কর্মকর্তা ও কর্মচারীদের আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে এবং জরুরি প্রয়োজন ছাড়া ভোট চলাকালীন সময়ে ক্যাম্পাসের বাইরে যাতায়াত করতে পারবেন না।
৫. বিশ্ববিদ্যালয়ের ব্যাংক গেট ও পোগোজ স্কুল গেইট সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
৬. ক্যাম্পাসে বসবাসরত কর্মচারীদের পরিবারের সদস্যদের ভোটগ্রহণ চলাকালীন সময়ে ক্যাম্পাসে ঘোরাফেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
৭. মেডিক্যাল টিম ভোটগ্রহণ শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত ক্যাম্পাসের ভেতর অবস্থান করবে।
৮. নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নন, এমন সব কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।
তিন দফা স্থগিতের পর আজ ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জকসু ও হল সংসদ নির্বাচন এর আগে দুই দফা পিছিয়ে যায়। সর্বশেষ গত বছরের ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলেও ভোটগ্রহণ শুরুর ঠিক আগে ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আরেকটি জরুরি সিন্ডিকেট সভা ডেকে আজ ৬ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়।
এমকে
ক্যাম্পাস টু ক্যারিয়ার
সিটি ব্যাংকে নিয়োগ, আবেদনে নেই বয়সসীমা
দ্য সিটি ব্যাংক পিএলসিতে ‘অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার/রিলেশনশিপ ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৫ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: দ্য সিটি ব্যাংক পিএলসি
বিভাগের নাম: মিডিয়াম বিজনেস
পদের নাম: অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার/রিলেশনশিপ ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ৪ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৫ মার্চ ২০২৬
ক্যাম্পাস টু ক্যারিয়ার
ঢাবিতে অধ্যয়নরত সখিপুর থানা শিক্ষার্থীদের সংগঠন ‘বালুচর’-এর নতুন কমিটি গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত শরীয়তপুর জেলার সখিপুর থানার শিক্ষার্থীদের সংগঠন ‘বালুচর’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নাজিম উদ্দীন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. সুমন হোসাঈন নির্বাচিত হয়েছেন।
গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনের এক বিশেষ সভায় নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটি আগামী এক বছর সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের গতিশীলতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
এমএন
ক্যাম্পাস টু ক্যারিয়ার
ইবিতে ছাত্রশিবিরের আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতার আয়োজন
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা-২০২৬’ এর আয়োজন করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় আর্থিক পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানানো করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে, আগামী ১৫ রমজান (৫ মার্চ ২০২৬) পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে। রেজিস্ট্রেশন সম্পন্নকারী ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেখানে পরীক্ষার সার্বিক আপডেট ও নির্দেশনা প্রদান করা হবে।
আগামী ২৩ রমজান (১৩ মার্চ) বিকেল ৩টা থেকে ৩ টা ৪০ মিনিট পর্যন্ত ৪০ মিনিটের একটি ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সিলেবাসে রয়েছে সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা নূর এবং সূরা যিলযাল এবং তাফসীর গ্রন্থ হিসেবে তাফহীমুল কুরআন নির্ধারণ করা হয়েছে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ৪ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ২ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকে পাবেন ১ হাজার টাকা করে পুরস্কার।
উল্লেখ্য, পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের মাঝে কুরআনের জ্ঞান, অর্থ ও ব্যাখ্যা গভীরভাবে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে বলে শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়।
এমএন/ মো. সাকিব আসলাম
ক্যাম্পাস টু ক্যারিয়ার
পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাঁর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে তাঁর পদত্যাগপত্র হস্তান্তর করেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপাচার্য মহোদয় রবিবার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। যদিও মন্ত্রণালয় থেকে এখনও কিছু জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপাচার্য ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্ত নেন। নিয়ম অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে জানান শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে ঢাবি উপাচার্য বলেছিলেন, আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আমি এখন মনে করছি, দায়িত্ব পালনের পর্বে আমরা একটা ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।
ওই সময় তিনি বলেন, এখন এই মুহূর্তে যেন কোনো শূন্যতা না হয়, ধারাবাহিকতা যেন কোনো অসুবিধায় না পড়ে, বিশ্ববিদ্যালয়ের স্মুথ ট্রানজিশন দরকার, সে জন্য যদি সরকার ও অংশীজনেরা মনে করেন আরও কিছু সময় এই ধারাবাহিকতার প্রশ্নে, হঠাৎ শূন্যতা যেন না হয়, সেই প্রশ্নে যদি তারা কিছু সময় নিতে চান, আমি সেটি বিবেচনা করতে রাজি আছি।
সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য আরও বলেছিলেন, আমি সরে দাঁড়াতে চাই যেন রাজনৈতিক সরকার তার মতো করে তার প্রশাসন সাজিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে যদি তাদের আমার কোনো সহযোগিতা দরকার হয়, আমি যেকোনো সময় প্রস্তুত আছি। তার ভাষ্য, আমি সরকারকে অনুরোধ করব—আমাকে যত দ্রুত সম্ভব আমার ডেপুটেশন থেকে অবহিত দিয়ে শিক্ষকতার মূল কাজ আমার বিভাগে ফেরত যাওয়ার যেন অনুমতি দেওয়া হয়।
এমএন
ক্যাম্পাস টু ক্যারিয়ার
শিক্ষার উন্নয়নে ‘পোল ভল্ট জাম্প’ দিতে হবে
শিক্ষাকে জাতি গঠনের প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার উন্নয়নে হাইজাম্প নয়—পোল ভল্ট জাম্প দিতে হবে।
মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথমদিনে গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে হাইজাম্প নয়; আরও বড় জাম্প দিতে হবে। পোল ভল্ট জাম্প দিয়ে শিক্ষায় পরিবর্তন আনতে হবে। আমাদের যুগোপযোগী শিক্ষার ব্যবস্থা করতে হবে। এর আগে আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে অনেক ভালোবাসেন। তিনি শিক্ষাকে বেশি গুরুত্ব দেবেন।
শিক্ষা খাতে দুর্নীতি ও নিয়োগ সিন্ডিকেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০০১-২০০৬ মেয়াদে যেমন স্বচ্ছতা ছিল, এবারও কোনো অনিয়ম সহ্য করা হবে না। আমরা দুর্নীতি বন্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ। দুর্নীতি অনিয়ম বন্ধে আমরা জনগণ ও মিডিয়ার কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত।




