অর্থনীতি
বিমানের বহর সংকট তীব্র, শিগগরই মিলছে না নতুন উড়োজাহাজ
যাত্রী চাহিদা যখন দ্রুত বাড়ছে, ঠিক সেই সময় গত পাঁচ বছরে একটি উড়োজাহাজও বহরে যুক্ত করতে না পারায় তীব্র সংকটে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সম্প্রসারণ না হয়ে, বরং জাতীয় পতাকাবাহী এই সংস্থার বহর আরও সঙ্কুচিত হয়ে দাঁড়িয়েছে মাত্র ১৯টিতে।
গত বছর লিজের মেয়াদ শেষ হওয়ায় দুটি উড়োজাহাজ ফেরত দেওয়ার পর বহরের আকার কমে আসে। এরপর বিকল্প হিসেবে উড়োজাহাজ লিজ নেওয়ার একাধিক চেষ্টা করা হলেও, আন্তর্জাতিক লিজদাতাদের কাছ থেকে কোনো সাড়া মেলেনি। পাঁচ দফা দরপত্র আহ্বান করলেও—কেউ আগ্রহ দেখায়নি।
খাতসংশ্লিষ্টদের মতে, মূল সমস্যা হলো সরকারি ক্রয়বিধি বা দরপত্র প্রক্রিয়ার কারণে দ্রুত সিদ্ধান্ত নিতে না পারা। বৈশ্বিক বাজারে যখন উড়োজাহাজের তীব্র সংকট এবং লিজ সংক্রান্ত সিদ্ধান্ত অনেক সময় কয়েক দিন বা ঘণ্টার মধ্যেই নিতে হয়, তখন এই দীর্ঘসূত্রতা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
এর প্রভাব ইতোমধ্যেই বিমানের অপারেশনে পড়তে শুরু করেছে। আগামী এপ্রিল থেকে শুরু হতে যাওয়া হজ মৌসুমের আগে একাধিক রুটে ফ্লাইট কমানোর প্রস্তুতি নিচ্ছে বিমান। অথচ এর মধ্যেই দ্বিপক্ষীয় চুক্তির আওতায় চলতি মাসের শেষ দিকে ঢাকা–করাচি রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।
বিমানের মুখপাত্র বোসরা ইসলাম বলেন, গত বছরও আমরা লিজ নেয়ার চেষ্টা করেছি, কিন্তু এয়ারক্রাফট খুঁজে পাইনি। এবারো চেষ্টা চলছে। চাহিদার তুলনায় এয়ারক্রাফট কম থাকায় হজ মৌসুমে ফ্লাইট কমানোর একটি খসড়া পরিকল্পনা তৈরি রেডি হয়েছে, যা চূড়ান্ত হলে ঘোষণা দেওয়া হবে।
লিজ প্রক্রিয়ার ধীরগতির বিষয়ে তিনি বলেন, বিমানকে সব সরকারি দরপত্র প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এই প্রক্রিয়ায় সময় লাগে—এটা অস্বীকার করার সুযোগ নেই।
বর্তমানে বিমানের বহরে রয়েছে চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দুটি বোয়িং ৭৮৭-৯, চারটি বোয়িং ৭৩৭ এবং পাঁচটি ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজ। সর্বশেষ ২০২১ সালের ৫ মার্চ কানাডা থেকে একটি ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজ বহরে যুক্ত হয়।
বর্তমানে বিমান ২২টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে। পূর্ব এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে নতুন রুট চালুর পরিকল্পনাও রয়েছে।
২০২৪ সালে বিমানের পরিচালনা পর্ষদের অনুমোদিত ১০ বছর মেয়াদি পরিকল্পনা অনুযায়ী, ২০৩৪ সালের মধ্যে অন্তত ২৬টি নতুন উড়োজাহাজ সংগ্রহ করে বহর ১৯ থেকে বাড়িয়ে ৪৭টিতে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের জুনের শেষ দিকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক মো. সাফিকুর রহমান বলেন, বর্তমান যাত্রী চাহিদা পূরণ করতে আমাদের উড়োজাহাজ প্রয়োজন। সে কারণেই আমরা সরাসরি লিজদাতাদের সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, উড়োজাহাজ সংকটের কারণে নতুন রুট চালু করাও সম্ভব হচ্ছে না।
তবে অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, বোয়িং ও এয়ারবাস—দুই উড়োজাহাজ নির্মাতার সঙ্গেই আলোচনা ঝুলে থাকায় এই লক্ষ্য অর্জন ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে।
বিমানের এক কর্মকর্তা বলেন, সমস্যার দ্রুত সমাধান সম্ভব নয়। বড় ধরনের উড়োজাহাজ কেনাকাটার ক্ষেত্রে মন্ত্রিসভা পর্যায়ের অনুমোদন লাগে। এ ছাড়া উড়োজাহাজ কেনার জন্য নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার কমপক্ষে ৫-৬ বছর পর তা পাওয়া যায়।
বিমানের সাবেক বোর্ড সদস্য ও এভিয়েশন বিশ্লেষক কাজী ওয়াহিদুল আলম বলেন, বিমান দীর্ঘদিন ধরেই কখনও লিজ, কখনও নতুন বিমান কেনা—এইভাবে তারা সিদ্ধান্তে দোলাচলে আছে। তার মতে, “সমস্যা লিজ নেওয়ার জন্য উড়োজাহাজের প্রাপ্যতায় নয়, বরং সঠিক, বাস্তবসম্মত এবং আন্তর্জাতিক মানের দরপত্র প্রক্রিয়া অনুসরণ না করা।”
তিনি বলেন, বিমান বারবার টেন্ডার আহ্বান করলেও লিজদাতারা সাড়া দিতে চান না—কারণ সরকারি টেন্ডার প্রক্রিয়ায় সিদ্ধান্তে সময় লাগে। আন্তর্জাতিক লিজদাতারা ঘণ্টা বা দিনের হিসাবে এয়ারক্রাফট চালান, তারা দীর্ঘ সময় উড়োজাহাজ ‘স্ট্যান্ডবাই’ রাখতে রাজি নন।
আগস্টে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়ে বাণিজ্য আলোচনার সময় সরকার ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দেয়। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ২০৩৭ সালের আগে মার্কিন এভিয়েশন জায়ান্টটি প্রথম উড়োজাহাজ সরবরাহ করতে পারবে না।
এয়ারবাসের ক্ষেত্রেও সময়সীমা প্রায় একই। ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর বৈঠকের পর ফ্রান্স প্রকাশ্যে জানায়, বাংলাদেশ ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে।
২০৩০ সালের আগে সরবরাহ সম্ভব কি না—এমন প্রশ্নে এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার কাস্টমার অ্যাকাউন্টস প্রধান এডওয়ার্ড ডেলাহে বলেন, বৈশ্বিক উচ্চ চাহিদার কারণে উৎপাদন সক্ষমতা সেই সময়সীমা পূরণ করতে পারবে না।
তবে তিনি যোগ করেন যে, এয়ারবাসের সঙ্গে যেসব লিজদাতার আগাম অর্ডার আছে, তাদের মাধ্যমে আগে উড়োজাহাজ পাওয়া যেতে পারে। বিমান যদি এয়ারবাসকে নির্বাচন করে, তাহলে আমরা লিজদাতাদের উৎসাহিত করব যেন আমাদের ডেলিভারি শুরু হওয়ার আগপর্যন্ত অন্তর্বর্তীকালীনভাবে উড়োজাহাজ সরবরাহ করা যায়।
বহরের আকারে দেশের সবচেয়ে বড় বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার উড়োজাহাজ সংখ্যা ২৫টি, যার মধ্যে প্রায় ১৬টিই লিজ নেওয়া। গত ২১ অক্টোবর তাদের বহরে যুক্ত হয়েছে তৃতীয় এয়ারবাস এ৩৩০-৩০০।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মুখপাত্র কামরুল ইসলাম বলেন, বাস্তবতা হলো—সরকারি প্রক্রিয়া অনেক দীর্ঘ, একাধিক কমিটি, অনুমোদন, ব্যাংকিং প্রটোকল—সব মিলিয়ে সিদ্ধান্ত দ্রুত নেওয়া যায় না। এখানে বেসরকারি সংস্থাগুলোর দ্রুততা একটি বড় সুবিধা।
এরপরেও তিনি জানান যে, আমাদের যা চাহিদা সে অনুযায়ী পাচ্ছি না। বৈশ্বিক উড়োজাহাজ সংকট বেসরকারি খাতকেও প্রভাবিত করছে। চাহিদা থাকা সত্ত্বেও কিছু রুটে ফ্লাইট বাড়ানো সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে আমাদের অন্তত তিন থেকে চারটি নতুন এয়ারক্রাফট প্রয়োজন।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে প্রায় ৫০ লাখ বাংলাদেশি বিদেশে কর্মসংস্থানের জন্য পাড়ি জমিয়েছেন। সড়ক ও রেল যোগাযোগ উন্নত হওয়ায় কিছু অভ্যন্তরীণ রুটে যাত্রী কমলেও সামগ্রিকভাবে আকাশপথে যাত্রী চলাচল বেড়েই চলেছে।
ঢাকা বিমানবন্দরের তথ্য বলছে, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ২০২৪ সালে দেশের ব্যস্ততম এই বিমানবন্দর দিয়ে প্রায় ১ কোটি ২৫ লাখ যাত্রী যাতায়াত করেছেন, যা ২০২৩ সালের ১ কোটি ১৭ লাখের তুলনায় প্রায় ৭ শতাংশ বেশি।
এই বাড়তি চাহিদার মধ্যেই গত অর্থবছরে বিমান ৯৩৭ কোটি টাকা রেকর্ড মুনাফা দেখিয়েছে। তবে এখনো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে বিমানের দেনা ৬,০৬৮ কোটি টাকার বেশি।
বেবিচক সূত্র জানায়, এর মধ্যে ৪,৭৯৪ কোটি টাকা সারচার্জ এবং মূল দেনা ৭৪৬ কোটি টাকা।
বিমানের সাবেক মুখপাত্র এবিএম রওশন কবির বলেন, বিরোধপূর্ণ এই দেনার বড় অংশ বহু বছরের পুরোনো। বিমানবন্দর কর্তৃপক্ষ যে বকেয়ার কথা বলছে, তার প্রায় ৭৯ শতাংশই সারচার্জ। এসব পুরোনো বিল আমরা মানি না বলেই পরিশোধ স্থগিত রাখা হয়েছে।
অর্থনীতি
বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার প্রয়োজন, তবে সতর্ক থাকতে হবে: বাণিজ্যমন্ত্রী
বর্তমান বাস্তবতায় বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে। তবে এই সংস্কার যেন সংস্থাটির মৌলিক নীতিমালাকে ক্ষতিগ্রস্ত না করে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (২৭ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ক্যামেরুনের ইয়াউন্দেতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (এমসি১৪) এ বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেশনে তিনি একথা বলেন।
এতে জানানো হয়, বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার: মৌলিক বিষয়সমূহ শীর্ষক এ অধিবেশনে খন্দকার মুক্তাদির বলেন, ডব্লিউটিও-এর মূল ভিত্তি হলো সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যনির্ভর উন্নয়নকে উৎসাহিত করা। বৈষম্যহীনতা ও অন্তর্ভুক্তির নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা ঐকমত্যভিত্তিক ও নিয়মভিত্তিক এই বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা উন্নত ও উন্নয়নশীল দেশসমূহের পাশাপাশি স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসিএস) জন্যও গুরুত্বপূর্ণ সুবিধা নিশ্চিত করেছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ (এমএফএন) সুবিধা, শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার প্রবেশাধিকার (ডিএফকিউএফ), এবং বিশেষ ও পার্থক্যমূলক সুবিধা (এসএন্ডডিটি)-এর মতো ব্যবস্থাগুলো বিশ্ব বাণিজ্যে সমতা ও অন্তর্ভুক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকট এবং কোভিড-১৯ মহামারির সময় ছাড়া গত তিন দশকে উন্নত দেশগুলোর মধ্যম আয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে, যা বিদ্যমান বাণিজ্য ব্যবস্থার কার্যকারিতা প্রমাণ করে।
ডব্লিউটিও সংস্কারের প্রয়োজনীয়তার কথা স্বীকার করে বাণিজ্যমন্ত্রী বলেন, এই সংস্কার যেন সংস্থাটির মৌলিক নীতিমালাকে ক্ষতিগ্রস্ত না করে। তিনি সতর্ক করে বলেন, দীর্ঘ সময় ও প্রচেষ্টার মাধ্যমে গড়ে ওঠা বর্তমান কাঠামো সংস্কারের নামে নষ্ট করা উচিত নয়, কারণ বিশ্বের অধিকাংশ অর্থনীতি এই নিয়মভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার ওপর নির্ভরশীল।
তিনি বলেন, ডব্লিটিও সংস্কার প্রক্রিয়া অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে, যাতে ব্যবস্থার অখণ্ডতা বজায় থাকে, পূর্বের অর্জনগুলো অক্ষুণ্ণ থাকে এবং সকল সদস্য দেশের জন্য অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী ফলাফল নিশ্চিত করা যায়।
উল্লেখ্য, মিনিস্ট্রিয়াল কনফারেন্সে সদস্য দেশসমূহ বৈশ্বিক বাণিজ্য নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।
এবারের সম্মেলনে ১৬৬টি সদস্য দেশের বাণিজ্যমন্ত্রী ও প্রতিনিধিগণ অংশ নিয়েছেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। প্রতিনিধিদলে বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ বাণিজ্য মন্ত্রণালয় ও জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নিচ্ছেন।
এমএন
অর্থনীতি
বিএফটিআই ও আইসিডিটির মধ্যে সমঝোতা স্মারক সই
বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বাণিজ্যিক অবস্থান আরও সংহত করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) ও ইসলামিক সেন্টার ফর ডেভেলপমেন্ট অব ট্রেড (আইসিডিটি)।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মরক্কোর কাসাব্লাঙ্কায় আইসিডিটি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সমঝোতা স্মারক সই হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে ওআইসিতে নিযুক্ত রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এমজেএইচ জাবেদ এবং আইসিডিটির মহাপরিচালক লতিফা এলবুয়াবদেল্লাউই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ সময় মরক্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা এবং আইসিডিটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্বাক্ষর অনুষ্ঠানের পূর্ববর্তী আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদল জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হলো বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ আকর্ষণ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটি শক্তিশালী বাণিজ্যিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার তার অংশীদার দেশসমূহকে সর্বাত্মক সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি আইসিডিটির গবেষণা ও নীতিনির্ধারণমূলক কার্যক্রমে বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক খাত ও উপখাত অন্তর্ভুক্ত করারও আহ্বান জানানো হয়।
বাংলাদেশ প্রতিনিধিদল আইসিডিটির সঙ্গে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উল্লেখ করে যে, এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে ধারণা, বিশেষজ্ঞ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করে যে, এর ফলে দক্ষ বাংলাদেশি পেশাজীবীরা আইসিডিটির বিভিন্ন কার্যক্রমে সরাসরি অবদান রাখার সুযোগ পাবেন।
আইসিডিটির মহাপরিচালক লতিফা এলবুয়াবদেল্লাউই বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ওআইসির বিভিন্ন অঙ্গসংস্থায় নিয়মিত অবদান রাখছে এবং সংস্থাটির বিভিন্ন ফোরামে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। তিনি এই সমঝোতা স্মারককে একটি ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে ধন্যবাদ জানান।
তিনি আরো জানান, বাংলাদেশের ধারাবাহিক অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ আইসিডিটি বাংলাদেশকে বিভিন্ন বাণিজ্য উন্নয়ন কার্যক্রমে একটি ‘পাইলট দেশ’ হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে।
এ প্রেক্ষিতে ঢাকাকে একটি আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার সম্ভাবনাও পর্যালোচনায় রয়েছে। এ ছাড়া ২০২৬-২৭ মেয়াদের জন্য একটি বাণিজ্য ও বিনিয়োগ কর্মসূচি প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে, যাতে ব্র্যান্ডিং, প্রদর্শনী, কর্মশালা, বাণিজ্য আলোচনা এবং সক্ষমতা উন্নয়ন কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।
উভয় পক্ষ আশা প্রকাশ করে যে, প্রাথমিকভাবে দুই বছরের জন্য কার্যকর এই সমঝোতা স্মারক ভবিষ্যতে পারস্পরিক সম্মতির ভিত্তিতে আরো সম্প্রসারিত করা যাবে।
এমএন
অর্থনীতি
চট্টগ্রাম বন্দরে ৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে পৌঁছাল নতুন জাহাজ
দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আবারও বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি তেলবাহী জাহাজ।
বৃহস্পতিবার সকালে ৩০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল নিয়ে বন্দরে নোঙর করে হংকং পতাকাবাহী ট্যাংকার ‘এমটি গ্রান কাউভা’। জাহাজটি চীনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ইউনিপেক এই জ্বালানি রপ্তানি করছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা যায়, জাহাজটিতে রয়েছে ২০ হাজার টন ডিজেল এবং ১০ হাজার টন জেট ফুয়েল। এর মধ্যে ডিজেল পরিবহন ও শিল্প খাতে ব্যবহার করা হবে এবং জেট ফুয়েল সরবরাহ করা হবে দেশের বিমানবন্দরগুলোতে।
চলতি মাসে এটি নবম তেলবাহী জাহাজ, যা দেশে পৌঁছাল। আগে আরও আটটি জাহাজ এসেছে এবং মোট ১৭টি জাহাজ আসার কথা থাকলেও বাকি কয়েকটির সময়সূচি এখনও অনিশ্চিত রয়েছে।
বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহে বিলম্বের কারণে সাম্প্রতিক সময়ে জ্বালানি ব্যবস্থাপনায় কিছুটা চাপ তৈরি হয়েছিল।
বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সরবরাহ বিঘ্নিত হওয়ায় সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়িয়েছে।
তবে বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানিয়েছেন, নির্ধারিত সময়েই জাহাজটি এসেছে এবং বর্তমানে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। পাশাপাশি বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগও নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
সূত্র: ডেইলি সান
অর্থনীতি
রাজস্বে বড় ধাক্কা : ৮ মাসে ঘাটতি ৭১ হাজার কোটি টাকা
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) রাজস্ব ঘাটতি ৭১ হাজার ৪৭১ কোটি টাকা ছাড়িয়েছে। যেখানে সাত মাস শেষে জানুয়ারি পর্যন্ত ছিল ৬০ হাজার কোটি টাকার বেশি। আর ৬ মাস শেষে ডিসেম্বর পর্যন্ত ঘাটতি ছিল প্রায় ৪৬ হাজার কোটি টাকা। রাজস্ব আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘাটতি বেড়ে যাচ্ছে ক্রমবর্ধমান হারে। যদিও ১৩.৩৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এনবিআরের রাজস্ব আদায়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। যা রাজস্ব আদায়ে বড় ধাক্কা বলে মনে করছে অর্থনীতিবিদরা।
এনবিআর থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ২৫ হাজার ৮০২ কোটি ১৫ লাখ টাকা। অথচ এ সময় রাজস্ব আয়ের তিনটি খাতে রাজস্ব ঘাটতি ৭১ হাজার ৪৭১ কোটি ৮৭ লাখ টাকা। আলোচ্য সময়ে আদায় হয় ২ লাখ ৫৪ হাজার ৩৩০ কোটি ২৮ লাখ টাকা। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৩.৩৬ শতাংশ। গত অর্থবছরে একই সময়ে আদায় হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৩৪৬ কোটি ৭২ লাখ টাকা।
পরিসংখ্যান বিভাগ সূত্রে পাওয়া তথ্যানুসারে, চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে সবচেয়ে বড় ঘাটতি হয়েছে আয়কর খাতে। এ খাতে ঘাটতি ৩৩ হাজার ৩৭৩ কোটি ৬০ লাখ টাকা।
ওই সময়ে আয়কর খাতের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১৮ হাজার ৫০৯ কোটি ৬৬ লাখ টাকা। অথচ আদায় হয়েছে মাত্র ৮৫ হাজার ১৩৬ কোটি ৬ লাখ টাকা।
আমদানি-রপ্তানি শুল্কে ৮৯ হাজার ৭৮ কোটি ৬০ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় মাত্র ৭১ হাজার ৯১২ কোটি ২৭ লাখ টাকা। ঘাটতি ১৭ হাজার ১৬৬ কোটি ৩৩ লাখ টাকা
অন্যদিকে একই সময়ে ভ্যাট খাতে আদায় হয়েছে ৯৭ হাজার ২৮১ কোটি ৯৫ লাখ টাকা। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১৮ হাজার ২১৩ কোটি ৮৯ লাখ টাকা। ভ্যাট খাতে ঘাটতি ২০ হাজার ৯৩১ কোটি ৯৪ লাখ টাকা।
একক মাস হিসেবে ফেব্রুয়ারি মাসে রাজস্ব আদায়েও মন্দা ভাব দেখা গেছে। এ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ৫১ কোটি ২১ লাখ টাকা, বিপরীতে আদায় হয়েছে ৩০ হাজার ৫৬১ কোটি ৭৮ লাখ টাকা। ঘাটতি প্রায় ১১ হাজার ৪৯০ কোটি টাকা।
চলতি অর্থবছরের শুরুতে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। পরে গত ১০ নভেম্বর বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি তা বাড়িয়ে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয় বলে জানা গেছে।
অর্থনীতি
৩ লাখ টন ডিজেল কেনার অনুমোদন
দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে তিন লাখ টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সরকারি ছুটির দিনে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেওয়া হয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, বৈশ্বিক অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আন্তর্জাতিক ক্রয়ের মাধ্যমে সরাসরি পদ্ধতিতে দুটি প্রতিষ্ঠান থেকে এই ডিজেল কেনা হবে।
এর মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছ থেকে এক লাখ টন ডিজেল কেনা হবে। পাশাপাশি সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেডের কাছ থেকে আরও দুই লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার মধ্যে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।



