পুঁজিবাজার
এটিবিতে রেনাটার প্রেফারেন্স শেয়ারের লেনদেন শুরু
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) রেনাটা পিএলসির প্রেফারেন্স বা অগ্রাধিকারমূলক শেয়ার লেনদেন আজ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় এটিবিতে লেনদেন তালিকায় নাম লিখিয়েছে কোম্পানিটির প্রেফারেন্স শেয়ার।
এ নিয়ে ডিএসইর এই লেনদেন প্ল্যাটফর্মে দুটি সিকিউরিটিজ তালিকাভূক্ত হলো। তবে, লেনদেন তালিকায় নাম লেখালেও প্রথম অর্ধঘন্টায় রেনাটার প্রেফারেন্স শেয়ারে কোনো লেনদেন হয়নি। লেনদেন শুরুর জন্য শেয়ারটির অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯০০ টাকা।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে রেনাটা পিএলসি সম্প্রতি ৩২৫ কোটি টাকার প্রেফারেন্স বা অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু করেছে। এই প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে সংগৃহীত অর্থে ব্যাংক ঋণ পরিশোধ করবে কোম্পানিটি।
তথ্যানুসারে, রেনাটার ইস্যু করা ৩২৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ারের বৈশিষ্ট্য হচ্ছে এটি নন-কিউমুলেটিভ, মানে কোনো বছর লভ্যাংশ না পেলে সেটি ভবিষ্যতে জমা হবে না এবং নন-পার্টিসিপেটিভ, মানে কোম্পানির মুনাফার ওপর ভিত্তি করে প্রেফারেন্স শেয়ারধারীরা বার্ষিক ১৫ শতাংশ হারে মুনাফা পাবেন। এ প্রেফারেন্স শেয়ারের মেয়াদ ছয় বছর এবং তৃতীয় থেকে ষষ্ঠ বছর পর্যন্ত বার্ষিক ২৫ শতাংশ হারে প্রেফারেন্স শেয়ার থেকে সাধারণ শেয়ারে রূপান্তর করা হবে। একসময় এ প্রেফারেন্স শেয়ার পুরোপুরি সাধারণ শেয়ারে রূপান্তর হবে। এক্ষেত্রে রূপান্তর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৭৫ টাকা।
এ বছরের জুলাইয়ে নিয়ন্ত্রক সংস্থার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে প্রেফারেন্স শেয়ার ইস্যুর বিষয়ে চূড়ান্ত অনুমোদন পায় রেনাটা। এরপর গত ২০ সেপ্টেম্বর বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয় কোম্পানিটি।
পুঁজিবাজারের সার্বিক বিস্তার তথা বাজার পরিধি বাড়ানোর লক্ষ্য সামনে রেখেই চালু করা হয়েছিল এটিবি। উদ্দেশ্য ছিল– পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানিগুলোর জন্য সহজ ও কম খরচে মালিকানা হস্তান্তরের একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা। এই প্ল্যাটফর্মকে জনপ্রিয় করার মাধ্যমে পুঁজিবাজারের মূল মার্কেটে ভালো কোম্পানিগুলোকে নিয়ে আসা। পুঁজিবাজারের বাইরে অনেক ভালো কোম্পানি রয়েছে, যেগুলো বিভিন্ন কারণে তালিকাভুক্ত হতে অনাগ্রহ দেখায়। কিছু কিছু কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়াকে প্রক্রিয়াগত ঝামেলার বিষয় মনে করে। ওই সব কোম্পানি এটিবিতে তালিকাভুক্ত হতে চাইলে রাইট শেয়ার কিংবা প্রাইভেট প্লেসমেন্টে শেয়ার ছেড়েও তাদের মূলধন বাড়াতে পারবে।
তবে দুঃখজনক হলেও দেশের দুই স্টক এক্সচেঞ্জের এটিবি প্ল্যাটফর্মে এটি নিয়ে এখন পর্যন্ত মাত্র ৪টি সিকিউরিটিজ তালিকাভুক্ত হলো। ২০২৩ সালের ৪ জানুয়ারি ব্রোকারেজ হাউজ লংকাবাংলা সিকিউরিটিজের মাধ্যমে ডিএসইতে যাত্রা শুরু হয়েছিল এটিবি বোর্ডের। তখন প্রাণ এগ্রো লিমিটেড আনসিকিউরড গ্যারান্টেড বন্ড (পিএএলইউজিবি ওয়ান) ডেট সিকিউরিটিজ হিসেবে এই বোর্ডে তালিকাভুক্ত হওয়ার উদ্যোগ নিয়েছিল।
পরবর্তী সময়ে ওই বন্ডের উদ্যোক্তা কর্তৃপক্ষ বন্ডটিকে এটিবিতে তালিকাভুক্ত করতে অনাগ্রহ দেখায়। অন্য স্টক এক্সচেঞ্জ সিএসইতে আইএফআইসি ব্যাংকের দুটি বন্ড তালিকাভুক্ত রয়েছে। অর্থাৎ দুই স্টক এক্সচেঞ্জে মাত্র পচারটি সিকিউরিটিজ তালিকাভুক্ত হলো।
এমকে
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ৩৯ কোটি টাকার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৯ কোটি ৮৫ লাখ ১১ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৪ মে) কোম্পানিগুলোর মোট ৮১ লাখ ৭৬ হাজার ৯২২ টি শেয়ার ১১০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৯ কোটি ৮৫ লাখ ১১ হাজার টাকার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ফাইন ফুডসের ৯ কোটি ২৬ লাখ ৪৩ হাজার টাকার, দ্বিতীয় স্থানে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের ৫ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার টাকার ও তৃতীয় ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের ৫ কোটি ৪১ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে ইয়াকিন পলিমার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইয়াকিন পলিমার লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৪ মে) ডিএসইতে সর্বোচ্চ ইয়াকিন পলিমার লিমিটেডের শেয়ার দর ২ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ২৫ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৪৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আলিফ ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৬ দশমিক ৭৮ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মীর আক্তার, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সেনা ইন্স্যুরেন্স, রেনউইক যোগেশ্বর, আইএফআইসি, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং আলহাজ্ব-টেক্সটাইলের দর কমেছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধি শীর্ষে জেএমআই সিরিঞ্জ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ১৭৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে জেএমআই সিরিঞ্জ ও মেডিকেল ডিভাইস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৪ মে) ডিএসইতে সর্বোচ্চ জেএমআই সিরিঞ্জস্ ও মেডিকেল ডিভাইস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১১ টাকা ৮ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ফীড মিল লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৩৫ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইনডেক্স এগ্রো, হাক্কানি পাল্প, ফার কেমিক্যাল, এনসিসি ব্যাংক, মুন্নু সিরামিক্স, আমান ফিড এবং ইস্টার্ণ ক্যাবলসের শেয়ার দর বেড়েছে।
এমএন
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৪ মে) ডিএসইতে সবোর্চ্চ ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির ৩৯ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৩৪ কোটি ৪২ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২১ কোটি ৭৩ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, মীর আক্তার হোসেন, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, টেকনো ড্রাগ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এমএন
পুঁজিবাজার
সূচকের উত্থানে লেনদেন ৮৭৬ কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৪টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমান বেড়ে ৮৭৬ কোটি ছাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৪ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১২ দশমিক ৪১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৭৭ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১০৫৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ২০২৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৮৭৬ কোটি ৯৫ লক্ষ ১৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮২৯ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৪টি কোম্পানির, বিপরীতে ১৫৯টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন




