জাতীয়
নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে ইসির বৈঠক আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনায় বৈঠকে বসতে যাচ্ছে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।
আজ রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনে এ বৈঠক হবে। বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন। ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোসহ মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ নিয়ে পর্যালোচনা হবে। ভোটের কাজের সার্বিক বিষয়ে অগ্রগতির পাশাপাশি পোস্টাল ভোটিংয়ের ব্যালট পেপার আনা-নেওয়ার সময়ও চূড়ান্ত হবে।
ভোট প্রস্তুতির সবকিছু গুছিয়ে এনে তফসিলের আগে আইনশৃঙ্খলা সভা ও আন্তঃমন্ত্রণালয় সভা করেছে ইসি। প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতির কাছে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করতে ১০ ডিসেম্বর বঙ্গভবনে যাবেন নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটির সদস্যরা। এরপর কয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করবেন সিইসি।
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করার কথা রয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে ডিসি, ইউএনওসহ মাঠ প্রশাসন ও এসপি, ওসিসহ পুলিশে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। তফসিল ঘোষণার পর পরিস্থিতি বিবেচনা করে রদবদলের দরকার হলে তাও করবে ইসি।
আজকের কমিশন সভার সিদ্ধান্ত ও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে সব ধরনের প্রস্তুতি অবহিত করে দুই ভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানায় ইসি।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কমিশন সভায় তফসিলের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হবে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত করা হবে।
তিনি জানান, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কারা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার হচ্ছেন তাও প্রজ্ঞাপনে জানিয়ে দেওয়া হবে।
আইন-বিধি-নীতিমালায় নানা ধরনের সংস্কার চাওয়া হয়েছে এবার। আইন-বিধি অনুসরণে ও শতভাগ প্রতিপালনে ইসির শক্ত অবস্থান থাকবে এবং সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হবে। সেই সঙ্গে প্রার্থী, দল, ভোটারসহ সব অংশীজনের সহযোগিতা চান তিনি।
সবশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি ভোট হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। এ বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার।
প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি ভোটারের জন্য পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা নেওয়া হয়। প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারির প্রথমার্ধেই হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ভোট। এরই ধারাবাহিকতায় নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটি ভোটের তফসিল ঘোষণা করবে।
অন্যান্য
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে বিভিন্ন অব্যবস্থাপনা দেখে মন্ত্রী-প্রতিমন্ত্রীর ক্ষোভ
কাউকে না জানিয়ে হঠাৎ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। পরিদর্শনে গিয়ে হাসপাতালের বিছানায় ছারপোকা, নিম্ন মানের খাবার পরিবেশন ও বিভিন্ন অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন তারা।
রোববার (৮ মার্চ) সকাল ৯টার দিকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী আকস্মিকভাবে হাসপাতালটিতে যান। প্রায় দেড় ঘণ্টা ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় রোগীর স্বজনরা হাসপাতালের নানা সমস্যার কথা তুলে ধরেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী আক্ষেপ করে বললেন, কতজন ডাক্তার অনুপস্থিত তা সরেজমিনে এসেও তিনি জানতে পারলেন না।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, কতজন ডাক্তার অনুপস্থিত তা এখন পর্যন্ত জানতে পারলাম না। আমি নিজে এসেও তা জানত পারছি না। হাসপাতালের পরিচালকের অদক্ষতা এসব অব্যবস্থাপনার জন্য দায়ী।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হাসপাতালের বিছানাপত্র নিয়ে সমস্যা পাওয়া গেছে। সেখানে ছারপোকার সমস্যা মারাত্মক। খাবারের মান নিয়ে অভিযোগ পেয়েছি। ডাক্তার সময় মতো আসছেন না।
এই হাসপাতালের সবচেয়ে নেতৃত্বের সংকট বড় সমস্যা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বড় সমস্যা হলো দেশের সর্বোচ্চ মানসিক হাসপাতাল হওয়ার পরও লিডারশিপ সঙ্কট আছে এখানে। অব্যবস্থাপনা আছে। দ্রুত সমস্যাগুলো সমাধানের জন্য বলেছি।
বেশিরভাগ অভিযোগ মেনে নিয়ে দোষ স্বীকার করলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান।
কয়েক দিনের মধ্যে আবারও হাসপাতালটি পরিদর্শনের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তখন কোনো অনিয়ম পেলে কঠোর ব্যবস্তা নেয়া হবে।
এমএন
জাতীয়
লন্ডন থেকে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম-কে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।
শনিবার (৭ মার্চ) রাতে কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর সঙ্গে লন্ডনে পৌঁছান হুমায়ুন কবীর। সেখানে স্থানীয় বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আবিদা ইসলামের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
হুমায়ুন কবীর বলেন, ‘একটা সুখবর আছে। শোনেন, একটা সুখবর হলো—এই হাইকমিশনারকে প্রত্যাহার করা হয়েছে। হাইকমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট।’
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো বাংলাদেশি কূটনীতিককে বিদেশে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো। অন্তর্বর্তী সরকার গত বছরের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল। তিনি সাইদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
আবিদা ইসলাম এর আগে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও দায়িত্ব পালন করেন।
এমএন
জাতীয়
ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনেও অফিস করেছেন। সেখানে ব্যস্ত সময় পার করেন তিনি।
রাজধানীর তেজগাঁওয়ে কার্যালয়ে অফিস করেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর টানা তিন শনিবার অফিস করলেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন তার ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।
জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহদী আমিন কার্যালয়ে অফিস করেছেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, ছুটির দিনেও ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর ১২টায় কার্যালয়ে আসেন তিনি। এরপর পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বাড়ানো ও বাজার সম্প্রসারণ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তার।
এরপর দুপুর আড়াইটায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমানো ও কার্যকর জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
এদিকে দেশের ওলামা-মাশায়েখ এবং এতিমদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতারের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যালয় থেকে তিনি সেখানে যাবেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।
জাতীয়
জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: জ্বালানি মন্ত্রী
জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আগামী ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে। আগামীকাল থেকে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট কাজ শুরু করবে। সাধারণ মানুষের মধ্যে পেনিক কাজ করছে, যার কোনো যুক্তি নাই।
তিনি বলেন, তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নাই, বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের চেষ্টা করছে সরকার।
জাতীয়
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তজুড়ে অতিরিক্ত বিজিবি মোতায়েন
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য পাচার প্রতিরোধে বেনাপোলের বিভিন্ন সীমান্তে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত টহল জোরদারসহজনবল মোতায়েন করা হয়েছে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী গতকাল রাত থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বেনাপোল স্থলবন্দরসহ শার্শা ও চৌগাছা সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও মালামাল তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি সীমান্তজুড়ে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বিশেষ করে অতীতে যেসব সীমান্ত রুট দিয়ে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছে, সেসব এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া বেনাপোল স্থলবন্দর গেটে দেশীয় ও ভারতীয় ট্রাক মালামাল পরিবহনের সময় ভারতে প্রবেশের আগে অধিক সতর্কতার সঙ্গে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘যশোর সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেল পাচার রোধে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সন্দেহজনক যেকোনো যানবাহন বা চলাচলের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে। তিনি আরও বলেন, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় বিজিবি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করছে।
এদিকে পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান বিজিবি ব্যাটালিয়নের এই অধিনায়ক।




