জাতীয়
আরও দুই দেশে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের
বাংলাদেশের কূটনৈতিক, অফিসিয়াল ও সার্ভিস পাসপোর্টধারীদের জন্য তিমুর-লেস্তে ভিসা অব্যাহতির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বাংলাদেশিরা এখন থেকে এই দুই এশীয় দেশে ভিসা ছাড়া যেতে পারবেন। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং আন্তঃদেশীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশের বিভিন্ন দেশের সঙ্গে ভিসা অব্যাহতির চুক্তি করা হয়।
এখন পর্যন্ত এশিয়ার ২১টি, ইউরোপের ৪টি, আফ্রিকার ১টি এবং আমেরিকার ৩টি দেশের সঙ্গে মোট ২৯টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি বাংলাদেশের আছে।
জাতীয়
নারায়ণগঞ্জে পেট্রোলিয়াম ডিপোতে আকস্মিক পরিদর্শন জ্বালানি প্রতিমন্ত্রীর
সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত পদ্মা ও মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে আকস্মিক পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের গোদনাইল বার্মাশীল ও এস.ও. রোড এলাকায় অবস্থিত এ দুই ডিপো পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ডিপোর সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিভিন্ন জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী অমিত জ্বালানি তেল সরবরাহে কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন কিনা তা জানতে চান। পাশাপাশি চোরাই তেল ক্রয়-বিক্রয়ের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধভাবে জ্বালানি তেল সরবরাহ বা লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
পরিদর্শনে বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
এমএন
জাতীয়
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে ‘কৃষক কার্ড’ নিয়ে এক পর্যালোচনাসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষক কার্ড চালুর মূল উদ্দেশ্য হলো—প্রকৃত কৃষকরা সার, বীজ, কীটনাশক ও সরকারি আর্থিক সহায়তা মধ্যস্বত্বভোগীর হয়রানি ছাড়াই সরাসরি পান।”
আজ পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী। সকাল ১১টার দিকে তিনি সচিবালয়ে যান। সেখানে ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে গঠিত কমিটির কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
সাক্ষাৎ শেষে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রী মহানগর (ঢাকা) নিয়ে খুবই সিরিয়াস। তিনি সবসময় ওনার নলেজে রাখতে চান যে আমরা কী কাজ করছি, কোথায় কী কাজ বাকি আছে এবং কোথায় কী কাজ করতে হবে।
ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন মহানগরী করার জন্য ঢাকার দুই সিটি করপোরেশনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এমএন
জাতীয়
মেট্রো ট্রেন শুধু ঈদের দিন বন্ধ থাকবে
সরকারি গণপরিবহন হওয়ায় জনসাধারণের স্বার্থে ঈদুল ফিতরের ছুটির মধ্যে শুধু ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের ১৬ মার্চ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।
আদেশে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের পরের দিন থেকে যথারীতি র্নিধারিত সময়সূচী অনুযায়ী মেট্রো ট্রেল চলাচল করবে।
এমএন
জাতীয়
ঈদযাত্রা নিরাপদ রাখতে র্যাবের ৩ স্তরের নিরাপত্তা, মাঠে ৩২ টিম
পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরবিশিষ্ট বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানীর গুরুত্বপূর্ণ টার্মিনাল ও আশপাশের এলাকায় ৩২টি টিম মোতায়েনের পাশাপাশি সিভিল টিম, টহল ও চেকপোস্টের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
তিনি বলেন, ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সদরঘাট, সায়েদাবাদ, শ্যামপুর, সূত্রাপুর ও কামরাঙ্গীরচরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় র্যাবের ৩২টি টিম নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবে। পাশাপাশি সঠিক তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারির জন্য ছয়টি সিভিল টিমও কাজ করবে।
ঈদযাত্রা ঘিরে নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ঈদের দিন এবং ঈদের পরবর্তী সময় পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে। র্যাব জানায়, অপরাধ দমনে নিয়মিত টহলের পাশাপাশি ‘রোবাস্ট পেট্রোলিং’ ও ‘ফুট পেট্রোলিং’ পরিচালনা করা হবে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হবে।
যাত্রীদের সুবিধার্থে সদরঘাট লঞ্চ টার্মিনাল ও সায়েদাবাদ বাস টার্মিনালে দুটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এসব কন্ট্রোল রুমে র্যাব সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। কোনো যাত্রী যাতায়াতের সময় হয়রানির শিকার হলে বা টিকিটের জন্য অতিরিক্ত ভাড়া দাবি করা হলে তারা সরাসরি কন্ট্রোল রুমে এসে বা ফোনের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব।
এছাড়া ঈদ সামনে রেখে র্যাবের আভিযানিক তৎপরতাও বাড়ানো হয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। চলতি মাসে বিপুল পরিমাণ গোলাবারুদও জব্দ করা হয়েছে। পাশাপাশি সক্রিয় মাদক চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানায় বাহিনীটি।
মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ঈদ উপলক্ষ্যে প্রায় পৌনে দুই কোটি মানুষ ঢাকা ছেড়ে নিজ নিজ এলাকায় যেতে পারেন। এতে রাজধানীর অনেক বাসাবাড়ি ফাঁকা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই সুযোগে চুরি, ছিনতাই বা ডাকাতির মতো অপরাধ বেড়ে যেতে পারে। বিষয়টি মাথায় রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় দিনরাত ২৪ ঘণ্টা নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে রাতে নিরাপত্তা টহল আরও জোরদার থাকবে।
এমএন
জাতীয়
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল নিশ্চিত: সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পাবলিক পরিবহনে এই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত যাত্রীর চাপ সামলাতে আগে যে রেশনিং পদ্ধতিটা ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে এবং পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে। আমার ধারণা হচ্ছে, সরকার পর্যায়ক্রমে এই তেল সরবরাহটা নিশ্চিত করতে তৎপর আছে। এটা শুধু জাতীয় সমস্যা নয়, আন্তর্জাতিক সংকট। এ সংকটটা শুধু আমাদের না সব জায়গায় আছে। জ্বালানি তেলে আমাদের থেকেও বিপজ্জনক জায়গায় আছে অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্র।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে পটুয়াখালীর গলাচিপায় লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া সড়কের ৭০ কিলোমিটার এলাকায় রাবনাবাদ নদীর ওপর ‘রাবনাবাদ সেতু’র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
সরকারের কর্মতৎপরতা নিয়ে মন্ত্রী বলেন, দেখবেন মাত্র ২৫ দিনের একটি সরকার সবাই যার যার অবস্থান থেকে কাজ করছে। যার যে দায়িত্ব আছে সেটা পালন করার জন্য চেষ্টা করছে, জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে, জনগণের প্রত্যাশা ও দাবিকে প্রাধান্য দিয়ে। এই চেষ্টা অব্যাহত থাকবে।
রাবনাবাদ সেতু নির্মাণ হলে জনভোগান্তি লাঘব হবে জানিয়ে তিনি বলেন, এই সেতু নির্মাণের মাধ্যমে এলাকার অর্থনীতিতে গতি আসবে, কর্মজীবী মানুষ তাদের উৎপাদিত পণ্য সহজে পরিবহন করতে পারবে এবং উপজেলা থেকে জেলা ও রাজধানীর সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে— যা একটি উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।
শেখ রবিউল আলম আরও বলেন, সরকার মনে করেছে রাবনাবাদ সেতুটি এই অঞ্চলের মানুষের জীবন যাত্রার মান, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং যোগাযোগ ব্যবস্থার একটি আমূল পরিবর্তন ঘটাবে। আমরা মনে করছি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি সেটি পূরণ হতে চলেছে এবং এটিই হচ্ছে একটি জনবান্ধব সরকারের কাজ এবং দায়িত্ব।
আসনটির সংসদ সদস্য নুরুল হক নুর সম্পর্কে তিনি বলেন, এখানকার যিনি সংসদ সদস্য তিনিও এই অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চান। নির্বাচিত সরকারেরও দায়বদ্ধতা রয়েছে, জবাবদিহিতা রয়েছে জনকল্যাণ জনআকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করার দায়িত্ব রয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
এ সময় পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএন




