রাজনীতি
প্রথমবারের মতো সংসদে এনসিপি: নাহিদ-হাসনাতসহ সংসদে যাচ্ছেন যারা
জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় সাফল্য পেয়েছে। দলটির আহবায়ক নাহিদ ইসলামসহ মোট ৬ জন নেতা বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারা প্রথমবারের মতো জাতীয় সংসদে দলটির হয়ে প্রতিনিধিত্ব করবেন।
বিজয়ীদের তালিকা ও নির্বাচনী এলাকা:
ঢাকা-১১: এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম (শাপলা কলি প্রতীক) ৯৩,৮৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন ৯১,৮৩৩ ভোট।
কুমিল্লা-৪: দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ১,০৪,৯৪৭ ভোট পেয়ে বিশাল জয় পেয়েছেন।
রংপুর-৪: এনসিপির সদস্য সচিব আখতার হোসাইন ১,৪৭,৯৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নোয়াখালী-৬: এনসিপির যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
কুড়িগ্রাম-২: দলটির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মুজাহিদ ১,৭৯,৭৮৬ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ-৪: এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন এই আসন থেকে বিজয়ী হয়েছেন।
এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে এবং ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ ছিল। এই নির্বাচনে তরুণ নেতৃত্বের এই জয় দেশের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
এমএন
রাজনীতি
দলের নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্রের বিজয় বলছে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে দলের ‘নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্রের বিজয়’ বলে আখ্যায়িত করেছে বিএনপি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির অফিসের সামনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল। বিএনপির সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণের আবেগ আকাঙ্ক্ষা এবং অনুভূতি।
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির না, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের।”
মাহদী আমীন বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের যে আস্থা সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন, ইনশআল্লাহ ভবিষ্যতের একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এ বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন।
অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা এবং আগামী বিএনপি সরকার জনগণের প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিতামূলক, স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাআল্লাহ নিশ্চিত করবে।
আগামী বাংলাদেশে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। সমস্যার সমাধান করবে। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র অটুট রাখবে। এটি আমাদের নেতা সুনিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি।
এমএন
রাজনীতি
জয় পেয়ে প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান আখতারের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বিজয় অর্জন করেছেন ১১-দলীয় জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন। বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে সবাইকে সঙ্গে নিয়ে আধুনিক নির্বাচনী এলাকা গড়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রংপুরের কাউনিয়ায় নিজ বাসায় ভক্ত সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এ কথা বলেন আখতার হোসেন৷
রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা আসনে ১১ দলীয় জোটসমর্থিত জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন শাপলা কলি প্রতীকে প্রায় দেড় লাখ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম বিএনপির প্রার্থী প্রায় ৯ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন।
রাজনীতি
আগামীর বাংলাদেশ হবে মেধা ও প্রযুক্তিনির্ভর: সালাহউদ্দিন আহমদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী ফলাফল ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিএনপির সরকার দেশ গড়ার ক্ষেত্রে প্রথাগত পদ্ধতির বদলে মেধা ও আধুনিক প্রযুক্তির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেবে। তিনি বলেন, আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূলে প্রাধান্য দিয়ে কাজ করবে বিএনপি। যেখানে মেধা ও প্রযুক্তিনির্ভর দেশ গড়াকে গুরুত্ব দেওয়া হবে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির সরকার তিনটি বিষয়কে গুরুত্ব দিবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা তিনটি জিনিসকে সবচাইতে গুরুত্ব দিচ্ছি, আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূল করা।’
নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র চর্চার ভিত্তি রচনা শুরু হয়েছে বলে মনে করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই যাত্রা অব্যাহত থাকবে।
বিএনপির ৩১ দফার আলোকে রাষ্ট্র ও সংবিধানের সংস্কার করা হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ইতিমধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, এটি একটি রাজনৈতিক সমঝোতার দলিল, এটি অক্ষরে অক্ষরে পালন করা হবে।
বিএনপির এই জয়কে বহুল প্রত্যাশিত উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেন বিজয়ীদের বিষয়ে বিকেলের মধ্যে নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন জারি করবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদার ভিত্তিতে বিএনপির সরকার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। যেখানে সমতা ও পারস্পরিক সম্পর্কও গুরুত্ব পাবে বলে জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়া বিএনপির সরকার দেশ গড়ার ক্ষেত্রে মেধা ও প্রযুক্তিকে গুরুত্ব দেবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূলে প্রাধান্য দিয়ে কাজ করবে বিএনপি। যেখানে মেধা ও প্রযুক্তিনির্ভর দেশ গড়াকে গুরুত্ব দেওয়া হবে।
এমএন
রাজনীতি
সংসদে যাচ্ছেন সাত স্বতন্ত্র প্রার্থী, তাঁরা কারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী সাতজন প্রার্থীর সবাই বিএনপির সাবেক নেতা ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে তাঁরা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নিজ নিজ এলাকায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে জয়লাভ করেন।
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়। শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট বাতিল করা হয়। এই নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।
বেসরকারিভাবে ২৯৭টি আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে বিএনপি ও জোটভুক্ত দলগুলো পেয়েছে ২১২ আসন। আর জামায়াতে ইসলামী ও মিত্রদলগুলো পেয়েছে ৭৭টি আসন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সাতটি আসন।
স্বতন্ত্র প্রার্থী হয়ে জিতলেন যাঁরা
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা (হাঁস প্রতীক) বড় ব্যবধানে জয়ী হয়েছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জুনায়েদ আল হাবিব। তাঁর চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়েছেন রুমিন ফারহানা। তিনি বিএনপির সংসদ সদস্য ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে এবার তিনি স্বতন্ত্র নির্বাচন করেন।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ। তিনি বিএনপির সাবেক নেতা, সাবেক প্রতিমন্ত্রী। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ওবায়দুল হক নাসির। তিনি পেয়েছেন ৮২ হাজার ৭৬৯ ভোট। বিদ্রোহী প্রার্থী হওয়ায় লুৎফর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান। তিনি পেয়েছেন ৭৯ হাজার ৬০৪ ভোট। তিনি ২০১৮ সালে বিএনপির প্রার্থী ছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা। তিনি পেয়েছেন ৬৬ হাজার ৪৫০ ভোট। মজিবুর রহমান বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁকে বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র আব্দুল হান্নান বিজয়ী হয়েছেন। উপজেলা বিএনপি থেকে বহিষ্কৃত হান্নান পেয়েছেন ৭৪ হাজার ১৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. হারুনুর রশিদ। তিনি পেয়েছেন ৬৯ হাজার ১৫৫।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম ওরফে শাওন কলস প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট। তিনি উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি। তাঁর নিকটতম প্রার্থী বিএনপির প্রার্থী রেদোয়ান আহমদ। তিনি পেয়েছেন ৪৮ হাজার ৫০৯ ভোট। তিনি সাবেক প্রতিমন্ত্রী।
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর। বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি ১ লাখ ৭ হাজার ২৪১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ। তিনি পেয়েছেন ১ লাখ ৭৩৬ ভোট। এখানে বিএনপির মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন সালমান ওমর। প্রার্থী হওয়ায় দল তাঁকে বহিষ্কার করে।
দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আব্দুল আহাদ। তিনি পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৫ ভোট। এ আসনে বিএনপির প্রার্থী ছিলেন এ কে এম কামরুজ্জামান। রেজয়ানুল হক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁকে দল বহিষ্কার করে।
এমএন
রাজনীতি
বিএনপির নিরঙ্কুশ বিজয়: তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন মোদি
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ব্যক্তিগতভাবে ফোন করে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ভারতের প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলারে এ তথ্য জানান।
নরেন্দ্র মোদি লিখেছেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে তাঁর উল্লেখযোগ্য বিজয়ের জন্য আমি তাঁকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তাঁর প্রচেষ্টার জন্য আমি শুভকামনা ও সমর্থন জানিয়েছি।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে, আমাদের দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।
এর আগে তারেক রহমানকে টুইট বার্তায় অভিনন্দনও জানান নরেন্দ্র মোদি।
এমএন



