অন্যান্য
ডিএসই লক্ষ্য স্বচ্ছ, দক্ষ ও বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম নিশ্চিত: প্রধান রেগুলেটরি কর্মকর্তা
স্টক এক্সচেঞ্জের মূল লক্ষ্য হলো মূলধন উত্তোলনের জন্য একটি স্বচ্ছ, দক্ষ ও বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম নিশ্চিত করা বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান রেগুলেটরি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া।
বুধবার (২৮ জানুয়ারি) ডিএসই ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত “প্রবৃদ্ধির পরবর্তী পদক্ষেপ: তালিকাভুক্তির পথে অগ্রযাত্রা-প্রবৃদ্ধি, সুশাসন ও বিশ্বাসযোগ্যতা জোরদারের কৌশলগত দিকনির্দেশনা” শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, নতুন আইপিও রুলস ২০২৫ মানসম্মত কোম্পানির তালিকাভুক্তি, শক্তিশালী কর্পোরেট গভর্ন্যান্স ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির মাধ্যমে টেকসই পুঁজিবাজার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারে উপস্থিত বক্তারা গণমাধ্যমকে জানান, তালিকাভুক্তি ডিএসই’র ধারাবাহিক প্রবৃদ্ধি একটি সময়োপযোগী ধাপ, যার মাধ্যমে কর্পোরেট সুশাসনের সঙ্গে পরিচালন কাঠামো আরও সুসংগত হয়। এ পদক্ষেপ স্বচ্ছতা, জবাবদিহিতা ও বাজার শৃঙ্খলা শক্তিশালী করার পাশাপাশি দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের সুযোগ সৃষ্টি করে। নতুন কাঠামোতে লিস্টিংকে কৌশলগত প্রবৃদ্ধির সিদ্ধান্ত হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং গভর্ন্যান্সকে তালিকাভুক্তির পূর্বশর্ত করা হয়েছে। এছাড়া ডিউ ডিলিজেন্স ও তালিকাভুক্তির পরবর্তী দায়বদ্ধতা শক্তিশালী করায় বাজারে শৃঙ্খলা, সঠিক মূল্য নির্ধারণ ও বিনিয়োগকারী সুরক্ষা নিশ্চিত হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রণীত পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫–এর ওপর আলোচনা করেন অতিরিক্ত পরিচালক শেখ মো: লুত্ফুল কবির। তিনি নতুন বিধিমালার পটভূমি, প্রধান পরিবর্তন, আইপিও প্রক্রিয়া, বুক বিল্ডিং ও আন্ডাররাইটিং প্রক্রিয়ার সংস্কারসমূহ তুলে ধরেন। তিনি জানান, নতুন বিধিমালা আইপিও প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও বাজারবান্ধব করে সম্ভাবনাময় কোম্পানির পুঁজিবাজারে প্রবেশ সহজ করবে।
ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিব আলমগীরের নেতৃত্বে একটি টিম “Process of Onboarding Prospective Issuers under the New Rules” বিষয়ে প্রেজেন্টেশন প্রদান করেন। এতে সফল আইপিও প্রক্রিয়ার তিনটি মূল ধাপ—কৌশলগত পরিকল্পনা, আইপিও প্রস্তুতি এবং আইপিও লেনদেন সম্পাদন তুলে ধরা হয়। আইপিও-কে একটি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি উল্লেখ করে তারা স্বচ্ছতা ও সুশাসনের ওপর গুরুত্বারোপ করেন।
প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সাইদ মাহমুদ জুবায়ের দেশের পুঁজিবাজার কাঠামো, তালিকাভুক্তি প্রক্রিয়া এবং QIO (Qualified Investor Offer) কাঠামোর মাধ্যমে ক্ষুদ্র মূলধনী ও স্টার্টআপ কোম্পানির বাজার প্রবেশের সুযোগ ব্যাখ্যা করেন। এছাড়া ATB-তে কম খরচে শেয়ার হস্তান্তর, আধুনিক ট্রেডিং সিস্টেম ও বিদ্যমান কর সুবিধার বিষয়টিও আলোচনায় আসে।
সমাপনী বক্তব্যে প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমান বলেন, বাজারের বাস্তব চাহিদা বিবেচনায় রেখেই এই নীতিমালা তৈরি করা হয়েছে। টাইমলাইনের বিষয়ে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা একটি বড় অগ্রগতি। সে অনুযায়ী সিস্টেম প্রস্তুত করা হয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা যায়। এর মাধ্যমে একটি আরও পরিপক্ব, সুসংগঠিত ও কার্যকরভাবে নিয়ন্ত্রিত স্টক মার্কেট গড়ে তোলা সম্ভব হবে।
এমএন
অন্যান্য
সখিপুরের তারাবুনিয়ায় বিষধর সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু
শরীয়তপুরের সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নোয়াব আলী সরকারের গ্রামে বিষধর সাপের কামড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকাল ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফজিলতুন নেছা (৬০) মহর আলী গাজীর স্ত্রী এবং মাস্টার ওমর আলী গাজীর মা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির আঙিনায় কাজ করার সময় হঠাৎ ইঁদুরের গর্ত থেকে বের হওয়া একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমএন
অন্যান্য
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের সমর্থনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ঢাকা জজকোর্ট শাখার দায়িত্বশীল সমাবেশ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট ডক্টর হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মো. জসীম উদ্দীন সরকার।
বিশেষ অতিথি ছিলেন এডভোকেট শিশির মোহাম্মদ মনির ও ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম।
এডভোকেট আব্দুর রাজ্জাকের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের সভাপতি পদপ্রার্থী এডভোকেট এস এম কামাল উদ্দিন, সেক্রেটারি পদপ্রার্থী এডভোকেট আবু বক্করসহ প্যানেলের সকল পদের প্রার্থীগণ।
বক্তরা বলেন, ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে। তারা আশঙ্কা প্রকাশ করেন আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু, নিরপক্ষে ও গ্রহনযোগ্য হবে কি-না। বক্তরা ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে নির্বাচনের জন্য গঠিত কমিশন দুই প্যানেলের সমান সংখ্যক সদস্য দিয়ে গঠন করার নিয়ম সেখানে বিএনপি শুধুমাত্র তাদের প্যানেলের এবং তাদের দলীয় আইনজীবীদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে। ফলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। পাশাপাশি পক্ষপাতিত্ব করা হচ্ছে। বক্তরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে এবং নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব মূলক ভূমিকা বন্ধ না হলে আইনজীবীরা আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে বাধ্য হবে।
অন্যান্য
অনলাইনে জ্ঞানী-গুণীদের উক্তি লিখে জিতুন পুরস্কার
জ্ঞানী-গুণীদের উক্তি লিখে এবার জিতে নেওয়া যাবে আকর্ষণীয় পুরস্কার। উইকিউক্তিতে তথ্যসমৃদ্ধ ভুক্তি সংখ্যা বৃদ্ধি ও মানোন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে মাসব্যাপী ‘উক্তি প্রতিযোগিতা ২০২৬’। বাংলা উইকিসংযোগ দলের আয়োজনে ১ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বাংলাভাষী স্বেচ্ছাসেবক ও অবদানকারীরা এতে অংশ নিতে পারবেন। অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা বিখ্যাত ব্যক্তিদের উক্তি সংকলনে অবদান রাখার পাশাপাশি জিতে নিতে পারবেন বিভিন্ন পুরস্কার।
প্রতিযোগিতায় মূল আকর্ষণ হিসেবে শীর্ষ ১০ জন বিজয়ীর জন্য রয়েছে গিফট ভাউচার ও সার্টিফিকেট। প্রথম স্থান অধিকারী পাবেন ৬,০০০ টাকা সমমূল্যের গিফট ভাউচার। এছাড়া দ্বিতীয় থেকে পঞ্চম স্থান পর্যন্ত যথাক্রমে ৪,০০০, ৩,০০০, ২,৫০০ ও ২,০০০ টাকার সমমূল্যের গিফট ভাউচার। ষষ্ঠ থেকে দশম স্থান অধিকারীরা পাবেন ৫০০ টাকা করে গিফট ভাউচার। পাশাপাশি সেরা ১০ জনকে দেওয়া হবে বিশেষ মুদ্রিত সনদপত্র এবং অন্তত একটি ভুক্তি গৃহীত হলে অংশগ্রহণকারীদের জন্য থাকবে অনলাইন সনদ।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিযোগীদের নাটক, চলচ্চিত্র, গান বা সাহিত্যের নির্দিষ্ট কিছু ক্ষেত্র ব্যতীত উল্লেখযোগ্য যেকোনো ব্যক্তি বা বিষয়ে নতুন উক্তির পাতা তৈরি করতে হবে। প্রতিটি নতুন পাতায় কমপক্ষে ১৫০টি শব্দ এবং নির্ভরযোগ্য উৎসসহ অন্তত ৩টি উক্তি থাকা বাধ্যতামূলক। বিদেশি ব্যক্তিদের উক্তির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-মুক্ত সাবলীল বাংলা অনুবাদ ব্যবহার করতে হবে।
উল্লেখ্য, উইকিপিডিয়ার সহপ্রকল্প উইকিউক্তি মূলত বিখ্যাত ব্যক্তিদের অমর বাণীর একটি মুক্ত ভাণ্ডার। বর্তমানে বাংলা উইকিউক্তিতে আড়াই হাজারের মতো উক্তির পাতা রয়েছে। এই জ্ঞানভাণ্ডারকে আরও সমৃদ্ধ করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। প্রতিযোগিতার নিয়মাবলি ও নিবন্ধ জমা দেওয়ার বিস্তারিত তথ্য জানা যাবে উইকিউক্তির নির্ধারিত প্রকল্প পাতায়।
এমএন
অন্যান্য
‘আসল চুক্তি’ না মানা পর্যন্ত মার্কিন বাহিনী ইরানের আশপাশে থাকবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, একটি ‘প্রকৃত চুক্তির’ শর্তগুলো পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ভেতরে এবং আশপাশে অবস্থান করবে। তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, এই অবস্থানে থাকবে মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক সদস্যরা। সেই সঙ্গে থাকবে অতিরিক্ত গোলাবারুদ, অস্ত্রশস্ত্র এবং প্রয়োজনীয় সকল সরঞ্জাম, যা ‘ইতোমধ্যেই যথেষ্ট দুর্বল হয়ে পড়া শত্রুর’ ওপর চূড়ান্ত আক্রমণ ও ধ্বংসযজ্ঞ চালানোর জন্য সহায়ক হবে।
ট্রাম্প আরও উল্লেখ করেন, এই চুক্তি লঙ্ঘন হওয়ার সম্ভাবনা ‘খুবই কম’। তবে তিনি সতর্ক করে বলেন, যদি ‘যেকোনো কারণে’ চুক্তি ভঙ্গ করা হয়, তবে এমনভাবে ‘যুদ্ধ বা গোলাবর্ষণ শুরু হবে’ যা আগে কেউ কখনো দেখেনি। এই হামলা হবে আগের চেয়ে অনেক বড়, কার্যকর এবং শক্তিশালী।
তিনি আরও দাবি করেন, অনেক আগে থেকেই এ বিষয়ে সমঝোতা হয়েছে—ইরান কোনো ‘পারমাণবিক অস্ত্র’ তৈরি করবে না এবং হরমুজ প্রণালি ‘উন্মুক্ত ও নিরাপদ’ থাকবে।
তার মতে, এর বিপরীতে যতোই বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হোক না কেন, এটাই মূল সিদ্ধান্ত।
ট্রাম্প তার পোস্টের শেষে লিখেছে, ‘এরই মধ্যে আমাদের মহান সামরিক বাহিনী রসদ মজুত করছে এবং বিশ্রাম নিচ্ছে। তারা প্রকৃতপক্ষে তাদের পরবর্তী বিজয়ের জন্য মুখিয়ে আছে। আমেরিকা ফিরে এসেছে।’
অন্যান্য
অ্যাডিশনাল ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির সোমবার (৬ এপ্রিল) স্বাক্ষরিত আলাদা আলাদা অফিস আদেশে এসব বদলির নির্দেশ দেয়া হয়।
অফিস আদেশ অনুযায়ী, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) রায়হান উদ্দিন খানকে পুলিশ সদর দফতরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখায় বদলি করা হয়েছে। একই সঙ্গে পারসোনাল ম্যানেজমেন্ট-১-এ কর্মরত অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিনকে রিপেয়ার অ্যান্ড মেইনটেইন্যান্স শাখায় স্থানান্তর করা হয়েছে।
এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগেও একাধিক কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।
সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আব্দুল কাদেরকে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে। ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. খালিদ বোরহানকে ট্রাফিক বিভাগে পাঠানো হয়েছে।
একই আদেশে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার আমেনা আক্তারকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিএমও) পশ্চিম বিভাগে দায়িত্ব দেয়া হয়েছে। পিএমও পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার শারমিন আক্তার চুমকিকে সচিবালয় নিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে। অন্যদিকে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার অরিত সরকারকে প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং দাফতরিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ রদবদল করা হয়েছে।




