জাতীয়
ভারত থেকে হুমকি আসছে, বাসার লোকেশন ট্র্যাক করা হচ্ছে: হাদির চিকিৎসক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসকদের ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেয়া হচ্ছে। তাদের নাম্বার বিভিন্ন পাবলিক প্ল্যাটফর্মে ছড়িয়ে দেয়া হচ্ছে অভিযোগ করেছেন হাদির চিকিৎসক।
রবিবার (১৪ ডিসেম্বর) হাদির সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে প্রেস ব্রিফিংয়ে তার চিকিৎসক বলেছেন, হাদিকে আজ সকালে মেডিকেল বোর্ডের মিটিংয়ের আগেই সিটি স্ক্যান করা হয়েছে। এই রিপিট সিটি স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা), অক্সিজেনের ঘাটতি পাওয়া গেছে, যা ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মস্তিষ্কের কিছু অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণও পাওয়া গেছে। অর্থাৎ সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাদির মস্তিষ্কের পরিস্থিতি খুবই খারাপ।
এদিকে হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসকরাও নানা মাধ্যমে হুমকি পাচ্ছেন জানিয়ে তিনি যোগ করেন, আমাদের জীবন হুমকির মুখে আছে। আমাদের ধারাবাহিকভাবে ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেয়া হচ্ছে। আমাদের নাম্বার পাবলিক করে দেয়া হচ্ছে, বিভিন্ন গ্রুপে নাম্বার ছড়িয়ে দেয়া হচ্ছে। আমাদের পরিবার ও বাসার লোকেশন ট্র্যাক করা হচ্ছে।
চিকিৎসার জন্য হাদিকে বিদেশে পাঠানোর পরিকল্পনা চলছে জানিয়ে তার চিকিৎসক বলেন, ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরিকল্পনা আছে, তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তিনি জানান, মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি কেস সামারি প্রস্তুত করে দেয়া হয়েছে। তবে রোগীকে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা আছে কি না, সেটিও বড় প্রশ্ন।
জাতীয়
যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের দিন সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।
বুধবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, প্রধানমন্ত্রী ঈদের দিন সকালে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় যমুনায় উপস্থিত হয়ে প্রথমে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক এবং উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরে বাংলা নগরে শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।
দীর্ঘ দেড় যুগ পর এটি দেশে তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। গত ১৭ বছর তিনি লন্ডনে ঈদ পালন করেছেন। গত ২৫ ডিসেম্বর পরিবারসহ দেশে ফেরেন তিনি।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এক-তৃতীয়াংশ ভোট পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান।
জাতীয়
সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক এমপি জি এম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত
চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ জি এম ফজলুল হকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই জানাজা সম্পন্ন হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ জানাজায় ইমামতি করেন। জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জানাজার আগে মরহুমের ছেলে পরিবারের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন এবং তার বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্পিকার বলেন, জি এম ফজলুল হক ছিলেন একজন সৎ ও আদর্শবান মানুষ। দেশের সেবায় তিনি আজীবন নিজেকে উৎসর্গ করে গেছেন।
স্পিকার ছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সচিব কানিজ মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। উক্ত জানাজায় সংসদ সদস্য, সার্জেন্ট অ্যাট-আর্মস এবং সংসদ সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জি এম ফজলুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জি এম ফজলুল হক ১৯৯৬ ও ২০০১ সালের (৭ম ও ৮ম) জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার অবকাঠামো উন্নয়ন ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
জাতীয়
ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত, সময়সূচি প্রকাশ
চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার বা শনিবার (২০ বা ২১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতর উপলক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বুধবার (১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাতীয় ঈদগাহে ইমামতি করবেন। বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী প্রস্তুত থাকবেন। ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করবেন।
এ সময় বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
এমএন
জাতীয়
ঈদযাত্রায় সড়কে বিশৃঙ্খলা হলে ঈদের পর ব্যবস্থা: সড়ক পরিবহনমন্ত্রী
ঈদযাত্রায় সড়কে বিশৃঙ্খলা পাওয়া গেলে, এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ঈদের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রার খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের কাছে এ আশ্বাস দেন তিনি।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও কেউ অনিয়ম করলে ঈদযাত্রায় সড়কে বিশৃঙ্খলা ও অনিময়কারীদের বিরুদ্ধে ঈদের পর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় গাড়ির বিচ্ছিন্ন চাপ বাড়লেও তা নিয়ন্ত্রণে সার্বক্ষণিক কাজ করছে সরকার।
এররআগে সোমবার ঈদযাত্রায় যানবাহনে এবার বেশি ভাড়া নেওয়ার নজির নেই বলে জানান শেখ রবিউল আলম। ওইদিন তিনি বলেন, বরং কোনো কোনো রুটে ভাড়া কম নেওয়া হচ্ছে।
২১ মার্চ সম্ভাব্য পবিত্র ঈদুল ফিতর ধরে এবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ১৭ থেকে ২৩ মার্চ। গতকাল ঈদের ছুটি শুরুর পর ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে পথে। এবারের ঈদযাত্রায় তেমন একটা ভোগান্তির খবর এখনও মেলেনি।
এমএন
জাতীয়
জাতীয় ঈদগাহে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় ঈদের প্রধান জামাত ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নামাজের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এই জামাতে ইমামতির দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। কোনো কারণে প্রধান ইমাম উপস্থিত থাকতে না পারলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
জাতীয় ঈদগাহের জামাতে উপস্থিত থাকেন পীর-মাশায়েখ, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
অন্যদিকে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বরাবরের মতো এবারও পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়, যার ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। এরপর দ্বিতীয় জামাত সকাল ৮টায় মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভীর পরিচালনায় অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাতটি সকাল ৯টায় অনুষ্ঠিত হবে এবং এর ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন। চতুর্থ জামাত সকাল ১০টায় মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারীর ইমামতিতে সম্পন্ন হবে।
বায়তুল মোকাররমের পঞ্চম ও সর্বশেষ জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এই জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। এই পাঁচটি জামাতের ক্ষেত্রে কোনো ইমামের অনুপস্থিতিতে বিকল্প হিসেবে দায়িত্ব পালনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিরাপদ ও সুষ্ঠুভাবে এই ধর্মীয় উৎসব সম্পন্ন করতে ইতোমধ্যে জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ও ওজুখানা ব্যবস্থাপনার কাজ শুরু হয়েছে।
এমএন




