জাতীয়
কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন আসিফ মাহমুদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা নিশ্চিত করলেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার ডাকা জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, ইতোমধ্যে তিনি তার কূটনৈতিক পাসপোর্টটিও জমা দিয়ে দিয়েছেন। সম্পদ বিবরণীও জমা দিয়েছেন তিনি।
সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, আসিফ মাহমুদ পদত্যাগ কখন করছেন? এর উত্তরে তিনি বলেন, এ ব্যাপারে আমার বলা মানা। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানাবে।
আগামী জাতীয় নির্বাচনে তিনি অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। তবে কোনো দলের পক্ষ থেকে, নাকি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, সেটি স্পষ্ট করেননি আসিফ মাহমুদ।
সরকারে থাকা এই ছাত্র উপদেষ্টা জবাব দেন, তিনি নির্বাচন করবেন এটা নিশ্চিত। তবে কোন আসন ও দল থেকে ভোট করবেন, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তার মতে, সবকিছু ২-৩ দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আসিফ মাহমুদকে প্রশ্ন করা হয়েছিল, বিএনপিতে যোগ দিয়ে নাকি এনসিপি থেকে ঢাকা-১০ আসনে ভোট করবেন তিনি।
এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি যতটুকু জানি ওখানে (ঢাকা-১০) বিএনপি প্রার্থী দিয়েছে। আসলে কতগুলো গুঞ্জন তো ছড়িয়েছে।’
জাতীয়
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
ত্রয়োদশ জাতীয় সংসদের নব নির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে এ শপথ পড়ানো হয়। জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে এই শপথ পড়ানো হয়।
তার আগে সংসদ সদস্যের হ্যাঁ ভোটে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টার পর শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রথমে সভাপতি হিসেবে নির্বাচন করা হয় সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে।
এমএন
জাতীয়
ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। একইসঙ্গে সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তারা নির্বাচিত হন।
অধিবেশনের শুরুতে সভাপতির দায়িত্বে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদের জন্য কেবল একটিমাত্র মনোনয়নপত্র জমা পড়েছে। সেটি হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন।
ডেপুটি স্পিকার পদেও একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। সেই মনোনয়ন অনুযায়ী ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।
এমএন
জাতীয়
স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম ভাষণ দিয়েছেন তারেক রহমান। ভাষণে তিনি ১৯৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন-সংগ্রামে সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন তিনি। স্মরণ করেছেন তার প্রয়াত মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার কথা।
‘দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি’— বললেন প্রধানমন্ত্রী। এরপর খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
দল-মতনির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন বলে জানালেন প্রধানমন্ত্রী। বললেন, প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। এর জন্য প্রয়োজন সবার সহযোগিতা।
স্বনির্ভর দেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এমএন
জাতীয়
সংসদের প্রথম অধিবেশন শুরু হলো মোশাররফ হোসেনের সভাপতিত্বে
ত্রয়োদশ জাতীয় সংসদে বর্তমানে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকায় অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সভাপতির নাম প্রস্তাবের পর তা চূড়ান্ত হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার কিছু পরে স্পিকারের চেয়ার খালি রেখে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়। তার সভাপতিত্বেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করার কথা রয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর পরপরই ভেঙে দেওয়া হয় দ্বাদশ জাতীয় সংসদ। এর দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ সংসদ নির্বাচন। ওই নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন পেয়ে সংসদের প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকায় এবার সংসদে দলটির কোনো প্রতিনিধিত্ব নেই।
সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। সেই বাধ্যবাধকতায় ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এমএন
জাতীয়
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার পর এই অধিবেশন শুরু হয়েছে।
পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রয়েছে। আজকের অধিবেশনের দলীয় কৌশল নির্ধারণে গতকাল বুধবার সরকার ও বিরোধীদলীয় এমপিরা আলাদা সংসদীয় দলের বৈঠক করেছেন। তবে এখন পর্যন্ত স্পষ্ট হয়নি– শুরুর বৈঠকে কে সভাপতিত্ব করবেন এবং নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন। গতকালের বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলের অবস্থান অনুযায়ী নোট অব ডিসেন্ট (আপত্তি) সহকারে জুলাই সনদ বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছেন।
অন্যদিকে জামায়াত ও এনসিপির অবস্থান অনুযায়ী বিরোধীদলীয় সদস্যরা গণভোটে পাস হওয়া জুলাই সনদের হুবহু বাস্তবায়ন চায়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কাঠামো, সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতিসহ কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নির্ধারণ নিয়েই দুপক্ষের মধ্যে মূলত মতবিরোধ তৈরি হয়েছে।
এমএন




