ক্যাম্পাস টু ক্যারিয়ার
উচ্চশিক্ষায় পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান ছড়াতে বিএএসএম-জাতীয় বিশ্ববিদ্যালয়ের চুক্তি
উচ্চশিক্ষায় পুঁজিবাজারভিত্তিক বাস্তব জ্ঞান সম্প্রসারণে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের কেন্দ্রীয় আকর্ষণ ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিএএসএমের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, যার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে নন-ফাইনান্সিয়াল রিসোর্স শেয়ারিং এবং বিএএসএমের অনলাইন-অফলাইন লাইব্রেরি অ্যাক্সেস আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
রোববার (৩০ নভেম্বর) বিএএসএম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)-এর মহাপরিচালক জনাব কামরুল আনাম খান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ নুরুল ইসলাম, পিএইচডি (ইউনিভার্সিটি অফ নোটিংহাম, ইউকে)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রফেসর ডক্টর মো. আবুদ দারদা, ডীন, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এবং ব্যবসা প্রশাসন বিভাগের সভাপতি এস এম মুজাহিদুল ইসলাম (সহ স্বাক্ষরকারী)।
সমাপনী বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, “এই সমঝোতা স্মারক উচ্চশিক্ষায় পুঁজিবাজারভিত্তিক বাস্তব জ্ঞান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর জন্য এটি একটি নতুন সুযোগ, যেখানে রিসোর্স শেয়ারিংয়ের মাধ্যমে দক্ষতা উন্নয়ন আরও সহজ হবে।”
অন্যদিকে, বিএএসএমের মহাপরিচালক কামরুল আনাম খান বলেন, বর্তমান আর্থিক পরিবেশে জেনে বুঝে বিনিয়োগের গুরুত্ব অপরিসীম। নতুন প্রজন্ম যেন তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে ,এই স্বাক্ষর সেই পথকে আরও সুদৃঢ় করবে। সচেতন বিনিয়োগ শিক্ষা ভবিষ্যতে একটি স্থিতিশীল আর্থিক সমাজ গঠনে সহায়ক হবে।
এমকে
ক্যাম্পাস টু ক্যারিয়ার
সিটি ব্যাংকে নিয়োগ, আবেদনে নেই বয়সসীমা
দ্য সিটি ব্যাংক পিএলসিতে ‘অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার/রিলেশনশিপ ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৫ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: দ্য সিটি ব্যাংক পিএলসি
বিভাগের নাম: মিডিয়াম বিজনেস
পদের নাম: অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার/রিলেশনশিপ ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ৪ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৫ মার্চ ২০২৬
ক্যাম্পাস টু ক্যারিয়ার
ঢাবিতে অধ্যয়নরত সখিপুর থানা শিক্ষার্থীদের সংগঠন ‘বালুচর’-এর নতুন কমিটি গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত শরীয়তপুর জেলার সখিপুর থানার শিক্ষার্থীদের সংগঠন ‘বালুচর’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নাজিম উদ্দীন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. সুমন হোসাঈন নির্বাচিত হয়েছেন।
গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনের এক বিশেষ সভায় নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটি আগামী এক বছর সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের গতিশীলতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
এমএন
ক্যাম্পাস টু ক্যারিয়ার
ইবিতে ছাত্রশিবিরের আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতার আয়োজন
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা-২০২৬’ এর আয়োজন করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় আর্থিক পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানানো করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে, আগামী ১৫ রমজান (৫ মার্চ ২০২৬) পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে। রেজিস্ট্রেশন সম্পন্নকারী ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেখানে পরীক্ষার সার্বিক আপডেট ও নির্দেশনা প্রদান করা হবে।
আগামী ২৩ রমজান (১৩ মার্চ) বিকেল ৩টা থেকে ৩ টা ৪০ মিনিট পর্যন্ত ৪০ মিনিটের একটি ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সিলেবাসে রয়েছে সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা নূর এবং সূরা যিলযাল এবং তাফসীর গ্রন্থ হিসেবে তাফহীমুল কুরআন নির্ধারণ করা হয়েছে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ৪ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ২ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকে পাবেন ১ হাজার টাকা করে পুরস্কার।
উল্লেখ্য, পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের মাঝে কুরআনের জ্ঞান, অর্থ ও ব্যাখ্যা গভীরভাবে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে বলে শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়।
এমএন/ মো. সাকিব আসলাম
ক্যাম্পাস টু ক্যারিয়ার
পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাঁর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে তাঁর পদত্যাগপত্র হস্তান্তর করেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপাচার্য মহোদয় রবিবার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। যদিও মন্ত্রণালয় থেকে এখনও কিছু জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপাচার্য ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্ত নেন। নিয়ম অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে জানান শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে ঢাবি উপাচার্য বলেছিলেন, আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আমি এখন মনে করছি, দায়িত্ব পালনের পর্বে আমরা একটা ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।
ওই সময় তিনি বলেন, এখন এই মুহূর্তে যেন কোনো শূন্যতা না হয়, ধারাবাহিকতা যেন কোনো অসুবিধায় না পড়ে, বিশ্ববিদ্যালয়ের স্মুথ ট্রানজিশন দরকার, সে জন্য যদি সরকার ও অংশীজনেরা মনে করেন আরও কিছু সময় এই ধারাবাহিকতার প্রশ্নে, হঠাৎ শূন্যতা যেন না হয়, সেই প্রশ্নে যদি তারা কিছু সময় নিতে চান, আমি সেটি বিবেচনা করতে রাজি আছি।
সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য আরও বলেছিলেন, আমি সরে দাঁড়াতে চাই যেন রাজনৈতিক সরকার তার মতো করে তার প্রশাসন সাজিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে যদি তাদের আমার কোনো সহযোগিতা দরকার হয়, আমি যেকোনো সময় প্রস্তুত আছি। তার ভাষ্য, আমি সরকারকে অনুরোধ করব—আমাকে যত দ্রুত সম্ভব আমার ডেপুটেশন থেকে অবহিত দিয়ে শিক্ষকতার মূল কাজ আমার বিভাগে ফেরত যাওয়ার যেন অনুমতি দেওয়া হয়।
এমএন
ক্যাম্পাস টু ক্যারিয়ার
শিক্ষার উন্নয়নে ‘পোল ভল্ট জাম্প’ দিতে হবে
শিক্ষাকে জাতি গঠনের প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার উন্নয়নে হাইজাম্প নয়—পোল ভল্ট জাম্প দিতে হবে।
মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথমদিনে গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে হাইজাম্প নয়; আরও বড় জাম্প দিতে হবে। পোল ভল্ট জাম্প দিয়ে শিক্ষায় পরিবর্তন আনতে হবে। আমাদের যুগোপযোগী শিক্ষার ব্যবস্থা করতে হবে। এর আগে আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে অনেক ভালোবাসেন। তিনি শিক্ষাকে বেশি গুরুত্ব দেবেন।
শিক্ষা খাতে দুর্নীতি ও নিয়োগ সিন্ডিকেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০০১-২০০৬ মেয়াদে যেমন স্বচ্ছতা ছিল, এবারও কোনো অনিয়ম সহ্য করা হবে না। আমরা দুর্নীতি বন্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ। দুর্নীতি অনিয়ম বন্ধে আমরা জনগণ ও মিডিয়ার কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত।




