জাতীয়
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে: এলজিআরডি মন্ত্রী
ঠাকুরগাঁওয়ে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এলজিআরডি মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। সেজন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার চেষ্টা থাকবে। জেলা প্রশাসকের পক্ষে থেকে হাসপাতালে আরেকটি লিফটের ব্যবস্থা করে দেয়া হবে।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ এলাকার মানুষ যেনো স্বাস্থ্য সেবা পায়। সেই বিষযে আমরা সজাগ থাকবো। হাসপাতাল সুপারকে বলা হয়েছে যা যা প্রয়োজন, আমাদের জানালে আমরা সেভাবে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করে দিতে পারবো।
‘আমি হাসপাতালের সিভিল সার্জনসহ কর্মকর্তাদের অনুরোধ করব স্বাস্থ্য ব্যবস্থাটা যাতে এ জেলায় ভালো হয়, সাধারণ মানুষ যাতে ভালো চিকিৎসা পায়– সেই অনুয়ায়ী আমাদের সীমিত সম্পদ দিয়ে যেন কাজ করতে পারি’, যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, যারা দীর্ঘ সময় ধরে হাসপাতালে কর্মরত আছেন, সেই বিষয়টিও দেখা হচ্ছে। খবু দ্রুত ঠিকঠাক করার জন্য ব্যবস্থা নেয়া হবে।
এসময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সভাপতি ফয়সল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএন
জাতীয়
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে নির্ধারিত সময়ে উড়বে ইউএস-বাংলার ফ্লাইট, বন্ধ থাকছে দুবাই-দোহা
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেই সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ এবং ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশ্যে নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
রোববার (১ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
ইরান-ইসরাইল সংঘাতের জেরে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিরাপত্তাঝুঁকিতে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া এয়ার ইন্ডিগো, ইউএস-বাংলা, সৌদি এয়ারলাইন্সও ফ্লাইট পরিচালনা স্থগিত রাখে। এতে ঢাকা বিমানবন্দরসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েন যাত্রীরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত সময়সূচী অনুযায়ী ফ্লাইট পরিচালিত হবে। যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচীর চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিমানবন্দরে উপস্থিত হয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করার জন্যও অনুরোধ জানায় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবী, শারজাহ ও কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রেখেছে। আরব আমিরাত ও কাতারে ফ্লাইট চলাচল উপযোগী হওয়া মাত্রই যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা হবে।
এমএন
জাতীয়
চিকিৎসায় বিদেশ নির্ভরতা কমাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে বিদেশের ওপর নির্ভরতা কমাতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (১ মার্চ) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রেসিডেন্ট চিকিৎসকদের ইনডাকশন প্রোগ্রামে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসায় বিদেশনির্ভরতা কমাতে হবে। বিএমইউতে মলিকিউলার ল্যাবরেটরি গঠন ও আবাসিক সংকট সমাধান করা হবে। যতক্ষণ মন্ত্রণালয়ে আছি চিকিৎসকদের জন্য যা যা দরকার সব করে দেব।
মো. সাখাওয়াত হোসেন বলেন, মেডিকেল শিক্ষাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী। কারণ মেডিকেল শিক্ষার্থীরা রাজনীতিতে জড়ালে দেশের মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, দেশের মানুষের জন্য মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। দুর্নীতি ও সীমাবদ্ধতা দূর করে সেবা দিতে পারলে দেশের প্রান্তিক মানুষও স্বাস্থ্যসেবা পাবে।
দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের সহযোগিতা কামনা করেন তিনি। তরুণ চিকিৎসকদের গবেষণায় গুরুত্ব দেয়ার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সেইসঙ্গে তরুণ চিকিৎসকদের এআইসহ আধুনিক প্রযুক্তিতে জ্ঞান অর্জনের অনুরোধ করেন ডা. এম এ মুহিত।
জাতীয়
অবশেষে পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান, হস্তান্তর ২ মার্চ
স্থগিত থাকা কবি মোহন রায়হানের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে আগামী ২ মার্চ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কবি মোহন রায়হানকে ২৯২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করার ঘোষণা দেওয়ার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিক এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনা করার সিদ্ধান্ত হয়।
‘উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করার জন্য গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন। অভিযোগ পর্যালোচনান্তে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।’
‘উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করার জন্য গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন। অভিযোগ পর্যালোচনান্তে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।’
জাতীয়
১৩ সচিব পদ খালি
প্রশাসনে ১৩ জন সচিবের পদ খালি রয়েছে। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর আগের সরকারের সময়ে চুক্তিতে নিয়োগ পাওয়া সচিবদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল হয়েছে। একই সঙ্গে কয়েকজন সচিবকে সরিয়ে দেওয়া হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক শীর্ষ পদে শূন্যতা সৃষ্টি হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের পদ খালি রয়েছে।
পরিকল্পনা কমিশনের সচিব পদমর্যাদায় তিনজন সদস্যের পদ খালি রয়েছে। ভৌত অবকাঠামো বিভাগের সদস্য, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য এবং শিল্প ও শক্তি বিভাগের সদস্য পদে কোনো কর্মকর্তা নেই।
এছাড়া জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের পদ শূন্য রয়েছে। মুখ্য সমন্বয়ক (এসডিজি) সিনিয়র সচিবদের পদটিও খালি রয়েছে।
এসব পদে নিয়োগ পেতে কর্মকর্তাদের দৌড়ঝাঁপ চলছে। সরকার আস্থাভাজন হিসেবে অবসরে যাওয়া কিছু কর্মকর্তাকে এসব পদে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে ফেরাতে চাইছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
তবে সরকারের চুক্তিভিত্তিক নিয়োগের উদ্যোগের কারণে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এরইমধ্যে গত ২৪ ফেব্রুয়ারি অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরীকে এক বছরের চুক্তিতে স্বরাষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি।
নতুন সরকারের শপথ নেওয়ার একদিন আগে ১৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদও বাতিল করা হয়। তিনিও পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
এরপর গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৯ সিনিয়র সচিবের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। তারা সবাই অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন। প্রায় সবার মেয়াদই চলতি বছরের শেষের দিকে শেষ হওয়ার কথা।
একই দিন গত সরকারের সময়ে সচিব হওয়া তিনজন কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়।
জাতীয়
ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছুটির দিনেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর তেজগাঁওয়ে অবস্থিত কার্যালয়ে আসেন তিনি। কার্যালয়ের দপ্তর প্রধান, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন।
এ ছাড়া বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সন্মেলন কেন্দ্রে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে তার।




