জাতীয়
দুর্নীতি কমাতে দেশজুড়ে ওয়ান স্টপ সার্ভিস চালুর ঘোষণা: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানিয়েছেন, ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি রোধ এবং স্বচ্ছতার সাথে সেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ স্থাপনের পরিকল্পনা করছে সরকার।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ তথ্য জানান।
ভূমিমন্ত্রী বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের কাজ অত্যন্ত জটিল এবং দেশের মানুষের এই মন্ত্রণালয় নিয়ে ধারণা খুবই কম।’
তিনি আরও বলেন, জনগণের ভোগান্তি কমিয়ে ভূমি ব্যবস্থাকে আধুনিক করতে আমরা একটি টিমওয়ার্কের মাধ্যমে কাজ করছি। আমাদের মূল লক্ষ্য হলো ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে জমির মালিকদের হয়রানি কমানো।
সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর অন্য মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে ‘বিশেষ নির্দেশনা’ দিয়েছেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিজানুর রহমান মিনু বলেন, “এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়। প্রশাসন চলে মন্ত্রণালয়ের অধীনে, আমি বিষয়টি দেখব। মনে রাখতে হবে, দেশ আমাদের সবার এবং এর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বও আমাদের সবার।”
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাজশাহীর স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএন
জাতীয়
১০ মার্চ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ বগুড়া সফরে যাবেন। ওই দিন তিনি বগুড়া সদর উপজেলায় সরকারি এই সফরের মাধ্যমে দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে বগুড়ায় তাঁর প্রথম সরকারি সফর।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।
শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায় অবস্থিত শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে নামাজের আগে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের ঘোষিত সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের সূচনা হবে বগুড়া থেকেই। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি হবে বগুড়ায় প্রথম সরকারি সফর।’
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যে জেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
কার্ডধারী প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে বলে জানা গেছে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এ সুবিধার আওতায় আসবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়,প্রাথমিকভাবে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচিত করা হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার চিহ্নিত করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
দরিদ্র, হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের প্রকৃত চিত্র নির্ধারণে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে যাচাই-বাছাই চলছে।
এমএন
জাতীয়
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানীসহ সারাদেশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার।
রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকাতেও (যেমন বারাসাত) এই ভূকম্পন অনুভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
গত কয়েকদিনে মিয়ানমার ও ভারতে কয়েকদফা ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চল।
এমএন
জাতীয়
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল সার্কিট হাউজে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোর মধ্যে আনতে চাই। তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় গণমাধ্যমের যে ব্যাপক পরিবর্তন এসেছে, তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের নীতিমালা ও ব্যবস্থাপনায় সংস্কার আনা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রতিষ্ঠার সময় বর্তমানের মতো ডিজিটাল ও অনলাইনভিত্তিক গণমাধ্যমের বিস্তার ছিল না। ফলে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সমন্বয় ঘটাতে কিছু সীমাবদ্ধতা তৈরি হয়েছে। এ বাস্তবতায় সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করে ধাপে ধাপে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।’
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতার ওপরও গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘স্বাধীনতা ও জবাবদিহিতা একে অপরের পরিপূরক। আমরা এমন একটি পরিবেশ চাই, যেখানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং একইসঙ্গে পেশাগত মানদণ্ড বজায় থাকবে।’
তিনি জানান, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার একটি সুস্পষ্ট কাঠামো নির্ধারণ করে জনগণের অবাধ তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা হবে।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে ৬১ জন ক্ষতিগ্রস্তের মাঝে মোট ২ কোটি ১৭ লাখ টাকার অনুদান প্রদান করা হয়, যা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর তহবিল থেকে দেয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএন
জাতীয়
প্রধানমন্ত্রীর প্ল্যান বাস্তবায়নে প্রশাসন ঝাঁপিয়ে পড়েছে: জনপ্রশাসন উপদেষ্টা
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে সরকার ও প্রশাসন সর্বোচ্চ গতিতে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। তিনি এখন সেই প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন।একটি প্রতিষ্ঠানের সিইও’র মতো প্রতিটি বিষয় ডিটেইলস দেখছেন এবং সেভাবেই কাজ আদায় করছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। দায়িত্ব পাওয়ার পর নিজ জেলা লক্ষ্মীপুরে এটিই তাঁর প্রথম সফর।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে ইসমাইল জবিউল্লাহ বলেন, গত দেড় দশকের অধিক সময় বাংলাদেশে জনপ্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। এতে জনপ্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে, দক্ষতা হারিয়েছে। দেশের সর্বস্তরেই প্রায় ধ্বস নেমেছে। প্রশাসনও সেটা থেকে মুক্ত নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অনুযায়ী আমরা একটা দক্ষ, নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন দেশের জনগণকে উপহার দেবো। তারা জনগণের সেবক হিসেবে কাজ করবে, প্রশাসক হিসেবে নয়। সবাই মিলে বাংলাদেশকে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে পরিণত করবো।
তিনি আরও বলেন, বিএনপি-ধানের শীষের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক আছে। সবার আগে বাংলাদেশ এটি হচ্ছে আমাদের মূল পরিচয়, মূল বক্তব্য। নির্বাচনের আগে পরিস্থিতি ছিল একরকম, নির্বাচনের পরে পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের সবার দায়িত্ব এসে পড়েছে। যে কথাগুলো বলে আমরা জনগণের কাছে গিয়েছি, ভোট চেয়েছি, জনগণ অকৃপণভাবে আমাদের ভোট দিয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি বিজয় অর্জন করেছে। এই বিজয়ের সাংঘাতিক দায়ভার আছে। দায়বদ্ধতা ও জবাবদিহিতা অনেক। সেগুলো মনে রেখে আগামী দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
তিনি আরও বলেন, একটা উদার গণতান্ত্রিক এবং সমৃদ্ধ-জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়বো। আমরা সবাই মিলে একত্রে একটা সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে তুলবো। যে ইশতিহার ও অঙ্গীকার করে বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে, সেই অঙ্গীকার বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের পবিত্র দায়িত্ব। এখন শুধু বিএনপি নয়, সবদল একত্রিত হয়ে আমরা এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবো, এটিই আমাদের লক্ষ্য।
এদিন লক্ষ্মীপুর সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টু, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সভাপতি সৈয়দ রশিদুল হাসান লিংকন ও জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মহসিন কবির স্বপন প্রমুখ। এ সময় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলসহ অন্যান্য সদস্যরা উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এমএন
জাতীয়
মব করে ফায়দা নিতে গেলে শক্তি প্রয়োগ করা হবে : আইজিপি
মব কালচারের সমাধান করা সম্ভব জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। তবে কেউ কেউ এই সমস্যার সমাধান চান না, বরং মব থেকে ফায়দা নিতে চান। পুলিশ সেই অপরাধী চক্রগুলোকে চিহ্নিত করে আইনের ভেতরে থেকে শক্তি প্রয়োগ করবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, আইনশৃঙ্খলার উন্নতি না হলে দেশে বিনিয়োগ আসবে না। তিনি আরও বলেন, যার যে অভিযোগ আছে, তা আইনশৃঙ্খলার ভেতরে থেকেই উত্থাপন করুন, প্রয়োজনে আলোচনার টেবিলে বসুন। মব কালচার থেকে তরুণ প্রজন্ম ও রাজনৈতিক নেতা-কর্মীদের বেরিয়ে আসতে হবে।
আইজিপি বলেন, আসন্ন ঈদে নগরবাসী যাতে ছিনতাইকারীর কবলে না পড়েন, ব্যাংক থেকে টাকা তুলে নিরাপদে কেনাকাটা করতে পারেন এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সবাই যাতে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যে কাজ করছে পুলিশ।
এখন থেকে মাঝেমধ্যে রাতের বেলায় তিনি নিজেও মাঠে থাকবেন বলেও জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
এমএন



