পুঁজিবাজার
অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১ কোটি শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ-এর প্রায় ১৫৫ কোটি টাকার শেয়ার কিনবেন কোম্পানিটির চেয়ারম্যান আজিজ মোহাম্মদ ভাই।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেশের দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার কেনার এই সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানাগেছে।
ডিএসইর সূত্র মতে, আজিজ মোহাম্মদ ভাই বাজার থেকে তাঁর মালিকানাধীন এই কোম্পানিটির ১ কোটি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। নিয়ম অনুযায়ী, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এই শেয়ার কেনা সম্পন্ন করবেন। ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে তিনি এই শেয়ার কেনার কাজ সম্পন্ন করবেন বলেও ঘোষণায় বলা হয়।
এদিকে আজ বেলা ১২টা ৩০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার বাজারে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ১৫৫ টাকা। সেই হিসাবে আজিজ মোহাম্মদ ভাইয়ের দেওয়া ঘোষণা অনুযায়ী, কোম্পানিটির বর্তমান বাজারমূল্যে ১ কোটি শেয়ার কিনতে তাঁর প্রায় ১৫৫ কোটি টাকা লাগবে। তবে শেয়ারের দামের হেরফেরে এই টাকার অঙ্কে কিছুটা কমবেশি হতে পারে।
আজিজ মোহাম্মদ ভাইয়ের উল্লেখযোগ্য পরিমাণে শেয়ার কেনার ঘোষণায় আজ ঢাকার বাজারে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারের লেনদেনও বেড়েছে। বেলা সাড়ে ১২ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার বাজারে কোম্পানিটি লেনদেনের শীর্ষে ছিল। এ সময় পর্যন্ত কোম্পানিটির প্রায় সোয়া ১২ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। আর প্রতিটি শেয়ারের দাম ২ টাকার মতো বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ টাকায়।
প্রসঙ্গত, আজিজ মোহাম্মদ ভাই আশি ও নব্বইয়ের দশকে বাংলাদেশের চলচ্চিত্রজগতের একজন আলোচিত ব্যক্তি ছিলেন। তিনি চলচ্চিত্র প্রযোজনা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের মধ্যে অন্যতম তিনি। ২০২৪ সালে সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ে আদালত আজিজ মোহাম্মদ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বর্তমানে তিনি পলাতক, দেশের বাইরে অবস্থান করছেন।
এমএন
পুঁজিবাজার
সিটি ব্রোকারেজ ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর
পুঁজিবাজারে সেবা সম্প্রসারণ ও গ্রাহক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সিটি ব্রোকারেজ লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড আনুষ্ঠানিকভাবে কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ হয়েছে। বানানীস্থ প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের বোর্ডরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্যানেল ব্রোকার চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এ অংশীদারিত্ব কার্যকর হয়।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের গ্রাহকরা এখন থেকে সিটি ব্রোকারেজ লিমিটেডের মাধ্যমে নির্বিঘ্নে শেয়ার লেনদেন সম্পাদন করতে পারবেন। পাশাপাশি তারা সিটি ব্রোকারেজের অত্যাধুনিক মোবাইল ট্রেডিং অ্যাপ ‘সিটি ইনফিনিটি’-এর সুবিধা গ্রহণ করতে পারবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ–এ সহজ ও ঝামেলামুক্তভাবে লেনদেন করা সম্ভব হবে।
চুক্তিপত্রে স্বাক্ষর করেন সিটি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. আফফান ইউসুফ এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ এম. ওমর তাইয়্যব। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এ অংশীদারিত্বের ফলে প্রযুক্তিনির্ভর ট্রেডিং সেবা আরও গতিশীল হবে এবং বিনিয়োগকারীরা অধিকতর নিরাপদ ও দ্রুত সেবা পাবেন। পুঁজিবাজারে আধুনিক ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পুঁজিবাজার
পুঁজিবাজার সংস্কারে আমীর খসরুর ওপর ভরসা ডিবিএ-র, নতুন অর্থমন্ত্রীকে অভিনন্দন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম প্রেরিত এক বার্তায় এই অভিনন্দন জানান। একই সাথে তাঁর ওপর দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অর্পণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমান-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনটি।
অভিনন্দন বার্তায় ডিবিএ প্রেসিডেন্ট বলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত একজন সুপরিচিত ও অভিজ্ঞ ব্যক্তিত্ব। বিশেষ করে তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর প্রতিষ্ঠা ও বিকাশে তাঁর অগ্রণী ভূমিকা এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে দেশের পুঁজিবাজারের ভিত্তি শক্তিশালীকরণ, বাজার সম্প্রসারণ, স্বচ্ছতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
বার্তায় আরও উল্লেখ করা হয় যে, আমীর খসরু মাহমুদ চৌধুরী অতীতে সফলতার সঙ্গে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, নীতি সংস্কার ও বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ডিবিএ আশা প্রকাশ করে যে, তাঁর সুদীর্ঘ প্রশাসনিক ও নীতিনির্ধারণী অভিজ্ঞতা বর্তমান দায়িত্ব পালনে বিশেষ সহায়ক হবে।
পুঁজিবাজারে সুশাসন, স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার প্রশ্নে তিনি ধারাবাহিকভাবে সোচ্চার থেকেছেন এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)-এর স্বাধীন ও কার্যকর ভূমিকার পক্ষে মত প্রকাশ করেছেন। টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যাংক-নির্ভর অর্থায়নের পরিবর্তে দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎস হিসেবে পুঁজিবাজারকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করে আসছেন।
তিনি বিশ্বাস করেন, একটি কার্যকর ও ফাংশনাল পুঁজিবাজার প্রতিষ্ঠিত হলে শক্তিশালী মৌলভিত্তি সম্পন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ বাজারে অংশগ্রহণে উৎসাহিত হবে, যা দেশের সামগ্রিক বিনিয়োগ পরিবেশ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। জিডিপির তুলনায় বাংলাদেশের পুঁজিবাজারের আকার এখনও তুলনামূলকভাবে ছোট—এই বাস্তবতা তুলে ধরে তিনি অর্থনীতির সুষম বিকাশের জন্য পুঁজিবাজার সম্প্রসারণকে অপরিহার্য হিসেবে উল্লেখ করেছেন। পুঁজিবাজারের কাঠামোগত সংস্কার, স্বচ্ছতা বৃদ্ধি, বাজারের গভীরতা উন্নয়ন এবং বিনিয়োগ সুরক্ষা জোরদারের লক্ষ্যে তাঁর দলের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করতে ডিবিএ বিনীতভাবে আবেদন জানিয়েছে।
ব্যবসায়িক নেতৃত্বের ক্ষেত্রেও তাঁর রয়েছে উল্লেখযোগ্য অভিজ্ঞতা। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সাবেক সভাপতি এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সচেঞ্জেস-এর প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পুঁজিবাজারের প্রতিনিধিত্ব করেছেন।
ডিবিএ আশা প্রকাশ করে যে, অর্থ ও পরিকল্পনা—উভয় খাতের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তাঁর কৌশলগত দৃষ্টিভঙ্গি জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে বিশেষ অবদান রাখবে। নির্বাচনী ইশতেহারে ঘোষিত পুঁজিবাজার সংস্কারের প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য ডিবিএ আবেদন জানিয়েছে এবং সরকারের প্রতিটি পদক্ষেপে সক্রিয় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।
ডিবিএ’র পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের অর্থনীতি, পুঁজিবাজার এবং বিনিয়োগ পরিবেশের উন্নয়নে সরকারের গৃহীত কার্যক্রমে ডিবিএ অতীতের ন্যায় ভবিষ্যতেও সক্রিয় সহযোগিতা প্রদান করবে এবং একটি শক্তিশালী, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থাপনা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করে যাবে।
পরিশেষে, সংগঠনটি নবনিযুক্ত মন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্ব পালনে তাঁর সার্বিক সাফল্য কামনা করেছে।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৩ কোটি ৫৯ লাখ ১৫ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) কোম্পানিগুলোর মোট ৪২ লাখ ১২ হাজার ৯০৪টি শেয়ার ৭৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩ কোটি ৫৯ লাখ ১৫ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২ কোটি ৫০ লাখ ৫৭ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসির ১ কোটি ২৪ লাখ ০৪ হাজার টাকার এবং তৃতীয় স্থানেএশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ার দর দশমিক ৪ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংক পিএলসির শেয়ারদর ৭ দশমিক ৪৬ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- জেনারেসন নেক্সট ফ্যাশানস ৭.১৪ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংক ৭.১৪ শতাংশ, ওয়ান ব্যাংক পিএলসি ৬.৯৮ শতাংশ, নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার ৬.৯ শতাংশ, এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট ৬.৬৭ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড ৬.৬৭ শতাংশ এবং পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের ৬.৬৭ শতাংশ দরপতন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়া
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ কোম্পানির মধ্যে ৮২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৯ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দর বেড়েছে ৮ দশমিক ৭৫ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ড্যাফোডিল কম্পিউটারস ৭.৯২ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ৭.৮৩ শতাংশ, বিবিএস ক্যাবলস পিএলসি ৭.০১ শতাংশ, সায়হাম কটন মিলস ৫.১ শতাংশ, ইফাদ অটোস ৪.৬৫ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি ৪.৩৮ শতাংশ এবং বাংলাদেশ অটোকারস লিমিটেড ৪.২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এমএন



