খেলাধুলা
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে শ্রীলঙ্কার অনুরোধ
আগামীকাল ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগের দিনও স্বস্তিতে থাকার অবস্থা নেই আইসিসির। ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনের ঘোষণায় শুরুর আগেই যেন বিশ্বকাপের আমেজ কমতে শুরু করেছে। চলমান পরিস্থিতি সমাধানের জন্য এগিয়ে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। কিন্তু বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদ হিসেবে ম্যাচটি না খেলার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। এরপর এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানায় আইসিসি। অন্যথায় পাকিস্তান ক্রিকেট দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়বে বলেও ইঙ্গিত দিয়ে রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।
আইসিসির এমন বার্তার পরও নিজেদের অবস্থানে অটুট পাকিস্তান সরকার। ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এরই মধ্যে এবার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পাকিস্তানকে অনুরোধ করেছে এসএলসি, এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এসএলসির পক্ষ থেকে বলা হয়, ‘ম্যাচে অংশ না নিলে (ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট) দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে। যার মধ্যে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি পর্যটন খাতের প্রত্যাশিত এই সম্ভাব্য প্রবাহ হারানো। সংহতি জানাতে এবং পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আমরা তাদের দেশে সফর করেছিলাম। দুই দেশের ক্রিকেট বোর্ডের দীর্ঘদিনের সম্পর্ক এবং ক্রিকেটের বৃহৎ স্বার্থ বিবেচনায় নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার জন্য অনুরোধ করছি।’
বিশ্বকাপের অন্যান্য ম্যাচের চেয়ে বরাবরই বাড়তি আকর্ষণ থাকে ভারত-পাকিস্তান লড়াই নিয়ে। দর্শকপ্রিয় ম্যাচটি থেকে কয়েক গুণ বেশি আয় করে আইসিসি। বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকার ওপরে ক্ষতি হবে আইসিসির। এই অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চড়া মূল্য দিতে হবে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।
এমএন
খেলাধুলা
জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে শৈশবের কোচের স্মৃতিচারণ
বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এক আলোচিত নাম ব্যারিস্টার জাইমা রহমান। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে হিসেবে পরিচিতি থাকলেও সম্প্রতি তার শৈশবের এক অনন্য ক্রীড়া প্রতিভা আলোচনায় এসেছে।
জাইমা রহমানের ফুটবল প্রেম এবং যুক্তরাজ্যের বিখ্যাত ক্লাব চেলসির বয়সভিত্তিক দলে তার সুযোগ পাওয়ার প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
এই ব্যাপারে প্রতিমন্ত্রী আমিনুল হকও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। এবার জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে তার শৈশবের কোচ মোহাম্মদ হাকিম স্মৃতি রোমন্থন করলেন। সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই স্মৃতিচারণ করেন।
স্ট্যাটাসে মোহাম্মদ হাকিম লেখেন, জাইমা রহমানকে নিয়ে আমার বিশ্বাস আজকের নয়-এটি অনেক দিনের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ফল। ঢাকা আইএসডিতে পড়ার সময় সে আমার তত্ত্বাবধানে ফুটবল, সাঁতার এবং দৌড়-সব ক্ষেত্রেই অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছিল।
সে ছিল স্বাভাবিক প্রতিভাবান, দুর্দান্ত অ্যাথলেটিক এবং নিজের সীমা অতিক্রম করার এক অদম্য মানসিকতাসম্পন্ন একজন ক্রীড়াবিদ জানিয়ে কোচ আরও লেখেন, আমি আজও স্পষ্টভাবে মনে করতে পারি-সে সাঁতারে ছিল সেরা, আর দৌড়ে ছেলেদেরও পেছনে ফেলে সামনে এগিয়ে যেত।
তার সেই আত্মবিশ্বাস, পরিশ্রম এবং জয়ের মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল মন্তব্য করে তিনি আরও লেখেন, তাই সে যদি বলে থাকে যে সে সত্যিই চেলসি উইমেন টিমে খেলার আমন্ত্রণ পেয়েছিল-তাতে আমি একদমই অবাক হবো না। তার প্রতিভা ও সামর্থ্য সেই পর্যায়েরই।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান একজন সফল ব্যারিস্টার। তিনি বর্তমানে নারীর ক্ষমতায়ন, সাইবার নিরাপত্তা, পরিবেশ রক্ষা এবং শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও নাগরিক ইস্যুগুলো নিয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
খেলাধুলা
চেলসি দলে জাইমা রহমানের সুযোগ; বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের লন্ডনের ক্লাব চেলসিতে খেলার সুযোগ পাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা বিতর্কের বিষয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিমন্ত্রী বলেন, ‘তার দেওয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।’
সোমবার (২৩ মার্চ) রাতে নিজের ফেসবুক পেজে এক এডমিন পোস্টে পূর্বের বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরেন তিনি।
আমিনুল হক জানান, জাইমা রহমান লন্ডনে স্কুল পর্যায়ে থাকাকালীন ফুটবল খেলতেন।
সেই সূত্র ধরেই চেলসির বয়সভিত্তিক দলে গোলরক্ষক হিসেবে তার খেলার সুযোগ এসেছিল।
প্রতিমন্ত্রী বলেন, জাইমা রহমানের স্কুলে গোলকিপিং করার কথা তিনি খোদ প্রধানমন্ত্রীর মুখ থেকেই শুনেছিলেন। তিনি উল্লেখ করেন, স্কুলে থাকাকালীন চেলসির বয়সভিত্তিক দলে খেলার সুযোগ এলেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান মেয়েকে লেখাপড়ায় মনোযোগী হতে বলেছিলেন।
নিজের বক্তব্যের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে প্রতিমন্ত্রী আরো জানান, জাইমা রহমান যখন মিরপুরে ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলেন, তখন গোলকিপিং নিয়ে তাদের মধ্যে স্মৃতিচারণমূলক কথা হয়।
সেদিনের স্মৃতি টেনে আমিনুল হক বলেন, “জাইমা রহমান তাকে বলেছিলেন, ‘আঙ্কেল, আমি কিন্তু স্কুলে আপনার মতো গোলরক্ষক ছিলাম।’ মূলত জাইমা স্কুল পর্যায়ে কিপিং করতেন এবং লম্বা হওয়ায় এই পজিশনে তার বিশেষ দক্ষতা ছিল।”
আমিনুল হক জোর দিয়ে বলেন, ‘ইউরোপে স্কুলের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্রতিটি শিশুর বেড়ে ওঠার অংশ। জাইমা রহমানেরও খেলাধুলার প্রতি ভালোবাসা ছিল, তবে পরিবারের ইচ্ছায় তিনি শেষ পর্যন্ত শিক্ষাজীবনকেই অগ্রাধিকার দিয়েছেন।’
মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্যটি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় তিনি বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করেন।
খেলাধুলা
জাইমা চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ফুটবল প্রতিভা ও ক্রীড়াসুলভ মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাবেক এই তারকা ফুটবলার জাইমা রহমানের খেলাধুলার প্রতি আগ্রহ এবং তার ফুটবল ক্যারিয়ারের অজানা কিছু তথ্য সামনে এনেছেন।
সম্প্রতি বেসরকারি চ্যানেল যমুনা টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আমিনুল হক বলেন, আমাদের জাইমা রহমান লন্ডনের বিখ্যাত ক্লাব চেলসির নারী দলে গোলকিপার হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন। তবে কোনও কারণে পরবর্তী সময়ে হয়তো প্রধানমন্ত্রী (তারেক রহমান) তাকে সেই পেশাদার ফুটবলে যাওয়ার সুযোগটি তৈরি করে দেননি।
সাবেক জাতীয় দলের গোলরক্ষক আমিনুল হক নিজের সঙ্গে জাইমা রহমানের মিল খুঁজে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি জানান, “জাইমা রহমান লন্ডনে ফুটবল খেলেছেন এবং মজার ব্যাপার হলো তিনি আমার পজিশনেই (গোলকিপার হিসেবে) খেলতেন। যতটুকু জানি, তিনি আমার মতোই ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত।”
জিয়া পরিবারের ক্রীড়াপ্রেমের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। জিয়া পরিবার সবসময়ই একটি ক্রীড়াবান্ধব পরিবার। বর্তমানে আমি তাদের দিকনির্দেশনা ও পরামর্শ নিয়েই দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছি।
খেলাধুলা
ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব-মাশরাফি-লিটনরা
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদযাপিত হচ্ছে ঈদ। সারা দেশে বইছে উৎসবের আমেজ। এমন দিনে ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটাররা।
বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৫ আগস্টের পর থেকে আড়ালেই ছিলেন। মাঝে মধ্যে ক্রিকেট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখলেও খুব বেশি সরব ছিলেন না। এবার ঈদের দিন কিছুটা আক্ষেপ নিয়েই ফেসবুকে লিখেছেন, ‘মনে রাখা এবং ভুলে যাওয়া সবাইকে জানাই, ঈদ মোবারক।’
সাবেক অধিনায়ক তামিম ইকবালও ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক। এই পবিত্র ঈদে সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।’
যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন সাকিব আল হাসান।
শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘আপনার দিনটি আনন্দ, ভালোবাসা আর সুস্বাদু খাবারের প্রাচুর্যে ভরে উঠুক। এই বিশেষ দিনটি হোক আপনার মতোই সুন্দর ও উজ্জ্বল।’
ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও মুশফিকুর রহিম এখনো টেস্ট দলের সদস্য। ঈদের জামাতে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিননা ওয়া মিনকুম (تقبل الله منا ومنكم)। আল্লাহ আমাদের এবং আপনাদের (সবার) নেক আমল কবুল করুন। ঈদ মোবারক।’
মাহমুদউল্লাহ তার বার্তায় বলেন, ‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক হৃদয় থেকে হৃদয়ে। ঈদ মোবারক!’
পারভেজ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ঈদ মোবারক—প্রার্থনা করি সুখ, সমৃদ্ধি আর হাসিতে ভরে থাকুক প্রতিটি ঘর।’
টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয় সংক্ষিপ্ত বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন, ‘ঈদ মোবারক।’
আফিফ হোসেন লিখেছেন, ‘ঈদুল ফিতর মোবারক। কৃতজ্ঞতা, আত্মসমালোচনা ও আনন্দ উদ্যাপনের এক পবিত্র দিন। সর্বদা আপনার মঙ্গল ও কল্যাণ কামনা করি।’
তরুণ পেসার নাহিদ রানা লিখেছেন, ‘ঈদুল ফিতর মোবারক। এই ঈদ আপনার জীবনে বয়ে আনুক শান্তি, আনন্দ ও সাফল্য। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলীও শুভেচ্ছা জানিয়েছেন, ‘সবার প্রতি ঈদ মোবারক। এই আনন্দঘন মুহূর্তগুলোকে আগলে রাখুন। ভালোবাসা ছড়িয়ে দিন সবার মাঝে।’
খেলাধুলা
ফুটবলে নারী কোচ বাধ্যতামূলক করল ফিফা
নারী ফুটবলে কোচিং ও নেতৃত্বের ভূমিকায় নারীর অংশগ্রহণ বাড়াতে নতুন নিয়ম চালু করেছে ফিফা। এখন থেকে ফিফার আয়োজিত যে কোনো নারী টুর্নামেন্টে অংশ নিতে হলে প্রতিটি দলের কোচিং স্টাফে অন্তত একজন নারী হেড কোচ বা সহকারী কোচ থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
বৃহস্পতিবার ফিফা কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যুব ও সিনিয়র থেকে সব ধরনের জাতীয় দল ও ক্লাব প্রতিযোগিতায় এই নিয়ম প্রযোজ্য হবে। প্রথমবারের মতো এটি কার্যকর হবে আগামী সেপ্টেম্বরে পোল্যান্ডে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে। এর পাশাপাশি দ্বিতীয় নারী চ্যাম্পিয়ন্স কাপ, ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপ এবং দুই বছর পর শুরু হতে যাওয়া নারী ক্লাব বিশ্বকাপেও এই নিয়ম বাস্তবায়ন করা হবে।
ফিফা জানিয়েছে, নারী ফুটবলের দ্রুত প্রসারের সঙ্গে তাল মিলিয়ে কোচিং ও নেতৃত্বের জায়গায় নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য।
সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ‘নারী ফুটবলের দ্রুত বিকাশের সঙ্গে যেন প্রযুক্তিগত ও নেতৃত্বের ভূমিকায় নারীদের উপস্থিতিও বাড়ে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’ তবে বাস্তবতা হলো, নারী ফুটবলে কোচিংয়ের অধিকাংশ জায়গাই এখনো পুরুষদের দখলে। ২০২৩ নারী বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের মধ্যে মাত্র ১২ দলের প্রধান কোচ ছিলেন নারী।
ফিফার প্রধান ফুটবল কর্মকর্তা ও যুক্তরাষ্ট্র নারী দলের সাবেক কোচ জিল এলিস বলেন, ‘বর্তমানে কোচিংয়ে নারীর সংখ্যা খুবই কম।’ তিনি আরও বলেন, ‘পরিবর্তন ত্বরান্বিত করতে আমাদের আরও কাজ করতে হবে। স্পষ্ট পথ তৈরি করা, সুযোগ বাড়ানো এবং সাইডলাইনে নারীদের দৃশ্যমানতা বাড়ানো জরুরি।’ নতুন এই নিয়মকে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবেও দেখছেন এলিস। তার ভাষায়, ‘ফিফার নতুন বিধান এবং লক্ষ্যভিত্তিক উন্নয়ন কর্মসূচি বর্তমান ও ভবিষ্যৎ নারী কোচদের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ।’



