জাতীয়
নির্বাচনে সেনাবাহিনী নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, ‘নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, ধৈর্য, সংযম এবং নাগরিকবান্ধব আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সেনাবাহিনীর প্রধান অগ্রাধিকার।’
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রংপুর ও রাজশাহী সফরকালে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সেনাবাহিনী প্রধান এসব কথা বলেন।
পরিদর্শনকালে সেনাপ্রধান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করেন এবং মাঠপর্যায়ে মোতায়েন সেনাসদস্যদের দায়িত্ব পালনের ধরন সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
রংপুর সার্কিট হাউসে আয়োজিত এক সভায় সেনাবাহিনী প্রধান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে রাজশাহীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি)-এ অনুরূপ আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনা করা হয়।
রংপুর ও রাজশাহী পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; সেনাসদর, রংপুর ও বগুড়া এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
এমএন
জাতীয়
সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। আজ শনিবার দুপুরে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিষ্টাব্দের ১ম) অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।
সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে এবং ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস–সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১–এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ২৭টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যা (বিধি-১৩১)–এ ৯৭টি নোটিশ পাওয়া গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেটকক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে অংশ নেন। বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নুরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম ও মুহাম্মদ নওশাদ জমির। বৈঠকে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।
জাতীয়
৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ
দেশের পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এরমধ্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজুর রহমান। পাশাপাশি বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরীন ও ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনোজ্জামান রোকনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এদিকে কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লাকে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। অন্যদিকে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজ উন নবী চৌধুরী।
৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে বর্ণিত ব্যক্তিদের পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
এতে আরো বলা হয়, নিয়োগ পাওয়া এসব প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
জাতীয়
গার্মেন্টসে ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ ডিএমপির
গার্মেন্টস শ্রমিকদের একবারে না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার। শনিবার (১৪ মার্চ) গাবতলী বাস টার্মিনালে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রত্যাশার কথা জানান।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে। সরকারি ছুটি বড় হওয়ায় ঈদযাত্রা নির্বিঘ্ন হওয়ার প্রত্যাশা করেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার।
এসময় ভোগান্তি কমাতে ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান চলছে বলে জানান তিনি।
যাত্রীদের নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘অস্ত্রধারীসহ বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। বিভিন্ন টার্মিনালে নিয়মিত নিরাপত্তা অভিযান চলবে। অতিরিক্ত ভাড়া, টিকিট কালোবাজারি বন্ধেও নিয়মিত তদারকি করা হবে।’
এসময় দূরপাল্লার বাসে একাধিক চালক রাখার এবং বাসের ছাদে যাত্রী পরিবহন না করার আহ্বান জানান তিনি।
জাতীয়
গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল, উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি
জ্বালানি সংকটের মধ্যে গণপরিবহনের তেলের রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না।’
শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তানে সেতুমন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং আজ (শনিবার) রাত থেকে থাকছে না।
রাত থেকে পর্যাপ্ত তেল পাবে বাসগুলো।’
মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল ও আমেরিকার মধ্যে চলমান সংঘাতের কারণে দেশেও জ্বালানি সরবরাহ নিয়ে জটিলতা তৈরি হয়। এর মধ্যে জ্বালানি সাশ্রয়ে গত ৬ মার্চ ফিলিং স্টেশন থেকে যানবাহনে তেল সরবরাহের সীমা বেঁধে দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ওই নির্দেশনা অনুযায়ী একটি মোটরসাইকেলে দিনে ২ লিটার পেট্রল বা অকটেন নেওয়া যাচ্ছে।
ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাচ্ছে সর্বোচ্চ ১০ লিটার তেল।
এ ছাড়া স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি ও মাইক্রোবাস দিনে পাচ্ছে ২০ থেকে ২৫ লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারছে ৭০ থেকে ৮০ লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল নিতে পারছে।
গণপরিবহনের ক্ষেত্রে সরকারের নির্দেশনা পরিবর্তন হলেও ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে নতুন কোনো নির্দেশনা আসেনি।
জাতীয়
অতিরিক্ত ভাড়া ও টিকিট কালোবাজারি বন্ধে তদারকি করা হবে: ডিএমপি
ডিএমপি কমিশনার মো. সরওয়ার বলেছেন, যাত্রীদের নিরাপত্তার জন্য অস্ত্রধারীসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। বিভিন্ন টার্মিনালে নিয়মিত নিরাপত্তা অভিযান চলবে। অতিরিক্ত ভাড়া, টিকিট কালোবাজারি বন্ধে নিয়মিত তদারকি করা হবে।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে গাবতলী বাস টার্মিনালে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে গার্মেন্টস শ্রমিকদের একবারে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেয়ার অনুরোধ জানান ডিএমপি কমিশনার। তিনি জানান, ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান চলছে। এসময় দূরপাল্লার বাসে একাধিক চালক রাখার এবং বাসের ছাদে যাত্রী পরিবহন না করার আহ্বান জানান তিনি




