জাতীয়
দুপুর থেকে গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ কমে যাওয়ায় শনিবার (২৪ জানুয়ারি) দুপুর থেকে টানা ২৪ ঘণ্টা দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ জনিত কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ কমে যাওয়ায় শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এমকে
জাতীয়
বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে
ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে। সভায় সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিনে প্রস্তুতির অংশ হিসেবে এই বৈঠক হচ্ছে বলে জানান তিনি।
বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সংসদীয় সভাকক্ষে এই বৈঠক শুরু হয়েছে। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে দিনের কর্মসূচিতে রয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। এই অধিবেশন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন।
সরকারি দলের সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথম অধিবেশন অন্তবর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপিত হবে। এছাড়া এই অধিবেশনে শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৭ ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের পর বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ত্রয়োদশ সংসদের নেতা নির্বাচিত করা হয়। সেদিন বিকালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।
৩০০ আসনের জাতীয় সংসদে দুটি আসনের নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে। বাকি ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন পেয়েছে।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সব প্রস্তুতি গুছিয়ে এনেছে সংসদ সচিবালয়। সংসদ অধিবেশনের কক্ষ, স্পিকার ও ডেপুটি স্পিকার, সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতার কক্ষ ঠিকঠাক করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে জাতীয় সংসদ ভবনও আক্রান্ত হয়। ফলে সব কিছু সংস্কার করতে হয়েছে সংসদ সচিবালয়কে।
এমএন
জাতীয়
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সনজীদা শরমিন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজের (ইউরোলজি) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদে বদলিপূর্বক পদায়ন করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা। তিনি ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদে বদলিপূর্বক পদায়ন করা হলো।
এমএন
জাতীয়
যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতি স্থিতিশীল রাখতে মন্ত্রিসভার উচ্চপর্যায়ের কমিটি গঠন
ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকটকে কেন্দ্র করে বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থায় টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতিকে ঝুঁকিমুক্ত রাখতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ৭ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে।
সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
অর্থমন্ত্রীকে সভাপতি করে গঠিত এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং খাদ্যমন্ত্রী।
এ কমিটির কার্যপরিধির ও দায়িত্বের মধ্যে রয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব নিরূপণ করা। পাশাপাশি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা অনুষ্ঠিত হবে। অর্থ বিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
এমএন
জাতীয়
চাঁদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের বিশেষ মহড়া
অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি মুহূর্তে জীবন ও সম্পদ রক্ষায় জনসচেতনতা বাড়াতে চাঁদপুরে এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা যৌথভাবে আত্মরক্ষামূলক বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করেন এই মহড়ায়।
মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মহড়ার আয়োজন করা হয়।
মহড়ার একটি অংশে প্রতীকীভাবে দেখানো হয়—ভয়াবহ আগুনের কুণ্ডলীর মাঝে আটকা পড়ে একজন ব্যক্তি অচেতন হয়ে পড়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধুনিক প্রযুক্তির সাহায্যে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এছাড়া বহুতল ভবনে অগ্নিকাণ্ডে আটকা পড়া মানুষদের নিরাপদে নামিয়ে আনার কৌশলও প্রদর্শন করা হয়।
বাস্তবে এমন কোনো ঘটনা না ঘটলেও মহড়ার এই দৃশ্য দেখতে সেখানে জড়ো হন শত শত মানুষ। প্রথমে অনেকেই ভেবেছিলেন সত্যি সত্যিই হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে, যে কারণে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীদের এত দৌড়ঝাঁপ।
মূলত ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ কিংবা আগুন লাগার মতো ঘটনায় ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কীভাবে কাজ করে, সেটিই এই মহড়ার মাধ্যমে তুলে ধরা হয়েছে। মহড়ায় সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি শিক্ষার্থীরাও অংশ নেয়। শুধু মহড়া নয়, সেখানে দুর্যোগ মোকাবিলায় কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য বিভিন্ন সরঞ্জামও প্রদর্শন করা হয়।
এ ধরনের মানবিক কাজে দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের দায়বদ্ধতার কথা জানান সংশ্লিষ্টরা। অন্যদিকে, উপস্থিত দর্শনার্থীরা জানান, এই মহড়া থেকে দুর্যোগ মোকাবিলার অনেক কিছু শেখার আছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুরের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
এমএন
জাতীয়
সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী
বর্তমান সরকার গঠনসহ অন্যান্য যাবতীয় কার্যক্রম সংবিধান মেনেই পরিচালনা হচ্ছে বলে দৃঢ়ভাবে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ‘গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের প্রতি আইনজীবী সমাজের প্রত্যাশা শীর্ষক’আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত বলছে, আলাদা শপথ নিতে হবে। এসব কথা গায়ের জোরে বলছে। আমরা এখানে সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি। সংবিধান মেনেই সামনে এগিয়ে যাবো।
তিনি আরও বলেন, জুলাই সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারাবদ্ধ, আমরা তা বাস্তবায়ন করবো।
সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, যারা সমালোচনা করছে তারা কয়দিন আগেও নির্বাচনের পর সুবিধা বোঝে নোক্তা লাগিয়ে স্বাক্ষর করেছে।
এমএন




