অর্থনীতি
নতুন পে স্কেলে সরকারি কর্মচারীরা সন্তুষ্ট হবেন আশা অর্থ উপদেষ্টার
সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নে গঠিত পে-কমিশন আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কমিশন সদস্যরা সরকারি কর্মচারীদের স্বার্থ বিবেচনায় রেখেই সুপারিশ প্রস্তুত করেছেন এবং এতে তারা সন্তুষ্ট হবেন বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেন, পে-কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন শুরু হচ্ছে না। রিপোর্টটি জমা দেওয়ার পর সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির যাচাই-বাছাই শেষে বাস্তবায়নের সিদ্ধান্ত হবে। এ প্রক্রিয়ায় সাধারণত তিন থেকে চার মাস সময় লাগে। ফলে এটি কার্যকর হতে কিছুটা সময় লাগবে বলে ইঙ্গিত দেন তিনি।
বেতন বৃদ্ধি বাজারে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজারে এর কোনো বিরূপ প্রভাব পড়বে না। কারণ সরকার সরবরাহ পক্ষ (সাপ্লাই সাইড) শক্তিশালী রাখার দিকে গুরুত্ব দিচ্ছে।
সামনে জাতীয় নির্বাচন থাকায় বেতন বৃদ্ধি নির্বাচনি প্রভাব ফেলতে পারে কি না এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
অর্থ উপদেষ্টা জানান, এবারের পে-কমিশন কাজের ক্ষেত্রে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। কমিশন সদস্যরা বহুবার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেছেন। সরকারি কর্মচারী, শিক্ষক, ছাত্র, বিভিন্ন অ্যাসোসিয়েশন, এমনকি অবসরপ্রাপ্ত পেনশনভোগী ও বয়স্ক নাগরিকদের মতামতও নেওয়া হয়েছে।
তিনি বলেন, সবার চাহিদা হুবহু বাস্তবায়ন সম্ভব না হলেও, তাদের প্রয়োজন ও প্রত্যাশা সুপারিশে প্রতিফলিত হবে।
তবে কমিশনের সুপারিশ শতভাগ বাস্তবায়ন হবে কি না এ প্রশ্নে তিনি বলেন, সেগুলো যাচাই-বাছাইয়ের মধ্যদিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, এ বিষয়ে নিকার-এ চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী এনবিআরকে দুই ভাগে ভাগ করা হচ্ছে— একটি ট্যাক্স পলিসি এবং অন্যটি ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন। বর্তমান আইআরডি কাঠামো আর থাকবে না। নিকার থেকে এই কাঠামোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা জানান, আগামী ২৭ তারিখ ট্যাক্স পলিসি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন জাহেদী সাত্তার। এই প্রতিবেদনের ওপরও ভবিষ্যৎ রাজস্ব ব্যবস্থাপনার অনেক কিছু নির্ভর করবে।
নিজেদের দায়িত্বকাল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, তারা একটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রক্রিয়া শুরু করে যাচ্ছেন, যা নতুন সরকারের জন্য একটি ইতিবাচক লিগ্যাসি হবে। প্রধান উপদেষ্টা নিজে পে-কমিশনের প্রতিবেদন গ্রহণ করবেন— এটাই প্রমাণ করে সরকার বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছে।
অর্থনীতি
ঈদের ছুটিতেও দুইদিন আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি, নতুন সময়সূচি দিল কেন্দ্রীয় ব্যাংক
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ছুটির মধ্যেও ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে কিছু এলাকায় ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। এ সময় আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের আগে তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রফতানি বিল ক্রয়ের সুবিধার্থে ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকগুলোর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।
এই দুইদিন সীমিত সংখ্যক জনবল দিয়ে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হবে। অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। আর গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এ দুইদিন নতুন সময়সূচিতে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (ব্যাচ) এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সিস্টেমের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তি করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৮ ও ১৯ মার্চ ব্যাচের (বিএসিপিএস) মাধ্যমে হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এগুলো দুপুর সাড়ে১২টার মধ্যে নিষ্পত্তি হবে। আর রেগুলার ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হবে দুপুর ১টার মধ্যে।
তবে উল্লিখিত দিনগুলোতে বিইএফটিএনের তিনটি সেশন আগের সময়সূচি অনুযায়ী চলবে। আর আরটিজিএসের মাধ্যমে গ্রাহক লেনদেন সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১টা এবং আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।
এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তফসিলি ব্যাংক ও বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এমএন
অর্থনীতি
দেশের সব ব্যাংকের জন্য নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক
বর্তমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেশের সব তপশিলি ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-১ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার বিঘ্ন সৃষ্টি হওয়ায় জ্বালানি ও বিদ্যুৎ সংকটের ঝুঁকি মোকাবিলায় গুরুত্ব দিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকার বিভিন্ন সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছে।
এ পরিস্থিতিতে তফশিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, শাখা, উপশাখা এবং অন্যান্য অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে নতুন নির্দেশনা দেওয়া হলো-
বিদ্যুৎ সাশ্রয় : অফিসের অভ্যন্তরে বৈদ্যুতিক বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার (এসি) এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির ব্যবহার সীমিত করতে হবে। দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অপ্রয়োজনে লাইট ও এসি বন্ধ রাখতে হবে। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা যাবে না।
জ্বালানি সাশ্রয় : ব্যাংকের জন্য ব্যবহৃত যানবাহনের জ্বালানি খরচ কমানোর লক্ষ্যে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে মিতব্যয়িতা অবলম্বন করতে হবে। ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে শেয়ারিং (কার-পুলিং) ব্যবস্থা অবলম্বন করতে হবে। জ্বালানি তেলের ব্যবহার কমিয়ে আনুষঙ্গিক যাতায়াত ব্যয়গুলো সীমিত বা পরিহার করতে হবে। ব্যবসায়িক কার্যক্রম : ব্যাংকগুলোকে আলোকসজ্জা এবং প্রচারণামূলক বৈদ্যুতিক ডিসপ্লে বোর্ড ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত সময়সূচি ও বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করতে হবে। এক্ষেত্রে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করতে হবে। বিদ্যুৎ জেনারেটরে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
‘বিদ্যুৎ ও জ্বালানি দক্ষ ব্যবহার এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের জ্বালানি সাশ্রয়ী ব্যবহার প্রসঙ্গে’ শিরোনামে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর জারি করা বিআরপিডি সার্কুলার লেটারের নির্দেশনাগুলোও যথাযথভাবে পালনের জন্য পুনরায় পরামর্শ দেয়া হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এমএন
অর্থনীতি
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ, ভারত, চীনসহ বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (১১ মার্চ) দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের সাইটে এ তদন্তের বিস্তারিত জানানো হয়েছে।
সংবাদমাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ, ভারত চীনএবং ইইউ-এর মতো জোটকেও এই তদন্তের আওতায় রাখা হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্কনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাতিল করার পর এই পদক্ষেপ নেয়া হলো।
বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, ‘সেকশন ৩০১-এর অধীনে অন্যায্য বাণিজ্যচর্চা নিয়ে যে তদন্ত শুরু হয়েছে, তার ভিত্তিতে চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর মতো দেশের ওপর এই গ্রীষ্মের মধ্যেই নতুন শুল্ক আরোপ করা হতে পারে।’
এই তদন্তে কোনো দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যচর্চার প্রমাণ পাওয়া গেলে সেই দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র আমদানি শুল্ক আরোপ করতে পারবে।
গ্রিয়ার বলেন, ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও এর মাধ্যমে নিজেদের সমস্যা আমাদের ওপর চাপিয়ে দিতে পারে—এমন অন্য দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্র শিল্পভিত্তিকে উৎসর্গ করবে না।
তিনি বলেন, ফেব্রুয়ারির শেষ দিকে ট্রাম্প যে অস্থায়ী শুল্ক আরোপ করেছিলেন, তা জুলাইয়ে শেষ হওয়ার কথা। এর আগেই এই বাণিজ্য তদন্ত শেষ হতে পারে।
বিবিসি বলছে, তদন্তের আওতায় অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড এবং নরওয়ে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার কানাডার নাম এই তদন্তে অন্তর্ভুক্ত করা হয়নি।
এমএন
অর্থনীতি
জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে বিপিসির নতুন নির্দেশনা
দেশে জ্বালানি তেলের পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং গ্রাহক পর্যায়ে সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে সাধারণ মানুষের চাহিদা মেটাতে সরকারি ছুটির দিনগুলোতেও বিপিসির অধীনস্থ ডিপোগুলো খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির দিন (শুক্র ও শনিবার) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা/ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহ করা হবে।
এতে আরও বলা হয়, ‘জনগণের চাহিদা মোতাবেক দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিদেশ হতে আমদানি কার্যক্রম/সূচি নির্ধারিত রয়েছে এবং নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে।
এতে বলা হয়, পাশাপাশি ডিলারদের সাময়িকভাবে প্রধান স্থাপনা থেকে সারা দেশের সব ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগণ/ট্যাংকারের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ/বিপিসির নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে সরকারি ছুটির দিন (শুক্র ও শনিবার) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা/ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহ করা হবে।
এমএন
অর্থনীতি
ট্রেজারি বন্ড জামানত রেখে নেয়া যাবে ঋণ, ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
গ্রাহকদের ট্রেজারি বন্ড জামানত রেখে ঋণ দেয়ার সুযোগ পাচ্ছে ব্যাংকগুলো। তবে এ ধরনের ঋণ দেয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নির্দেশনা মেনে চলতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-১ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
এতে বলা হয়, লিয়েনকৃত সরকারি বন্ডকে যোগ্য জামানত হিসেবে অন্তর্ভুক্ত করার পর ট্রেজারি বন্ডের বিপরীতে গ্রাহকদের ঋণ দিতে আগ্রহ দেখিয়েছে ব্যাংকগুলো। বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরে আসায় এ ধরনের ঋণ বিতরণের ক্ষেত্রে কিছু নির্দেশনা নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ট্রেজারি বন্ডের বিপরীতে গ্রাহকদের ওভারড্রাফট বা মেয়াদি ঋণ দেয়ার আগে ব্যাংককে ফাইন্যান্সিয়াল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার (এফএমআই) সিস্টেমে সংশ্লিষ্ট বন্ডে লিয়েন মার্ক করতে হবে।
এছাড়া বন্ডের অভিহিত মূল্য বা ফেস ভ্যালুর সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা দেয়া যাবে। তবে সুদসহ ঋণের মোট স্থিতি কোনো অবস্থাতেই বন্ডের অভিহিত মূল্য অতিক্রম করতে পারবে না।
ঋণের মেয়াদ কোনোভাবেই বন্ডের মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না। পাশাপাশি ট্রেজারি বন্ড কেনার উদ্দেশ্যে কোনো ব্যাংক ঋণ দিতে পারবে না।
বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ সাল পর্যন্ত সংশোধিত) এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
এমএন




