রাজনীতি
ক্ষমতায় এলে ব্যবসায়ীদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি তারেক রহমানের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ব্যবসায় সহায়ক পরিবেশ সৃষ্টি করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সবক্ষেত্রে স্বচ্ছতা আনার বিষয়েও প্রতিশ্রুতি দেন তিনি।
রোববার (৪ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীরা বৈঠক করেন তারেক রহমানের সঙ্গে। বৈঠকে তারা দেশের অর্থনৈতিক বর্তমান অবস্থান, বেকারত্বসহ বিনিয়োগ পরিবেশ নিয়ে আলোচনা করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে আড়াই ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। এসময় তারেক রহমান ব্যবসায়ীদের সমস্যার কথা শোনেন ও ক্ষমতায় গেলে সেসব সমাধানের আশ্বাস দেন।
বৈঠকের পর এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, আমরা আজ আলোচনা করেছি ব্যবসা ক্ষেত্রে চলমান যে সমস্যা রয়েছে আমাদের, আমাদের ইন্ডাস্ট্রিকে চালিয়ে রাখা, কর্মসংস্থানকে ঠিক রাখা এবং বর্ধিত করা- সেটা নিয়ে আমরা আমাদের কথাগুলো বলেছি। আমরা বলতে চেয়েছি যে, সরকারে যেই আসুক অর্থনৈতিক উন্নয়ন করতে ব্যবসায়ীদের কনফিডেন্স আনতে হবে। কারণ, আমাদের সফলতা কিন্তু সরকারের সফলতা। আমরা আমাদের আলোচনাগুলো করেছি। আমরা আমাদের সমস্যাগুলো বলেছি। তারেক রহমান ওয়েল নোট করেছেন। ওনারা আসলে হয়তো সব জায়গায় (সমস্যা সমাধান করতে) পারবেন না বা কিছু জায়গায় পারবেন। বাট আন্তরিকভাবে তারা করতে চান।
বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, ইকোনমি যদি ঠিক করতে হয় ব্যবসায়ীদের কিন্তু সঙ্গে নিয়ে কাজ করা উচিত। সেটাই কিন্তু আমরা তারেক রহমানকে বলেছি। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কর্মসংস্থান তৈরি করা। এখন কিন্তু আস্তে আস্তে অনেক বেকারত্ব বেড়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রিগুলো বসে যাচ্ছে। আমরা বলেছি যে এগুলো আসলে কীভাবে রিভাইভ করা যায় সেটা নিয়ে আমরা ওনার সঙ্গে বিস্তারিত আলোপ আলোচনা করেছি।
তিনি বলেন, আমাদের কথা হলো যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা যাতে সেই দায়িত্ববোধ নিয়ে কাজ করেন। ইকোনমি ইজ নাম্বার ওয়ান, যদি সেটাকে দাঁড় করাতে হয় তাহলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়েই সরকারকে কাজ করা উচিত। যেটা উনি (তারেক রহমান) পরবর্তীতে বললেন, হ্যাঁ উনিও মনে করেন যে উনারা যদি আসতে পারেন তাহলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে পলিসিগুলি যেখানে যেখানে যাওয়া দরকার এবং কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে। কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে না। বাট একটা স্বচ্ছতা আনার চেষ্টা করবেন এবং ব্যবসায় সহায়ক একটা পরিবেশ সৃষ্টি করা হবে।
এক প্রশ্নের জবাবে আনোয়ার উল আলম চৌধুরী বলেন, বর্তমানে সবার আগে যে জিনিসটা ইমিডিয়েটলি দরকার বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা উচিত। মব কালচার থেকে আমাদের বের হওয়া উচিত। এই জিনিসটা আমরা ওনাদের বারবার বলেছি এবং এটা না হলে ব্যবসা কেন আমরা সাধারণ মানুষই তো আর নড়তে চড়তে পারি না।
তারেক রহমানের আশ্বাসের বিষয়ে এক প্রশ্নে মীর নাসির হোসেন বলেন, বডি ল্যাংগুয়েজে আমাদের পজিটিভ মনে হয়েছে। তারেক রহমান আন্তরিকতার সঙ্গে শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন যে- যদি ক্ষমতায় আসতে পারেন আমাদের নিয়ে কাজ করবেন। যাতে দেশের উন্নয়ন হয়, অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাই।
বৈঠকে উপস্থিত ছিলেন- আইসিসির সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বিজেএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি প্রীতি চক্রবর্তী, এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান, ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, বিকেএমএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিএসএমএ সভাপতি মইনুল ইসলাম স্বপন, বিএবি সভাপতি আবদুল হাই সরকার, বিজিএপিএমইএ সভাপতি মো. শাহরিয়ার, স্টিল মিল মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, বিএপিআইয়ের আব্দুল মুক্তাদির, বিএসআরএম সভাপতি আলী হুসাইন আকবর আলী, এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান।
ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যার আহসান খান চৌধুরী, স্কয়ার গ্রুপের তপন চৌধুরী, উত্তরা মোটরসের মতিউর রহমান, ট্রান্সকম গ্রুপের সিমিন রহমান, মেঘনা গ্রুপের মোস্তফা কামাল, সিকম গ্রুপের আমিরুল হক, পারটেক্স গ্রুপের আজিজুল কায়সার টিটু, ইউসিবিএল চেয়ারম্যান শরীফ জহির প্রমুখ।
এছাড়া বিজেএমইএর সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, ফজলুল হক, বিটিএমএর সাবেক সভাপতি আবদুল মতিন চৌধুরী, এমসিসিআইয়ের সাবেক সভাপতি নাহিদ কবির, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি হোসেন খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।
রাজনীতি
১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক মঙ্গলবার
গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে আন্দোলন কর্মসূচি বিষয়ে করণীয় ঠিক করতে শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় রাজধানী ঢাকার মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠক শেষে দুপুর ১২টায় একইস্থানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
এর আগে গত ২ এপ্রিল বৈঠক করেছিলেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ওই বৈঠকের পর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল-
বৈঠকে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং অবিলন্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়। একই সঙ্গে বলা হয়, দাবি আদায় না হলে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।
সিদ্ধান্ত অনুযাযী গত শনিবার বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা ও তা পালন করা হয়। পাশাপাশি গণসংযোগ, লিফলেট বিতরণ এবং জনমত গঠনের বিভিন্ন কর্মসূচি নেওয়ার কথাও জানানো হয়।
এছাড়া আগামী ৭ এপ্রিল ১১ দলের শীর্ষ পর্যায়ের বৈঠকে আন্দোলনের রূপরেখা ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে সেদিন জানানো হয়। সে অনুযায়ী মঙ্গলবার বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।
রাজনীতি
যেকোনো মূল্যে গণভোটের রায় আদায় করা হবে: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, জাতীয় নির্বাচনের ফলাফল হাইজ্যাক করা হলেও যেকোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। তিনি বলেন. সংসদে জনগণের ভাগ্য নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য আমরা লড়াই করে যাবো।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সংসদে সংখ্যাগরিষ্ঠের অহমিকায় বিএনপি ফ্যাসিবাদী আচরণ করছে মন্তব্য করে আমির অভিযোগ করেন, শুধু ব্যক্তি পরিবর্তনের জন্য অভ্যুত্থান সংগঠিত হয়নি। অভ্যুত্থান পুরো ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে ছিল। কিন্তু জাতীয় নির্বাচনের ফলাফল হাইজ্যাক করেছে একটি পক্ষ।
হুঁশিয়ারি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘যেকোনো মূল্যে গণভোটের রায়কে আমরা আদায় করেই ছাড়ব। এই প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে সজাগ রয়েছে। তাদেরকে সঙ্গে নিয়ে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করবো।’
বিরোধী দলীয় নেতা বলেন, জ্বালানি সংকট ও হাম সংক্রমণ ইস্যু নিয়ে সংসদে কথা বলতে গেলেই আমাদের মুখ বন্ধ করে দেয়া হয়। আমাদের নোটিশ আলোচনার জন্য উত্থাপন করা হয় না। সরকার বলছে, জ্বালানি সংকট নেই। কিন্তু আমি নিজের গাড়ির জন্যই প্রয়োজন মাফিক তেল পাই না।
আলোচনা সভায় বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি যোগ দেন কবি, সাহিত্যিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
চলমান নানা সংকট ইস্যুতে সরকারের সমালোচনা করেন অনুষ্ঠানে আসা বক্তারা। জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য দেন তারা। সংসদে অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে সচেষ্ট হতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
রাজনীতি
রাজনীতিতে ফেরা নিয়ে যা বললেন সাকিব আল হাসান
আন্তর্জাতিক ক্রিকেট ও রাজনীতি থেকে বর্তমানে অনেকটাই দূরে সাবেক সংসদ সদস্য ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জীবনের এক ভিন্নধর্মী সময় পার করছেন তিনি। রাজনীতি বা খেলার মাঠ; কোথাও চিরচেনা ব্যস্ত সূচি না থাকলেও, এই বিরতিকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি।
দেশের একটি ইংরেজি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার বর্তমান জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
সাকিব আল হাসান বলেন, ‘স্বাভাবিকভাবে যেকোনো মানুষই যখন তার দেশে যেতে পারে না, তখন সে অবশ্যই দেশকে মিস করবে। আমার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নেই; আমিও দেশটাকে ভীষণভাবে মিস করছি,। আশা করছি দ্রুতই দেশে ফিরতে পারব, সেটা হলে অবশ্যই ভালো লাগবে।
দেশে ফেরার সম্ভাবনা কতটুকু– এমন প্রশ্নের আশার বাণী শোনালেন সাকিব। তিনি বলেন, ‘আমি আশাবাদী। আমি সবসময়ই আশাবাদী মানুষ। আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। যদি দ্রুত সবকিছু সমাধান করতে পারি… নাহলে সময় লাগতে পারে। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করছি দ্রুত বিষয়গুলো মিটিয়ে ফেলতে। যত দ্রুত এগুলো সমাধান হবে, তত দ্রুত আমি ফিরতে পারব।’
বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘বর্তমানে আমি মূলত পরিবারকেই সময় দিচ্ছি। তাদের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার একটা সুযোগ পাচ্ছি। সব মিলিয়ে বিষয়টিকে আমি ইতিবাচকভাবেই দেখছি।’
ক্রিকেট থেকে পুরোপুরি বিদায় নেননি উল্লেখ করে সাকিব জানান, সুযোগ পেলে তিনি খেলা চালিয়ে যেতে আগ্রহী। একইসঙ্গে সাবেক এই সংসদ সদস্য তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কথা বলেন।
তিনি বলেন, ‘(এখন) যেহেতু দলের কার্যক্রম নেই, তাই ক্রিকেট চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। দলীয় কার্যক্রম শুরু হলে আবার রাজনীতিতে ফিরতে পারি।’
রাজনীতিতে ফেরা নিয়ে সাবেক এ সংসদ সদস্য বলেন, ‘রাজনীতি তো ধরেন আমৃত্যু করা যায়, রাজনীতিতে অনেক সময় আছে। যেটার সময় নেই সেটা হলো ক্রিকেট। এটা আগে ঠিক করার চেষ্টা করছি। আর রাজনীতি যেটা বলছেন, আমি মনে করি রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম যেখান থেকে বড় ধরণের পরিবর্তন আনা সম্ভব।’
‘যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি, তবে সেটা আমার ভালো লাগবে এবং সেই আশা আমার এখনো আছে। সব সময় থাকবে,’ যোগ করেন তিনি।
সাকিব আরও বলেন, ‘পরিস্থিতি সবসময় একরকম থাকে না, পরিবর্তন হয়। আমি আশা করছি ভবিষ্যতে একটি স্বাভাবিক অবস্থা ফিরে আসবে যেখানে সব দল সমান সুযোগ পাবে এবং জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে চায়। আমি আশা করছি ভবিষতে ভালো কিছুই হবে।’
জুলাই আন্দোলনে নিয়ে তিনি বলেন, ‘কোনো মৃত্যুই কাম্য নয়, প্রতিটা মৃত্যুই বেদনাদায়ক। প্রতিটি জীবনই অমূল্য। আমি আগেও এটা বহুবার বলেছি। আমি চাই প্রতিটা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়ে বিচার নিশ্চিত করা হোক। কিন্তু কাউকে যেন অন্যায়ভাবে ফাঁসানো না হয়।’
আশা প্রকাশ করে সাকিব বলেন, ‘যারা রাজনীতিবিদ আছে তাদের দায়িত্ব বাংলাদেশের মানুষকে একটা স্বস্তি ফিরিয়ে আনা। কাউকে দূরে সরিয়ে রেখে স্বস্তি ফিরে আসবে বলে আমি মনে করি না। আর গণতান্ত্রিক ধারাতেও এটা হয় না। আশা করি দ্রুত সমাধান হয়ে যাবে সব।’
এখন পরিবারকে সময় দেওয়া হচ্ছে জানিয়ে জাতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক বলেন, ‘পরিবারের সঙ্গে সময় কাটানো এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সুযোগ পাচ্ছি, বলতে পারেন সেটা ইতিবাচক এক দিক থেকে। যেহেতু আমাদের দলের (আওয়ামী লীগ) কার্যক্রম নাই সেহেতু চেষ্টা করছি ক্রিকেটটা খেলে যাওয়ার। দলের যখন কার্যক্রম যখন শুরু হবে বা আমরা করতে পারব তখন হয়ত আবার চেষ্টা করব রাজনীতিটা করার।’
রাজনীতি
সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনোই সংবিধান ছুড়ে ফেলার কথা বলেনি বরং সংবিধানের পরিবর্তন চেয়েছে বলে জানিয়েছেন দলটির আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, জামায়াত সংবিধানবিরোধী নয়। তবে যে বিষয়গুলো ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, সেসব বিষয়ের পরিবর্তন চাই। সংবিধানের দোহাই দিয়ে আর ফ্যাসিবাদ ফিরতে দেবো না, ফ্যাসিবাদের কবর রচনা করতে চাই আমরা। ক্ষমতার গরম দিয়ে কেউ যেন পার না পায়, সেই বাংলাদেশ গড়তে চায় জামায়াত।
রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে কথা বলার সময় এ কথা তুলে ধরেন তিনি।
জামায়াতের ওপর ১৭ বছর সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সংসদের সবাই মজলুম। আগামীর বাংলাদেশ এমন চাই যে, আইন এবং সংবিধানের দোহাই দিয়ে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। ফ্যাসিবাদের দাফন করতে চাই আমরা। সংবিধানের যেসব সুযোগ ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল, সেগুলো ফেলে দিয়ে নতুন বাংলাদেশ চাই।
তিনি আরও বলেন, জুলাই সনদ কলিজার অংশ। আমরা আদেশ, অভ্যুত্থান, সনদ বাস্তবায়ন মানি। আমাদের পক্ষ থেকে অমান্যের কিছু নেই। সবাই হ্যাঁ-এর পক্ষে কথা বলেছি। জুলাই অভ্যুত্থান, নব্বইয়ের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন—কোনোটাকেই আমরা অস্বীকার করতে পারি না।
এ ছাড়া, কোনো বিতর্কছাড়াই গণভোট মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, একটামাত্র দল, যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর ওখান থেকেই ফ্যাসিজমের জন্ম। ক্ষমতায় না এসেই তারা কি করবে ক্ষমতায় আসলে সেদিন অগ্রিম জাতিকে জানিয়ে দিয়েছিল। সারাদেশে দুই দিনে ৫৪ জন মানুষ শুধু জামায়াতে ইসলামী না বিএনপিরও সেই সময় নির্মমভাবে তাদেরকে খুন করা হয়েছে।
তিনি বলেন, যদি আমরা সবাই সবকিছু মানি তাহলে যে মানার ভিত্তিতে আমরা ১২ ফেব্রুয়ারির দুটো নির্বাচন করলাম এর আগে তো আমরা কেউ বলি নাই যে আমরা সংসদ নির্বাচন মানি না অথবা আমরা গণভোট মানি না।
এ সময় মব কালচার সৃষ্টির দায় জামায়াতের ওপর চাপানোর তীব্র নিন্দা জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, যেই দলটির ওপর ইতিহাসের সবচাইতে জঘন্য অত্যাচার করা হয়েছে, ফ্যাসিস্ট আমলে মব করে রাস্তায় আদালত বসিয়ে যে দলের এক এক করে শীর্ষ ১১ জন নেতাকে ঠান্ডা মাথায় জুডিশিয়াল কিলিংয়ের শিকারে পরিণত করা হয়েছে যে দলের হাজারো কর্মীকে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে ঠেলে দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। একটা মাত্র দল যে দলের নিবন্ধন, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য ডাইভার্ট করার জন্য এই দলটাকে নিষিদ্ধ করা হয়েছে। সেই দলের ওপর এই ধরনের অপবাদ দেওয়া এই সংসদের জন্য একটা লজ্জার ব্যাপার।
সংবিধান ছুড়ে ফেলার কথা বিরোধী দলের কেউ কখনো বলে নাই দাবি করে জামায়াত আমির বলেন, আমরা এই সংবিধানের পরিবর্তন চেয়েছি। যাতে একটি ন্যায়ভিত্তিক ইনসাফভিত্তিক সমাজ কায়েম হয়। ফ্যাসিবাদমুক্ত একটা দেশ, সমাজ, শাসন পাই সেজন্য। আমরা সংবিধানবিরোধী নই। সংবিধানের ওই জায়গাগুলো আমরা চাই না, যেই জায়গা গত ৫৪ বছরে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে দফায় দফায়। ওই জায়গাগুলার সংস্কার চাই।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাচ্ছি আগামীর একটা বাংলাদেশ এমন হোক যেই বাংলাদেশে আর কোনো আইন এবং সংবিধানের দোহাই দিয়ে কোনো ফ্যাসিবাদ ফিরে আসবে না। ফ্যাসিবাদের দাফন করতে চাই আমরা। এইজন্যই আমরা বলি, একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। নতুন বাংলাদেশের মানে এই না যে, এর ভৌগোলিক সীমারেখা বদলে যাবে, ফ্ল্যাগ বদলে যাবে, সবকিছু বদলে যাবে, নো। যে সমস্ত আইন সংবিধানের, যে সমস্ত সুযোগগুলো ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল আমরা ওগুলা ফেলে দিয়ে নতুন বাংলাদেশ চাই। আমরা চাই একজন গ্রামের প্রান্তিক মানুষ যারা আছেন, গরীব-দুঃখী থেকে শুরু করে একেবারে রাষ্ট্রপতি ভবনে যিনি থাকবেন, তাদের কেউ কোনো বৈষম্যের শিকার হবে না। তারা সবাই সাম্যের ভিত্তিতে তাদের ন্যায্য পাওনাটা পাবেন। নাগরিক হিসেবে আবার কোনো পদ-পদবী দলীয় পরিচয় ক্ষমতার গরম কোনো কিছুর বলে কোনো অপরাধ করেও যেন কেউ পার না পায়, সেই বাংলাদেশটা আমরা চাই।
রাজনীতি
সরকার ও রাজনীতিকে সমান গুরুত্ব দেবে বিএনপি
সরকার ও রাজনীতিকে পৃথকভাবে সমান গুরুত্ব দিয়ে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একদিকে সরকার পরিচালনায় যেমন সাধারণ মানুষের মধ্যে আস্থা সৃষ্টির প্রচেষ্টা থাকবে, তেমনি সারাদেশে দলের সাংগঠনিক কাঠামোকেও মজবুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে শিগগিরই বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন দলের নীতিনির্ধারক নেতারা।
গতকাল শনিবার দীর্ঘ প্রায় তিন মাস পর অনুষ্ঠিত বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দলকে শক্তিশালী করতে দ্রুততম সময়ে কাউন্সিল করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। পাশাপাশি সরকারের ৪৭ দিনের কর্মসূচি নিয়ে পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, যত দ্রুত কাউন্সিলের দিকে যাওয়া যায়, সেই বিষয়ে আমরা চেষ্টা করব। কোরবানির ঈদের আগে সম্ভব নয়। কয়েক মাস সময় লেগে যাবে।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে সিনিয়র নেতারা বলেন, সরকার গঠনের পর দলের সাংগঠনিক কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। দলের দুটি কার্যালয় এখন অনেকটা নেতাকর্মীশূন্য। দলের প্রতিটি অঙ্গসংগঠনের মেয়াদ শেষ হয়েছে। কোনো কোনোটির মেয়াদ ১০ বছরের বেশি পার করেছে। সারাদেশে প্রায় প্রতিটি জেলা কমিটির মেয়াদ নেই। এ অবস্থায় শুধু সরকারের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকলে দলের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়বে। যা দলের রাজনীতির জন্য কখনোই ভালো হবে না।
এ অবস্থায় সারাদেশে সাংগঠনিক কার্যক্রমকে জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। সেখানে আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাড়াও অন্যান্য অঙ্গসংগঠনকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেন নেতারা।
সংরক্ষিত আসনে মনোনয়ন
সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন তথা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নের বিষয়ে দলের অবস্থান ও করণীয় নির্ধারণে নেতারা আলোচনা করেন নেতারা। এবার সংরক্ষিত নারী আসনে মহিলা দলের ত্যাগী নেত্রী ও অপেক্ষাকৃত তরুণদের জায়গা দেওয়ার বিষয়ে একমত হন তারা। তাদের সঙ্গে কয়েকজন প্রবীণ নেত্রীও জায়গা পাবেন। বিএনপি জোটের ভাগে ৩৫টি আসন পড়বে। তবে শতাধিক নারীনেত্রী বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী। এসব আসনে মনোনয়ন পেতে ইতোমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেত্রীরা। যাদের বেশির ভাগই জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেত্রী। তাদের আমলনামা আর গ্রহণযোগ্যতার পাশাপাশি বিগত দিনের আন্দোলনে সম্পৃক্ততার বিষয়টিকে গুরুত্ব দিয়ে মনোনয়ন দেওয়ার বিষয়ে নেতারা কথা বলেন। এর বাইরে বিভিন্ন সেক্টরে পারদর্শী, উচ্চ শিক্ষিতদেরও সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়ার বিষয়ে নেতারা কথা বলেন।
বৈঠকে মনোনয়ন বাছাই ও চূড়ান্ত করতে একটি টিম গঠনের কথাও বলা হয়েছে। এ ছাড়া বৈঠকে নতুন সরকারের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়েছে। মূলত রিভিউ হয়েছে। সরকারের এই অল্প সময়ের কর্মকাণ্ডকে ভালো হিসেবে পর্যালোচনায় উঠে এসেছে।
বিএনপি সরকার গঠনের পর যেসব ইস্যু এসেছে, তা নিয়েও বৈঠকে চুলচেরা বিশ্লেষণ করেন স্থায়ী কমিটির সদস্যরা। জ্বালানি তেল নিয়েও আলোচনা হয়েছে। সংসদ অধিবেশনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু যে বিবৃতি দিয়েছেন, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে জুলাই সনদ নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে বলা হয়, বিএনপির অবস্থা পরিষ্কার, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সেটা পরিষ্কার করে দিয়েছেন। তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে বলা হয়, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। কিন্তু কিছু নোট অব ডিসেন্ট ছিল বিএনপির। তার অর্থ এটা না, এই নোট অব ডিসেন্টও বিএনপিকে বাস্তবায়ন করতে হবে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়ালি), মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি) ও ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।



