রাজনীতি
দেড় কোটি টাকার সম্পদ আমির হামজার, বার্ষিক আয় সাড়ে ৮ লাখ
ইসলামি বক্তা কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার মোট সম্পদের পরিমাণ এক কোটি ৫৭ লাখ ২৯ হাজার ৩৬০ টাকা। তার বার্ষিক আয় আট লাখ ৬১ হাজার ৪০০ টাকা। তবে আকিজ গ্রুপে তার খতিবের চাকরি থেকে প্রাপ্ত অর্থের হিসাব নেই হলফনামায়। ১০ ভরি সোনার গহনা ও আসবাবপত্র সবই উপহার হিসেবে পেয়েছেন বলে দেখানো হয়েছে।
হলফনামায় আমির হামজা পেশা হিসেবে দেখিয়েছেন কাপড় ও বইয়ের ব্যবসা। তবে ইসলামি বক্তা হিসেবে ওয়াজ মাহফিলসহ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা কিংবা আকিজ গ্রুপের খতিবের চাকরি থেকে তার আয় কত, সে বিষয়ে স্বচ্ছ ধারণা নেই হলফনামায়।
এ বিষয়ে আমির হামজার ভাষ্য, ওয়াজ মাহফিল থেকে যা উপার্জন হয়, তা ধরেই বার্ষিক আয়ের বিবরণী দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমি আকিজ গ্রুপের খতিব। আকিজ গ্রুপের সঙ্গে চুক্তি আছে। আমার পরিবারের খরচ সব আকিজ গ্রুপ চালায়। বিনিময়ে আমার মাহফিলের উপার্জনের টাকা আমি তাদের নির্মিত মাদরাসা-এতিমখানায় দান করে দিই।’
হলফনামায় আমির হামজা ১০ ভরি সোনার গহনার কথা উল্লেখ করেছেন। তবে সবই উপহার হিসেবে পাওয়া। এ বিষয়ে আমির হামজা বলেন, ‘বিয়ের সময় স্ত্রীকে যেসব গহনা কিনে দিয়েছিলাম, তা দেনমোহর হিসেবে পরিশোধ হয়ে গেছে। এর বাইরে আর কোনো সোনার গহনা কেনা হয়নি। আমার স্ত্রীর বাবা ও মামারা ধনী মানুষ। এসব তারাই উপহার হিসেবে দিয়েছেন।’
হলফনামা অনুযায়ী, আমির হামজার গাড়ির দাম ২৫ লাখ টাকা। তবে কী গাড়ি, কোন মডেল কিংবা নম্বর প্লেট উল্লেখ নেই।
এ বিষয়ে আমির হামজা বলেন, ‘আমার টয়েটো নোহা একটি গাড়ি রয়েছে। এগুলোর বাজারমূল্য নতুন প্রায় ৩৮ লাখ টাকা। আমি পাঁচ বছরের পুরোনো গাড়ি ফরিদপুরের এক মালিকের কাছ থেকে কিনেছি। এজন্য বিস্তারিত উল্লেখ করা হয়নি।’
এমকে
রাজনীতি
জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ আজ
গণভোটের রায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আজ শনিবার (৪ এপ্রিল) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।
তিনি অভিযোগ করেন সরকারি দল সংসদ পরিচালনায় ব্যার্থতার পরিচয় দিয়েছে৷ বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাটছে উল্লেখ করে এই নেতা জানান, জনস্বার্থ রক্ষায় রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই৷
তিনি বলেন, ‘সংবিধান সংশোধন নয়, সংস্কারই করতে হবে। সংবিধান সংশোধনের মধ্যদিয়ে আওয়ামী লীগের পথেই হাঁটছে সরকার। জনগণের রায় মূল্যায়ন না করলে, রাজপথে আন্দোলনের বিকল্প নেই।’
হামিদুর রহমান বলেন, ১১ দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজপথের আন্দোলন ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই৷ শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল।
এ সময় তিনি সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব উত্থাপন এবং জ্বালানি সংকট সমাধানে ব্যর্থতার সমালোচনা করেন৷ এই নেতা জানান, গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী ৭ এপ্রিল বৈঠক করে দীর্ঘমেয়াদি আন্দোলনের রূপরেখা ঘোষণা করবে ১১ দল।
রাজনীতি
গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার
গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
শুক্রবার (০৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, সরকার গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করতে চাইছে। সরকারের যুক্তি হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে হলে বা কাউকে গ্রেপ্তার করতে হলে সরকারের পূর্বানুমতি লাগবে।
এই সূত্র ধরে ডা. তাসনিম জারা প্রশ্ন করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি গুমের অভিযোগ ওঠে, আর সেই তদন্তের জন্য যদি খোদ সরকারের কাছেই অনুমতি চাইতে হয়, তাহলে কি কখনো সুষ্ঠু বিচার পাওয়া সম্ভব?
তদন্তের জন্য সরকারের এরুপ অনুমতি পাওয়া যায়নি বিধায় বিগত সরকারের আমলে গুমের শিকার পরিবারগুলো ন্যায়বিচার পায়নি বলে জানান তিনি।
তিনি বলেন, রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব হলো নাগরিকদের সুরক্ষা দেওয়া। কিন্তু যখন বলা হয় যে, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে কিংবা কাউকে গ্রেপ্তার করতে সরকারের পূর্বানুমতি লাগবে, তখন রাষ্ট্র মূলত নিজেকেই জবাবদিহির ঊর্ধ্বে স্থাপন করে। আইনের চোখে সবাই সমান; এই সর্বজনীন সাংবিধানিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন এটি।
সবশেষ তাসনিম জারা লেখেন, আইনকে হতে হয় অন্ধ ও নিরপেক্ষ। আর তা না হলে, সেই আইন হয় ক্ষমতাধারীদের সুরক্ষা দেওয়ার এবং সাধারণ জনগণকে নিষ্পেষণের হাতিয়ার।
রাজনীতি
আন্দালিব রহমান পার্থকে নিয়ে আজাদ মজুমদারের স্ট্যাটাস
ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টা ৫০ মিনিটে এ-সংক্রান্ত স্ট্যাটাস দেন তিনি। তার স্ট্যাটাসটি নিচে হুবহু দেওয়া হলো।
আন্দালিব রহমান পার্থকে আমার ভালো লাগে তার সুন্দর বাচনভঙ্গির জন্য। প্রফেসর মুহাম্মদ ইউনূস যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছিলেন, তখন শুরুর দিকে একবার তাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই বৈঠকে তিনি প্রফেসর ইউনূসকে এমনভাবে কাজ করার অনুরোধ করেছিলেন, যাতে দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তি ফিরে আসতে না পারে। তিনি বলেছিলেন, ‘তারা যদি ফিরে আসে, আপনার জন্য তো স্যার আমেরিকার প্রেসিডেন্ট ফোন করবে। কিন্তু আমাদের জন্য ওসি কুদ্দুসও ফোন করবে না।’
তিনি এমনভাবে কথাগুলো বলেছিলেন যে, প্রফেসর ইউনূসসহ উপস্থিত সবাই হো হো করে হেসে উঠেছিলেন। দেশের সংকটময় সময়েও নিজের স্বাভাবিক বাগ্মিতা ধরে রাখা সত্যিই প্রশংসনীয়। তবে আফসোসের বিষয়, পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তার দলকে দেখিনি। এমনকি জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাগুলোতেও তিনি ছিলেন অনুপস্থিত। ফলে তার বাগ্মিতা সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ বেশি পাইনি।
রাজনীতি
আগামীকাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান
আগামীকাল শনিবার বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাত ৮টা ৩০ মিনিটে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে সর্বশেষ গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
রাজনীতি
সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়লেন এনসিপি নেতা মুজাহিদুল
সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মুহা. মুজাহিদুল ইসলাম শাহিন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৮ আগস্ট তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং তার ওপর অর্পিত দায়িত্ব সেই সময় থেকে যথাযথভাবে পালন করেছেন।
বর্তমানে ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন সম্ভব নয় বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন মুজাহিদুল ইসলাম শাহিন।
এমএন



