জাতীয়
খালেদা জিয়ার জানাজায় যোগ দিচ্ছেন ৩২ দেশের কূটনীতিক
রাজধানীর গুলশানের বাসা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার কিছু পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে খালেদা জিয়ার মরদেহ বহনকারী পতাকায় মোড়ানো গাড়িবহর। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে তার জানাজা।
বাংলাদেশের গণতন্ত্রের পথচলায় আপসহীন এ নেত্রীর জানাজায় উপস্থিত থাকছেন ঢাকায় নিযুক্ত বেশ কিছু দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার। এরইমধ্যে রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা জানাজাস্থলের উদ্দেশে বারিধারা ত্যাগ করেছেন বলে জানা গেছে।
তারা হলেন— নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ফ্রান্সিস্কাস জেরার্ডাস ভ্যান বোমেল, লিবিয়ার রাষ্ট্রদূত আবদুল মোত্তালিব এস. এম. সোলাইমান, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল, রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একাতেরিনা সেমেনোভা, ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কাইঙ্গল, সিঙ্গাপুরের হাইকমিশনার মিচেল লি, প্যালেস্টাইনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জিয়াদ এম. হামাদ, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, দক্ষিণ কোরিয়া ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জিনহি ব্যাক, ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথরিন কুক, মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিয়াও মো, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সিগফ্রিড রেংগলি, ইতালির রাষ্ট্রদূত আলেসান্দ্রো আন্তোনিও, কানাডার হাইকমিশনার অজিত সিং, জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনচি, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস, স্পেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লারা দে লা পেনা ফের্নান্দেজ, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো, নরওয়ের রাষ্ট্রদূত হোকন আরাল্ড গুলব্রানসেন, ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফের্নান্দো দিয়াস ফেরেস, মরক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিম, ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি, আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি, ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান, থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদিউপ, কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি এম. এস. আল-কাহতানি, মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, বিমসটেকের মহাসচিব ইন্দ্র মনি পাণ্ডে, মালয়েশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমির ফারিদ আবু হাসান এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সিমোন লসন পারচম।
গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বেগম খালেদা জিয়ার। গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর দেখা দেয় নিউমোনিয়া, সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেওয়া হয় তাকে।
১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেয়া এই নেত্রী ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের নাম।
জাতীয়
রমজানে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা।
উল্লেখ্য, রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল, অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
এর আগে, পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। গত ৫ জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী।
এমএন
জাতীয়
নবনির্বাচিত এমপি-মন্ত্রীদের শপথ অনুষ্ঠান ঘিরে ট্রাফিক নির্দেশনা
নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবন এলাকায় বিপুলসংখ্যক লোকের সমাগম হবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যানুসারে, অনুষ্ঠান চলাকালীন খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) হতে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যানচলাচল সীমিত করা হবে। যানচলাচল নিয়ন্ত্রণের ফলে সৃষ্ট সাময়িক অসুবিধা নিরসনকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক ডাইভারশনের মাধ্যমে নিম্নোক্তভাবে যানবাহনের প্রবাহ সচল রাখা হবে।
ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়কসমূহ
১. মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া অ্যাভিনিউ মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে গমন করবে।
২. ধানমন্ডি হতে ফার্মগেট ধানমন্ডি-২৭ হতে আগত যানবাহন আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমনাগমন করবে।
৩. আসাদগেট হতে ফার্মগেট ক্রসিং আসাদগেট বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর) প্রতিরক্ষা গ্যাপ-ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র -উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমন করবে।
৪. এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ ইন্দিরা রোড হতে ধানমন্ডি এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড হতে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ-বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে গমন করবে।
৫. মিরপুর রোড হতে ধানমন্ডি মানিক মিয়া অ্যাভিনিউ হতে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড হতে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)-আসাদগেট হতে সোজা ধানমন্ডি ২৭য়ের দিকে গমনাগমন করবে।
৬. এলিভেটেড এক্সপ্রেসওয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন যানজট/দুর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প সচল থাকবে।
সব প্রকার যানবাহন চালকদের মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে মানিক মিয়া অ্যাভিনিউ ও লেক রোড এড়িয়ে উল্লিখিত নির্দেশনা মোতাবেক চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এমএন
জাতীয়
ঢাকা-১৭ নাকি বগুড়া-৬, কোনটি ছাড়ছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতে উভয় আসনেই জয়লাভ করেন তিনি। তবে নির্বাচন কমিশনের প্রদত্ত আইন অনুযায়ী কেউ একাধিক আসনে নির্বাচিত হলে যে কোনো একটি আসনই ধরে রাখতে পারেন। তাই নিয়ম অনুযায়ী জয়ী দুটি আসনের একটি আসন ছেড়ে দেবেন তারেক রহমান।
এ বিষয়ে বিএনপির বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির চেয়ারম্যান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আইন অনুযায়ী, কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হলে নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন রেখে বাকি আসন বা আসনগুলো লিখিতভাবে ছেড়ে দিতে হয়।
আরপিওর ধারা ১৯(১)(খ) অনুযায়ী, একজন ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারেন। তবে ধারা ১৯(২) বলছে, একাধিক আসনে নির্বাচিত হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে তিনি কোন আসনটি রাখতে চান।
নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং অবশিষ্ট আসনগুলো শূন্য ঘোষণা করা হবে।
ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়েছেন। এই আসনে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন। ঢাকা-১৭ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ৮৮৮টি। বাতিল হয়েছে ২ হাজার ২১১টি ব্যালট, ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬৭৭টি।
অন্যদিকে বগুড়া-৬ আসনেও বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১৫০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
এমএন
জাতীয়
২৩৬ জন সংসদ সদস্য কোটিপতি, ১৩ জন শত কোটিপতি: টিআইবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ীদের মধ্যে ২৩৬ জন কোটিপতি এবং ১৩ জন শত কোটিপতি রয়েছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
এ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের গড় বয়স ৫৯ বছর বলেও জানিয়েছে টিআইবি। সংস্থাটি বলছে, এবার এমপিদের বয়সভিত্তিক হার হলো: ২৫–৩৪ বছর বয়সি ৩ দশমিক ৩ শতাংশ, ৩৫–৪৪ বছর বয়সি ৬ দশমিক ৭৩ শতাংশ, ৪৫–৫৪ বছর বয়সি ১৮ দশমিক ৮৬ শতাংশ, ৫৫–৬৪ বছর বয়সি ৩৩ দশমিক ৬৭ শতাংশ এবং ৬৫ বছরের বেশি বয়সি ৩৬ দশমিক ৩ শতাংশ।
সংবাদ সম্মেলনে টিআইবি উল্লেখ করে, এবার প্রথমবারের মতো এমপি হয়েছেন ২০৯ জন। সম্ভাব্য সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা— দুজনই প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন।
এমএন
জাতীয়
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
এ সময় প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময়, সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমএন



