সারাদেশ
রেললাইনে আগুন, ময়মনসিংহ-ঢাকা ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহের গফরগাঁওয়ে রেলপথে আবারও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ময়মনসিংহ-ঢাকা রুটে আবারো ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া। তিনি বলেন, ভোরে গফরগাঁওয়ে রেললাইনে টায়ার জ্বালিয়ে আবারো আগুন দেয় বিক্ষুব্ধ লোকজন। সকালে পুলিশ ও রেলওয়ে কর্মচারীদের বিষয়টি নজরে আসে। ট্রেনের নিরাপত্তায় সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তখন থেকেই এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এর আগে রাত ১টা ২০ মিনিটে রেললাইন পুরোপুরি সচল হলে ৯ ঘণ্টা পর ময়মনসিংহ-ঢাকা রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শনিবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর প্রার্থিতা নিশ্চিত হওয়ার খবর এলাকায় পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান ও তার ভাতিজা দলের সদস্য মুশফিকুর রহমানের অনুসারীরা এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নেমে আসেন। বিকেলে পৌর শহরের প্রধান প্রধান কয়েকটি সড়কে টায়ার জ্বালানো হয়। বিকেল ৪টার দিকে শতাধিক নেতাকর্মী গফরগাঁও রেলস্টেশনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা স্টেশন মাস্টারের কক্ষে ঢুকে তাকে বের করে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। এরপর রেললাইনের ওপর টায়ার ও গাছের টুকরা এনে আগুন ধরিয়ে অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ফাতেমানগর এলাকায়, দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়ানগরে, জামালপুর কমিউটার মশাখালীতে, যমুনা কাওরাইদে, মহুয়া ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে, অগ্নিবীণা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ও জামালপুর এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
গত ৩ নভেম্বর বিএনপির প্রাথমিক মনোনয়নে এ জেলার ১১টি আসনের মধ্যে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের মনোনয়ন স্থগিত রাখা হয়। এরপর থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং প্রার্থীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়। তবে ১ মাস ২৪ দিন পর শনিবার (২৭ ডিসেম্বর) এই আসনের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়।
এমকে
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়া-২ : এক কেন্দ্রের ফলাফলে পিছিয়ে রুমিন ফারহানা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে এক কেন্দ্রের ফলাফলে পিছিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ১২৯ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন মাওলানা জুনায়েদ হাবিব।
উপজেলার উচালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগণনা শেষে এই তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপি জোটের মনোনীত প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ‘খেজুর গাছ’ প্রতীকে ৯৩০ ভোট পেয়েছেন। অন্যদিকে, এই আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা তার ‘হাঁস’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০১ ভোট।
সকাল থেকেই উচালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো।
এই আসনে এবার বিএনপি জোটের আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবিব প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর রুমিন ফারহানা লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
পুরো নির্বাচনী এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রয়েছে। প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন, শান্তিপূর্ণভাবেই এই কেন্দ্রে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। এখন উপজেলার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পুরো আসনের চূড়ান্ত ফলাফলের অপেক্ষা করছেন সাধারণ মানুষ ও প্রার্থীর সমর্থকরা।
এমএন
সারাদেশ
মৌলভীবাজার-৪ আসনের ৬ কেন্দ্রে এগিয়ে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে শুরু থেকেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রাথমিক ফলাফলে কমলগঞ্জ উপজেলার ৬টি কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী এগিয়ে রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে কমলগঞ্জ উপজেলায় মোট ৭৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৬ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭৭৪ ভোট। অপরদিকে খেলাফত মজলিস প্রার্থী নূরে আলম হামিদী রিক্সা প্রতীকে পেয়েছেন ১৬৫৬ ভোট। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী রিক্সা প্রার্থীর চেয়ে ৫১১৮ ভোটে এগিয়ে রয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘিরে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এলাকায় ব্যাপক উত্তেজনা ও কৌতূহল দেখা যাচ্ছে। প্রতিটি কেন্দ্রের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থীদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে। শেষ পর্যন্ত কার ভাগ্যে যায় এই আসন, সেদিকে তাকিয়ে রয়েছে পুরো এলাকা।
এমএন
সারাদেশ
ভালুকায় ভোট কক্ষ দখল করে সিল মারার ভিডিও ভাইরাল
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের একটি ভোটকেন্দ্রে পাঁচ তরুণ প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ২টা ৩৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ রাখার পর পুনরায় ভোট চালু হয়।
জানা গেছে, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের লোহাবৈ বরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা আড়াইটার পর তরুণদের একটি দল কেন্দ্রে প্রবেশ করে। এ সময় একটি বুথে ৫ তরুণ প্রবেশ করে ব্যালট পেপারে সিল মারতে শুরু করে। বুথে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মী উপস্থিত ছিলেন না। ভোটকক্ষে সিল মারার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এ ঘটনায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, সিল মারার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। প্রাথমিকভাবে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ হাফিজ উদ্দিনকে অব্যাহতি দিয়ে সহকারী প্রিসাইডিং অফিসার আবু হেনাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কিছু ব্যালট পেপার জব্দ করা হয়েছে বলে স্বীকার করেন তিনি। তবে কোন প্রার্থীর লোকজন এটি করেছে, সেটি আরেও যাচাইবাছাই করা হচ্ছে বলে জানান।
এমএন
সারাদেশ
নওগাঁয় ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর প্রিজাইডিং কর্মকর্তার
নওগাঁয় ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেয়ার অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সদর উপজেলার কাটখইর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পরে দুপুর দেড়টার দিকে কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীনেকে প্রত্যাহার করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদীন। অভিযুক্ত নাজিম উদ্দীন নওগাঁ সড়ক ও জনপদ বিভাগে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।
নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোটগণনার আগে ফলাফল শিটে স্বাক্ষর করার কোনও বিধান নেই। অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কেন্দ্রের নির্বাচনি দায়িত্ব থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে। ওই কেন্দ্রে নতুন একজন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।
এমএন
সারাদেশ
শেরপুরে ব্যালট বই ছিনতাই, ধানের শীষে সিল মারা বই উদ্ধার
শেরপুরে সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নে ৩টি ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এরমধ্যে একটি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছিল। সকাল ১০টার কিছু সময় আগে পোলিং এজেন্টের বাইরের কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে যায়। এর মধ্যে দুটি জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ব্যালট বই ছিল।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের একটি ব্যালট বই উদ্ধার করা হয়েছে। ওই বইটিতে ধানের শীষ প্রতীকে কিছু ভোট দেয়া ছিল। তবে একটি গণভোটের ব্যালট বই এবং একটি জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট বই এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার পর প্রশাসনকে জানানো হয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে পৌঁছেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এরআগে, শেরপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত থাকলেও শেরপুর-১ (সদর) ও শেরপুর-২ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে সকাল ৭টার আগেই ভোটারদের কেন্দ্রে এসে ভোটার নম্বর বের করে লাইনে দাঁড়াতে দেখা যায়। সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শেরপুর-১ (সদর) আসনে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২৪ হাজার ৪৭২ জন, নারী ২ লাখ ২৬ হাজার ৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৫টি। এর মধ্যে ২৪টি অধিক গুরুত্বপূর্ণ, ৪০টি গুরুত্বপূর্ণ এবং ৮১টি সাধারণ কেন্দ্র। সদর উপজেলার ১৪৫টি কেন্দ্রেই ভোটগ্রহণ চলছে।
এমএন



