আন্তর্জাতিক
প্রথমবার এইচআইভির টিকাদান শুরু তিন দেশে
আফ্রিকার তিন দেশ ইসওয়াতিনি, দক্ষিণ আফ্রিকা ও জাম্বিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের মধ্যে এইচআইভি প্রতিরোধে নতুন ইনজেকশন ‘লেনাকাপাভির’ প্রয়োগ শুরু করেছে। মহাদেশটিতে বিশ্বের সবচেয়ে বেশি এইচআইভি আক্রান্ত মানুষ থাকায় এই উদ্যোগকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
বছরে মাত্র দুবার নেওয়া এই ইনজেকশন সংক্রমণের ঝুঁকি ৯৯ দশমিক ৯ শতাংশ পর্যন্ত কমাতে পারে। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, এটি কার্যত একটি শক্তিশালী প্রতিরোধক টিকার মতো কাজ করবে।
দক্ষিণ আফ্রিকায় প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের একজন এইচআইভিতে আক্রান্ত। সেখানে উইটস ইউনিভার্সিটির একটি গবেষণা দল পুরো কর্মসূচি পর্যবেক্ষণ করছে। এই প্রকল্পটি জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ইউনিটেইডের অর্থায়নে চলছে।
ইউনিটেইড জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার জনগণই প্রথম নিয়মিত প্রতিরোধের অংশ হিসেবে লেনাকাপাভির ব্যবহার শুরু করেছেন। তবে কতজন প্রথম ডোজ পেয়েছেন, তা এখনো প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রে এই ওষুধের এক বছরের খরচ প্রায় ২৮ হাজার ডলার, যা অধিকাংশের নাগালের বাইরে।
জাম্বিয়া ও ইসওয়াতিনি যুক্তরাষ্ট্রের একটি বিশেষ কর্মসূচির মাধ্যমে ১ হাজার ডোজ পেয়েছে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে এ ইনজেকশন সেখানে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে।
এদিকে নির্মাতা প্রতিষ্ঠান গিলিয়াড সায়েন্সেস আগামী তিন বছরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর ২০ লাখ মানুষকে লেনাকাপাভির বিনালাভে সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। যদিও সমালোচকরা বলছেন, আন্তর্জাতিক দাতাদের দেওয়া ডোজ এখনো প্রয়োজনের তুলনায় খুবই কম, আর ওষুধের দামও অত্যন্ত বেশি। সূত্র : এনডিটিভি।
এমকে
আন্তর্জাতিক
ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করল সুইজারল্যান্ড
নিরাপত্তাজনিত কারণে তেহরানে নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সুইজারল্যান্ড। ইরানে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত অলিভিয়ের ব্যাঙ্গার্টার-সহ দূতাবাসের সর্বশেষ ৫ সুইস কর্মী ইতোমধ্যে ইরান ত্যাগ করেছেন।
বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র দপ্তর।
পররাষ্ট্রমন্ত্রী গানাজিও ক্যাসিস স্বাক্ষরিত সেই বিবৃতি বলা হয়েছে, “ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা এবং তার প্রতিক্রিয়ায় ইরানের প্রতিরক্ষা বাহিনী কর্তৃক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আক্রমণের প্রেক্ষিতে সৃষ্ট নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে তেহরানে সুইজারল্যান্ডের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।”
“ইরানের দূতাবাসে সুইজারল্যান্ডের মোট ১০ জন নাগরিক ছিলেন। তাদের মধ্যে ৪ জন গত ৩ মার্চ এবং রাষ্ট্রদূত অলিভিয়েল ব্যাঙ্গার্টার-সহ বাকি ৬ জন আজ বুধবার তেহরান ত্যাগ করেছেন। যখন পরিস্থিতির উন্নতি ঘটবে, তখন ফের দূতবাস খোলা হবে এবং পূর্ণমাত্রার কার্যক্রম শুরু হবে।”
কূটনৈতিক ক্ষেত্রে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার ভূমিকায় আছে সুইজারল্যান্ড। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। তারপর থেকে ইরানে বসবাসরত কিংবা ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদের কনস্যুলার পরিষেবা দিয়ে যাচ্ছে সুইজারল্যান্ড।
মঙ্গলবারের বিবৃতিতে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দূতাবাস বন্ধ হলেও ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য কনস্যুলার পরিষেবা অব্যাহত থাকবে।
সূত্র : এএফপি, আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক
হরমুজ প্রণালীতে ভারতগামী কার্গো জাহাজে হামলা
সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দর ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই বুধবার (১১ মার্চ) হরমুজ প্রণালীর কাছে থাই পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রয়্যাল থাই নৌবাহিনী।
এ ঘটনায় ২০ জন নাবিককে উদ্ধার করা হয়েছে এবং তিনজনের খোঁজ এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদন অনুসারে, থাই কোম্পানি প্রিশিয়াস শিপিং পিসিএল-এর মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার ‘ময়ূরী নারি’ জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের খলিফা বন্দর ছেড়ে ভারতের কান্দলা বন্দরের দিকে যাচ্ছিল। হরমুজ প্রণালী অতিক্রম করার সময় এটি আক্রমণের শিকার হয়।
থাই নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘আক্রমণের সুনির্দিষ্ট বিবরণ এবং কারণ বর্তমানে তদন্তাধীন।’
এদিকে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালীতে তিনটি জাহাজ ‘অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে’ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি জাহাজে আগুন লেগে যায়।
রয়টার্স বলছে, থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার বা কার্গো জাহাজ ‘ময়ূরী নারি’-কে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং ওমানের প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে এটি ক্ষতিগ্রস্ত হয়।
পরে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ ঘটনার উল্লেখ করে জানায়, জাহাজটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কোনো পরিবেশগত ক্ষতি হয়নি। প্রয়োজনীয় কিছু নাবিক জাহাজে অবস্থান করছেন।
এর আগে, জাপানের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘ওয়ান ম্যাজেস্টি’ অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি ঘটে রাস আল খাইমাহ-এর প্রায় ২৫ নটিক্যাল মাইল (৪৬ কিলোমিটার) উত্তর-পশ্চিমে।
সূত্রগুলো জানায়, জাহাজটির নাবিকরা নিরাপদ আছেন এবং জাহাজটি একটি নিরাপদ নোঙর স্থানের দিকে এগোচ্ছে।
এদিকে তৃতীয় কার্গো জাহাজটি দুবাইয়ের প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো।
মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ‘স্টার গুইনেথ’ নামের জাহাজটির গায়ে প্রজেক্টাইলের আঘাতে ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর, বিশ্বের বিভিন্ন স্থানে তেল ও গ্যাস সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল দ্রুতই কমে গেছে।
সাম্প্রতিক এসব ঘটনায় সংঘাত শুরুর পর থেকে হামলার মুখে পড়া জাহাজের সংখ্যা বেড়ে কমপক্ষে ১৪টিতে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স, এনডিটিভি
আন্তর্জাতিক
ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত
ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে, তারা গত ১২ দিনে ২৯১টি সামরিক অভিযান পরিচালনা করেছে; যাতে ১৩ জন আমেরিকান সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। খবর প্রেস টিভির।
বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, গত ২৪ ঘণ্টায় ৩১টি অভিযানে ইরাকের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, গত ১২ দিনে পরিচালিত মোট অভিযানের সংখ্যা ২৯১টিতে পৌঁছেছে, যার ফলে ১৩ জন আমেরিকান সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন; যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
ইরাকি গোষ্ঠীটি ইউরোপীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশগ্রহণের ব্যাপারেও সতর্ক করে দিয়েছে।
বিবৃতিতে তারা আরও জানায়, বিশ্বব্যাপী শক্তিগুলো স্বাধীন জনগণের উপর তাদের আধিপত্য চাপিয়ে ইরানি জাতির মর্যাদা এবং স্বাধীনতা দমন করার চেষ্টা করছে। ইহুদিবাদী এবং আমেরিকানরা ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধে তার মিত্রদের জড়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গোষ্ঠীটি আরও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশগ্রহণকারী যে কোনো দেশকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে এবং ইরাক এবং সমগ্র অঞ্চলে তাদের বাহিনী এবং ঘাঁটি প্রতিশোধের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
এমএন
আন্তর্জাতিক
জ্বালানি সংকট মেটাতে মার্কিন তেলের দিকে ঝুঁকছে এশিয়া
মধ্যপ্রাচ্যের ওপর জ্বালানি নির্ভরতা কমাতে এখন বিকল্প উৎস হিসেবে মার্কিন তেল ও গ্যাসের দিকে ঝুঁকছে এশিয়ার দেশগুলো। ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিশ্ববাজারে বর্তমানে মার্কিন জ্বালানির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।
বাজারদর বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘আর্গাস মিডিয়া’র তথ্যমতে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এশিয়ায় সরবরাহকৃত মার্কিন ‘লাইট সুইট ক্রুড’ তেলের দাম ৪৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১১৫ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে মার্কিন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের ভাড়া চার গুণ বেড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ইউরোপ অভিমুখী অন্তত চারটি এলএনজিবাহী জাহাজ ঘুরিয়ে এশিয়ার দিকে পাঠানো হয়েছে।
আর্গাস মিডিয়ার এশিয়া অঞ্চলের প্রধান ফাবিয়ান এনজি জানান, যুদ্ধ শুরুর পর থেকে জাপানি শোধনাগারগুলো আগামী জুনে সরবরাহের জন্য প্রায় ৯০ লাখ ব্যারেল মার্কিন অপরিশোধিত তেল কিনেছে। তবে বাড়তি দামের কারণে এশিয়ার অনেক দেশ এখনই বড় চুক্তিতে যাচ্ছে না; তারা পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।
এদিকে, এশিয়ার দেশগুলোর প্রায় ৮০ শতাংশ জ্বালানি যে ‘হরমুজ প্রণালি’ দিয়ে আসে, সেখানে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার ওই গুরুত্বপূর্ণ জলপথের কাছ থেকে তারা ইরানের ১৬টি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, প্রণালিতে মাইন স্থাপনের পরিণাম ভালো হবে না।
সংঘাতের কারণে জ্বালানির প্রধান উৎস বন্ধ হয়ে যাওয়ায় ইন্দোনেশিয়া ও পাকিস্তানের মতো দেশগুলো এখন তাদের মজুত করা তেলের ওপর নির্ভর করছে, যা বড়জোর কয়েক সপ্তাহ চলতে পারে। তবে গবেষণা সংস্থা ‘এনার্জি অ্যাসপেক্টস’-এর বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে মধ্যপ্রাচ্যের তেলের যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ করার মতো উৎপাদন সক্ষমতা বর্তমানে যুক্তরাষ্ট্রের নেই।
এনার্জি অ্যাসপেক্টস-এর বিশ্ব গ্যাস বিষয়ক প্রধান লিভিয়া গ্যালারাতি বলেন, “এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এশিয়ার অধিকাংশ দেশ এখন মজুত করা জ্বালানি ব্যবহার করছে। অনেকে গ্যাসের বদলে অন্য বিকল্প জ্বালানি ব্যবহার কিংবা শিল্পকারখানায় উৎপাদন কমিয়ে চাহিদা সামাল দেওয়ার চেষ্টা করছে।”
সূত্র : সিএনএন।
এমএন
আন্তর্জাতিক
হরমুজ প্রণালিতে মাইন বসানো নিয়ে গর্জে উঠলেন ট্রাম্প
হরমুজ প্রণালিতে মাইন (বিস্ফোরক অস্ত্র) পেতে দিলে ইরানকে অভূতপূর্ব পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে যদি কোনো মাইন বসানো হয়ে থাকে, তাহলে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এমন কিছু তথ্য পেয়েছে যাতে ধারণা করা হচ্ছে, ইরান হরমুজ প্রণালিতে নৌ-মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে তাদের সামরিক নিরাপত্তা দিয়ে এগিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
তিনি বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে অনেক তেলবাহী জাহাজ ওই পথ দিয়ে চলাচল করতে পারছে না।
অন্যদিকে চীন বলেছে, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ঠিক রাখতে হরমুজ প্রণালি নিরাপদ রাখা জরুরি। একই সঙ্গে তারা উত্তেজনা কমানো ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে।




