অন্যান্য
ডেঙ্গুতে আজও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০৭
সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার সাতজন।
এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৯ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৮৬ হাজার চারজনে দাঁড়িয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৫০ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৫ জন, ঢাকা বিভাগে ২৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪২ জন, খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ৪১, রংপুর বিভাগে পাঁচজন ও সিলেট বিভাগে তিনজন রয়েছেন।
২৪ ঘণ্টায় যে পাঁচজনের মারা গেছেন তাদের মধ্যে দুজনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এবং একজনের ময়মনসিংহ বিভাগে মৃত্যু হয়েছে।
এই সময়ে এক হাজার ১৭০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৮২ হাজার ৬১২ জন।
২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
অন্যান্য
পথচারীদের জন্য স্বপ্ন’র বিনামূল্যে ইফতার সেবা
রমজানে অনেকে সঠিক সময়ে অফিস থেকে বের হলেও বাসায় পৌঁছানোর আগেই ইফতারের সময় হয়ে যায়। এমন সব মানুষের একটু স্বস্তি দিতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে ‘স্বপ্ন’।
ইফতার এর আগে এবং ইফতারের সময় পথচারী, সাধারণ মানুষ ও খেটে খাওয়া মানুষদের জন্য স্বপ্ন-এর পক্ষ থেকে খেজুর এবং শরবত দেয়া হচ্ছে। চলবে পুরো রমজান মাস জুড়ে ।
স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, শহরে ট্রাফিক জ্যামসহ নানা কারণে সঠিক সময়ে বাসায় ফিরতে না পারা মানুষের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।
মূলত ইফতারের জন্য সঠিক সময়ে ঘরে ফিরতে না পারা মানুষ এবং সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছে সুপারশপ ‘স্বপ্ন’।
উল্লেখ্য, ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৪৪ টি স্বপ্ন আউটলেট থেকে প্রতিদিন প্রায় ১৬০০ মানুষকে বিনামূল্যে ইফতারের এই সেবা দেওয়া হচ্ছে ।
এমএন
অন্যান্য
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
জাতীয় সংসদে বিএনপির নব-নির্বাচিত সদস্যদের শপথ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সেখানেই সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথগ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে শুরুতে নতুন আইনপ্রণেতাদের সামনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানান। শপথ নেওয়ার পর সংসদ সদস্যরা শপথপত্রে সই করেন।
সূচি অনুযায়ী, বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
এমএন
অন্যান্য
কুমিল্লা-৩ আসনে বিএনপির কায়কোবাদ বিজয়ী
কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ১ লাখ ৫৮ হাজার ৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুর রহমান তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী কায়কোবাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৮০ ভোট। পাঁচ বারের সাবেক প্রবীণ সংসদ সদস্য কায়কোবাদের সঙ্গে তরুণ এবং নবীন সোহেলের হাড্ডাহাড্ডি ভোটের লড়াই হয়েছে।
নির্বাচিত ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কায়কোবাদ বলেন, মহান আল্লাহ তায়ালার মেহেরবানিতে আমি বিজয়ী হয়েছি। মুরাদনগরের সাধারণ ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নেতাকর্মী এবং সমর্থকরা আমার জন্য অনেক পরিশ্রম করেছেন। সবাইকে নিয়ে সুন্দর এবং আলোকিত মুরাদনগর গড়তে চাই।
অন্যান্য
হেরে যাবে বুঝতে পেরে জামায়াত টাকা দিয়ে ভোট কিনতে নেমেছে: ইশরাক
সাধারণ ভোটারদের লাইনে দাঁড়িয়ে ঢাকা-৬ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভোট দিয়েছেন। এসময় তিনি গণমাধ্যমে বলেন, জামায়াতের লোকেরা বিভিন্ন অনিয়ম, টাকার ছড়াছড়ি করেছে। তারা বুঝে গেছে যে হেরে যাবে। এজন্য টাকা দিয়ে ভোট কিনতে নেমে গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় রাজধানীর টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি জনসাধারণের সাথে লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দেন।
ভোট দিয়ে উঠে সাংবাদিকদের বলেন, নির্বাচনের পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। ভোটার উপস্থিতি ভালোই। বেলা বাড়লে আরও ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি। পুরান ঢাকার মানুষ একটু দেরি করে ঘুম থেকে উঠে।
ভোটের মাঠের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, প্রথম দিকে গতকাল রাত থেকে জামায়াতের লোকেরা বিভিন্ন অনিয়ম, টাকার ছড়াছড়ি করেছে। তারা বুঝে গেছে যে হেরে যাবে। এজন্য টাকা দিয়ে ভোট কিনতে নেমে গেছে। গত রাতে সূত্রাপুরের জামাতের নায়েবে আমির এবং এর আগে ঠাকুরগাওয়ের আমীর প্রায় কোটি টাকা নিয়ে ধরা খেয়ে বুঝিয়ে দিয়েছে।
ইশরাক হোসেন আরও বলেন, জনগণ আজকে ভোটের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিবেন। জামাতের এতো টাকার উৎস সম্পর্কে ইশরাক বলেন, তারা ব্যাংক ডাকাতি করে এসব টাকা জমিয়েছেন।
নিজের জয়ের ব্যপারে কতটুকু আশাবাদী জানতে চাইলে তিনি বলেন, অনেক আশাবাদী। খুব সাড়া পাচ্ছি।
এমএন
অন্যান্য
গরম বাড়ার আভাস
আগামী ৫ দিনের তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। রোববার (৮ জানুয়ারি) থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা বেড়ে গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
পূর্বাভাসে বলা হয়, এ সময় নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী পাঁচ দিনই অস্থায়ীতাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া প্রথম দুইদিন ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনে সামান্য বাড়তে পারে। সোম ও মঙ্গলবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া পরদিন বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
রোববার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এ সময় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।



