অর্থনীতি
আরও ৫ পোশাক কারখানা পেলো এলইইডি সনদ
বাংলাদেশের তৈরি পোশাক খাতে সবুজ শিল্পায়নের ধারা আরও একধাপ এগিয়ে গেলো। সম্প্রতি দেশের আরও পাঁচটি পোশাক কারখানা লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (এলইইডি) সনদের স্বীকৃতি পেয়েছে। এরমধ্যে তিনটি কারখানা পেয়েছে প্লাটিনাম এবং দুটি পেয়েছে গোল্ড সার্টিফিকেশন।
পরিবেশবান্ধব কারখানার জন্য যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এই সনদ দিয়ে থাকে। ইউএসজিবিসি হচ্ছে যুক্তরাষ্ট্রের স্থপতিদের সমন্বয়ে গঠিত একটি কাউন্সিল। পৃথিবীজুড়ে এটি পরিবেশবান্ধব ভবন ও কারখানা নির্মাণে পরামর্শ ও সহায়তা দিয়ে থাকে।
প্লাটিনাম সার্টিফিকেশনপ্রাপ্ত কারখানাগুলোর মধ্যে পাকিজা নিট কম্পোজিট লিমিটেড এলইইডি প্লাটিনাম সার্টিফিকেশন অর্জন করেছে ৮৭ পয়েন্ট পেয়ে। ফ্যাশন পালস লিমিটেড ৮৭ পয়েন্ট স্কোর করে এলইইডি প্লাটিনাম সনদ অর্জন করেছে।
একইভাবে, গাভা প্রাইভেট লিমিটেডও ৮৭ পয়েন্ট পেয়ে এলইইডি প্লাটিনাম সার্টিফিকেশন লাভ করেছে।
এদিকে, ভিজ্যুয়াল নিটওয়্যারস লিমিটেড ৭৬ পয়েন্ট পেয়ে এলইইডি গোল্ড সার্টিফিকেশন অর্জন করেছে। অন্যদিকে, ট্যালিসম্যান পারফরম্যান্স লিমিটেড ৬২ পয়েন্ট স্কোর করে এলইইডি গোল্ড সার্টিফিকেশন পেয়েছে।
বাংলাদেশে সবুজ শিল্পের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইউএসজিবিসির সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে মোট ২৬৮টি কারখানা এলইইডি সনদপ্রাপ্ত। যার মধ্যে ১১৪টি প্লাটিনাম ও ১৩৫টি গোল্ড সার্টিফাইড কারখানা। এছাড়া বিশ্বের শীর্ষ ১০০টি উচ্চ রেটিংপ্রাপ্ত এলইইডি কারখানার মধ্যে ৬৮টি এখন বাংলাদেশের। তৈরি পোশাক খাতের টেকসই উন্নয়নে বাংলাদেশের এ অর্জন বিশ্বে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
অর্থনীতি
ব্যবসায়িক সংশ্লিষ্টতা থেকে সরেই গভর্নরের দায়িত্বে মোস্তাকুর রহমান: মুখপাত্র
মোস্তাকুর রহমান ব্যবসায়িক সংশ্লিষ্টতা থেকে সরে এসে গভর্নরের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ব্যাংকের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে নতুন গভর্নরের বৈঠক শেষে এই কথা জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ‘গভর্নরের মূল উদ্দেশ্য কর্মসংস্থান তৈরি করা। উচ্চ সুদের হার ও মূল্যস্ফীতি গুরুত্ব পেয়েছে বৈঠকে।’
বাংলাদেশ ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা অব্যাহত থাকবে জানিয়ে আরিফ হোসেন বলেন, ‘প্রাইস স্ট্যাবল রেখে কীভাবে সুদের হার শিথিল করা যায়, সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন গভর্নর।’
বৈঠকে বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ইস্যু গুরুত্ব পেয়েছে বলেও জানান মুখপাত্র।
তিনি বলেন, ‘বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় রেখে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন গভর্নর। দফতরগুলো অ-সমন্বয়ের কারণে সরকার যেন কোনো চ্যালেঞ্জে না পড়ে সেদিকে গুরুত্ব দেয়ার বিষয়েও কথা হয়েছে।’
এমএন
অর্থনীতি
ফেব্রুয়ারির ২৫ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৭৯ কোটি ডলার
ফেব্রুয়ারি মাসের প্রথম ২৫ দিনেই দেশে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছে ২৭৯ কোটি ২০ লাখ বা ২.৭৯ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি ফেব্রুয়ারির প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৯ কোটি ২০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২২৮ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ২২২ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২১ দশমিক ৮০ শতাংশ।
এর আগে জানুয়ারি মাসে দেশে এসেছে ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
আর গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার। যা ছিল দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের কোনো এক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়। গত নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।
এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
এমএন
অর্থনীতি
ন্যাশনাল ব্যাংককে ১ হাজার কোটি টাকা সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
তীব্র তারল্য সংকটে থাকা বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংককে জরুরি তহবিল হিসেবে ১ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আসন্ন ঈদের সময় গ্রাহকদের বাড়তি টাকা তোলার চাহিদা বেড়ে যাওয়ায় ১১.৫ শতাংশ সুদে ৯০ দিনের জন্য এই সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ন্যাশনাল ব্যাংক তারল্য সংকটের মধ্যে আছে।
গ্রাহকদের অর্থ সময়মতো ফেরত দিতে পারছে না। এ জন্য তহবিল সমস্যার মধ্যে রয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেয় ন্যাশনাল ব্যাংক। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংককে তারল্য সহায়তা দিয়েছে।
ন্যাশনাল ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ব্যাংকের ক্যাশ ফ্লো ঠিক রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করা হয়েছিল।
ঈদের আগে ব্যাংকে গ্রাহকদের টাকা তোলার চাহিদা বেড়ে যায়। এ জন্য এ সময় তারল্য বেশি থাকা প্রয়োজন। তা ছাড়া ব্যাংকে যে পরিমাণ আমানত ও ঋণ আদায় হচ্ছে, তা দিয়ে তারল্য ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না।
এমএন
অর্থনীতি
রেকর্ড চতুর্থ দফায় বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময়
রেকর্ড চতুর্থ বারের মতো অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়াতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সময় বাড়ানোর সুপারিশ ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছেন এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
এর আগে তৃতীয় দফায় অনলাইনে রিটার্ন জমার সময়সীমা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। দ্বিতীয় দফায় ৩১ জানুয়ারি এবং প্রথম দফায় ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। আইন অনুযায়ী, আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ নভেম্বর।
এমএন
অর্থনীতি
বাংলাদেশ ব্যাংকে যোগদান করলেন নতুন গভর্নর
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মোস্তাকুর রহমান এফসিএমএ। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন।
নতুন গভর্নরকে অভ্যর্থনা জানাতে ডেপুটি গভর্নর নুরুন নাহার ও হাবিবুর রহমানের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা গভর্নর ভবনের মূল ফটকে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকে আসার আগে তিনি অর্থ মন্ত্রণালয়ে গিয়ে প্রয়োজনীয় দাপ্তরিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। প্রজ্ঞাপনের পরদিনই প্রথমবারের মতো কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করেন তিনি।
এর আগে, গতকাল বিকেলে আগের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সাথে চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার৷ একই সাথে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে চার বছরের চুক্তি করে প্রজ্ঞাপন দেয় সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১০৭২ (প্রেসিডেন্স অর্ডার নম্বর ১২৭ অব ১৯৭২) এর ১০ (৫) অনুযায়ী মো. মোস্তাকুর রহমান এফসিএমএকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো।
নতুন গভর্নর মোস্তাকুর রহমান হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত রয়েছেন। তবে কর্পোরেট অর্থায়ন, শিল্প ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ে তার বিশেষ দক্ষতা রয়েছে বলে জানা গেছে।
তিনি বিজিএমইএ-র বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ড সদস্য ছিলেন। এছাড়া তিনি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই), রিহ্যাব, এবং আটাব-এর মতো গুরুত্বপূর্ণ পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের সদস্য।
মোস্তাকুর রহমান ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি)-এর একজন ফেলো মেম্বার।
এমএন



