সারাদেশ
নড়াইলে ৭৪০০ লিটার ডিজেল জব্দ
নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার বারইপাড়া ফেরিঘাট ও কলাবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পিন্টু শেখ (৫৫) নামে এক ব্যক্তির কাছ থেকে ৯টি ব্যারেলে রাখা ১ হাজার ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও মো. জিন্নাতুল ইসলাম বলেন, ‘জব্দকৃত মোট ৭ হাজার ৪০০ লিটার ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চালু থাকবে এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
সারাদেশ
তেল কিনতে গিয়ে হামলার শিকার চাকসু নেতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর ব্লেড ও ক্ষুর দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে তার চোখের ওপরের অংশ কেটে যায়। এ ঘটনায় তার সঙ্গে থাকা ফিশারিজ বিভাগের শিক্ষার্থী হাসিবুর রহমানও আহত হন।
সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে হাটহাজারী বাস স্ট্যান্ড সংলগ্ন একটি ফুয়েল স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে গেলে ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তি তাদের উপর অতর্কিত হামলা চালায়। তবে, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে বহিরাগত বাইক আটকে কেন্দ্র করে হওয়া সমঝোতাকেই হামলার মূল কারণ বলছেন অনেকে।
চাকসু সূত্রে জানা যায়, মাসুম বিল্লাহ তার বন্ধু হাসিবুর রহমানকে সঙ্গে নিয়ে হাটহাজারীতে যান। সেখানে একটি ফুয়েল স্টেশনে হঠাৎ একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। খবর পেয়ে চাকসুর সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন এবং আইন সম্পাদক ফজলে রাব্বি তাওহিদ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ে আটককৃত বাইক চালক আরিফুল ইসলামকে ১ নম্বর আসামি করে মোট ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
চাকসুর সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা জিহাদ হোসাইন বলেন, ‘আমরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে আছি। ঘটনার কিছুক্ষণ পরে আমি এবং আইন সম্পাদক সাথে সাথে যাই। ঘটনায় তার একজন বন্ধু ছিল হাসিবুর রহমান। সে গুরুতর আহত হয়।’
ঘটনার বিষয়ে মাসুম বিল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘গত ৪ মার্চ ক্যাম্পাসে বেপরোয়া গতিতে বাইক চালিয়ে এক শিক্ষার্থীকে আহত করার ঘটনায় তিনি সমঝোতায় ভূমিকা রাখেন। সেই ঘটনার জের ধরেই এ হামলা হয়েছে। সমঝোতাকারী হিসেবে আজ আমাকে হামলার শিকার হতে হয়েছে। ব্লেড ও ক্ষুর দিয়ে শেষ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হয়েছে।’
চবি মেডিকেলের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, কয়েকজন মিলে ভুক্তভোগীকে মেডিকেলে নিয়ে আসে। চোখের উপরে খুর বা ছুরি এ জাতীয় কিছু দিয়ে কাটার দাগ ছিলো। তার মাথায় প্রচণ্ড আঘাত করা হয়েছে। শরীরে বিভিন্ন জায়গায় কিল, ঘুসি দিয়ে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘ঘটনার বিষয়ে খোঁজখবর নিতে একজনকে মেডিকেলে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
উল্লেখ্য, গত ৪ মার্চ বহিরাগত আরিফুল ইসলাম বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনিরুজ্জামান রাজকে আহত করেন। ওই ঘটনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে সমঝোতা করেন মাসুম বিল্লাহ। সমঝোতার অংশ হিসেবে চিকিৎসা ব্যয় বহনসহ বিভিন্ন শর্তে মুচলেকা দেন অভিযুক্তের পরিবার।
সারাদেশ
রাষ্ট্রপতির সঙ্গে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (পিসিসিআই) নেতারা সাক্ষাৎ করেছেন। সোমবার (৩০ মার্চ) পাবনা সার্কিট হাউজে সাক্ষাৎকালে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. ফোরকান রেজা বিশ্বাস বাদশার নেতৃত্বে সংগঠনটির সহসভাপতি এবং পরিচালকরা এতে উপস্থিত ছিলেন।
এ সময় তারা পাবনা জেলায় ৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগসহ সংগঠনটির সার্বিক কর্মকাণ্ড বিষয়ে রাষ্ট্রপতিকে জানান।
রাষ্ট্রপতি সংগঠনটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং পাবনার সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।
সারাদেশ
রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশু মারা যায়। এদের মধ্যে একজনের পরীক্ষার পর হাম শনাক্ত করা গেছে। বাকিগুলো শনাক্ত হয়নি।
সোমবার (৩০ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কালেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৭০ জন শিশু ভর্তি রয়েছে। এদের মধ্যে ৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এবছর হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশু মারা গেছে। এদের মধ্যে পজেটিভ আছে একজন। হাম সন্দেহে মারা গেছে ২৯ জন। এ ২৯ জনের (নমুনা) টেস্ট করেও হাম পজিটিভ পাওয়া যায়নি।’
আক্রান্তদের জন্য নির্ধারিত কর্নার এবং সাধারণ শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে হাসপাতালের শিশু বিভাগের প্রধান বলেন, দুটি ওয়ার্ডের কর্নারে আলাদা করে (রোগীদের) আইসোলেশন করে রাখা হয়েছে। পরবর্তী সময়ে রোগী বাড়লে আমার সেটি দেখবো।
তিনি আরও বলেন, আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৬৫ শতাংশের বয়স ছয় মাসের নিচে। যা চিকিৎসকদের জন্য উদ্বেগজনক। এক বছরের ওপরে আক্রান্ত হওয়ার সংখ্যা খুবই কম।
এসময় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম জানান, ১২০০ শয্যার বিপরীতে প্রতিদিন ২৫০০-৩৫০০ রোগী ভর্তি থাকায় চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক চাপ তৈরি হয়েছে। সীমিত জনবল ও অবকাঠামোর মধ্যেও চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সারাদেশ
খুলনার প্রথম নারী জেলা প্রশাসক হলেন হুরে জান্নাত
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২) হুরে জান্নাতকে খুলনা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসনের উপসচিব আমিনুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
রবিবার (২৯ মার্চ) খুলনাসহ দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। একই সঙ্গে জেলার বর্তমান জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকারকে বদলি করা হয়েছে।
জেলা প্রশাসকের ওয়েব পোর্টালের তথ্য অনুযায়ী, প্রায় ১৩৪ বছর আগে ১৮৯২ সালের জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় খুলনা। ব্রিটিশ আমলে এই জেলায় ৪৭ জন, পাকিস্তান আমলে ২১ ও স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত ৪৩ জন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে সবাই ছিলেন পুরুষ। নতুন জেলা প্রশাসক হুরে জান্নাত সেই ক্ষেত্রে জেলার প্রথম নারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেলেন।
সারাদেশ
শরীয়তপুরে ফিলিং স্টেশনে অভিযান, অনিয়মে জরিমানা ও তেল জব্দ
জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে শরীয়তপুরে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এ সময় পেট্রোল, অকটেন ও ডিজেলের মজুদ, চাহিদা এবং সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। অভিযানকালে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি রোধে ফিলিং স্টেশনগুলোকে সতর্ক করা হয়। একই সঙ্গে ক্রেতাদেরও দায়িত্বশীল আচরণ করতে আহ্বান জানানো হয়।
অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে অকটেন বিক্রির দায়ে ভেদরগঞ্জের মেসার্স সোহাগ ট্রেডার্সকে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া নির্ধারিত মূল্যের বেশি দামে ডিজেল বিক্রি, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং লাইসেন্সবিহীন জ্বালানি মজুদ ও বিক্রির অপরাধে সখিপুরের মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে ২ ড্রাম (প্রায় ৪০০ লিটার) ডিজেল জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনদুর্ভোগ কমাতে ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এমএন



