রাজনীতি
এনসিপির ভরাডুবি : বিশ্বাসঘাতকতার জবাব ব্যালটে দিয়েছে তরুণরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি। ২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত যুবভিত্তিক দলটি অনানুষ্ঠানিক ফলাফলে মাত্র ছয়টি আসনে জয় পেয়েছে।
দলের কিছু সমর্থক মনে করছেন, গত ডিসেম্বর মাসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার সিদ্ধান্তই তাদের ভোট কমে যাওয়ার অন্যতম কারণ।
২৩ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহানুর রহমান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘২০২৪ সালের অভ্যুত্থানের পর মানুষ যে আশা ও স্বপ্ন দেখেছিল, এনসিপি তা পূরণ করতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘জামায়াতের সঙ্গে এনসিপির জোট আমাদের কাছে বিশ্বাসঘাতকতার মতো লেগেছে। আমাদের মতো অনেক তরুণ ভোটার তাই তাদের সমর্থন না করার সিদ্ধান্ত নিয়েছে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শাকিল আহমেদ বলেন, এই জোট তরুণ ভোটারদের একটি বড় অংশকে দূরে সরিয়ে দিয়েছে, যারা নতুন রাজনৈতিক ধারার প্রত্যাশা করেছিল।
তার ভাষ্য, ‘নতুন কিছু শুরু করার পরিবর্তে অনেকেই এটিকে পুরোনো রাজনীতিতে ফিরে যাওয়া হিসেবে দেখেছেন। এই সিদ্ধান্ত তরুণ ভোটকে বিভক্ত করেছে এবং তুলনামূলকভাবে সংগঠিত ও শাসনক্ষম মনে হওয়া বিএনপির প্রতি সমর্থন বাড়িয়েছে।’
এরই ধারাবাহিকতায় ২৯৭টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয়ী হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন হতে পারে। এমন পরিস্থিতিতে বিএনপি দুই দশক পর ফের সরকার গঠন করতে যাচ্ছে। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব এখন তার ছেলে তারেক রহমানের কাঁধে। দলীয় প্রধান হিসেবে তিনিই হতে যাচ্ছেন নতুন সরকারের প্রধানমন্ত্রী।
অপরদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকরা পেয়েছে ৯টি আসন।
এদিকে গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেটের তথ্য অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন। অন্যদিকে ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন। গণভোটে বাতিল করা ব্যালট পেপারের সংখ্যাও বিপুল— ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।
এমএন
রাজনীতি
বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৪ ফেব্রুয়ারি (শনিবার) বিকেল সাড়ে ৫টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হবে। এতে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিস্তারিত আসছে…
এমএন
রাজনীতি
এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের আমাদের শক্তি, বিভাজন দুর্বলতায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তিনি।
জাতীয় ঐক্যই আমাদের শক্তি, এবার দেশ গড়ার পালা”: হোটেল ইন্টারকন্টিনেন্টালে তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলন
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলন করেন বিএনপি চেয়ারম্যান।
শান্তভাবে বিজয় উদযাপন করেছেন বলেন বিএনপির চেয়ারম্যান। নেতা–কর্মীদের তিনি সতর্ক থাকতে আহ্বান জানান। দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেন তারেক রহমান। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তিনি অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।
বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তারেক রহমান।
নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাঁদের শরিকেরা পেয়েছে ৩টি আসন।
অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন। একটি আসনে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন।
এমএন
রাজনীতি
বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে।
তিনি জানান, সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
রাজনীতি
বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন, সহায়তার প্রতিশ্রুতি
বড় কোনো সহিংসতা বা অঘটন ছাড়াই শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। এটি নিশ্চিত হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশ ও নেতারা দলটির চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। এ তালিকায় যুক্ত হলো জাতিসংঘের নাম।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক। তিনি জাতিসংঘের পক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান এবং শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী দেশ গড়তে পূর্ণ সমর্থন-সহায়তার প্রতিশ্রুতি দেন।
স্টিফান ডুজারিক বলেন, সংসদ সদস্য নির্বাচন ও গণভোটের জন্য আমরা অবশ্যই বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই। আমরা শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যত গড়ে তোলার প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংহতি জোরদার এবং মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষা চায় জাতিসংঘ।
তিনি আরও বলেন, জাতিসংঘ মহাসচিব সব সময় রাজনৈতিক অংশীদারদের জাতীয় সংহতি বজায় রাখার ওপর জোর দেন। গণতান্ত্রিক রীতিনীতি ও আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার প্রত্যাশা করেন তিনি।
এমএন
রাজনীতি
তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন যেসব দেশের নেতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ঘোষিত সবশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯ আসনে জয়লাভ করে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসনে জয়লাভ করে।
নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রীসহ এশিয়ার কয়েকটি দেশের সরকারপ্রধান বিএনপি চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছি। তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছি। বাংলাদেশ ও ভারত দুটি ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ, যাদের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। সেই সম্পর্কের প্রেক্ষাপটে আমি দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।
বিএনপির বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
অভিনন্দন বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারত্ব এবং পারস্পরিক অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে।
বিএনপিকে বড় জয়ের দিকে নিয়ে যাওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।
সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এই বিজয়কে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে অভিহিত করেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) তাদের এই অভাবনীয় নির্বাচনী বিজয়ে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এটি প্রকৃত অর্থেই গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের মানুষ নানা চড়াই-উতরাই ও অসাধারণ সব চ্যালেঞ্জ পার করে ব্যালট বক্সের মাধ্যমে তাদের রায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।
এদিকে সফলভাবে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং নির্বাচনে এগিয়ে থাকার জন্য বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে চীন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ শুভেচ্ছাবার্তা দেয় ঢাকাস্থ চীনা দূতাবাস।
বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বড় জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় মালদ্বীপ প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অসাধারণ বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন। একই সঙ্গে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।



